'নিরাপদে ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা ভেনেজুয়েলা চালাবো,' ট্রাম্পের ঘোষণা

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে সামরিক অভিযান চালিয়ে আটকের পর 'আমেরিকান বিচারের মুখোমুখি' করার জন্য নিউ ইয়র্কে নিয়ে আসা হচ্ছে বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। 'নিরাপদে ক্ষমতার পরিবর্তন' না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিচালনা করবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। আমেরিকান তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার জন্য 'অর্থ উপার্জন' করবে বলেও তিনি জানিয়েছেন। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়....

সরাসরি কভারেজ

  1. নিউ ইয়র্কে মাদুরোর বিরুদ্ধে অভিযোগ গঠনের খবর দিলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে নিউ ইয়র্কের সাউথ ডিস্ট্রিক্টে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি।

    তিনি জানিয়েছেন, মাদুরোর বিরুদ্ধে "মাদক-সন্ত্রাসবাদ, কোকেন আমদানি, মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস রাখার ষড়যন্ত্রের" অভিযোগ আনা হয়েছে।

    "তারা শিগগিরই আমেরিকার মাটিতে, আমেরিকান আদালতে, আমেরিকান ন্যায়বিচারের মুখোমুখি হবেন," বন্ডি আরও বলেন। তবে তার স্ত্রীর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে সেটি নিয়ে কিছু বলেননি মি. বন্ডি।

    "আমাদের সাহসী সেনাবাহিনীকে ধন্যবাদ, যারা এই দুই অভিযুক্ত আন্তর্জাতিক মাদক পাচারকারীকে ধরার জন্য অবিশ্বাস্য এবং অত্যন্ত সফল অভিযান পরিচালনা করেছে," তিনি আরও বলেন।

  2. ভেনেজুয়েলায় মার্কিন হামলার পরের কিছু ছবি

    হামলা চালানোর পর একাধিক স্থানে আগুন জ্বলতে দেখা যায়।

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, হামলা চালানোর পর একাধিক স্থানে আগুন জ্বলতে দেখা যায়।
    কারাকাসে ধারাবাহিক বিস্ফোরণের পর সামরিক কমপ্লেক্স ফুয়ের্তে তিউনায় আগুন জ্বলছে

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, কারাকাসে ধারাবাহিক বিস্ফোরণের পর সামরিক কমপ্লেক্স ফুয়ের্তে তিউনায় আগুন জ্বলছে
    ধারাবাহিক বিস্ফোরণের পর কারাকাসের রাতের দৃশ্য

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ধারাবাহিক বিস্ফোরণের পর কারাকাসের রাতের দৃশ্য
  3. ভেনেজুয়েলা সীমান্তে বাহিনী মোতায়েন কলম্বিয়ার

    কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো

    ছবির উৎস, CARLOS ORTEGA/EPA/Shutterstock

    ছবির ক্যাপশান, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো

    সীমান্তে বেসামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলার প্রতিবেশি দেশ কলম্বিয়া। দেশ দুটির মধ্যে দুই হাজার কিলোমিটারেরও বেশি স্থল সীমান্ত রয়েছে।

    স্থানীয় সময় ভোর তিনটায় জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পর, এই সিদ্ধান্তের কথা জানান কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

    ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এবং অন্যান্য অঞ্চলে মার্কিন হামলার পর দেশটি থেকে সম্ভাব্য শরণার্থী সংকটের বিষয়টি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কলম্বিয়া।

    নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের 'আটকের' খবরের মধ্যেই কলম্বিয়ার পক্ষ থেকে এমন সিদ্ধান্ত সামনে এলো।

    কারাকাসে প্রথম বিস্ফোরণের খবর পাওয়ার পর থেকেই শান্তি ও সংলাপের আহ্বান জানিয়ে আসছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো।

  4. ভেনেজুয়েলায় আর কোনও পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

    নিকোলাস মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার বিরুদ্ধে আর কোনও পদক্ষেপ না নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

    রুবিওর সঙ্গে ফোনে কথা বলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সিনেটর মাইক লি।

    "মাদুরো মার্কিন হেফাজতে থাকায় ভেনেজুয়েলায় আর কোনও পদক্ষেপ নেওয়ার আশা তিনি (রুবিও) করেন না," সিনেটর লি বলেন।

    লি আরও বলেন যে, "যারা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে কাজ করছিলেন তাদের সুরক্ষা এবং প্রতিরক্ষার জন্য মার্কিন হামলাগুলো চালানো হয়েছে।"

    এর আগে, সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে সিনেটর লি বলেছিলেন, "আমি অধীর আগ্রহে এটা জানতে অপেক্ষা করছি যে, যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন না নেওয়া, সাংবিধানিকভাবে এই পদক্ষেপকে ন্যায্যতা দিতে পারে কিনা।"

  5. মাদুরোর 'জীবিত থাকার প্রমাণ' চাইলেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (ফাইল ছবি)

    ছবির উৎস, Bloomberg via Getty Images

    ছবির ক্যাপশান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (ফাইল ছবি)

    প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে 'আটক' করা হয়েছে- যুক্তরাষ্ট্রের এমন দাবির পর, তার 'জীবিত থাকার প্রমাণ' চাইলেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

    প্রেসিডেন্ট মাদুরো বা ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস কোথায় আছেন এ বিষয়ে ভেনেজুয়েলা সরকার এখনও জানেনা বলেও নিশ্চিত করেন তিনি।

    বলেন, সরকার তাদের উভয়েরই "তাৎক্ষণিক জীবিত থাকার প্রমাণ" দাবি করেছে।

    এর আগে, ভেনেজুয়েলায় হামলা চালানো এবং “দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে 'আটক' করা হয়েছে” বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

  6. সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রীর

    ২০১৪ সাল থেকে মাদুরোর অধীনে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন পাদ্রিনো

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ২০১৪ সাল থেকে মাদুরোর অধীনে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন পাদ্রিনো

    ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন।

    স্প্যানিশ ভাষায় দেওয়া একটি ভিডিও ভাষণে, এই হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে "সবচেয়ে বাজে আগ্রাসন" হিসেবে উল্লেখ করেছেন প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো।

    এসময় দেশের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বানও জানিয়েছেন তিনি।

    ভেনেজুয়েলা "মাদুরোর নির্দেশ" অনুসরণ করছে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, "তারা আমাদের ওপর আক্রমণ করেছে কিন্তু তারা আমাদের দমন করতে পারবে না।"

  7. হামলায় নিহত ও আহতদের তথ্য সংগ্রহ করছে ভেনেজুয়েলা- প্রতিরক্ষামন্ত্রী

    হামলার পর ভেনেজুয়েলার বৃহত্তম সামরিক স্থাপনায় আগুন জ্বলতে দেখা যায়।

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, হামলার পর ভেনেজুয়েলার বৃহত্তম সামরিক স্থাপনায় আগুন জ্বলতে দেখা যায়।

    ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত এবং আহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো।

    শহরের একাধিক স্থানে চালানো এই হামলায় বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

    মি পাদ্রিনো জানিয়েছেন, বিদেশি সেনাবাহিনীর উপস্থিতি ভেনেজুয়েলা "প্রতিরোধ" করবে।

    গভীর রাতে যুক্তরাষ্ট্রের চালানো এই হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এটি এখনও নিশ্চিত করেনি ভেনেজুয়েলা সরকার।

    এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে 'আটকের' খবর জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

  8. ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা, এখন পর্যন্ত যা যা ঘটেছে

    ভেনেজুয়েলার একটি বিমান ঘাটিতে হামলার পর আগুনের শিখা দেখা যাচ্ছে

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ভেনেজুয়েলার একটি বিমান ঘাটিতে হামলার পর আগুনের শিখা দেখা যাচ্ছে

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে সামরিক অভিযান চালিয়ে 'আটক' করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার মধ্যরাতে সামরিক স্থাপনা সহ বেশ কয়েকটি স্থানে, প্রায় একই সাথে বিস্ফোরণের ঘটনা ঘটে।

    শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লা কার্লোটা সামরিক বিমানঘাঁটি এবং ফুয়ের্তে তিউনার প্রধান সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায় প্রত্যক্ষদর্শীদের বরাতে। বেশ কিছু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে এবং শহরের উপর দিয়ে বিমান উড়ে যাওয়ার অসমর্থিত খবরও পাওয়া যায়।

    এই হামলার পরই ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করে দেশটির সরকার। নিন্দা জানিয়ে বিবৃতিও দেওয়া হয়।

    "ভেনেজুয়েলার ভূখণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের অত্যন্ত গুরুতর ‘সামরিক আগ্রাসন’কে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে প্রত্যাখ্যান, এবং নিন্দা জানাচ্ছে," বিবৃতিতে বলা হয়।

    এদিকে, মার্কিন কর্মকর্তারা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে নিশ্চিত করেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছিলেন।

    শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের উপর বিস্ফোরণ এবং বিমান হামলার খবর সম্পর্কে অবগত আছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও।

    ক্যারিবীয় অঞ্চলে মাদক বহনকারী নৌযানগুলোর উপর ওয়াশিংটনের সামরিক হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটল।

    যুক্তরাষ্ট্র অনেকদিন ধরেই বলে আসছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অবৈধভাবে নির্বাচিত হয়েছেন এবং তিনি ব্যক্তিগতভাবে দেশজুড়ে মাদক পাচারের সাথে জড়িত।

    অন্যদিকে প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণ এবং ভেনেজুয়েলার তেলের মজুদ নিয়ন্ত্রণ করতেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে বলে দাবি করে আসছে ভেনেজুয়েলা সরকার।

    গভীর রাতে কারাকাসের বেশ কিছু স্থানে হামলার ঘটনা ঘটে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, গভীর রাতে কারাকাসের বেশ কিছু স্থানে হামলার ঘটনা ঘটে
  9. মাদুরোকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, জানানো হয়নি

    যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই নিকোলাস মাদুরোর বিরুদ্ধে অভিযোগ করে আসছে যে, তিনি আন্তর্জাতিক মাদক পাচারকারী সংস্থার নেতৃত্ব দিচ্ছেন, যা মাদুরো বরাবরই অস্বীকার করে আসছেন।

    মাদুরোকে কীভাবে 'আটক' করা হয়েছে বা কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তার বিস্তারিত জানাননি ডোনাল্ড ট্রাম্প।

    ভেনেজুয়েলার সরকারও বিষয়টি এখনো নিশ্চিত করেনি।

    মাদুরোকে আটকে সহায়তা করলে ৫০ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

    যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১১ ইএসটি (বাংলাদেশ সময় রাত ১০টায়) ফ্লোরিডায় ট্রাম্পের বাসভবন মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে ট্রাম্প জানিয়েছেন।

  10. মাদুরো ও তার স্ত্রীকে 'আটক' করেছে মার্কিন ডেলটা ফোর্স

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন ডেল্টা ফোর্স 'আটক' করেছে বলে মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে জানিয়েছেন।

    সিবিএস যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সংবাদ মাধ্যম।

    ডেল্টা ফোর্স হলো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সন্ত্রাসবিরোধী শীর্ষ ইউনিট।

  11. ব্রেকিং, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে 'আটক' করা হয়েছে: ট্রাম্প

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র “ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়েছে” এবং “দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে”।

    নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে, যাকে তার স্ত্রীসহ আটক করা হয়েছে এবং দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে”।

    “এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। আজ সকাল ১১টায় মার-এ-লাগোতে সংবাদ সম্মেলন হবে। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ! প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প”।

    এদিকে ভেনেজুয়েলাজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

    শুক্রবার দিবাগত রাতে ভেনেজুয়েলায় হামলা শুরু করে মার্কিন বাহিনী। কারাকাসের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

    এই বিষয়ে আরো পড়তে পারেন:

  12. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে