ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লাগার পর ১৯টি ইউনিটের পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে সম্প্রতি যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে 'নাশকতার প্রমাণ পাওয়া যায়নি' বলে প্রতিবেদন দিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে অন্তর্বতী সরকারের উপদেষ্টা পরিষদ। দিনের ঘটনাপ্রবাহ জানতে যুক্ত থাকুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. যুক্তরাজ্যের ভিসা জালিয়াতি করলে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা: ব্রিটিশ হাইকমিশন

    ব্রিটেনের একটি বিমানবন্দরে ইমিগ্রেশনের জন্য অপেক্ষমান যাত্রীরা

    ছবির উৎস, OLI SCARFF

    বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়ার ক্ষেত্রে কেউ যদি ভিসা জালিয়াতি বা অন্য কোনো অবৈধ উপায় অবলম্বন করেন, তাহলে শাস্তি হিসেবে তার ওপর ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাজ্য সরকার।

    মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

    জাল ভিসা বন্ধ করতে যুক্তরাজ্যের কঠোর অবস্থানের অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

    শুধুমাত্র সরকারি চ্যানেল ব্যবহার করে বৈধ ভিসা নেওয়ার জন্য যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন মিজ কুক।

    ভিসা জালিয়াতির চেষ্টা করলে 'গুরুতর পরিণতি' ভোগ করতে হবে বলে সতর্ক করেন তিনি।

  2. নিউমুরিং টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগের বিরুদ্ধে করা রিটের রায় চৌঠা ডিসেম্বর

    চট্টগ্রাম বন্দর

    ছবির উৎস, Getty Images

    চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের রায় ঘোষণা করা হবে আগামী চৌঠা ডিসেম্বর।

    মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের দিন ধার্য করেন।

    উল্লেখ্য, ২০১৯ সালের ১৭ই ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এখন বিদেশি কোম্পানিটির সঙ্গে চুক্তির প্রক্রিয়া এগিয়ে নিতে চান তারা।

    এর মধ্যেই চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদনটি করেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন।

    রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ৩০শে জুলাই রুল দেয় হাইকোর্ট।

    এরপর বেশ কয়েক দফায় শুনানি শেষে আগামী চৌঠা ডিসেম্বর ওই রিট আবেদনের রায় ঘোষণার দিন ধার্য করা হলো।

  3. প্লট বরাদ্দে অনিয়মের মামলার ব্রিটিশ এমপি টিউলিপ, হাসিনা ও রেহানার বিরুদ্ধে রায় পহেলা ডিসেম্বর

    শেখ হাসিনার ভাাগনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক

    ছবির উৎস, PA Media

    ছবির ক্যাপশান, শেখ হাসিনার ভাাগনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক

    ক্ষমতার অপব্যবহার করে অনিয়মের মাধ্যমে পূর্বাচলে প্লট বরাদ্দের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ভাগনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আাগমী পহেলা ডিসেম্বর।

    আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছেন দুদকের আইনজীবী তরিকুল ইসলাম।

    মঙ্গলবার শুনানি শেষে রায়ের জন্য ওই দিন ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম।

    শেখ হাসিনা, শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিক ছাড়াও এই মামলায় আরও ১৪ জনকে আসামি করা হয়েছে।

    তাদের মধ্যে বেশিরভাগই রাজউক এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারি।

    মামলার ১৭ জন আসামির মধ্যে একমাত্র রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলম গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

    তারপক্ষের আইনজীবী তাকে নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন। অন্য আসামিরা পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি।

  4. গণভোট অধ্যাদেশের খসড়া নীতিমালা উপদেষ্টা পরিষদে অনুমোদন

    বাংলাদেশে এর আগে তিনটি গণভোট হয়েছে

    ছবির উৎস, Getty Images

    গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে অন্তর্বতী সরকারের উপদেষ্টা পরিষদ।

    মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এটির অনুমোদন দেওয়া হয়।

    জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন সংসদ নির্বাচনের দিন একইসঙ্গে গণভোট করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    গত বৃহস্পতিবার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছিলেন যে, গণভোট অনুষ্ঠানে সপ্তাহখানেকের মধ্যেই আইন করা হবে।

    এরপর গত ২০শে নভেম্বর গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার গণভোট অধ্যাদেশের খসড়া নীতিমালার অনুমোদন দেওয়া হলো। শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশ করা হবে।

  5. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাকে স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন: