বুধবার সারাদিন যা যা ঘটেছে:
- ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে 'টানাপোড়েন আছে' বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের 'উপদেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য' বলেও জানিয়েছেন তিনি। এছাড়া অন্যদেশের কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশের ভূমিতে সরকার আশ্রয় দেবে না বলেও জানিয়েছেন।
- 'জুলাই ঐক্য' নামে একটি প্ল্যাটফর্মের ডাকা 'মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন' কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়েছে। বুধবার বেলা সাড়ে তিনটার দিকে বিক্ষোভকারীরা ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রা শুরু করলে পুলিশ পথে উত্তর বাড্ডায় ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এদিকে, কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা শঙ্কায় ঢাকায় বেলা দুইটা থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ ঘোষণা করে দূতাবাস।
- ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে সাম্প্রতিক নিরাপত্তা হুমকি এবং বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক নেতার উসকানিমূলক ভারত-বিরোধী বক্তব্যের ‘কূটনৈতিক প্রতিবাদ’ জানাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করে।
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে আগামী বছর একুশে বইমেলা প্রায় তিন সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। নির্বাচনের পর আগামী ২০শে ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হয়ে চলবে ১৫ই মার্চ পর্যন্ত।
- নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা জাতীয় পার্টির, নিরাপত্তা না পেলে 'সরেও দাঁড়াতে পারে' বলে জানিয়েছেন দলটি মহাসচিব শামীম পাটোয়ারী।
- শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই মস্তিষ্কে অপারেশন হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
- সরকারি-বেসরকারি সব টেলিভিশন চ্যানেলে এবং অন্যান্য গণমাধ্যমে নির্বাচনী সংলাপ বা অন্য কোনো অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে সব প্রার্থী যাতে সমান সুযোগ পায় এবং কোনো দল বা প্রার্থীকে হেয়প্রতিপন্ন করে কোনো বক্তব্য বা কটূক্তি যাতে প্রচার না হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন বা ইসি।
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রায় ২০০ জন পর্যবেক্ষক পাঠাতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
- সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করে অবিলম্বে বিনা শর্তে সাংবাদিক আনিস আলমগীরকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।
- সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২১শে ডিসেম্বর তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
- ঢাকা মহানগরীর 'নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তল্লাশি ব্যবস্থা জোরদার' করার তথ্য জানিয়েছে পুলিশ। বুধবার বিকেল থেকে মহানগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
- ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
- ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে ঢাকার ইসলামবাগের প্লাস্টিক কারখানার আগুন। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি কর্মকর্তারা।
বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো। বৃহস্পতিবার নতুন খবর নিয়ে পুনরায় পাতাটি চালু হবে।
ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।



















