‘সতর্কতা’ হিসেবে কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে "কঠোর পদক্ষেপ" নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, কাতারে অবস্থিত আল-উদেইদ বিমান ঘাঁটিতে কর্মী সংখ্যা কমাচ্ছে যুক্তরাষ্ট্র, যাকে কর্মকর্তারা 'সতর্কতামূলক ব্যবস্থা' বলে অভিহিত করেছেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. বিক্ষোভ-অবরোধে ঢাকার একাধিক সড়কে যানচলাচল বন্ধ, তীব্র যানজট

    রাস্তায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, দাবি মানা না পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা

    বিভিন্ন দাবিতে ঢাকা ফার্মগেট, সায়েন্সল্যাব, মহাখালীসহ পাঁচটি গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ওইসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

    সহপাঠী হত্যার বিচারের দাবিতে বুধবার সকাল ১১টার দিকে ফার্মগেট মোড়ে বিক্ষোভ শুরু করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা।

    এরপর দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে টেকনিক্যাল, মহাখালী, সায়েন্সল্যাব এবং তাঁতীবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সাত কলেজের শিক্ষার্থীরা।

    দাবি মানা না পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

    এতে ওইসব এলাকায় যান চলাচল ব্যাহত হয়। ফলে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে দেখা যান গণপরিবহনসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের।

    পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু বিকেল তিনটা পর্যন্ত ঢাকার বিভিন্ন সড়কে তীব্র যানজট লক্ষ্য করা গেছে।

  2. ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হলে ‘কঠোর ব্যবস্থার’ হুঁশিয়ারি ট্রাম্পের

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্প

    ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে "কঠোর পদক্ষেপ" নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

    "সকল ইরানি দেশপ্রেমিকদের প্রতি বলছি, প্রতিবাদ চালিয়ে যান," মঙ্গলবার মিশিগানে এক ভাষণে বলেন ডোনাল্ড ট্রাম্প।

    তিনি ইরানিদের “প্রতিষ্ঠান দখল” করার এবং “খুনি ও নির্যাতনকারীদের” নাম মনে রাখার আহ্বান জানিয়েছেন, কারণ হিসেবে তিনি বলছেন–– তাদের “খুব বড় মূল্য দিতে হবে”।

    ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারী বেসামরিক নাগরিকদের উদ্ধারে যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে বলে আবারও প্রতিশ্রুতি দেন তিনি। ট্রাম্প বলেন, "সাহায্য আসছে"।

    বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ যখন এই বিষয়ে স্পষ্ট করে জানতে চায়, তখন ট্রাম্প বলেন, "বিভিন্ন দিক থেকে নানা ধরনের সাহায্য আসছে। আমাদের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন আকারে অর্থনৈতিক সাহায্য আসছে, তবে আমরা ইরানকে খুব বেশি সাহায্য করব না”।

    ইরানে বিক্ষোভকারীদের নিহতের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, "এটি বেশ উল্লেখযোগ্য সংখ্যা বলে মনে হচ্ছে"।

    বুধবার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে এমন প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, "যদি তারা এমন কাজ করে তবে আমেরিকা খুব কঠোর ব্যবস্থা নেবে"।

  3. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে