আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

নেপালে এখনো ৯০০ জনের বেশি মানুষ নিখোঁজ, আবারো বন্যার শঙ্কা

নেপালে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে মৃতদেহ উদ্ধারের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এছাড়া পাঁচশ জনের বেশি পর্যটকসহ ৯০০ জনের বেশি এখনো নিখোঁজ সেখানে।

সরাসরি কভারেজ

রিপোর্টিং করছেন সজল দাস, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো:

    • বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই ওয়াকআউট করলো সংসদের বিরোধী দল। বাংলাদেশে প্রথম ওয়াকআউটের ঘটনা নিয়ে আরো পড়তে পারেন- জাতীয় সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল
    • বাংলাদেশে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রথম দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্য ঘিরে ব্যাপক হট্টগোল হয়েছে।
    • “মক্কা প্যাক্ট হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটা ব্যবস্থা এবং এটা আমাদের মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। সুতরাং এটা নিয়ে কারো, অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই”- এই মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
    • “গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে, দুষ্টু লোকেরা বলে, অবশ্য ভালো লোক না, টুকু আসে টুকু যায়- এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না”- দেশের গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে এই মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
    • নেপালের পুলিশ বুধবারের আকস্মিক বন্যায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা নাগাদ ৩৮৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
    • নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পর ৯১০ জন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
    • নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, অনুসন্ধান কার্যক্রমে অংশ নিতে নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী এবং জাতীয় পুলিশের ১৩ হাজারের বেশি সদস্যকে মোতায়েন করা হয়েছে। এছাড়া দিনজুড়ে পরিচালিত ৬৯টি ফ্লাইটের মাধ্যমে ৫৭৩ জনকে উদ্ধার করা হয়েছে।
    • আকস্মিক বন্যায় নেপালের ১৭ হাজারের বেশি শিশুর জরুরি মানবিক সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
    • নেপালে দুর্যোগের কারণে আটকে রয়েছেন বা যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এমন ভারতীয় নাগরিকের সংখ্যা ২৮৮ জন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
    • চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ানের মতে, নেপালে আকস্মিক বন্যার পর প্রায় ১০০ জন চীনা নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
    • চীন-নেপাল সীমান্তে একটি নতুন হ্রদ তৈরি হয়েছে, যেখানে দ্রুত পানি জমছে। এতে আশঙ্কা দেখা দিয়েছে যে হ্রদটির তীর ভেঙে যেতে পারে।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ব্রেকিং, নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯

    নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, সেখানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯ হয়েছে।

    কয়েক ঘণ্টা আগে তারা ৩৫৯ জনের মৃতের তথ্য জানিয়েছিল।

    এদিকে, নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পর ৯১০ জন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। এদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক।

  3. প্রায় ৬০০ জনকে উদ্ধারের তথ্য জানালেন নেপালের প্রধানমন্ত্রী

    নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, অনুসন্ধান কার্যক্রমে অংশ নিতে নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী এবং জাতীয় পুলিশের ১৩ হাজারের বেশি সদস্যকে মোতায়েন করা হয়েছে। এছাড়া দিনজুড়ে পরিচালিত ৬৯টি ফ্লাইটের মাধ্যমে ৫৭৩ জনকে উদ্ধার করা হয়েছে।

    তিনি আরও জানান, অস্থায়ী ত্রাণশিবির স্থাপন করা হয়েছে এবং আহত নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এই বক্তব্য দেন তিনি।

    বালেন্দ্র শাহ বলেন, সরকারের প্রধান লক্ষ্য হলো প্রাণ রক্ষা করা, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা প্রদান করা।

  4. নেপালে ১৭ হাজারের বেশি শিশুর জরুরি মানবিক সহায়তা প্রয়োজন: ইউনিসেফ

    আকস্মিক বন্যায় নেপালের ১৭ হাজারের বেশি শিশুর জরুরি মানবিক সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

    নেপালে সংস্থাটির প্রতিনিধি অ্যালিস আকুঙ্গা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকার শিশুরা "তাদের জীবনকে কার্যত চোখের সামনে ভেসে যেতে দেখেছে" এবং "অনেকেই তাদের প্রিয়জনকে হারিয়েছে"।

    তিনি আরও বলেন, "যারা বন্যা থেকে বেঁচে ফিরেছেন, সেই শিশুরা এখন রোগব্যাধি, পুষ্টিহীনতা এবং সহিংসতার উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে।"

    আকুঙ্গা জানান যে, ইউনিসেফ মাঠপর্যায়ে সহায়তা প্রদান করে যাচ্ছে, তবে "প্রয়োজনীয় প্রতিটি শিশুর কাছে পৌঁছানোর জন্য" তাদের আরও সম্পদের প্রয়োজন।

    সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ না হওয়া পর্যন্ত প্রাথমিক কার্যক্রম চালিয়ে যেতে সংস্থাটি এক কোটি ৭২ লাখ মার্কিন ডলার অনুদান চেয়েছে।

    পাশাপাশি তহবিল না পেলে নারী ও শিশুদের জন্য তাদের সেবা "মারাত্মকভাবে ব্যাহত হবে" বলেও সতর্ক করেছে।

  5. বন্যা আঘাত হানার নয় মিনিট আগে ভিডিও পাঠিয়েছিল নিখোঁজ একটি পর্যটক দল, অর্চনা শুক্লা, ভারতের ব্যবসাবিষয়ক সংবাদদাতা

    নেপালের একটি ভ্রমণ কোম্পানির মালিক বলেছেন, বন্যার আঘাত হানার মাত্র নয় মিনিট আগে একটি পর্যটক দলের পাঠানো শেষ ভিডিওটি তারা পেয়েছিলেন।

    ফিশটেইল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের রোশন পান্ডে বলেন, এরপর থেকে ২০ জন পর্যটকের ওই দলের কাছ থেকে তারা আর কোনো খবর পাননি।

    নিখোঁজদের মধ্যে রয়েছেন দুইজন মার্কিন নাগরিক, একজন ব্রিটিশ নাগরিক এবং ১৭ জন মালয়েশীয়, যারা সবাই কৈলাস পর্বতের উদ্দেশে যাচ্ছিলেন। তাদের সঙ্গে পথপ্রদর্শক হিসেবে থাকা সাতজন নেপালি কর্মীও নিখোঁজ রয়েছেন।

    তারা তিমুর এলাকার কাছে অবস্থান করছিলেন। তিব্বত সীমান্তের নিকটবর্তী এই নেপালি শহরে তারা একটি ছোট ভূমিধসের কারণে থেমেছিলেন। এ ধরনের ভূমিধস ওই অঞ্চলে সাধারণ ঘটনা।

    দলটি যে শেষ ভিডিও পাঠিয়েছিল, তাতে দেখা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা তিব্বতে প্রবেশ করতে যাচ্ছিল।

    পান্ডে বলেন, “ওই এলাকায় একটি ইটের টুকরোও দেখা যাচ্ছে না, সবকিছুই কাদার নিচে চাপা পড়ে গেছে।”

  6. অধিবেশনের প্রথম দিনেই সংসদ থেকে বিরোধী দলের ওয়াক আউট

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই আবারও ওয়াকআউট করলো সংসদের বিরোধী দল।

    বৃহস্পতিবার সংসদের আইন প্রণয়ন কার্যাবলি শুরুতেই, সরকারি দলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংসদ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানান বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

    এসময় সরকারের বিরুদ্ধে একপেশেভাবে সংসদ পরিচালনার অভিযোগ তোলেন তিনি।

    বিরোধী দলীয় নেতা বলেন, বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা, গ্যাসের তীব্র সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি- এমন নানা বিষয়ে সংসদে আলোচনার জন্য সংসদ অধিবেশন আহ্বানের কথা বলা হলেও ডাকা হয়নি।

    সংসদ আহ্বান করা হয়েছে, কিন্তু গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে এই সংসদে কোনো সমাধান হয়নি- বলেও অভিযোগ করেন তিনি।

    এছাড়া, গণভোটের রায় মানা হয়নি বরং ১৩৩টা অর্ডিনেন্স এর মধ্যে ২০টিকে বাদ দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন বিরোধী দলের নেতা।

    মি. রহমান বলেন, “সব কিছুতে সংসদকে একপেশেভাবে নিয়ে যাওয়া হচ্ছে।”

    এসব কারণ উল্লেখ করে সংসদ থেকে ওয়াকআউটের সিদ্ধান্ত জানান বিরোধী দলীয় নেতা।

    “আমরা পুরা সংস্কার চাই, আমরা গণভোটের বাস্তবায়ন চাই এবং আমরা এইভাবে কোনো প্রসেসের অংশ হতে চাই না। এজন্য আমরা এখন আর কোনো আলোচনায় অংশগ্রহণ করবো না, এই পর্বে আমরা ওয়াকআউট করছি,” বলেন তিনি।

  7. সাজাপ্রাপ্ত বসনিয়ান সার্ব যুদ্ধাপরাধী রাতকো ম্লাদিচ মারা গেছেন

    সাজাপ্রাপ্ত বসনিয়ান সার্ব যুদ্ধাপরাধী রাতকো ম্লাদিচ ৮৪ বছর বয়সে দ্য হেগে জাতিসংঘের একটি কারাগারে মারা গেছেন।

    সাবেক যুগোস্লাভিয়ায় ১৯৯২ থেকে ১৯৯৫ সালের যুদ্ধের সময় সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৭ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

    বসনিয়া যুদ্ধের পর তিনি ১৬ বছর পলাতক ছিলেন। শেষ পর্যন্ত ২০১১ সালে সার্বিয়ার একটি গ্রামীণ এলাকায় তাকে খুঁজে বের করা হয় এবং নেদারল্যান্ডসের ওই শহরে তার বিচার শুরু হয়।

    ‘বসনিয়ার কসাই’ নামে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে দেওয়া সাজা ২০২১ সালে আপিলেও বহাল রাখা হয়।

    মৃত্যুর সময় তিনি জাতিসংঘের আটক কেন্দ্রের হাসপাতালের উপশমমূলক চিকিৎসা (প্যালিয়েটিভ কেয়ার) নিচ্ছিলেন।

    তার মৃত্যুর খবর প্রথমে সার্বিয়ার গণমাধ্যমে প্রকাশিত হয় এবং পরে জাতিসংঘের এক কর্মকর্তা তা নিশ্চিত করেন।

    ১৯৯০-এর দশকে যুগোস্লাভিয়া ভেঙে যাওয়ার সময় তিনি নির্মম ‘জাতিগত নির্মূল’ অভিযানের তত্ত্বাবধান করেন। হাজার হাজার পুরুষ, নারী ও শিশুর হত্যাকাণ্ড জড়িয়ে ছিল এই অভিযানে।

    তিনি সারায়েভো অবরোধের দীর্ঘ ও রক্তাক্ত অভিযানের নেতৃত্ব দেন, যেখানে প্রতিদিনের গোলাবর্ষণ এবং স্নাইপার হামলায় শহরের বাসিন্দারা নিহত ও আহত হতেন।

    যখন তার বাহিনী জাতিসংঘ ঘোষিত নিরাপদ এলাকা স্রেব্রেনিৎসার নিয়ন্ত্রণ দখল করে, তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সবাই নিরাপদ থাকবে। পরে ৮,০০০ পুরুষ ও কিশোরকে নামবিহীন গণকবরে নিয়ে যাওয়া হয়।

    তিনি এবং তার রাজনৈতিক সহযোগী রাদোভান কারাদজিচ বসনিয়াকে ছিন্নভিন্ন করে দেন, গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে নৃশংস অপরাধ সংঘটিত করেন।

    ম্লাদিচ তার কর্মকাণ্ডের জন্য কোনো অনুশোচনা দেখাননি। শেষ পর্যন্ত দ্য হেগে অনুষ্ঠিত বিচারের সময় তিনি তার ভুক্তভোগীদের স্বজনদের দিকে হাসিমুখে বৃদ্ধাঙ্গুলি তুলে দেখিয়েছিলেন।

  8. নেপালের আকস্মিক বন্যায় ‘সমবেদনা’ জানালেন রাজা চার্লস ও রানি ক্যামিলা

    ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস বলেছেন, নেপালের ‘ধ্বংসাত্মক’ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তিনি এবং রানি ক্যামিলা ‘মর্মাহত’ এবং তাদের প্রতি ‘গভীরতম সমবেদনা’ জানাচ্ছেন।

    এক লিখিত বার্তায় তিনি বলেন, “যুক্তরাজ্যের বহু মানুষের এই অঞ্চলের সঙ্গে দৃঢ়, গভীর এবং ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।”

    তিনি আরও বলেন, “যারা এত মর্মান্তিকভাবে তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের সবার প্রতি আমরা আমাদের গভীরতম সমবেদনা জানাই। আর বন্ধু ও স্বজনদের খবরের অপেক্ষায় উদ্বিগ্ন অসংখ্য পরিবারের জন্য আমরা গভীরভাবে সহমর্মিতা অনুভব করছি।”

    রাজা চার্লস অন্যদের সেবায় সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো “পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের” প্রতিও শ্রদ্ধা জানান।

    তিনি আরও যোগ করেন, “সব সময়ের মতো, যুক্তরাজ্য প্রয়োজনে থাকা মানুষদের সহায়তায় প্রস্তুত রয়েছে।”

  9. নেপালে অনুসন্ধান অভিযানে মোতায়েন পুলিশ ও সেনাবাহিনীর হাজারো সদস্য

    তিব্বত সীমান্তসংলগ্ন নেপালের বিভিন্ন এলাকায় আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যার পর দেশজুড়ে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

    নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযানে সহায়তার জন্য পুলিশ, সেনাবাহিনী এবং সশস্ত্র পুলিশ বাহিনীর মোট ৯ হাজার ২৬০ জন সদস্যকে মোতায়েন করা হয়েছে।

  10. চীনে তৈরি হওয়া নতুন হ্রদের পানি বাড়ছে, ভেঙে যেতে পারে তীর

    চীন-নেপাল সীমান্তে একটি নতুন হ্রদ তৈরি হয়েছে, যেখানে দ্রুত পানি জমছে। এতে আশঙ্কা দেখা দিয়েছে যে হ্রদটির তীর ভেঙে যেতে পারে।

    এমন সময় এই উদ্বেগ তৈরি হয়েছে, যখন উদ্ধারকারীরা বুধবারের ভূমিধসের পর বেঁচে থাকা মানুষদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    তিব্বতে চীনের অনুসন্ধানী দলগুলো দিনভর গিরং বন্দরের আশপাশে বন্যার ঝুঁকি মূল্যায়ন করেছে। নেপালের চোচেন নদী এবং পুরুচাংপো জাংবো নদীর মিলনস্থলের কাছে এই হ্রদ গঠিত হয়েছে।

    তারা রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমকে জানিয়েছে, উদ্ধারকাজে নিয়োজিত সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এই জলাধারকে স্থিতিশীল রাখা এখন অগ্রাধিকার।

    চীনের পানি সম্পদ মন্ত্রণালয় মডেলিং প্রযুক্তি ব্যবহার করে হ্রদটিতে থাকা পানির পরিমাণের হিসাব করেছে। তারা এখন বলছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী তিন দিনের মধ্যে হ্রদটির তীর ভেঙে যাওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে।

    মন্ত্রণালয়টি জানিয়েছে, সম্ভাব্য ভাঙনের জন্য তারা প্রস্তুতি নেবে এবং জরুরি উদ্ধার কার্যক্রমে সহায়তা দেবে।

  11. ‘দুষ্টু লোকেরা বলে, টুকু আসে টুকু যায়’ গ্যাস-বিদ্যুৎ নিয়ে সংসদে রুমিন ফারহানা

    “গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে, দুষ্টু লোকেরা বলে, অবশ্য ভালো লোক না, টুকু আসে টুকু যায়- এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না।”

    দেশের গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে এই মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

    বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদে তৃতীয় অধিবেশনে, ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এসময় দ্রব্যমূল্য এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি।

    মিজ ফারহানা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিত নিয়ে কথা বলতে গেলে সমস্যা হচ্ছে, আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি হয় ব্যাঙ্গ করেন আর না হলে তিনি বাগচাতুর্য দিয়ে পুরো বিষয়টিকে ঢেকে দিতে চান।”

    সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার তালিকায় থাকা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও কথা বলেন রুমিন ফারহানা।

    “যখন তেলের দাম বাড়ছে, যখন বিদ্যুতে হাহাকার এবং যখন গ্যাস পাওয়া যায় না- তখন এক কোটি নতুন কর্মসংস্থান তৈরি করবে বলে যেই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনে, সেই সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে ৬২ হাজার লোক তাদের চাকরি হারিয়েছে,” বলেন তিনি।

  12. নেপালে ৫১৭ জন বিদেশিসহ ৯০০ জনের বেশি মানুষ নিখোঁজ

    নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পর ৯১০ জন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

    এদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক, নেপাল সেনাবাহিনীর ৪৪ সদস্য এবং নেপাল পুলিশের ২৮ সদস্য রয়েছেন।

    সংস্থাটি আরও জানিয়েছে, এখন পর্যন্ত ৩৫১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

    সর্বশেষ হালনাগাদে নেপাল পুলিশের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছিল যে মৃতের সংখ্যা ৩৫৯ জনে পৌঁছেছে।

    উদ্ধার অভিযান চলমান থাকায়, নেপাল পুলিশ এবং জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পৃথকভাবে পরিস্থিতির হালনাগাদ তথ্য প্রকাশ করছে।

  13. খোঁজ নেই তামিলনাড়ুর ৩০ জনেরও বেশি পর্যটকের, অপেক্ষায় পরিবার

    নেপালে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু থেকে আসা ৩০ জনেরও বেশি তীর্থযাত্রীর খোঁজ মিলছে না বলে জানিয়েছে ট্যুর আয়োজন সংস্থা। তামিলনাড়ু থেকে ৫৭ জনের একটা দল কুম্ভকোনম-ভিত্তিক সুপার যাত্রা এজেন্সির সঙ্গে ভ্রমণ করছিল।

    ওই এজেন্সির মালিক সৈয়দ সাদিক বিবিসি তামিলকে জানান, ওই দলের তার ছেলে উমর ফারুকও রয়েছে। তিনি ওই দলের গাইডের দায়িত্বে ছিলেন।

    “বন্যার আগে, মঙ্গলবার রাতে তার সঙ্গে আমার শেষবার কথা হয়েছিল,” বলেছেন সৈয়দ সাদিক।

    তাদের জানানো হয়েছে যে কাঠমান্ডু থেকে পাঠানো হেলিকপ্টার কয়েকজন ভারতীয় নাগরিককে উদ্ধার করেছে, কিন্তু এই ব্যক্তিদের পরিচয় বা তারা কোথা থেকে এসেছেন তা এখনো স্পষ্ট নয়।

    মি. সাদিক জানিয়েছেন, তারা অধীর আগ্রহে খবরের জন্য অপেক্ষা করছেন।

  14. ব্রেকিং, মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯

    নেপাল পুলিশের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ৫টা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ হয়েছে।

    পুলিশের পক্ষ থেকে মৃতের সংখ্যা ৩৩২ ঘোষণার প্রায় এক ঘণ্টা পর এই তথ্যটি এলো।

  15. ‘কাল থেকে মায়ের খোঁজ পাচ্ছি না, কী অবস্থায় আছে কে জানে’

    ভূমিধস ও আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপালে সফররত পশ্চিমবঙ্গ থেকে যাওয়া ৩২জনের পর্যটকের একটা দল রয়েছে।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মোট ২৮৮জন ভারতীয় নাগরিকের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

    পশ্চিমবঙ্গের পর্যটকদের মধ্যে হুগলির চন্দন নগরের শিপ্রা রায় রয়েছেন। তার ছেলে অনীক বিবিসি বাংলাকে বলেছেন, “শেষবার কাল সকাল সাড়ে সাতটা নাগাদ মায়ের সঙ্গে কথা হয়েছিল। তারপর থেকে আর কিছুতেই খোঁজ পাচ্ছি না। মা একাই গেছেন। কী অবস্থায় আছেন কে জানে!” তার গলায় উদ্বেগের ছাপ স্পষ্ট ছিল।

    তিনি জানিয়েছেন ২১শে অগাস্ট বাসে চেপে রওনা দেন ষাট বছরের শিপ্রা রায়। তার ছেলে জানিয়েছেন, কৈলাস মানস সরোবরে যাওয়ার দীর্ঘদিনের ইচ্ছে ছিল তার মায়ের। একই উদ্দেশে ওই বাসেই সফর করছিলেন কলকাতার বাসিন্দা রিনা ব্যানার্জী।

    তার বোনের ছেলে দ্বৈপায়ন মুখাৰ্জী বিবিসি বাংলাকে বলেছেন, “রোববার রাত সাড়ে এগারোটা নাগাদ শেষবার কথা হয়েছিল। তখনো জানতাম না এমন হবে!”

    নেপালের ভয়াবহ পরিস্থিতির কথা তিনি জানতে পেরেছেন এক পরিচিত ব্যক্তির কাছ থেকে।

    “কাল দুপুরে আমার একজন পরিচিত নেপালে দুর্যোগের কথা জানান। তারপর থেকে আমরা সমানে যোগাযোগ করার চেষ্টা করে চলেছি। ট্যুর অপারেটিং কোম্পানি যা বলল, ওরা ইমিগ্রেশন চেক পয়েন্টের কাছে ছিলেন। তারপর আর কিছু জানি না।”

    এই পর্যটক দলের মধ্যে দুর্গাপুর, উত্তর ২৪ পরগণা এবং দক্ষিণ ২৪ পরগণার বাসিন্দারাো রয়েছেন। এই দলের সঙ্গেই যাওয়ার কথা ছিল হুগলির কোন্নগরের বাসিন্দা তপতী সিংহর। তবে ভিসার কারণে তার যাওয়া হয়নি।

    অন্যদিকে, নেপালের এই দুর্যোগের পর পশ্চিমবঙ্গ থেকে সে দেশে পর্যটনের উদ্দেশে যাওয়া ব্যক্তিদের নিয়ে বেশ চিন্তায় রয়েছেন তাদের পরিবারের সদস্যরা।

    তাদেরই একজন আরামবাগের সৌভাগ্য দত্ত। তার মা অন্য এক দলের সঙ্গে নেপালে গিয়েছেন গত ২৪শে অগাস্ট।

    তিনি বিবিসি বাংলাকে বলেছেন, “বুধবার দুপুরে এই খবর পাওয়ার পর খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। কিছুতেই বুঝতে পারছিলাম না কী করব… মাকে ফোনে পাচ্ছিলাম না।"

    ২৪শে অগাস্ট বাস ছেড়েছে এবং গতকাল ২৬শে অগাস্ট বুধবার সকাল আটটা-সাড়ে আটটা নাগাদ মায়ের সঙ্গে শেষ কথা হয় জানিয়ে তিনি বলেন, তারপর তিনি টিভিতে খবর দেখে জানতে পারেন নেপালে আকস্মিক বন্যার কথা।

    “তারপর থেকে বহুবার চেষ্টা করেও মায়ের সঙ্গে কিছুতেই যোগাযোগ করে উঠতে পারিনি...শেষে ওখানকার কনট্রাক্টরের ফোন নম্বর পেয়ে তার সঙ্গে যোগাযোগ করি। তিনিই মায়ের সঙ্গে কথা বলিয়ে দেন। এখন নিশ্চিন্ত লাগছে।”

    দুর্যোগের কারণে নেপালে বহু পর্যটকই আটকে রয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা হেল্পলাইন চালু করা হয়েছে সেখানে ফোন করে অনেকেই খোঁজ করছেন।

  16. সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে হট্টগোল

    বাংলাদেশে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রথম দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্য ঘিরে ব্যাপক হট্টগোল হয়েছে।

    বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের সংসদ সদস্যদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার প্রসঙ্গে একটি প্রশ্নের জবাব দেওয়া নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

    বিরোধী দলের একজন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়।”

    তার এই বক্তব্যের পরই হট্টগোল শুরু করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এসময় জাতীয় সংসদের স্পিকার তাদের বারবার বসতে বললেও তারা হট্টগোল চালিয়ে যান। এমন পরিস্থিতির মধ্যেই নিজের বক্তব্য শেষ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    পরে এ নিয়ে কথা বলেন বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় সংসদ অধিবেশনে তুচ্ছ, তাচ্ছিল্য করে কথা বলার অভিযোগ তোলেন তিনি।

    “উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) নিজেকে কী মনে করেন,” বলেও মন্তব্য করেন মি. রহমান।

    এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে অসংসদীয় কিছু থাকলে পরবর্তীতে তার বক্তব্য এক্সপাঞ্জ করা হবে বলে স্পিকার আশ্বাস দিলেও, তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে বলেন বিরোধী দলীয় নেতা।

    তিনি বলেন, “সংসদের সৌন্দর্য ঠিক রাখতে ওনাকে দুঃখ প্রকাশ করতে হবে। ওনার কথা এক্সপাঞ্জ করতে হবে। তা না হলে আমরা এখানে বসবো না।”

    পরে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এসময় তার একটি বক্তব্য নিয়েও আপত্তি জানান বিরোধী দলের নেতা।

  17. ব্রেকিং, আরো বাড়লো নেপালে মৃতের সংখ্যা

    নোলের মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে দাঁড়িয়েছে।

    নেপাল পুলিশ এইমাত্র আরেকটি আপডেট দিয়ে জানিয়েছে যে, বৃহস্পতিবার স্থানীয় সময় ৩টা ৫০ মিনিট পর্যন্ত বন্যায় ৩৩২ জন মারা গেছেন।

    স্থানীয় সময় ২টা ৩০ মিনিট পর্যন্ত আগের আপডেটে মৃতের সংখ্যা ২৮৯ বলা হয়েছিল, যার কিছুক্ষণ পরেই এই আপডেটটি আসে।

  18. ব্রেকিং, নেপালে মৃতের সংখ্যা এখন ২৮৯

    নেপাল পুলিশ তার সর্বশেষ আপডেটে বলেছে যে বৃহস্পতিবার স্থানীয় সময় ২টা ৩০ মিনিট নাগাদ ২৮৯ জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

    আটশো জনের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছে।

  19. নেপালে ২৮৮ জন ভারতীয়র সঙ্গে যোগাযোগ করা যায়নি, জানাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

    নেপালে দুর্যোগের কারণে আটকে রয়েছেন বা যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এমন ভারতীয় নাগরিকের সংখ্যা ২৮৮ জন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নেপালে আকস্মিক বন্যার কারণে “এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সেখানে আটকে আছেন বা যোগাযোগ করা সম্ভব হয়নি এমন ২৮৮ জন ভারতীয় নাগরিক রয়েছেন। এদের মধ্যে ত্রিশুলি ওয়ান পাওয়ার প্রজেক্টে কর্মরত ৭৩ জন রয়েছেন। কাঠমান্ডুতে আমাদের দূতাবাসের পক্ষ থেকে ওই প্রজেক্টের দায়িত্বে থাকা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে।”

    তিনি জানিয়েছেন, দুর্যোগের কারণে সেখানে যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উদ্ধারের কাজ চলছে।

    ওই কর্মীরা ছাড়াও ভারতীয় পর্যটকরাও রয়েছেন। কৈলাস ও মানস সরোবরের উদ্দেশে রওনা হওয়ার তামিলনাড়ুর ৩৭ ও ৪৯ জনের দু’টো দল রয়েছে এবং পশ্চিমবঙ্গ থেকে যাওয়া ৩২ জনের একটা দল রয়েছে।

    পশ্চিমবঙ্গ থেকে যাওয়া পর্যটক দল রাসুয়া অঞ্চলের তিমুরের কাছে ছিল। রাসুয়া জেলাতেই এই আকস্মিক বন্যা হয়েছে।

    এছাড়া কেরালা থেকে ৩৩ জনের একটা দল এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ৬১ জনের অন্য একটা দলও রয়েছে যাদের সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি।

    তামিলনাডুর ২১ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। তাদের ফিরিয়ে আনার দ্রুত ব্যবস্থা করা হবে।

    “ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের তরফে সমস্ত রকমভাবে চেষ্টা চালানো হচ্ছে। নেপাল কর্তৃপক্ষের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি,” বলেছেন মি. জয়সওয়াল।

    কৈলাস ও মানস সরোবরের উদ্দেশে যাওয়া তীর্থযাত্রীদের মধ্যে অনেকেই চীনের কাছে আটকে রয়েছেন। তাদের সঙ্গে বেইজিং-এ অবস্থিত ভারতীয় দূতাবাস যোগাযোগ রাখছে।

    “আনুমানিক ২০০ জন ভারতীয় নাগরিক সেখানে আটকে রয়েছেন। আমরা তাদের নিরাপদে উদ্ধার করার চেষ্টা করছি।”

  20. মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে সংসদে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

    মক্কা প্যাক্ট হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটা ব্যবস্থা এবং এটা আমাদের মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। সুতরাং এটা নিয়ে কারো, অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই।”

    এই মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

    বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে মক্কা চুক্তি নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

    মন্ত্রী বলেন, মক্কা প্যাক্ট ইতিবাচক হিসেবেই দেখছে বাংলাদেশ। তবে এ নিয়ে আলোচনা করার সময় এখনো আসেনি।

    এখানে যুক্ত হওয়ার বিষয়টি নির্ভর করছে এই প্যাক্টের সদস্যদের অভিপ্রায়ের ওপর। যদি সদস্য দেশগুলো এই প্যাক্টে বাংলাদেশকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে তাহলে ইতিবাচকভাবেই বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

    উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।

    এই চুক্তি অনুযায়ী, স্বাক্ষরকারী তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে।