আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শনিবার, কঠোর নিরাপত্তায় প্রস্তুত ইসলামাবাদ

পাকিস্তানের ইসলামাবাদে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। এই বৈঠককে কেন্দ্র করে জোরদার করা হয়েছে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা। এদিকে, ইরানের দুটি শর্ত এখনো পূরণ না হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হয়নি বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

সরাসরি কভারেজ

  1. ইসরায়েল ও লেবাননে রাতভর হামলা চলেছে, ড্যানিয়েল ডি সিমোনে, জেরুজালেম থেকে

    রাতভর ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘর্ষ হয়েছে। ইসরায়েল লেবাননে বিমান হামলা চালিয়েছে, আর সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ রকেট নিক্ষেপ করেছে যার ফলে তেল আভিভসহ বিভিন্ন স্থানে সতর্কতা জারি করা হয়।

    ইরান-যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন পড়বে কি না—এই বিতর্কিত বিষয়টি পাকিস্তানে নির্ধারিত শান্তি আলোচনার আগে নতুন করে উত্তেজনা তৈরি করছে।

    ইসরায়েল জানিয়েছে, তারা রাতভর লেবাননে হেজবুল্লাহর রকেট নিক্ষেপের স্থানগুলোতে হামলা চালিয়েছে।

    অন্যদিকে, ইরান-সমর্থিত হেজবুল্লাহ গোষ্ঠী বলেছে, তারা ইসরায়েলের বিভিন্ন এলাকায় রকেট ছুড়েছে।

    এই সংঘর্ষের ঘটনা ঘটছে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছিল—লেবাননে ইসরায়েল তাদের কার্যক্রম আরও “সংযত” রাখবে। অনেকের মতে, এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, বুধবার ইসরায়েলের হামলায় দেশটিতে ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে উদ্ধৃত করে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে নিজের দেশ ও তার মিত্রদের পক্ষে প্রতিশোধ নেওয়ার অধিকার তিনি সংরক্ষণ করে রাখছেন।

    এতে লেবাননের হেজবুল্লাহর কথাও ইঙ্গিত করা হয়েছে—যে গোষ্ঠীকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির আওতায় পড়ে না বলে দাবি করে আসছে।

  2. শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে যুক্তরাষ্ট্রের জাহাজ: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

    ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ খাতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্রের জাহাজগুলো “যতক্ষণ শত্রুতামূলক আচরণ না করবে” ততক্ষণ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে।

    ইরানি গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে খাতিবজাদেহ বলেন, “হরমুজ প্রণালি খোলা রয়েছে, তবে কারিগরি সীমাবদ্ধতার কারণে জাহাজগুলোকে ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় করে চলাচল করতে হবে।”

    ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “প্রণালিতে নিরাপদ নৌপথ নিশ্চিত করবো আমরা।”

    তবে ইরানি কর্মকর্তাদের এসব বক্তব্যের বিপরীতে, হরমুজ প্রণালি থেকে পাওয়া প্রতিবেদনে দেখা যাচ্ছে—ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে খুব অল্প সংখ্যক জাহাজই এই পথ দিয়ে চলাচল করেছে।

    পাকিস্তানে ইরানি ও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরুর প্রহর গণনা যখন চলছে, এর মধ্যেই গত রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, “হরমুজ প্রণালী দিয়ে তেল চলাচলের অনুমতি দেওয়ার ক্ষেত্রে ইরান খুবই বাজে কাজ করছে—কেউ কেউ তো এটিকে লজ্জাজনকও বলছে। আমাদের মধ্যে যা সমঝোতা হয়েছিল, এটা তা নয়!”

  3. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর

    • ইরান ইস্যুতে নেটোভুক্ত দেশগুলো ডোনাল্ড ট্রাম্পকে “ব্যাপক সহায়তা” দিচ্ছে বলে দাবি করেছেন নেটো মহাসচিব মার্ক রুটে। তিনি বলেছেন, “প্রায় কোনো ব্যতিক্রম ছাড়াই মিত্ররা যুক্তরাষ্ট্র যা চাইছে, তা-ই করছে”।
    • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি তার মন্ত্রিসভাকে লেবাননের সঙ্গে "যত দ্রুত সম্ভব" সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন।
    • লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে দেশটির ওপর ইসরায়েলি হামলা বন্ধে সমর্থন চেয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত দুইজনের মধ্যকার একটি ফোনালাপের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
    • লেবাননে বুধবার ও বৃহস্পতিবার চালানো ইসরায়েলি হামলাকে “প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন” বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
    • ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ ‘টুডে’ অনুষ্ঠানে বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করবে ইরান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান যুদ্ধ শুরুর আগ পর্যন্ত এই প্রণালী “হাজার হাজার বছর ধরে খোলা ছিল”।
    • লেবাননের সোশাল অ্যাফেয়ার্স মিনিস্টার বিবিসিকে বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য লেবাননের “আলোচনার টেবিলে একটি আসন” থাকাটা জরুরি। হানিন সায়েদ বলেন, দেশটি মনে করে, “যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলীতে লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়েছিল”।
    • লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার দেশজুড়ে ২০৩ জন নিহত এবং এক হাজার জনেরও বেশি আহত হয়েছেন।
    • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও হেজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। “যতক্ষণ না আমরা উত্তর ইসরায়েলের বাসিন্দাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারছি, ততক্ষণ যেখানে প্রয়োজন সেখানেই হেজবুল্লাহর ওপর আমাদের হামলা চলবে,” ঘোষণা করেন তিনি।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে সতর্ক করে একটি পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন, যদি "আসল চুক্তি" পুরোপুরি মেনে চলা না হয়, তাহলে এমন ভয়াবহ বড় হামলা শুরু হবে যা কেউ আগে কখনো দেখেনি।
    • একাত্তরে পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশকে আইনে রূপ দিতে বিল পাস করেছে জাতীয় সংসদ। এতে জামায়াতের পক্ষ থেকে আপত্তি জানালেও তাদের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই বিলের ওপর অনাপত্তি জানিয়ে স্পিকারকে লিখিতভাবে জানিয়েছে।
    • নেটোর মহাসচিব মার্ক রুটে জোটভুক্ত কয়েকটি দেশের কর্তৃপক্ষকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “আগামী কয়েক দিনের মধ্যেই হরমুজ প্রণালি নিরাপদ রাখতে সহায়তার জন্য দৃশ্যমান ও নির্দিষ্ট প্রতিশ্রুতি চান”– বৃহস্পতিবার রয়টার্সকে এ কথা জানান দুইজন ইউরোপীয় কূটনীতিক।
    • ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, লেবাননে তার দেশের অভিযান হেজবুল্লাহর মুখে একটি “খুব শক্তিশালী আঘাত, এই অভিযানের গভীরতা এবং ব্যাপকতায় তারা হতবাক এবং বিভ্রান্ত হয়ে গিয়েছে”।
    • ইরানি সরকার হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেবে কি না সে বিষয়টি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। মেরিন ট্র্যাফিকের জাহাজ ট্র্যাকিং এর তথ্য বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই দেখেছে, মঙ্গলবার রাতে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে অন্তত নয়টি জাহাজ এই প্রণালি পার হয়েছে।
    • ইরানের ফরেনসিক মেডিসিন সংস্থার প্রধান আব্বাস মাসজেদি আরানি জানিয়েছেন, গত ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে “তিন হাজারের বেশি” মানুষ নিহত হয়েছেন।
    • ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতিকে শক্তিশালী করতে যুক্তরাজ্য “সাধ্যমতো চেষ্টা করবে” বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি। ইরান যুদ্ধ নিয়ে আরও আলোচনা করতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন।
    • যুদ্ধ অবসানে আলোচনার জন্য ইরানি একটি প্রতিনিধি দলের বৃহস্পতিবার ইসলামাবাদে রওনা হওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া একটি পোস্ট মুছে ফেলেছেন পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম। ইরানি রাষ্ট্রদূত তার পোস্টে লিখেছিলেন, এই আলোচনা “ইরানের প্রস্তাবিত ১০টি পয়েন্ট বা দফার” ওপর ভিত্তি করে হবে।
  4. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে