ইরান যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে ২৫০০ কোটি ডলার, জানিয়েছে পেন্টাগন

বাংলাদেশে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বাজেট বাড়িয়ে এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার করার প্রস্তাব করায় আইন প্রণেতাদের প্রশ্নের মুখোমুখি ট্রাম্প প্রশাসন।

সরাসরি কভারেজ

  1. যুদ্ধে ইরানকে 'সামরিকভাবে পরাজিত' করার দাবি ট্রাম্পের

    ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে আপ্যায়নকালে বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, PA Media

    ছবির ক্যাপশান, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে আপ্যায়নকালে বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে বিজয় লাভ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    যুক্তরাষ্ট্রে সফররত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে আপ্যায়নকালে তিনি এমন দাবি করেন।

    যদিও কথা বলার সময় সরাসরি ইরানের নাম উল্লেখ করেননি ট্রাম্প, বরং 'প্রতিপক্ষ' বলে সম্বোধন করেছেন।

    “আমরা সেই নির্দিষ্ট প্রতিপক্ষকে সামরিকভাবে পরাজিত করেছি,” বলেন ডোনাল্ড ট্রাম্প।

    ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

    “আমরা ওই প্রতিপক্ষকে, চার্লস আমার সঙ্গে একমত, পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না,” যোগ করেন ট্রাম্প।

    ‘কমিউনিজম, ফ্যাসিবাদ ও স্বৈরাচার’ শক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্র একজোট হয়ে লড়বে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

  2. জাহাজ জব্দের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার অধিকার আমাদের আছে- জাতিসংঘকে ইরানের চিঠি

    মার্কিন নৌ বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটকের মুহূর্ত

    ছবির উৎস, US Central Command/X

    ছবির ক্যাপশান, গত সপ্তাহে মার্কিন নৌ বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটকের মুহূর্ত

    গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেনারা ইরানের পতাকাবাহী যে কার্গো জাহাজ আটক করেছে, সেটি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়েছে তেহরান।

    জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে মঙ্গলবার ওই চিঠি পাঠান জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।

    সেখানে ইরানের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ আটকের ঘটনাকে ‘জলদস্যুতা’ অভিহিত করে সেটির বিরুদ্ধের ‘কঠোর নিন্দা’ জানিয়েছে তেহরান।

    যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

    “আন্তর্জাতিক আইন অনুযায়ী, এই নির্লজ্জ কর্মকাণ্ড মোকাবিলা করার পূর্ণ অধিকার ইরানের ইসলামী প্রজাতন্ত্রের রয়েছে,” চিঠিতে বলেছে তেহরান।

  3. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা

    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে দেশটি এখন “ভঙ্গুর অবস্থায়” রয়েছে এবং অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছে।
    • তেল উৎপাদনকারী দেশের জোট ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রায় ৬০ বছর ধরে ওপেকের সদস্য থাকার পর এই জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল দেশটি।
    • “বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামায়াতে ইসলামী করেন, এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধার পরিবারের কেউ জামায়াত করতে পারে না," মঙ্গলবার জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ফজলুর রহমানের এই বক্তব্য নিয়ে হট্টগোল হয়েছে।
    • উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া, মাত্র কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা পানিতে নিমজ্জিত হয়ে গেছে।
    • মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে গত মার্চ মাসের শুরুর দিকে বন্ধ হয়ে যাওয়ার দীর্ঘ দুই মাস পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি বোঝাই একটি ট্যাংকার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পার হয়েছে। এছাড়া, অবরোধের মধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করেছে রাশিয়ান একটি নৌযান। এই সুপারইয়টটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ একজন মিত্রের সঙ্গে সংশ্লিষ্ট।
    • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টরে ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে এই বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যাওয়ার কার্যক্রম শুরু হলো।
    • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত ২৭৩ জন রোগী হাম উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।
    • সরবরাহ ঘাটতি থাকায় সারাদেশে এখনো প্রায় দুই হাজার মেগাওয়াট লোডশেডিং দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
    • ইরান যুদ্ধবিরতি সংক্রান্ত যে প্রস্তাব দিয়েছে, তাতে দেশটির পারমাণবিক কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত না থাকায় অসন্তুষ্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন একজন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায় রয়টার্স।
  4. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে