ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লাগার পর ১৯টি ইউনিটের পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে সম্প্রতি যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে 'নাশকতার প্রমাণ পাওয়া যায়নি' বলে প্রতিবেদন দিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে অন্তর্বতী সরকারের উপদেষ্টা পরিষদ। দিনের ঘটনাপ্রবাহ জানতে যুক্ত থাকুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা ঘটেছে:

    • ঢাকার কড়াইল বস্তিতে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১০টা নাগাদ পাঁচ ঘণ্টা চেষ্টার পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেখানকার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট । হতাহত বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।
    • গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে অন্তর্বতী সরকারের উপদেষ্টা পরিষদ।
    • প্লট বরাদ্দে অনিয়মের মামলার ব্রিটিশ এমপি টিউলিপ, হাসিনা ও রেহানার বিরুদ্ধে রায় হবে পহেলা ডিসেম্বর।
    • ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে সম্প্রতি যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে 'নাশকতার প্রমাণ পাওয়া যায়নি' বলে প্রতিবেদন দিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।
    • ডিসেম্বর মাসের প্রথমার্ধে যেকোনো দিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
    • সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ার ফলে ভোট দিয়ে গিয়ে ভোটাররা যেন বিভ্রান্ত না হন, সেজন্য আলাদা রঙের ব্যালট পেপার রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সংসদ ভোটের ব্যালট হবে সাদাকালো এবং গণভোটের ব্যালট থাকবে রঙিন।
    • ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের সময় সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা 'ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল' (আইসিসি)। বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে।
    • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে দেশের ৬৪টি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার।
    • আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিতে ইচ্ছুক প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে বিএনপি। সেইসঙ্গে, জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমেও নিবন্ধনের সুযোগ রাখার আহ্বান জানিয়েছে দলটি।
    • দুর্নীতির তদন্তকাজে বাধাগ্রস্ত করতে কেউ চাপ প্রয়োগ করার চেষ্টা করলে তার নাম প্রকাশ করে দেওয়া হবে বলে সতর্ক করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।
    • সাতচল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে ঢাকার শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি জলকামান ‍ছুঁড়েছে পুলিশ।
    • বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়ার ক্ষেত্রে কেউ যদি ভিসা জালিয়াতি বা অন্য কোনো অবৈধ উপায় অবলম্বন করেন, তাহলে শাস্তি হিসেবে তার ওপর ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাজ্য সরকার।
    • চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের রায় ঘোষণা করা হবে আগামী চৌঠা ডিসেম্বর।
    • ঢাকায় মেট্রোরেলের লাইনের ওপর পরিত্যাক্ত ব্যাগ পড়ে থাকার কারণে প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৯শে নভেম্বর 'মক ভোটিং' বা পরীক্ষামূলক ভোটের আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
    • ২০২৪ সালে জুলাই আন্দোলন চলাকালে ঢাকার রামপুরার নিহত সোহান শাহ হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হচ্ছে। বুধবার নতুন খবর নিয়ে আবারও লাইভ পাতা চালু হবে।

    ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. পাঁচ ঘণ্টার চেষ্টার পরে কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

    পাঁচ ঘণ্টা চেষ্টার পরে ঢাকার কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

    ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ১০ টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

    ফায়ার সার্ভিসের সাথে আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে স্থানীয়রাও।

    আগুনে বহু ঘরবাড়ি পুড়ে গেছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি।

  3. বাউল আবুল সরকারকে মুক্তি দিয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবি শিক্ষক নেটওয়ার্কের

    ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার বাউল আবুল সরকারের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

    সেইসঙ্গে, মি. সরকারের ভক্তদের প্রতিবাদ কর্মসূচির ওপর যারা হামলা চালিয়েছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনারও দাবি জানায় প্ল্যাটফর্মটি।

    মঙ্গলবার এক বিবৃতিতে এসব এসব আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

    ভিন্নমতের ওপর হামলার পরও দোষীদের বিচার না হওয়ার কারণে একই ঘটনা বার বার ঘটছে বলে মনে করেন তারা।

    মানিকগঞ্জে তৌহিদী জনতার হামলায় তিন বাউলভক্ত আহত

    ছবির উৎস, MAHIDUL ISLAM MAHI

    ছবির ক্যাপশান, সম্প্রতি মানিকগঞ্জে 'তৌহিদী জনতার' হামলায় তিন বাউলভক্ত আহত হন
  4. জুলাইয়ের হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা

    বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

    ২০২৪ সালে জুলাই আন্দোলন চলাকালে ঢাকার রামপুরার নিহত সোহান শাহ হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

    তদন্তে ওই হত্যাকাণ্ডের সঙ্গে কোনো সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় মঙ্গলবার এই আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জামসেদ আলম।

    আন্দোলন চলাকালে গত বছরের ১৯শে জুলাই রামপুরার সিএনজি স্টেশনের সামনে গুলিতে আহত হন সোহান শাহ। পরের মাসের ২৮ তারিখে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    এরপর একই বছরের ১৯শে সেপ্টেম্বর সোহানের মা সুফিয়া বেগম বাদী হয়ে ঢাকার আদালতে একটি হত্যা মামলা করেন।

    মামলার এজাহারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনের নাম উল্লেখ করেন তিনি। সেই তালিকায় আকিজ বশির গ্রুপের কর্ণধার শেখ বশিরউদ্দীনের নামও দেখা যায়।

    নভেম্বরে তিনি সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলে মামলার বিষয়টি আলোচনায় আসে। এরপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।

  5. প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধনের সময় বাড়ানোর অনুরোধ জানাল বিএনপি

    বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে এসব দাবি তুলে ধরেন

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি নেতারা

    আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিতে ইচ্ছুক প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে বিএনপি।

    সেইসঙ্গে, জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমেও নিবন্ধনের সুযোগ রাখার আহ্বান জানিয়েছে দলটি।

    মঙ্গলবার বিকেলে বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে এসব দাবি তুলে ধরেন।

    সেখান থেকে বের হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

    তিনি বলেন, অনেক দেশে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই দূরবর্তী অঞ্চলে বসবাস করেন। সেখান থেকে নিবন্ধন করা কঠিন। তাই তারা ওইসব দেশে নিবন্ধনের সময়সীমা বাড়াতে অনুরোধ জানিয়েছেন।

    নিবন্ধনের মূল সময়সীমার মধ্যে যারা করতে পারবেন না, তাদেরকে পরে অতিরিক্ত সময় দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন।

  6. চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কড়াইল বস্তির আগুন

    চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা যায়নি ঢাকার কড়াইল বস্তির আগুন।

    বস্তির সরু রাস্তা দিয়ে গাড়ি ঢুকতে না পারার কারণে আগুন নিয়ন্ত্রণে দেরি হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেন্টেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

    সেইসঙ্গে, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসা উৎসুক জনতার ভিড়ের কারণেও নেভানোর কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান তিনি।

    আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। হতাহত বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।

    আগুনের আরও কিছু নতুন ছবি:

    কড়াইল বস্তির আগুন
    কড়াইল বস্তির আগুন
    কড়াইল বস্তির আগুন
    কড়াইল বস্তির আগুন
  7. কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিট বেড়ে ১৯

    কড়াইল বস্তির আগুন
    ছবির ক্যাপশান, কড়াইল বস্তির আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা

    ঢাকার কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আরও তিনটি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস। এ নিয়ে সেখানে ১৯টি ইউনিট পাঠানো হলো।

    কর্মকর্তারা বলছেন, দ্রুত ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকর্মীদের।

    তবে আগুনে কেউ হতাহত হয়েছে কি-না, সেটি এখনও নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা। আগুন সূত্রপাত সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

    ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম এক বিবৃতিতে জানান, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পান তারা।

  8. টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে আছে যেসব দল

    আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপের আসর

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপের আসর

    ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের সময় সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা 'ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল' (আইসিসি)।

    মঙ্গলবার ভারতের মুম্বাইয়ে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং ও সূচি প্রকাশ করা হয়।

    সেখানে দেখা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপের আসরে বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে।

    সেখানে প্রতিপক্ষ হিসেবে দলটি পেয়েছে টি-২০ বিশ্বকাপের দুই সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডকে।

    এর বাইরে, নেপাল এবং ইতালিও খেলবে ‘সি’ গ্রুপে।

    আগামী সাতই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেনসে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে মাঠে থাকবে ওয়েস্ট ইন্ডিজ।

    অন্যদিকে, দুই স্বাগতিক দেশ ভারত ও শ্রীলঙ্কা পড়েড়ে যথাক্রমে গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘বি’ তে।

    ‘এ গ্রুপ’ ভারত প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পাকিস্তানকে। তাদের সঙ্গের অন্য দলগুলো হলো- নেদারল্যান্ডস, নামিবিয়া এবং যুক্তরাষ্ট্র।

  9. অন্যায়ভাবে চাপ দিলে নাম প্রকাশ করবো: দুদক চেয়ারম্যান

    দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন

    দুর্নীতির তদন্তকাজে বাধাগ্রস্ত করতে কেউ চাপ প্রয়োগ করার চেষ্টা করলে তার নাম প্রকাশ করে দেওয়া হবে বলে সতর্ক করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

    মঙ্গলবার দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

    তদন্তকারী কর্মকর্তারা সৎ হলে চাপ কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

    "যিনি দুর্নীতিগ্রস্ত হন, তার ওপরই চাপ বেশি আসে। দুর্নীতিগ্রস্ত না হলে, ঘাড় সোজা থাকলে চাপ কম আসবে।"

    "আপনাকে যারা চাপ দেবে, তারাও চিন্তা করবে চাপ দেবে কি-না। আগামী দিনগুলোতে যারা দুদকে অন্যায়ভাবে চাপ প্রয়োগ করবে, আমরা তাদের নাম প্রকাশ করবো,' বলেন মি. মোমেন।

  10. গণভোটের ব্যালট হবে রঙিন, সংসদ নির্বাচনের সাদাকালো

    ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন কর্মকর্তারা

    ছবির উৎস, Screen Grab

    সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ার ফলে ভোট দিয়ে গিয়ে ভোটাররা যেন বিভ্রান্ত না হন, সেজন্য আলাদা রঙের ব্যালট পেপার রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

    এক্ষেত্রে সংসদ ভোটের ব্যালট হবে সাদাকালো এবং গণভোটের ব্যালট থাকবে রঙিন।

    মঙ্গলবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে একথা জানান নির্বাচন কমিশন সচিব আখতার হোসেন।

    তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে সাদা পেইজের ওপরে কালো প্রিন্টের ব্যালট পেপার। আর রঙিন কাগজ ব্যবহার করা হবে গণভোটের জন্য।

    এছাড়া প্রবাসীরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে গণভোটে অংশ নিতে পারবেন বলে জানান তিনি।

    ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, "জুলাই জাতীয় সনদ সম্পর্কিত প্রস্তাবের বিষয়ে বাংলাদেশের মানুষের মতামত নিতে গণভোট কীভাবে হবে সেটা ঠিক করতে গণভোট অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। এ অধ্যাদেশ আজকে মন্ত্রিপরিষদের সভায় চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। আজকে বা কালকের মধ্যে এটার গেজেট নোটিফিকেশন হয়ে যাবে।"

  11. পুলিশের লাঠিপেটা ও জলকামানে ছত্রভঙ্গ শাহবাগে আন্দোলনকারী শিক্ষার্থীরা

    শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ

    ছবির উৎস, TV Screen Grab

    সাতচল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে ঢাকার শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি জলকামান ‍ছুঁড়েছে পুলিশ।

    জবাবে আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে। এ ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

    লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করেন আন্দোলনকারীরা।

    তারা শাহবাগে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীরা সেখানেই অবস্থান নেন। বিকেলে শিক্ষার্থীরা পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দেন দাবি মেনে নিতে। তবে পাঁচটার আগেই পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

    আন্দোলনকারীদের পুনরায় যমুনার দিকে অগ্রসর হতে চাইলে লাঠিচার্জ করে পুলিশ। সেইসঙ্গে জলকামান ‍ব্যবহার করা হয়।

    আগামী ২৭শে নভেম্বর ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

  12. আরও ছড়িয়ে পড়েছে কড়াইল বস্তির আগুন, নতুন কিছু ছবি

    ঢাকার কড়াইল বস্তির আগুন আরও ছড়িয়ে পড়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিসকর্মীদের।

    বর্তমানে ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

    পাঠকদের জন্য আগুন নতুন কিছু ছবি এখানে দেওয়া হলো:

    আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে

    ছবির উৎস, BD Fire Service

    ছবির ক্যাপশান, আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে
    আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসকর্মীরা

    ছবির উৎস, BD Fire Service

    ছবির ক্যাপশান, আগুন নেভাতে দুই ঘণ্টা ধরে চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসকর্মীরা
    আগুন নেভানোর চেষ্টা

    ছবির উৎস, BD Fire Service

    ছবির ক্যাপশান, আগুন নেভাতে দুই ঘণ্টা ধরে চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসকর্মীরা
  13. ডিসেম্বরের প্রথমার্ধে যেকোনো দিন তফসিল ঘোষণা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ

    নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ

    ডিসেম্বর মাসের প্রথমার্ধে যেকোনো দিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

    মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

    "নির্বাচনের তফসিল ঘোষণার আর বেশি দেরি নেই। ডিসেম্বর মাসের প্রথমার্ধের যেকোনো একদিন তফসিল ঘোষণা হয়ে যাবে," বলেন মি. সানাউল্লাহ।

  14. নির্বাচনের আগে লটারির মাধ্যমে ৬৪টি জেলায় পুলিশ সুপার চূড়ান্ত করেছে সরকার

    নির্বাচনকালীন ডিউটিতে পুলিশ

    ছবির উৎস, MUNIR UZ ZAMAN/Getty Images

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে দেশের ৬৪টি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার।

    নির্বাচনকালীন পুলিশিং নিয়ে বিতর্ক এড়ানো ও পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবার লটারি পদ্ধতি বেছে নেওয়া হয়েছে বলে কর্তকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাসস।

    খবর বলা হয়েছে, গত সোমবার ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে লটারি অনুষ্ঠান সম্পন্ন হয়।

    শিগগিরই তাদের পদায়ন নিশ্চিত করে আদেশ জারি করা হবে বলেও বাসসের খবরে উল্লেখ করা হয়েছে।

  15. কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট

    কড়াইল বস্তির আগুন

    ছবির উৎস, TV Screen Grab

    ঢাকার কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আনতে আরও নয়টি ইউনিট ঘটনাস্থলে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। সবমিলিয়ে এখন ১৬টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি-না, সেটি এখনও নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা। তাছাড়া আগুন সূত্রপাত সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

    ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম এক বিবৃতিতে জানান, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পান তারা।

    এরপর সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুন বড় হওয়ায় পরে তাদের সঙ্গে আরও নয়টি ইউনিট যোগ হয়।

  16. মেট্রোরেলের লাইনের ওপর ব্যাগ পড়ে ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ

    মেট্রোরেল

    ছবির উৎস, Getty Images

    ঢাকায় মেট্রোরেলের লাইনের ওপর পরিত্যাক্ত ব্যাগ পড়ে থাকার কারণে প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

    মঙ্গলবার পৌনে চারটার দিকে সচিবালয় ও মতিঝিল মেট্রো স্টেশনের মাঝখানের অংশে লাইনের ওপর ব্যাগটি পড়ে থাকতে দেখা যায় বলে এক বিবৃতিতে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

    দুর্ঘটনা এড়ানোর জন্য তখনই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানানো হয়েছে। প্রায় ২০ মিনিট পর ব্যাগটি অপসারণ করা হলে বেলা চারটা চার মিনিটে পুনরায় ট্রেন চলাচলে শুরু হয়।

    এর আগেও বেশ কয়েকবার এ ধরনের ঘটনায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটতে দেখা গেছে।

    সবশেষ গত শনিবার মেট্রোরেলের লাইনের ওপর একটি ড্রোন পড়ে থাকার কারণে প্রায় নয় মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।

    মেট্রোরেলের লাইনের ওপর এ ধরনের কিছু না ফেলার জন্য ঢাকাবাসীর প্রতি একাধিকবার অনুরোধ জানাতে দেখা গেছে ডিএমটিসিএলকে।

  17. বিমানবন্দরে অগ্নিকাণ্ড 'নাশকতা নয়', তদন্ত প্রতিবেদন জমা

    শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন

    ছবির উৎস, Reuters

    ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে সম্প্রতি যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে 'নাশকতার প্রমাণ পাওয়া যায়নি' বলে প্রতিবেদন দিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।

    কমিটির সদস্যরা মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।

    এরপর ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছিল বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    গত ১৮ই অক্টোবর বিমানবন্দরটির কার্গো ভিলেজে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ১৭ ঘণ্টা ধরে জ্বলা আগুনে সেখানকার আমদানি অংশের প্রায় সব মালামাল পুড়ে যায়।

    অগ্নিকাণ্ডের ওই ক্ষতির পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা বলে দাবি করেন ব্যবসায়ীরা।

    আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তখন স্বরাষ্ট্রসচিবকে প্রধান করে একটি কোর কমিটি গঠন করেছিল সরকার। মঙ্গলবার কমিটির সদস্যরা তদন্ত প্রতিবেদন জমা দিলেন।

  18. ঢাকার কড়াইল বস্তিতে আগুন

    আগুন

    ছবির উৎস, TV Screen Grab

    ঢাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    মঙ্গলবার বিকেলে লাগা এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ শুরু করেছে।

    তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি-না, সেটি এখনও নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা। তাছাড়া আগুন সূত্রপাত সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

  19. ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র

    ইউক্রেনের সঙ্গে আলোচনা শেষ করার পর যুদ্ধ বন্ধে এবার রাশিয়ার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। রুশ ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা বৈঠকের জন্য প্রস্তুত রয়েছেন।

    এদিকে, যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই সোমবার রাতে রাশিয়া ও ইউক্রেনে পাল্টাপাল্টি ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

    কিয়েভের কর্মকর্তারা জানান, রুশ সেনাদের হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।

    কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে বিদ্যুৎ এবং পানি সরবরাহ ব্যাহত হয়েছে।

    ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয়ও দেশটির জ্বালানি অবকাঠামোগুলোতে "ব্যাপক ও সম্মিলিত শত্রু হামলার" বিষয়টি নিশ্চিত করেছে।

    অন্যদিকে, রুশ কর্মকর্তারা জানিয়েছেন যে, রোস্তভ অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের হামলায় তাদের অন্তত তিনজন নিহত হয়েছেন।

    এর আগে, রোববার জেনেভায় যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের কর্মকর্তারা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য বৈঠক করেন। ওই বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি ছিলেন না।

    সম্প্রতি আলাস্কায় বৈঠকে বসেন ট্রাম্প ও পুতিন

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, সম্প্রতি আলাস্কায় বৈঠকে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন
  20. ২৯শে নভেম্বর পরীক্ষামূলক ভোট করবে নির্বাচন কমিশন

    নির্বাচন কমিশনের লোগো

    ছবির উৎস, EC

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৯শে নভেম্বর 'মক ভোটিং' বা পরীক্ষামূলক ভোটের আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

    নির্বাচন কমিশনের বরাত দিয়ে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'বাসস'।

    ঢাকার শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এই ভোটের আয়োজন করা হবে। ওইদিন সকাল আটটায় শুরু করে থেকে বেলা ১২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।