আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ডিসেম্বরে হতে পারে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা; মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি

শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনতে ভারতকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছে বাংলাদেশ। ভারতের মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি। এক নজরে দিনের ঘটনাপ্রবাহ...

সরাসরি কভারেজ

  1. শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির

    গত বছরের জুলাই-অগাস্টে আন্দোলন চলাকালে দেশব্যাপী ৮৪৮ নেতাকর্মী নিহত হয়েছেন দাবি করে শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি।

    বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে এ অভিযোগ দায়ের করা হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির।

    গত বছরের পহেলা জুলাই থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত সারা দেশে আন্দোলনে বিএনপির নেতাকর্মীরাও অংশ নেন।

    দলটি ৮৪৮ জন নিহতের তালিকা ট্রাইব্যুনালে জমা দিয়েছে। একই সঙ্গে দেশব্যাপী হওয়া মামলার এজাহার, পত্রিকার ছবি, অডিও ভিডিও জমা দেওয়া হয়েছে।

    শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী আরাফাতসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

  2. ছয় মাস মেয়াদী জাতীয় ঐকমত্য কমিশন গঠন, কাজ শুরু শনিবার

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে।

    বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ প্রজ্ঞাপন জারি করেন।

    ছয় মাস মেয়াদি এই কমিশন আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে।

    কমিশনে সভাপতি হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সহসভাপতি আছেন সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

    এছাড়া কমিশনের সদস্য হিসেবে ছয়টি কমিশনের প্রধানরা রয়েছেন।

    কমিশনের কার্যপরিধির বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশন আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচারবিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিসমূহের সঙ্গে আলোচনা করবে এবং এ বিষয়ে পদক্ষেপ সুপারিশ করবে।

    কমিশনের মেয়াদ হবে কার্যক্রম শুরুর তারিখ থেকে ছয় মাস। প্রধান উপদেষ্টার কার্যালয় এই কমিশনকে সাচিবিক সহায়তা করবে।

    এর আগে ১৬ই ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশন গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

  3. বিবিসি বাংলা লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ এবং বিশ্বের সব ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়। রিপোর্টিং করছেন সানজানা চৌধুরী।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে