বাংলাদেশের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

জুলাই গণ–অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে, বাংলাদেশের জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে।

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা হলো

    • সৌদি আরব প্রবাসীদের ওয়ার্ক পারমিট সংক্রান্ত জটিলতা নিরসনে একটি সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট এবং নতুন বা ট্রান্সফার হওয়া কর্মী- এই দুই ধরনের কর্মী এই সুযোগটি নিতে পারবেন।
    • অভিবাসীদের সন্তানদের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নির্বাহী আদেশ বাতিল করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। ছয়-তিন ভোটে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখার পক্ষে রায় দিয়েছেন বিচারপতিরা।
    • যুদ্ধবিরতি ভঙ্গ করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে-রেজা।
    • জুয়া প্রতিরোধ আইন- ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। মঙ্গলবার সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে সেটি পাস হয়।
    • ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের সময় হওয়া মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
    • জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে।
    • বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে আদালতের নির্দেশনা থাকলেও দেশের অনেক গণমাধ্যম এটি মানছেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
    • পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের একটি কারখানায় মঙ্গলবার ভোরবেলা ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে, জানিয়েছেন জেলা পুলিশের কর্মকর্তারা।
    • ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরীর শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন বার্তা

    সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করছেন বাংলাদেশের অনেক নাগরিক

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করছেন বাংলাদেশের অনেক নাগরিক (প্রতীকী ছবি)

    সৌদি আরব প্রবাসীদের ওয়ার্ক পারমিট সংক্রান্ত জটিলতা নিরসনে একটি বিশেষ সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

    মঙ্গলবার রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে জানানো হয়েছে।

    মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট এবং নতুন বা ট্রান্সফার হওয়া কর্মী- এই দুই ধরনের কর্মী এই সুযোগটি নিতে পারবেন।

    অর্থাৎ যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে এবং যারা নতুন নিয়োগ পেয়েছেন অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে ট্রান্সফার হয়েছেন, কিন্তু ছয় মাস পার হওয়া সত্ত্বেও এখনও ওয়ার্ক পারমিট হাতে পাননি।

    এই কর্মীদেরকে চলতি ২০২৬ সালের মধ্যে এই সুযোগ কাজে লাগিয়ে তাদের ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন সম্পন্ন করতে পারবেন।

    শ্রমবাজারে স্বচ্ছতা আনতে এবং নিয়োগকর্তা ও কর্মীর মধ্যে অধিকারের ভারসাম্য বজায় রাখতে সৌদি সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হেয়ছে।

    মূলত অনেক প্রতিষ্ঠান ও কর্মী ইতোমধ্যে বৈধকরণের প্রক্রিয়া শুরু করায় মন্ত্রণালয় তাদের সহযোগিতার জন্য এই সময়সীমা দিয়েছে।

    সব নিয়োগকর্তা ও কর্মীদেরকে নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

    নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ কাগজপত্র তৈরি না করলে সৌদি শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

  3. জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব: ট্রাম্পের আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

    মার্কিন সুপ্রিম কোর্ট ভবন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, মার্কিন সুপ্রিম কোর্ট ভবন

    অভিবাসীদের সন্তানদের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নির্বাহী আদেশ বাতিল করেছে মার্কিন সুপ্রিম কোর্ট।

    ছয়-তিন ভোটে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখার পক্ষে রায় দিয়েছেন বিচারপতিরা।

    মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস রায়টি লিখেছেন। তিনি উল্লেখ করেছেন যে, যেসব বাবা-মা অবৈধভাবে বা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাদের সন্তানরাও মার্কিন সংবিধান অনুযায়ী "জন্মসূত্রে নাগরিক"।

    রায়ে তিনি চতুর্দশ সংশোধনীর ইতিহাসের প্রসঙ্গ টেনেছেন, যা গৃহযুদ্ধের পর আমেরিকার মাটিতে জন্মগ্রহণকারী, মুক্ত হওয়া ক্রীতদাসদের নাগরিকত্বের প্রশ্নটি মীমাংসা করার জন্য পাস করা হয়েছিল।

    বিচারপতি রবার্টস লিখেছেন, "নাগরিকত্ব তখন এবং এখনও অধিকারের অংশ- অর্থাৎ আমাদের রাজনৈতিক সম্প্রদায়ে অবাধে অংশগ্রহণের অধিকার। চতুর্দশ সংশোধনীর প্রণেতারা এর মাধ্যমে 'এ দেশে জন্মগ্রহণকারী প্রত্যেক ব্যক্তির' জন্য সুযোগ প্রসারিত করেছিলেন। আমরা আজ সেই প্রতিশ্রুতি রক্ষা করছি।"

  4. যুদ্ধবিরতি নিয়ে ইরানের হুঁশিয়ারি- 'আমাদের আঙুল ট্রিগারে'

    ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে-রেজা

    ছবির উৎস, Press TV

    ছবির ক্যাপশান, ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে-রেজা

    যুদ্ধবিরতি ভঙ্গ করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে-রেজা।

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বলেন, "আমরা শত্রুকে বিশ্বাস করি না।"

    তিনি আরও বলেন, "আমাদের আঙুল ট্রিগারে আছে। কারো মনে কোনো সন্দেহ থাকা উচিত নয় যে, যুদ্ধবিরতি ভঙ্গ করা হলে আমরা পাল্টা পদক্ষেপ নেব।"

    ইরানের এই বিবৃতি এমন এক সময়ে এল, যখন ইরান ইস্যুতে আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিরা কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন।

    যদিও কাতার জানিয়েছে যে, ইরান ও আমেরিকার মধ্যে কোনো সরাসরি আলোচনা হবে না।

  5. জাতীয় সংসদে পাস হলো জুয়া প্রতিরোধ আইন

    জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    জুয়া প্রতিরোধ আইন- ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।

    মঙ্গলবার সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে সেটি পাস হয়।

    এর আগে এই বিলের ওপর আসা কয়েকটি সংশোধনী প্রস্তাব নিয়ে সংসদে ভোটাভুটি হয়।

    গত ২৩শে জুন বিলটি সংসদে তুলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিলটি পরীক্ষা করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

    পাস হওয়া এই বিলে জুয়া, অনলাইন জুয়া, বাজি বা পণ (বেটিং), ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংসহ মোট ২৪ ধরনের বিষয় সংজ্ঞায়ন করে অপরাধ অনুযায়ী ১৪ ধরনের সাজার বিধান রাখা হয়েছে।

    ওই আইনে ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে জুয়ার লেনদেন হলে সেটা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দণ্ডনীয় হবে। সেই সাথে অ্যাপস, ওয়েবসাইট বা স্যোশাল মিডিয়া ব্যবহার করে জুয়া হলেও সেটাও ওই আইনে অপরাধ হবে।

  6. হাসানুল হক ইনুর বিরুদ্ধে ট্রাইবুনালের রায়ে সন্তুষ্ট নয় প্রসিকিউশন

    চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম

    জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষিত রায়ে সন্তষ্ট নয় রাষ্ট্রপক্ষ।

    মঙ্গলবার ট্রাইবুনালে রায় ঘোষণার পর গণমাধ্যমের সামনে এই প্রতিক্রিয়া জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

    তিনি বলেন, “তিনি (হাসানুল হক ইনু) যে অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন তাতে তার সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিৎ ছিল। ট্রাইবুনাল আজকে যে সাজা দিয়েছেন, আমার মনে হয় যে- তারা যথাযথভাবে সাক্ষির সাক্ষ্য পর্যালোচনা করতে ব্যার্থ হয়েছেন।”

    ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

    ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের সময় হওয়া মানবতাবিরোধী অপরাধের ঘটনায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

  7. সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

    গত ১১ই জুন বাজেট প্রস্তাবনা সংসদে উপস্থাপন করেছিলেন অর্থমন্ত্রী

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, গত ১১ই জুন বাজেট প্রস্তাবনা সংসদে উপস্থাপন করেছিলেন অর্থমন্ত্রী

    জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে।

    মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বাজেট প্রস্তাব পেশ করেন, যা পরে কণ্ঠভোটে অনুমোদিত হয়।

    ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার। সেই তুলনায় নতুন বাজেটের আকার ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

    গত ১১ই জুন অর্থমন্ত্রী এই বাজেট সংসদে উপস্থাপন করেছিলেন। দীর্ঘ আলোচনার পর পাস হওয়া এই বাজেট পহেলা জুলাই থেকে কার্যকর হবে।

  8. পশ্চিমবঙ্গের হলদিয়া পেট্রোকেমিক্যালস কারখানায় আগুন, আহত অন্তত ২০

    পশ্চিমবঙ্গের হলদিয়া পেট্রোকেমিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, পশ্চিমবঙ্গের হলদিয়া পেট্রোকেমিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

    পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের একটি কারখানায় মঙ্গলবার ভোরবেলা ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে, জানিয়েছেন জেলা পুলিশের কর্মকর্তারা।

    পুলিশ আরো জানায়, অন্তত পাঁচ জন গুরুতর ভাবে জখম হয়েছেন এবং তাদের কলকাতার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কারখানার দুজন নিরাপত্তাকর্মীও রয়েছেন বলে জানা যাচ্ছে।

    মঙ্গলবার ভোরে হলদিয়া পেট্রোকেমিক্যাল কারখানার ন্যাপথা পাইপলাইনে হঠাৎ আগুন ধরে যায়।

    কিছুক্ষণের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার নেয়।

    স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা রাত পৌনে তিনটে নাগাদ প্রথম আগুন লক্ষ্য করেন। কিছুক্ষণের মধ্যেই তারা দমকল ও পুলিশ কর্তৃপক্ষকে খবর দেন। তারা বলেন, উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগে স্থানীয়দের একাংশ উদ্ধারকাজেও যোগ দেন।

    আগুনের উৎসস্থল বা কারণ এখনো স্পষ্ট জানা যায়নি। যদিও স্থানীয়দের একাংশ দাবি করেছেন, তারা সোমবার রাতে একটি তীব্র গন্ধ পান এবং সন্দেহ করেন, কারখানার ন্যাপথা পাইপলাইনে লিকেজ হয়েছে।

    মঙ্গলবার ভোরবেলা নাগাদ বৃষ্টি এবং বজ্রপাত হওয়ার পর বিধ্বংসী আগুন লেগে যায় বলে স্থানীয়দের দাবি।

    একটি বিবৃতিতে হলদিয়া পেট্রোকেমিক্যালসের কর্তৃপক্ষ জানিয়েছে যে, ঘটনাটি ঘটেছে কারখানার কাছে এমন একটি জায়গায়, যেখান থেকে ন্যাপথা চুরি করা হত বলে তারা মনে করেন।

    কর্তৃপক্ষ আরো জানিয়েছেন, তারা তদন্তে সহযোগিতা করবেন।

    আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পৌঁছে যায় মোট প্রায় ১২টি ফায়ার ইঞ্জিন। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি।

  9. শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

    সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

    ছবির উৎস, PID

    ছবির ক্যাপশান, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

    বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে আদালতের নির্দেশনা থাকলেও দেশের অনেক গণমাধ্যম এটি মানছেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

    মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    শিগগিরই গণমাধ্যমকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।

    তিনি বলেন, “শেখ হাসিনার বক্তব্য প্রচার করা বাংলাদেশের একদম সরাসরি নিষেধও আছে, শুধু দণ্ডপ্রাপ্ত বলে না, তার বক্তব্য প্রচার করা যাবে না এরকম আদালতের নিষেধাজ্ঞা আছে এবং আমাদের অনেকে এই কাজটা করছে, তার মানে হচ্ছে তারা আদালতের নিষেধাজ্ঞা-নির্দেশনা মানছেন না।”

    আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে গণমাধ্যমকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।

  10. সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না বিএনপি নেতা আসলাম চৌধুরী

    বাংলাদেশের সুপ্রিম কোর্ট

    ছবির উৎস, BBC/JANNATUL TANVEE

    ছবির ক্যাপশান, বাংলাদেশের সুপ্রিম কোর্ট

    ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরীর শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

    মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মি. চৌধুরী মনোনয়নপত্র দাখিল করলে তার বিরুদ্ধে ঋণখেলাপি অভিযোগ এনে ইসিতে আবেদন করে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী।

    শুনানি শেষে গত ১৮ই জানুয়ারি নির্বাচন কমিশন ওই আপিল খারিজ করে দিলে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকে। ইসির এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক রিট আবেদন করে অভিযোগকারী পক্ষ। পরে ২৭শে জানুয়ারি হাইকোর্ট শুনানি শেষে রিট আবেদন দুটি খারিজ করে দেয়।

    জাতীয় সংসদ নির্বাচনের আগে হাইকোর্টের আদেশে বিএনপি নেতা আসলাম চৌধুরী প্রার্থিতা ফিরে পান।

    গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আসলাম চৌধুরী অংশ নেন। নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হলেও তার ফলাফল প্রকাশ উচ্চ আদালতের সিদ্ধান্তে স্থগিত থাকে।

    নির্বাচনের চার মাসেরও বেশি সময় পর মঙ্গলবার চূড়ান্ত শুনানিতে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে না।

    আপিল বিভাগের এই রায়ের পর ওই আসনে পুনঃনির্বাচন হবে কি-না সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

    তবে, আপিল বিভাগের রায়ের পর অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হলেও ফের নির্বাচন হলে তিনি অংশ নিতে পারবেন।

  11. মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসানুল হক ইনু

    ছবির উৎস, BTV

    ছবির ক্যাপশান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন হাসানুল হক ইনু

    ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের সময় হওয়া মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    রায় ঘোষণার সময় ট্রাইব্যুনাল জানায়, তিনটি অপরাধে আলাদাভাবে ১০ বছর করে সাজা দেওয়া হয়েছে। তবে এর মানে এই নয় যে তাকে ৩০ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। সবগুলো দণ্ড একসঙ্গেই চলছে। অর্থাৎ, মোট ১০ বছরই হবে সশ্রম কারাদণ্ড।

    এছাড়া দুটি অভিযোগে তাকে এক লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

    এর আগে মঙ্গলবার সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়।

    এ মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা করার নির্দেশসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়া।

    গত ১৪ই মে এই মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি যে কোনোদিন রায়ের জন‍্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছিলেন ট্রাইব্যুনাল।

    জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে ২০২৪ সালের পাঁচই অগাস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। এতে ছয়জন নিহত হন।

    এর পরিপ্রেক্ষিতে ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়।

    পরে তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে আটটি অভিযোগ এনে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন।

  12. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • ব্যাংক হিসাব খুলতে ও কিছু দলিল সম্পাদনের ক্ষেত্রে টিআইএন জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে দিয়েছে সরকার।
    • বাংলাদেশে করমুক্ত আয়ের আগামী দুই করবর্ষের জন্য সীমা চার লাখ টাকা করা হয়েছে। পরের করবর্ষগুলোতেও এই সীমা বাড়ছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নের জন্য আনা অর্থবিলটি ৬৪টি সংশোধনীসহ জাতীয় সংসদে পাস হয়েছে।
    • পূর্বের শেয়ার মালিকদের পুনরায় ব্যাংকের পরিচালনায় ফিরিয়ে দেওয়ার সুযোগ রাখা হয়েছিল যে আইনে, সেই ব্যাংক রেজোল্যুশন আইনের ১৮(ক) ধারা বাদ দেওয়ার হবে বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
    • ক্ষুদ্র ব্যবসায়ী এবং মুদি দোকান করের আওতার বাইরে থাকবে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
    • পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ব্যবসা-কৃষিখাতসহ অন্যান্য আয়ের পাশাপাশি বেতন আয়কে করমুক্ত করার জন্য অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে, যেগুলোর মধ্যে অনেকগুলো চূড়ান্ত হয়েছে বলে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে জানিয়েছেন।
    • ডায়ালাইসিস ফিল্টার, হার্টের ভালভ, স্টেন্ট, পেসমেকার, চোখের লেন্স এবং ক্যান্সার চিকিৎসার কাঁচামালসহ বেশ কিছু চিকিৎসা সরঞ্জামের ওপর ভ্যাট ও ট্যাক্স সর্বোচ্চ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    • ফরিদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু এবং ঢাকার তুরাগ নদ থেকে তিন দিনে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
    • গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে হামে কেউ মারা না গেলেও এবার ডেঙ্গুতে মারা গেছেন পাঁচজন।
    • পশ্চিমবঙ্গের সব ধর্মাবলম্বী মানুষদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিবাহ, উত্তরাধিকার, বিবাহ বিচ্ছেদের মতো দেওয়ানি বিষয়গুলিকে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় আনা হবে।
    • ভেনেজুয়েলায় সোমবার ভোরে একটি শক্তিশালী আফটারশক বা ভূমিকম্প পরবর্তী কম্পন আঘাত হেনেছে। এর ফলে গত সপ্তাহে জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আবারো কেঁপে উঠেছে।
  13. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে