ডাকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীদের বড় জয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম। সেই সাথে জিএস, এজিএস ও অন্যান্য পদেও বড় জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। কাতারে ইসরায়েলি হামলায় হামাস নেতারা অক্ষত থাকলেও ছয়জন নিহত হয়েছেন বলে হামাসের দাবি। নেপালের জেনজি-দের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. ভিসি-প্রক্টর জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে দাবি বৈষম্যবিরোধী ভিপি প্রার্থীর

    বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের কথা বলছেন

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টর জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত উল্লেখ করে তারা ডাকসু নির্বাচনে রাজনৈতিক এজেণ্ডা বাস্তবায়ন করছে বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের।

    মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচন ও ভোট গণনা প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ জানান তিনি।

    ডাকসু নির্বাচন কমিশনকে অথর্ব ও আনাড়ি নির্বাচন কমিশন বলে উল্লেখ করেন মি. কাদের। তিনি দাবি করেন, একদল বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে ম্যাকানিজম করেছে আরেকদল বাইরে থেকে ম্যাকানিজম করেছে, আমাদেরকে কেউ রেসপন্স করে নাই।”

  2. ডাকসু নির্বাচনে কিছু অব্যবস্থাপনা ছিল: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

    ডাকসু নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষক দল
    ছবির ক্যাপশান, ডাকসু নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষক দল

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণের ক্ষেত্রে কিছু অব্যবস্থাপনা থাকলেও নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, এমনটা মনে করে না বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষক দল।

    মঙ্গলবার সন্ধ্যায় ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সামিনা লুৎফা বলেন, এতো সংখ্যক ভোটার সামলানোর যথেষ্ট প্রস্তুতি কর্তৃপক্ষের ছিল না। তবে, “ভাগ্য ভালো চারটা পর্যন্ত তেমন কোনো বড় সমস্যা তৈরি হয়নি” বলেন তিনি।

    বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের আরেক সদস্য অধ্যাপক গীতি আরা নাসরীন বলেন, “আমরা ছোট ছোট কিছু অসঙ্গতি বা ব্যবস্থাপনার যে ভুলগুলো, এ বাদে আমরা মনে করিনি যে বড় কোনো ধরনের অসঙ্গতি ছিল এবং নির্বাচন গ্রহণযোগ্য না, এটা আমাদের কখনো মনে হয়নি।”

  3. কাতারে হামলায় জাতিসংঘের নিন্দা

    কাতারে ইসরায়েলি হামলায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

    তিনি বলেছেন, এই হামলা 'কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পরিষ্কার লঙ্ঘন'।

    কাতারকে তিনি এমন একটি দেশ হিসেবে বর্ণনা করেছেন যারা 'যুদ্ধবিরতি ও সকল জিম্মিদের মুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা' পালন করছে।

    ''সব পক্ষের উচিত একটি স্থায়ী যুদ্ধবিরতির অর্জনের কাজ করা, সেটি ধ্বংস করা নয়,'' তিনি বলেছেন।

  4. ইসরায়েলি হামলার বিষয়ে আগেই জানানো হয়েছিল হোয়াইট হাউজকে

    হোয়াইট হাউজের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, কাতারের দোহায় ইসরায়েলি হামলার বিষয়ে হোয়াইট হাউজকে আগেই জানানো হয়েছিল।

    নেটোর বাইরে কাতার যুক্তরাষ্ট্রের বড় মিত্র দেশ, যেখানে দেশটির ১০ হাজারের বেশি সেনা মোতায়েন রয়েছে।

  5. কাতারে ইসরায়েলি হামলায় ইরানের নিন্দা

    হামলার পর আকাশে কালো ধোঁয়া দেখা যাচ্ছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, হামলার পর আকাশে কালো ধোঁয়া দেখা যাচ্ছে

    কাতারের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এ নিয়ে কথা বলেন।

    তিনি বলেন, এই পদক্ষেপ "আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন" এবং "কাতার ও ফিলিস্তিনি মধ্যস্থতাকারীদের জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন"।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এটি অবশ্যই "এই অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুতর সতর্কবার্তা" হিসেবে কাজ করবে।

    এবছরের জুনের শেষ দিক থেকে যুদ্ধবিরতি পালন করছে ইরান ও ইসরায়েল।

    এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, "হামাসের শীর্ষ সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে আজকের অভিযান ছিল সম্পূর্ণ স্বাধীন ইসরায়েলি অভিযান"।

  6. কাতারে হামাস কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল

    কাতারের দোহার কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ও ধোয়া উড়তে দেখা গেছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, কাতারের দোহার কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ও ধোয়া উড়তে দেখা গেছে

    ইসরায়েল জানিয়েছে, তারা কাতারে হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

    ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আইডিএফ হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছে, তারা হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে আইডিএফ ও আইএসএ 'সুনির্দিষ্ট হামলা' চালিয়েছে।

    তবে ঠিক কোথায় হামলা চালানো হয়েছে, তা ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

    হামাস জানিয়েছে, হামাসের যে নেতারা দোহায় ইসরায়েলের সাথে আলোচনায় অংশ নিয়েছিলেন, তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

    কাতারের দোহার কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ও ধোয়া উড়তে দেখা গেছে বলে বার্তা সস্থা এএফপি ও রয়টার্স জানিয়েছে।

    কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ড. মাজেদ আল আনসারি ওই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এই হামলা পরিষ্কারভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও কাতারে অবস্থানকারীদের জন্য ‘গুরুতর হুমকি’।

    মি. আনসারি জানিয়েছেন, কাতারের রাজধানী দোহার যে স্থানে হামলা চালানো হয়েছে, সেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যরা বসবাস করতেন।

  7. ছাত্রদলের বিরুদ্ধে নাটক করার অভিযোগ শিবিরের জিএস প্রার্থীর

    ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদ সংবাদ সম্মেলনে কথা বলছেন
    ছবির ক্যাপশান, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদ

    "নানা নাটক মঞ্চস্থের মাধ্যমে ছাত্রদল আমাদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে," বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ভোট গ্রহণে নানা অনিয়মের অভিযোগও তুলেছেন তারা।

    মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে কথা বলেন এই প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ। তিনি বলেন, “নিজেরা হারার আশঙ্কা থাকলে ভোট মানবো না, এই প্রবণতা দেখা যাচ্ছে।”

    তিনি বলেন, “শিক্ষার্থীরা যে ম্যান্ডেটে যে মতামত দিয়েছে সেটিই আমরা চাই, এর ব্যাতিক্রম ঘটলে এটার বিরুদ্ধে আমরা দাড়াবো,”

    নির্বাচন বানচালের চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করবে বলেও মন্তব্য করেন এই প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম।

  8. “ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সম্ভাবনা আমি দেখি না,”- ঢাবি উপাচার্য

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান

    বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ স্বচ্ছ্বতার সাথে নির্বাচন আয়োজন করেছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। “ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সম্ভাবনা আমি দেখি না,” বলেও মন্তব্য করেছেন তিনি।

    মঙ্গলবার ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাবি উপাচার্য।

    মি. খান বলেন, “স্মরণকালের সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী ভোট উৎসব পালন করেছে। দু-তিনটি ছোট অভিযোগ ছাড়া তেমন কোনো ঘটনা ঘটেনি।”

    সংবাদ সম্মেলনের আগে ভিসির কাছে নির্বাচনের নানা অনিয়ম এবং ক্যাম্পাসের বাইরে একটি রাজনৈতিক দলের বহিরাগত কর্মীদের উপস্থিতি নিয়ে অভিযোগ জানায় ছাত্রদল।

    এই অভিযোগের বিষয়ে ঢাবি উপাচার্য বলেন, “ক্যাম্পাসের আটটি প্রবেশমুখে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন কিনা সে বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলবো।”

  9. বিক্ষোভে উত্তপ্ত নেপালে ভারতীয় নাগরিকদের জন্য অ্যাডভাইজরি জারি করল ভারত সরকার

    নেপালে বিক্ষোভের জেরে উত্তপ্ত পরিস্থিতির মাঝে নিজের দেশের নাগরিকদের জন্য অ্যাডভাইজরি জারি করেছে ভারত সরকার।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-হ্যান্ডেলে ওই অ্যাডভাইজরি পোস্ট করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, “নেপালের পরিস্থিতির কথা মাথায় রেখে যতক্ষণ না সেখানকার স্বাভাবিক হয় ততক্ষণ ভ্রমণ পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।”

    সেখানে উপস্থিত ভারতীয়দের নিরাপদ আশ্রয়ে থাকার কথাও বলা হয়েছে।

    অ্যাডভাইজরিতে বলা হয়েছে, “নেপালে উপস্থিত ভারতীয় নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন বর্তমান বাসভবনে থাকেন, রাস্তায় বেরানো এড়িয়ে চলেন এবং সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণ করেন।”

    পাশাপাশি নেপাল স্থানীয় নিরাপত্তা নির্দেশিকা এবং কাঠমান্ডুস্থিত ভারতীয় দূতাবাসের নির্দেশিকা মেনে চলার কথাও বলা হয়েছে।

    বিক্ষোভের জেরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়াসহ একাধিক বিমান সংস্থা কাঠমান্ডুগামী উড়ান পরিষেবা বাতিল করেছে।

    অন্যদিকে উত্তর প্রদেশসহ নেপালের সঙ্গে ভারতের সীমান্ত লাগোয়া অংশে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সশস্ত্র সীমা বলের জওয়ানদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

  10. রবি লামিছানেকে নেপালের কারাগার থেকে মুক্ত করলো বিক্ষোভকারীরা

    নেপালের রাজনৈতিক নেতা লামিছানেকে ঘিরে পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে

    ছবির উৎস, Suresh Thapa / Facebook

    ছবির ক্যাপশান, নেপালের রাজনৈতিক নেতা লামিছানেকে ঘিরে পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে

    নেপালের ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টির সভাপতি রবি লামিছানেকে কারাগার থেকে মুক্ত করেছে বিক্ষোভকারীরা।

    রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) নেতা এবং লামিছানের সহযোগী দীপক বোহারা জানিয়েছেন, রবি লামিছানে এখন নিরাপদে আছেন।

    লামিছানেকে বিক্ষোভকারীরা টেনে বের করে আনার সময় কিছু আরএসভিপি কর্মী ফেসবুকে একটি লাইভ ভিডিও সম্প্রচার করেন।

    একটি ভিডিওতে, লামিছানেকে ঘিরে পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। যেখানে তাকে অভ্যর্থনা জানাতে দেখা যাচ্ছে।

  11. ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ ছাত্রদলের ভিপি প্রার্থীর

    ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন ছাত্রদলের প্যানেলের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম খান।

    মঙ্গলবার বিকেলে নির্বাচনের ভোট গ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা যে নির্বাচন আশা করেছিলাম, এই নির্বাচনে গণঅভ্যুত্থানের চেতনাকে আশাহত করা হয়েছে।”

    মি. খান অভিযোগ করেন, “নিরাপত্তা পাশের নামে ক্যাম্পাসে জামায়াত শিবিরের নেতাকর্মীদের ঠাঁই দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।”

    নির্বাচনে ভোট গ্রহণের ক্ষেত্রে দিনভর নানা অনিয়মের অভিযোগ এনে মি. খান বলেন, “ভোট গণনায় ম্যানিপুলেট করার চেষ্টা করা হলে প্রতিরোধ করা হবে।”

  12. নেপালে সবশেষ যা যা ঘটেছে

    সরকারি স্থাপনায় হামলার পর একজন বিক্ষোভকারীকে স্লোগন দিতে দেখা যাচ্ছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সরকারবিরোধী তীব্র বিক্ষোভে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি
    • দেশজুড়ে সরকারবিরোধী তীব্র বিক্ষোভে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। সংকটের সাংবিধানিক সমাধানের পথ তৈরি করতেই পদত্যাগ করেছেন বলে তিনি দাবি করেছেন।
    • প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ রাজনীতিকের বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়েছে। হামলা করা হয়েছিল রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়েও।
    • কাঠমাণ্ডুসহ দেশের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক তরুণ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে সশস্ত্র পুলিশ সদস্যরা। নেপালের বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।
    • সরকারের কঠোর দমন-পীড়নের প্রতিবাদে পদত্যাগ করেন সরকারের পানি সরবরাহ বিষয়ক মন্ত্রী প্রদীপ যাদব।
    • দেশটির কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী রাম নাথ অধিকারী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও পদত্যাগপত্র জমা দেন।
    • নেপালের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার কারণে কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ বিমান চলাচল "প্রায় স্থবির" হয়ে গেছে।
    • ফেসবুক, এক্স (সাবেক টুইটার) বা ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ ঘোষণা করে সরকার যে পদক্ষেপ নিয়েছিল, তার বিরুদ্ধে 'জেনারেশন z' বা জেন জি-র ডাকে সোমবার কাঠমান্ডুতে দেশের পার্লামেন্টের সামনে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। সেটি ঘিরে বিক্ষোভের শুরু হয়।
  13. ডাকসু নির্বাচন ঘিরে সারাদিন যা যা ঘটেছে

    ডাকসুর ভোট গ্রহণ শেষে অনেক শিক্ষার্থীকে উচ্ছ্বাস করতে দেখা গেছে
    ছবির ক্যাপশান, ডাকসুর ভোট গ্রহণ শেষে অনেক শিক্ষার্থীকে উচ্ছ্বাস করতে দেখা গেছে

    ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

    নির্বাচনে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন ও প্রশাসনের নিরব ভূমিকার অভিযোগ তুলেছেন, আবার ভোট দেওয়ার প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের প্রশ্ন উঠলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

    আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নাকচ করে দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এর আগে মি. খানের বিরুদ্ধে ইসলামি ছাত্র শিবির সমর্থিত প্যানেল আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনে।

    এছাড়া নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এক পোলিং অফিসারকে অব্যাহতি দেওয়ার কথাও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    নির্বাচনে একজন ভোটারের ব্যালটে ইসলামী ছাত্রশিবিরের সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম এবং এসএম ফরহাদের নামের পাশে টিক চিহ্ন দেওয়া ছিল বলে অভিযোগ ওঠে, অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর একে এম নুরে আলম।

    ডাকসুর ভোটে অব্যবস্থাপনা এবং ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অবহেলার অভিযোগ তোলেন স্বতন্ত্র ঐক্যজোটের ভিপি প্রার্থী উমামা ফাতেমা।

    সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার কথা জানান ডাকসুর ভোটাররা। আটটি কেন্দ্রেই ভোট দেওয়ার জন্য ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখেছেন নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা।

    এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন।

  14. প্রধানমন্ত্রী শর্মার পদত্যাগপত্র গ্রহণ করেছেন নেপালের রাষ্ট্রপতি

    নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে কেপি শর্মা ওলির পদত্যাগের পত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পোউডে।

    তবে নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তাকে কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছে।

    ''সংবিধানের সাথে সামন্জস্য রেখে রেখে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করে যেতে বলা হয়েছে,'' রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টা কিরান পোখেরাই বিবিসিকে জানিয়েছেন।

    সংবিধানের সালে মিল রেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রেসিডেন্ট এর মধ্যেই আলোচনা শুরু করেছেন বলে তিনি জানিয়েছেন।

  15. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে 'উৎসুক জনতা' পরিচয়ে 'রাজনৈতিক কর্মীদের' উপস্থিতি

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি
    ছবির ক্যাপশান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি

    নীলক্ষেত, কাটাবনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে।

    তাদের অনেকে নিজেদের উৎসুক জনতা হিসেবে দাবি করেছেন।

    তবে, নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বিবিসি বাংলার কাছে জানিয়েছেন, উপস্থিতদের বেশিরভাগই বিএনপি বা জামায়াতের কর্মী ও সমর্থক।

    নীলক্ষেত এলাকা মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে নিউমার্কেট যাওয়ার রাস্তার বাম পাশে বিএনপি এবং ডানপাশে জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নিয়ে আছেন।

    তবে, সেখানে কোনোরকম উত্তেজনা বা অস্থিরতা দেখা যায়নি। সমবেতদের দূরে সরিয়ে রাখতে পুলিশের তৎপরতা দেখা গেছে।

    নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বিবিসি বাংলার কাছে জানিয়েছেন, উপস্থিতদের বেশিরভাগই বিএনপি বা জামায়াতের কর্মী ও সমর্থক।
    ছবির ক্যাপশান, নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বিবিসি বাংলার কাছে জানিয়েছেন, উপস্থিতদের বেশিরভাগই বিএনপি বা জামায়াতের কর্মী ও সমর্থক।
  16. শেষ হলো ডাকসুর ভোট গ্রহণ

    ছাত্র-শিক্ষক কেন্দ্রের বাইরে শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের ভীড়
    ছবির ক্যাপশান, ছাত্র-শিক্ষক কেন্দ্রের বাইরে শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের ভীড়

    ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। কিছুক্ষণ পর শুরু হবে গণনা।

    মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

    সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থীদের লাইনে দাড়িয়ে ভোট দিতে দেখা গেছে। ভোট চলাকালে কয়েকটি কেন্দ্রে কিছু অনিয়মের অভিযোগও উঠেছে। এছাড়া, আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগও করেছেন বিভিন্ন প্যানেলের কয়েকজন প্রার্থী।

    এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন।

  17. নেপালজুড়ে সরকারি ভবনে ভাঙ্গচুর

    বিক্ষোভকারীরা নেপালের সরকারি ভবনগুলোতে ঢুকে ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বিক্ষোভকারীরা নেপালের সরকারি ভবনগুলোতে ঢুকে ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করছে

    নেপালের পার্লামেন্ট ভবন এবং সিঙ্গহা দরবার- যেখানে মন্ত্রীদের কার্যালয় রয়েছে, সেসব ভবনে প্রবেশ করে ভাঙ্গচুর ও আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। মঙ্গলবার দুপুরের পর বিক্ষোভকারীরা এসব ভবনে ঢুকতে শুরু করে।

    একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, বালাকোটে সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী কেপি শর্মার বাসভবনে ভাঙ্গচুর করছে একদল বিক্ষোভকারী। অনেক ভিডিওতে দেখা যাচ্ছে, সরকারি বিভিন্ন বাসভবনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিচ্ছে।

    সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবার বাসভবন ভাঙ্গচুর করা হয়েছে।

    মাওসিস্ট সেন্টারের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী পুষ্পা কমল দাহালের বাড়িতে বিক্ষোভকারীরা অব্যাহতভাবে পেট্রোল বোমা ছুড়ে মারছে বলে জানিয়েছেনি দলটির একজন নেতা।

    এর আগে দেশটির যোগাযোগ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর বাড়িতে হামলা ও ভাঙ্গচুরের তথ্য জানা গিয়েছিল।

  18. নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

    সোমবার জেনজি-দের বিক্ষোভে অশান্ত হয়ে ওঠে নেপাল

    ছবির উৎস, NurPhoto/Getty Images

    ছবির ক্যাপশান, নেপালের জেনজি-দের বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

    নেপালে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় দেশটিতে বসবাসকারী বা আটকে পড়া সকল বাংলাদেশি নাগরিককে নিজ নিজ স্থান বা হোটেলে অবস্থান করার পরামর্শ দিয়েছে বাংলাদেশের দূতাবাস।

    একই সাথে উদ্ভুত নিরাপত্তা পরিস্থিতির কারণে বাংলাদেশি নাগরিকদেরকে আপাতত নেপাল ভ্রমণ না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

    মঙ্গলবাল দুপুরে নেপালের কাঠমাণ্ডুতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

    যেখানে জরুরি পরিস্থিতিতে নাগরিকদের যোগাযোগের জন্য ফোন নম্বর (মি. সাদেক +৯৭৭৯৮০৩৮৭২৭৫৯ এবং মিসেস সারদা: +৯৭৭৯৮৫১১২৮৩৮১) দেওয়া হয়েছে।

  19. প্রশ্ন এসেছে বলেই প্রত্যাহার করা হয়েছে: ঢাবি উপাচার্য

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান

    ডাকসু নির্বাচনে ভোট দেয়ার প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের প্রশ্ন উঠলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

    মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনে কারো ন্যুনতম ত্রুটি ধরা পড়লে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    উপাচার্য বলেন, “প্রশ্ন এসেছে বলেই একটি কেন্দ্র থেকে আমরা সঙ্গে সঙ্গে পোলিং অফিসারকে প্রত্যাহার করে নিয়েছি।”

    এছাড়া ব্যালটে আগে থেকেই দাগ দেয়া ছিল, টিএসসি কেন্দ্রে একজন শিক্ষার্থীর এমন অভিযোগের বিষয়ে মি. খান বলেন, “ভোটার ভোটকক্ষ থেকে বেরিয়ে আসার পরেই বললেন যে, একটা ব্যালটে আগ থেকেই দাগ দেয়া ছিল। যেহেতু তিনি আগে কোনো অভিযোগ করেননি সেখানে তার ব্যালট বদলে দেয়া হয়েছে। সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে,” জানান তিনি।

  20. ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় তরিকুল শিবলী নামের একজন সাংবাদিক মারা গেছেন।

    মৃত্যুকালে তার বয়স ছিল ৪০ বছর।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।

    তিনি বলেছেন, চ্যানেল এস টেলিভিশনে রিপোর্টার হিসেবে কর্মরত শিবলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সংবাদ সংগ্রহ করছিলেন।

    এসময় তিনি অচেতন হয়ে পড়লে সহকর্মীরা দুপুর দেড়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

    সেখানে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।