আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

উত্তরায় স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের ১৭ জনই শিশু, আহতদের ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে, আহত ও দগ্ধ হয়েছে শতাধিক, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। সোমবার দুপুরে স্কুল চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়।

সরাসরি কভারেজ

  1. বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় ভবনে বাচ্চাদের ক্লাস চলছিল

    উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে যে ভবনটিতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, সেই ভবনে সেই সময় স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল বলে একজন শিক্ষক জানিয়েছেন।

    মাইলস্টোন কলেজের প্রভাষক রেজাউল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, ছুটির আগ মুহূর্ত বা ছুটি হবে হবে, এইরকম সময়ে ঘটনাটা ঘটেছে।

    "একটা প্রশিক্ষণ যুদ্ধবিমান সরাসরি বিল্ডিংয়ে আঘাত করে। সেটা জুনিয়র সেকশনের বিল্ডিংয়ে পড়ে, নার্সারি, ওয়ান, টু, থ্রি- এসব ক্লাস ওই বিল্ডিংয়ে হয়। বিল্ডিংয়ের গেটে একেবারে গর্ত হয়ে আগুন ধরে যায়," বলেন তিনি।

    সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, স্কুলের বাগান সংলগ্ন একটি ভবনের নীচতলায় বিমানের ইঞ্জিনে আগুন জ্বলছে, সেটা নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। ভবনের অন্যান্য ফ্লোর থেকে বাচ্চাদের বের করে আনা হচ্ছে।

    এখন উদ্ধার কাজ চলছে, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান মি. ইসলাম।

    বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই ঘটনায় একজন নিহত আর অন্তত ২৫ জন আহত হয়েছেন।

    এদের মধ্যে ১৩ জনকে বার্ন ইন্সটিটিউটে নেওয়া হয়েছে।

  2. উত্তরায় মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

    ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

    সোমবার দুপুর বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।

    এতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল।

    বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাস এলাকার একটি ভবনের ওপর পড়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে।

    এসব ভিডিওতে দেখা বিধ্বস্ত ভবনের পাশেই আগুন জ্বলছিল। সেই সাথে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। দুর্ঘটনাস্থলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ছোটাছুটি করতেও দেখা গেছে।

    দুর্ঘটনাস্থল তাৎক্ষনিকভাবে স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনী সদস্যদেরও উদ্ধার তৎপরতায় অংশ নিতে দেখা গেছে।

    আরেকটি ভিডিওতে দেখা গেছে, সেনাবাহিনী সদস্য ও স্থানীয়রা গুরুত্বর আহতদের দ্রুত হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে।

  3. গোপালগঞ্জে নিহত তিন জনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হচ্ছে

    জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে গোপালগঞ্জের নিহত তিন জনের মরদেহ আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হচ্ছে।

    ওই জেলার সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    মি. ফারুক বলেন, “আদালতের চিঠিটা আজ সকালে পেয়েছি। এতে কালকের তারিখ লেখা আছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের আদেশের কথা লেখা আছে এতে।”

    যে তিন জন নিহত ব্যক্তির মরদেহ কবর থেকে উত্তোলন করা হচ্ছে তারা হলে রমজান কাজী, সোহেল রানা এবং মো. ইমন তালুকদার।

    গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিবিসি বাংলাকে জানান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ময়না তদন্তের জন্য আদালতে আবেদন করেছেন।

    “ যেহেতু এখানে মামলা রুজু হয়েছে তাই মামলার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের কাছে আবেদন করেছে। ওই আবেদনের প্রেক্ষিতে আদালত আদেশ দিয়েছে। গতকালকে এ আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত ” বলেন মি. রহমান।

    আজ সোমবার গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

    গত বুধবার সেখানকার সহিংসতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় আরও সাতজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

    "কারফিউ ও ১৪৪ ধারা জারি নাই। পরিস্থিতি শান্ত, স্বাভাবিক রয়েছে। মানুষজন অফিস-আদালত, বাজারঘাট, স্কুল - কলেজে যাচ্ছে" বলেন পুলিশ সুপার।

    বুধবারের পর মোট ৩১৩ জনকে আটক করা হয়েছে। তবে সহিংসতা, আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলাসহ বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনায় সংশ্লিষ্টতা না পাওয়ায় বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার মি. রহমান।

    “ গত ২৪ ঘণ্টায় আরও সাতজনকে আটক করা হয়েছে। সংশ্লিষ্টতা না থাকায় অনেককেই ছেড়ে দেয়া হয়েছে। ৩১৩ জনকে গ্রেফতার করা হয়েছিল এখন মোট সংখ্যা ২৩০ বা ২৪০ জন হতে পারে ” বলেন মি. রহমান।

  4. সন্ধ্যার মধ্যে ঢাকাসহ সাত জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে:আবহাওয়া দপ্তর

    ঢাকাসহ দেশের সাতটি জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

    আজ সোমবার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।

    পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

    আজ সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীন নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  5. ঢাকায় চাঞ্চল্যকর ডাকাতি, পালানোর সময় সাবেক সেনা সদস্যসহ চারজন গ্রেফতার

    ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকায় এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে, যেখানে আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে ডাকাতি করতে এসে অবসরপ্রাপ্ত দুইজন সেনা কর্মকর্তাসহ চারজনকে গ্রেফতার হয়েছেন।

    পুলিশ জানিয়েছে, রোববার বেলা তিনটায় মিরপুর ডিওএইচএসের ছয় নম্বর অ্যাভিনিউয়ের ১১ নম্বর রোডের একটি বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।

    পল্লবী থানার ওসি শফিউল ইসলাম বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ জানিয়েছে, মিরপুর ডিওএইচএসের ওই বাসায় ভাড়া থাকা এক ব্যক্তিকে টার্গেট করে অবসরপ্রাপ্ত একজন লেফটেন্যান্ট এবং একজন অবসরপ্রাপ্ত করপোরালসহ মোট পাঁচজন ব্যক্তি আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ওই ভবনে প্রবেশ করেন।

    পরে ওই ব্যক্তিকে না পেয়ে ঘরের মূল্যবান সামগ্রী ব্যাগে ভরে নিয়ে পালিয়ে যাচ্ছিল ডাকাত দলটি। সেসময় তাদের ব্যবহৃত গাড়ি অনুসরণ করে এক ব্যক্তি ‘ডাকাত যাচ্ছে’ ‘ডাকাত যাচ্ছে’ বলে চিৎকার করতে থাকেন।

    তার চিৎকারে আশপাশের লোকজন সতর্ক হয়ে গাড়িটির পিছু নেয়।

    পরে গাড়িটি ডিওএইচএসের প্রবেশ ও বের হওয়ার পথে এনডিসি চেকপোস্টের কাছে পৌঁছালে সামনে থাকা গাড়ির ভিড়ে আটকে যায়।

    সেসময় স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে ডাকাত দলের চারজনকে আটক করে পুলিশ।

    এরপর দেখা যায়, দলের দুইজন সাবেক সেনা সদস্য, যাদের একজন অবসরপ্রাপ্ত একজন লেফটেন্যান্ট এবং একজন অবসরপ্রাপ্ত করপোরাল।

    পল্লবী থানার ওসি মি. ইসলাম বলেছেন, সোমবার অভিযুক্তদের আদালতে হাজির করা হবে।

  6. গত ২৪ ঘণ্টায় যা যা হলো

    • রোববার ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে ডাকাতির ঘটনায় অবসরপ্রাপ্ত দুইজন সেনা কর্মকর্তাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
    • গাজার উত্তরাঞ্চলে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের অপেক্ষারত কমপক্ষে ৬৭ জনকে ফিলিস্তিনিকে ইসরায়েলি সেনাবাহিনী হত্যা করেছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
    • গত বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে কোটালীপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণ-গ্রেফতার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
    • সফররত পাকিস্তানের সাথে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সাত উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ।
    • 'জামায়াতে ইসলামী কেয়ামত পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না' বলে মন্তব্য করেছেন বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
    • দক্ষিণ কোরিয়ায় টানা কয়েকদিনের মুষলধারের বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অফিস।
    • জুলাই-অগাস্টের গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমানসহ ৪৫ জনের বিরুদ্ধে তিন মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
    • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছে, ২৬শে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন হবে। সে নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের সরকার নির্বাচিত করতে পারবো।
    • ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) তফসিল ঘোষণা করা হবে আগামী ২৯শে জুলাই। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছে ডাকসুর নির্বাচন কমিশন।
    • রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করার চেষ্টার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন কর্মীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
    • জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদের বিষয়টি চূড়ান্ত করতে চান বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

    আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  7. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে