দিল্লি বিস্ফোরণে মৃতদের মধ্যে শনাক্ত ছয়জন
ভারতের রাজধানী দিল্লিতে সোমবারের বিস্ফোরণের তদন্ত চলছে। এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, এই ঘটনায় নিহতদের মধ্যে এখনো পর্যন্ত ছয়জন ব্যক্তিকে শনাক্ত করা গেছে।
দিল্লি উত্তরের ডিসিপি রাজা বাঁথিয়া মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “এখনো পর্যন্ত আমরা ছয়টি মৃতদেহ শনাক্ত করেছি। পাঁচটি দেহের ময়নাতদন্ত করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে”।
নিহতদের একজন অশোক কুমার। পেশায় বাস কন্ডাক্টর মি. কুমার দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনে কর্মরত ছিলেন।
তার ভাই দেবেন্দ্র কুমার বার্তা সংস্থা এএনআইকে বলেন, “অশোক ওর কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। একটি ভাড়া ঘরে থাকতেন উনি”।
দেবেন্দ্র কুমার জানিয়েছেন, সোমবারের বিস্ফোরণে নিহত আট জনের সরকারি তালিকায় তার ভাইও রয়েছেন।
তিনি আরও বলেন, “অশোকের বয়স ২৬ থেকে ২৭ বছর। ওর তিন সন্তান রয়েছে - দুটি মেয়ে এবং এক ছেলে”।