আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইরানের বন্দর অবরোধ কার্যকর করতে শুরু করেছে মার্কিন বাহিনী, 'হুমকিতে নতি স্বীকার না করার' ঘোষণা তেহরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সোমবার থেকেই ইরানের বন্দরগুলো অবরোধ কার্যকর করা শুরু হয়েছে। ইরানের কোন হামলাকারী জাহাজ এলে ধ্বংস করে দেওয়া হবে বলে তিনি হুমকি দিয়েছেন। ইরান বলছে, তাদের নৌপথের কাছাকাছি আসা যেকোন সামরিক জাহাজের বিরুদ্ধে 'কঠোর ব্যবস্থা' নেওয়া হবে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. হরমুজ প্রণালি অবরোধের হুমকির জবাবে ইরানের প্রতিক্রিয়া

    হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলো অবরোধ করার মার্কিন ঘোষণার প্রতিক্রিয়ায় ইরান বলেছে যে, তারা ' মার্কিন হুমকির মুখে নতি স্বীকার করবে না'।

    দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, পাকিস্তানে শান্তি আলোচনার সময় উভয় পক্ষই 'একটি সমঝোতার খুব কাছাকাছি' ছিল, কিন্তু আলোচনায় তেহরান 'সর্বোচ্চ চাপ, ক্রমাগত শর্ত পরিবর্তন এবং অবরোধের' সম্মুখীন হয়েছে।

    এদিকে, শান্তি-আলোচনার নেতৃত্বদানকারী ইরানের স্পীকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন অবরোধের ঘোষণার প্রতিক্রিয়া জানিয়ে এক্স (সাবেক টুইটার) - এ এক পোস্টে লিখেছেন, "বর্তমান জ্বালানি তেলের দাম উপভোগ করে নিন। আপনাদের এই তথাকথিত 'অবরোধের' কারণে শীঘ্রই আপনারা চার বা পাঁচ ডলারের পেট্রোলের অভাব বোধ করবেন।"

    এই পোস্টে তেলের দাম আরও বাড়ার ইঙ্গিত বোঝা যায়।

    মি. গালিবাফ এর আগেও বলেছিলেন যে, ইরান 'হুমকির চাপে আত্মসমর্পণ করবে না'।

    হরমুজ প্রণালিতে 'সমস্ত জাহাজ' অবরোধ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে, ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির নৌবাহিনী সতর্ক করে দিয়েছে যে, এই জলপথের কাছাকাছি আসা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে 'কঠোর ব্যবস্থা' নেওয়া হবে।

  2. আজই ইরানের সব বন্দর অবরোধ করবে মার্কিন সামরিক বাহিনী

    মার্কিন সামরিক বাহিনী বলেছে, সোমবার থেকে তারা ইরানি বন্দরগুলো অবরোধ করা শুরু করবে। তবে, হরমুজ প্রণালি দিয়ে অন্য দেশে যাতায়াতকারী জাহাজ চলাচলে তারা 'বাধা সৃষ্টি করবে না' বলে জানিয়েছে।

    তবে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান হুমকির মুখে 'নতি স্বীকার করবে না'।

    মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে, ইরানি বন্দরগুলোতে প্রবেশ ও বের হওয়ার ট্রাফিক অবরোধ সোমবার স্থানীয় সময় ১০টা, জিএমটি সময় দুপুর দুইটা, যা বাংলাদেশ সময় রাত আটটা, থেকে শুরু হবে।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরানের 'ইচ্ছাকৃত ব্যর্থতার' জবাবে তিনি এই নির্দেশ দিয়েছেন।

    তিনি আরও সতর্ক করেছেন যে, মার্কিন নৌবাহিনী তাদের ওপর হামলাকারী যেকোনো ইরানিকে 'উড়িয়ে দেবে' এবং ইরানকে ট্রানজিট টোল প্রদানকারী যেকোনো জাহাজকে আটক করবে।

    এই উত্তেজনার ফলে তেলের দাম বেড়ে ১০০ ডলারের উপরে উঠেছে। পাকিস্তানে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরই এই পরিস্থিতির সৃষ্টি হয়।

    মি. ট্রাম্প জানিয়েছেন যে, ইসলামাবাদে ইরানের সাথে সরাসরি আলোচনা ব্যর্থ হয়েছে কারণ 'ইরান তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে অনিচ্ছুক'।

    ইরানের রেভল্যুশনারি গার্ড কোর জানিয়েছে যে, হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া যেকোনো সামরিক জাহাজকে বর্তমান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।

  3. রোববার সারাদিন যা যা হলো

    • পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সফল না হওয়ায় হরমুজ প্রণালি নিয়ে নতুন হুশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হরমুজ প্রণালিতে স্থাপন করা মাইন পরিষ্কার করতে নেটো সহায়তার আশ্বাস দিয়েছে।
    • ডোনাল্ড ট্রাম্পের অবরোধের হুমকি খুব অল্পসংখ্যক জাহাজের ওপরই প্রভাব ফেলবে বলে মনে করেন শিপিং বিশেষজ্ঞরা।
    • জুলাই আন্দোলনে ঢাকার লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
    • বৃহস্পতিবার পাইপলাইন এবং এর আশেপাশের জ্বালানি অবকাঠামোতে হামলার পর সৌদি আরব তার গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করেছে।
    • ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলের দিকে "তাক করা এবং উৎক্ষেপণের জন্য প্রস্তুত" একটি রকেট লঞ্চারে হামলা চালিয়েছে।
    • ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
    • বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শফিক আহমেদ মারা গেছেন। সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
    • ইরানের পার্লামেন্টের স্পিকার ও তেহরানের প্রতিনিধিদলের প্রধান মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, এখন যুক্তরাষ্ট্রকেই ঠিক করতে হবে তারা ইরানের আস্থা অর্জন করতে চায় কী-না।
    • গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এই ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে এক হাজার ২৬৮ জন এবং নিশ্চিত হামে ১৫০ জন আক্রান্ত হয়েছেন।
    • হাইতির ঐতিহাসিক একটি পর্যটনকেন্দ্রে পদদলিত হয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
    • ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩,৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  4. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে