‘সন্ত্রাসবাদী সন্দেহে’ মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশির তথ্য জানতে চাইবে ঢাকা

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বলেছেন,‘সন্ত্রাসবাদী সন্দেহে’ মালয়েশিয়ায় আটক ৩৬ জন বাংলাদেশি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত জানতে চাইবে। এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মহররমের অনুষ্ঠানে অনুপস্থিতি জনমনে প্রশ্নের উদ্রেক করেছে। ইরানে ‘অবৈধ’ আফগান শরণার্থীদের ধরপাকড় করে ফেরত পাঠানো হচ্ছে।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার যা যা হলো:

    • ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার রাতে তেহরানে নিজ বাসভবন ইমাম খোমেনি হুসেইনিয়াতে আয়োজিত মহররমের উচ্চ পর্যায়ের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এবার অনুপস্থিতি জনমনে প্রশ্নের উদ্রেক করেছে।
    • সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
    • ঢাকার বাইরে হাইকোর্ট স্থানান্তর, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
    • ভবিষ্যতে “জানমালের ক্ষতিসাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে” এ কথা জানিয়েছে সেনা সদরদপ্তর।
    • জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কয়েকজন কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে কর ও শুল্ক আদায়ে দুর্নীতির মাধ্যমে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ এবং সরকারকে বিপুল রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
    • বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের প্রস্তাবিত 'টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি ২০২৫' নিয়ে উদ্বেগ জানিয়ে নির্বাচনের আগে এ ধরনের তড়িঘড়ি সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি
    • স্পেনের জামোরায় এক গাড়ি দুর্ঘটনায় পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতা নিহত হয়েছেন। বিয়ের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে প্রাণহানি ঘটলো লিভারপুলের এই খেলোয়াড়ের।
    • খেলাপি ঋণ আদায়ে ঢাকা ও চট্টগ্রামে এস আলম গ্রুপের মালিকানাধীন সম্পত্তি, শেয়ার এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে নেওয়া ১০ হাজার ২৮০ কোটি টাকার খেলাপি ঋণ আদায় করতে এই নির্দেশ দেয়া হয়।
    • কুমিল্লা মুরাদনগরে এক নারীকে যৌন হায়রানি ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় পর্নোগ্রাফি মামলায় চারজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত
    • কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিন জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনের লাশ উদ্ধার করে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. নিজ বাসভবনে মহররম অনুষ্ঠানে অনুপস্থিত আয়াতুল্লাহ খামেনি: ইরানের সর্বোচ্চ নেতা কি এখনো বিপদে?

    আয়াতুল্লাহ খামেনির উপস্থিতি ছাড়াই সর্বোচ্চ নেতার বাসভবনে মহররমের শোক অনুষ্ঠানে নির্বাহী ও বিচার বিভাগীয় শাখার প্রধানরা যোগ দেন

    ছবির উৎস, Tasnim News

    ছবির ক্যাপশান, আয়াতুল্লাহ খামেনির উপস্থিতি ছাড়াই সর্বোচ্চ নেতার বাসভবনে মহররমের শোক অনুষ্ঠানে নির্বাহী ও বিচার বিভাগীয় শাখার প্রধানরা যোগ দেন

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার রাতে তেহরানে নিজ বাসভবন ইমাম খোমেনি হুসেইনিয়াতে আয়োজিত মহররমের উচ্চ পর্যায়ের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। প্রতিবছর এই আয়োজনে তিনি অংশ নিতেন, কিন্তু এবার অনুপস্থিতি জনমনে প্রশ্নের উদ্রেক করেছে।

    ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে প্রায় ২২ দিন ধরে আয়াতুল্লাহ খামেনি জনসমক্ষে আসেননি। এমনকি নিহত শীর্ষ সেনা কমান্ডারদের জানাজাতেও তিনি উপস্থিত হননি, যা সাধারণত তাঁর রুটিনের অংশ।

    রাষ্ট্রীয় গণমাধ্যমে তাঁর অনুপস্থিতির বিষয়ে উল্লেখ না করলেও সংবাদ প্রচারে বিষয়টিকে স্বাভাবিক দেখানোর চেষ্টা লক্ষ্য করা গেছে।

    কিন্তু বিবিসি পার্সিয়ান সার্ভিস বলছে, আলী খামেনির জনসমক্ষে না আসা ইঙ্গিত দেয় যে তার জীবন এখনো ঝুঁকির মধ্যে রয়েছে।

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ‘চ্যানেল ১৩’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমরা খামেনিকে হত্যা করতে চেয়েছিলাম, কিন্তু এমন কোনো কার্যকর সুযোগ তৈরি হয়নি।”

    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও তার বক্তৃতায় বলেছিলেন যে, আয়াতুল্লাহ খামেনিকে 'হত্যা' করলে যুদ্ধের অবসান হতে পারে।

    ইসরায়েল-ইরান সংঘাতের মাঝামাঝি সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি জানেন আয়াতুল্লাহ আলী খামেনি ঠিক কোথায় লুকিয়ে আছেন কিন্তু ‘এখনই’ তাকে হত্যা করার কোনো ইচ্ছা তার নেই।

    এর আগে, রয়টার্স সংবাদ সংস্থা দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যে, ডোনাল্ড ট্রাম্প ইরানি নেতাকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় ভেটো দিয়েছেন।

  3. ‘সন্ত্রাসবাদী সন্দেহে’ মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নিয়ে যা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা

    পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন

    ছবির উৎস, TV GRAB

    ছবির ক্যাপশান, পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন

    ‘সন্ত্রাসবাদী সন্দেহে’ মালয়েশিয়ায় আটক ৩৬ জন বাংলাদেশি সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত জানতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন।

    এবিষয়ে বিস্তারিত জানা না গেলেও কয়েকজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তাদের আদালতেই দায়ের হতে পারে, “আর বেশ কিছুকে তারা বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে” বলেছেন মি. হোসেন। যদিও বিষয়গুলো এখনো খুব বেশি পরিষ্কার নয় এবং আগামী কয়েকদিনের মধ্যে এনিয়ে বিস্তারিত জানার আশা প্রকাশ করেন তিনি।

    এর আগে গোষ্ঠীটি ইসলামিক স্টেটের (আইএস) গোষ্ঠীর সাথে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ জন বাংলাদেশিকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে খবর প্রকাশিত হয়।

    “বেশ কিছুকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। ফেরত পাঠিয়ে দিলে স্বাভাবিকভাবে আমাদেরও চেক-আপ করতে হবে আসলে তাদের কতটুকু কি সম্পৃক্ততা আছে, কোন সংগঠনের সাথে, সেটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।” এমন ঘটনায় ভবিষ্যতে বাংলাদেশিদের ভিসা ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা, এ প্রশ্নের জবাবে মি. হোসেন বলেন “যে কোনো নেতিবাচক বিষয়ই ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে প্রভাব ফেলে, ফেলবে না আমি এ কথা বলতে পারি না। আমাদের দেখতে হবে যেন আমরা সঠিক পদক্ষেপ নিই, তাহলে সেটা মিনিমাইজ করা যাবে।”

  4. ঢাকার বাইরে হাইকোর্ট স্থানান্তর, রাষ্ট্রপতির ক্ষমা নিয়ে রাজনৈতিক দলগুলো একমত

    ঐক্যমত্য কমিশনের ৩রা জুলাইয়ের বৈঠক

    ছবির উৎস, PID

    ছবির ক্যাপশান, ঐক্যমত্য কমিশনের ৩রা জুলাইয়ের বৈঠক

    রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

    তিনি জানান, সংবিধানের ৪৯ অনুচ্ছেদে রাষ্ট্রপতির যে কোনো দণ্ড ক্ষমা বা হ্রাস করার অধিকার থাকবে, তবে ন্যায়বিচার নিশ্চিতে রাষ্ট্রপতির কাছে আবেদনের আগে “ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার বৈধ উত্তরাধিকারের মতামত গ্রহণ নিশ্চিত করতে হবে”।

    এছাড়া বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের বিষয়েও রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে বলে জানান তিনি।

    “রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে, তবে রাজধানীর বাইরে প্রতিটি বিভাগে প্রধান বিচারপতি কর্তৃক নির্ধারিত এক বা একাধিক বেঞ্চ থাকবে”। অর্থাৎ হাইকোর্টের স্থায়ী বেঞ্চ ঢাকা ছাড়াও প্রতিটি বিভাগীয় শহরে থাকবে, এবিষয়ে ঐক্যমত্য হয়েছে হয়েছে, জানান মি. রীয়াজ।

    জাতীয় ঐক্যমত্য কমিশনের আজকের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে বলে জানা যায়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার নবম দিনের আলোচনার পর সাংবাদিকদের এবিষয়ে ব্রিফ করা হয়।

    এছাড়া আজকের আলোচনায় জরুরি অবস্থা প্রসঙ্গে আলোচনা হওয়ার কথা ছিল যা হয়নি। এর কারণ হিসেবে কমিশনের এনসিসিভিত্তিক প্রস্তাবনা থাকায় আবার নতুন করে প্রস্তাবনা তৈরি করে আলোচনা করতে হবে বলে জানানো হয়।

  5. সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল নয়, সংশোধনী প্রস্তাব অনুমোদন

    মে মাসে সচিবালয়ে বিক্ষোভের ছবি
    ছবির ক্যাপশান, মে মাসে সচিবালয়ে বিক্ষোভের ছবি

    সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বেশ অনেক দিন ধরে আন্দোলন করে আসছেন কর্মচারীরা। মাঝে আলোচনার প্রেক্ষিতে বিক্ষোভ কর্মসূচী স্থগিত করা হয়।

    কর্মচারীদের অধ্যাদেশ প্রত্যাহারের দাবি না মেনে অধ্যাদেশ সংশোধন করল সরকার।

    তবে সরকারি সূত্রগুলো বলছে, অধ্যাদেশের কিছু কিছু ক্ষেত্রে নিয়মকানুন নমনীয় করা হয়েছে।

  6. 'গুপ্তচর' সন্দেহে লক্ষ লক্ষ আফগানকে ফেরত পাঠাচ্ছে ইরান

    জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা জানায় শুধুমাত্র জুন মাসেই দুই লাখ ৫৬ হাজারের বেশি আফগানি ইরান ছেড়েছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা জানায়, শুধুমাত্র জুন মাসেই দুই লাখ ৫৬ হাজারের বেশি আফগানি ইরান ছেড়েছে

    ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের পর ইরানে ‘অবৈধ’ আফগান শরণার্থীদের ধরপাকড় ও জোরপূর্বক দেশছাড়া করার হার বেড়েছে। জাতিসংঘ বলছে, সম্প্রতি আফগানিস্তানে ফেরত যাওয়া ৭০ শতাংশ শরণার্থীকে জোর করে পাঠানো হয়েছে, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে।

    ইরানে বসবাসরত আফগানরা বলছেন যে, "মিডিয়াতে প্রচারণার কারণে তাদের রাস্তায় এবং বাজারে অপমান করা হচ্ছে এবং 'ইসরায়েলি গুপ্তচর' হিসেবে চিহ্নিত করা হচ্ছে।"

    এর আগে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা জানায়, শুধুমাত্র জুন মাসেই দুই লাখ ৫৬ হাজারের বেশি আফগানি ইরান ছেড়েছে। এছাড়া এবছর ইরান ও পাকিস্তান থেকে দশ লক্ষেরও বেশি আফগানকে জোরপূর্বক নিজ দেশে ফেরানো হয়েছে অথবা নির্বাসিত করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

    অনেকেই অভিযোগ করেন, সীমান্তে ইরানি গার্ডদের দ্বারা তারা হেনস্থার শিকার হচ্ছেন। কেউ কেউ বলেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে ফেরত পাঠানো হয়েছে।

    কিছু চেকপোস্টে তাদের মোবাইলও জব্দ করা হয়েছে বলে অভিযোগ এসেছে। ইউনিসেফ জানিয়েছে দেশ ছাড়ার সময় ৫ হাজারের বেশি আফগান শিশুকে তাদের পরিবার থেকে আলাদা করা হয়েছে।

    তেহরান থেকে একজন বলেন, “সেখানে অবস্থা খুবই খারাপ। এমনকি ক্ষুদ্র কারখানাগুলোতেও পুলিশ অভিযান চালিয়ে আফগানদের তুলে নিচ্ছে।”

    ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী সিকান্দার মোমেনি বলেন, আফগানরা পরিশ্রমী, তবে তাদের দেশ অতিরিক্ত চাপ নিতে পারছে না। তিনি আরও বলেন, “গত দুই-তিন বছরে যারা ইরানে এসেছে, তাদের অনেকেই বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে।”

    সরকারি হিসেব অনুযায়ী, ইরানে প্রায় ৬০ লাখ আফগান বাস করে। তবে বৈধ কাগজপত্রহীনদের সঠিক সংখ্যা জানা যায় না। জাতিসংঘের হিসেবে, প্রায় ২০ লাখ আফগান ইরানে বিনা কাগজে বসবাস করছে।

    'গুপ্তচর' সন্দেহে আফগানবিরোধী মনোভাব বেড়েছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানে 'গুপ্তচর' সন্দেহে আফগানবিরোধী মনোভাব বেড়েছে
  7. 'মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি' হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী

    সেনানিবাসের অফিসার্স মেসে ব্রিফিং-এ কথা বলেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

    ছবির উৎস, ISPR

    ছবির ক্যাপশান, কর্নেল মো. শফিকুল ইসলাম

    ভবিষ্যতে “জানমালের ক্ষতিসাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে” এ কথা জানিয়েছে সেনা সদরদপ্তর।

    ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

    ব্রিফিংয়ে ‘মব ভায়োলেন্স’ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মি. ইসলাম বলেছেন “সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্তা করার ঘটনায় যে ৬ জনকে চিহ্নিত করা হয়েছিল, তাদের একজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী”।

    এছাড়া সে ব্রিফিং-এ সেখানে পার্বত্য চট্টগ্রামে অভিযানসহ আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরা হয়।

    'তদন্তে প্রমাণ হলে গুমে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা'

    প্রেস ব্রিফিংয়ে গুমের সঙ্গে সেনা সদস্যদের জড়িত থাকার বিষয়ে প্রশ্ন আসে।

    সেই প্রশ্নের জবাবে সেনা কর্মকর্তা মি. ইসলাম বলেন, সেনাবাহিনীর সদস্যদের ডেপুটেশনে পাঠালেও তাদের সেনাবাহিনী থেকে নিয়ন্ত্রণ করা হয়।

    সেনা সদস্যদের গুমের অভিযোগ সম্পর্কে তদন্তে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

  8. এবার ইরানের পারমাণবিক কর্মসূচি দুই বছর পিছিয়ে দেয়ার দাবি পেন্টাগনের

    ২২ জুন মার্কিন সামরিক বোমারু বিমান থেকে বাংকার-ধ্বংসকারী বোমা ব্যবহার করে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, স্যাটেলাইট থেকে তোলা ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনার ছবি

    গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে মার্কিন প্রতিরক্ষা বিভাগ বলছে, গত মাসে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচিকে দুই বছর পিছিয়ে দেয়া হয়েছে।

    পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল ঘোষিত নতুন মূল্যায়নটি গণমাধ্যমে ফাঁস হওয়া পেন্টাগনের একটি গোপন প্রতিবেদনের থেকে আলাদা বলে মনে হচ্ছে। এর আগে ফাঁস হওয়া ওই প্রতিবেদনে বলা হয় যে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘ধ্বংস’ হয়নি এবং মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে গেছে।

    ফাঁস হওয়া প্রতিবেদন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের বিপরীত।

    "প্রতিরক্ষা বিভাগের গোয়েন্দা মূল্যায়ন হলো, আমরা তাদের সময়সূচি কমপক্ষে এক থেকে দুই বছর পিছিয়ে দিয়েছি," বুধবার এক সংবাদ সম্মেলনে জানান মি. পার্নেল।

    যদিও এই দাবির পক্ষে কোনো নতুন প্রমাণ বা নথিপত্র দেওয়া হয়নি।

    ২২ জুন মার্কিন সামরিক বোমারু বিমান বাংকার-ধ্বংসকারী বোমা ব্যবহার করে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর তথ্য জানানো হয়।

    এরপর থেকে, মার্কিন গোয়েন্দা সংস্থা এবং কর্মকর্তারা ইরানি স্থাপনাগুলোর ক্ষতির পরিমাণ সম্পর্কে ভিন্ন ভিন্ন এবং কখনো কখনো পরস্পরবিরোধী তথ্য দিচ্ছেন।

  9. ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে ফেরি ডুবে অন্তত পাঁচ জনের মৃত্যু

    নিখোঁজদের আত্মীয়স্বজনরা পরবর্তী পরিস্থিতি জানতে অপেক্ষা করছেন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, নিখোঁজদের স্বজনরা তথ্যের জন্য অপেক্ষা করছেন

    ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে একটি ফেরি ডুবে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন।

    জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার সুরাবায়া অফিস জানিয়েছে, বুধবার জাভা দ্বীপের পূর্ব উপকূলের বান্যুওয়াঙ্গি থেকে বালি যাওয়ার পথে স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটে নৌযানটি ডুবে যায়। এতে ৫৩ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন।

    সংস্থাটি বলছে, অনুসন্ধান অব্যাহত থাকায় ৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

    এ দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফেরিটি ডুবে যাওয়ার কিছুক্ষণ আগে ফেরি অপারেটর ইঞ্জিনের সমস্যার কথা জানিয়েছিল।

    অন্যদিকে একজন কর্মকর্তা বলেছেন যে ‘খারাপ আবহাওয়া’ এর কারণ।

    কর্তৃপক্ষ প্রকাশিত একটি তালিকা অনুযায়ী, বেঁচে যাওয়াদের অনেকেই উপকূলীয় শহর বান্যুওয়াঙ্গির বাসিন্দা, অন্যরা জাভার বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন।

    বান্যুওয়াঙ্গির বাসিন্দা ইমরন বলেন, ফেরিটি তিনবার তীব্রভাবে দুলে এরপর দ্রুত ডুবে যায়। "তৃতীয়বারেই সমুদ্রের পানি যাত্রীদের কেবিনে প্রবেশ করেছিল," তিনি বলেন।

    ইমরন ফেরির ফাঁক দিয়ে সাঁতরে বেরিয়ে সমুদ্রে ডুবে যান, তারপর লাইফ জ্যাকেট খুঁজে পান। পরে একজন জেলে তাকে উদ্ধার করেন।

  10. কর ফাঁকি ও ঘুষের অভিযোগে এনবিআরের পাঁচ জন কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু

    দুর্নীতি দমন কমিশন
    ছবির ক্যাপশান, দুর্নীতি দমন কমিশন

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কয়েকজন কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে কর ও শুল্ক আদায়ে দুর্নীতির মাধ্যমে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ এবং সরকারকে বিপুল রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    দুদকের তথ্য অনুযায়ী, কিছু অসাধু কর্মকর্তা করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিয়ে নিজেরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। নির্ধারিত কর আদায় না করে ঘুষের বিনিময়ে করের পরিমাণ কমিয়ে দেওয়া হচ্ছে। এতে রাষ্ট্র প্রতি বছর বিপুল পরিমাণ সরকারি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আবার কিছু ক্ষেত্রে, ঘুষ না পেয়ে মিথ্যা কর ফাঁকির মামলা দিয়ে ব্যবসায়ীদের হয়রানি করার অভিযোগও রয়েছে।

    এছাড়া করদাতারা যারা আগাম বা অতিরিক্ত কর দেন, নিয়ম অনুযায়ী সেই বাড়তি অর্থ ফেরত পাওয়ার কথা থাকলেও অভিযোগ উঠেছে—টাকা ফেরতের জন্যও ঘুষ দিতে হচ্ছে। সংশ্লিষ্ট কর কর্মকর্তাদের ঘুষ বা উপহারের দাবি মেটাতে গিয়ে করদাতাকে ফেরতের অর্থের অর্ধেক পর্যন্ত হারাতে হচ্ছে, বলছে দুদক।

    “বিগত কয়েক বছর ধরে বিভিন্ন স্টেশনে চাকুরিকালীন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুল্ক, ভ্যাট ও ক্ষেত্র বিশেষে আয়কর ফাঁকির সুযোগ করে দিয়ে ও নিজে লাভবান হয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন এমন অভিযোগে” পাঁচ জনের বিরুদ্ধে অনুসন্ধান চলছে বলে জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে।

  11. টেলিকম নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ ও নির্বাচনের আগে 'তড়িঘড়ি সিদ্ধান্ত' না নেয়ার আহ্বান

    সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান

    বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের প্রস্তাবিত 'টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি ২০২৫' নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি।

    এই মুহূর্তে এ ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে "তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ" করার বিষয়ে "আশঙ্কা প্রকাশ” করে দলটি। আজ এক সংবাদ সম্মেলনে এই শঙ্কা প্রকাশ করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বিএনপি মনে করছে, নীতির লক্ষ্য ইতিবাচক হলেও তা বাস্তবায়নের পদ্ধতি এবং সময় নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, বিশেষ করে জাতীয় নির্বাচনের আগে এ ধরনের তড়িঘড়ি সিদ্ধান্ত অনুচিত।

    “জাতীয় নির্বাচনকে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না” বলেও জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

    বিএনপির পর্যবেক্ষণে বলা হচ্ছে, খসড়া নীতিতে এমন কিছু ধারা রয়েছে যা বড় মোবাইল অপারেটরদের জন্য বাড়তি সুবিধা নিশ্চিত করবে এবং ছোট ও মাঝারি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতায় পিছিয়ে দেবে।

    বিদেশি মালিকানার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনার অভাব, স্যাটেলাইট ব্রডব্যান্ডের মতো নতুন প্রযুক্তি নিয়ে নীতিগত দিকনির্দেশনার অনুপস্থিতি — এগুলোও বিনিয়োগের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করতে পারে, দলটির দাবি।

    এছাড়া খসড়া নীতিমালায় লাইসেন্স ফি, শর্তাবলী, কার্যকারিতা ইত্যাদি বিষয়ে বিস্তারিত কিছুই প্রকাশ না করার কথাও বলা হয়।

    “এই ধরনের জাতীয় পর্যায়ের টেলিকম নীতি প্রণয়নে অবশ্যই সতর্কতা, স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করে নিতে হবে” বলে মত দলটির।

  12. পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতা দুর্ঘটনায় নিহত

    বিয়ের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুর্ঘটনায় নিহত হলেন দিয়োগো জোতা

    ছবির উৎস, Diogo Jota via X

    ছবির ক্যাপশান, বিয়ের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুর্ঘটনায় নিহত হলেন দিয়োগো জোতা

    স্পেনের জামোরায় এক গাড়ি দুর্ঘটনায় পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতা নিহত হয়েছেন। বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছে স্পেনের আইন প্রয়োগকারী সংস্থা গার্ডিয়া সিভিল।

    এ দুর্ঘটনায় তার ভাই আন্দ্রে ফেলিপেরও মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটা নাগাদ এ দুর্ঘটনা ঘটে।

    অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় টায়ার ফেটে যাওয়ায় ল্যাম্বোরগিনি গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে আগুন ধরে যায়।

    দিয়োগো জোতার বিয়ের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে প্রাণহানি ঘটলো। দীর্ঘদিনের সঙ্গী রুট কার্ডোসোকে গত ২২ শে জুন বিয়ে করেন জোতা।

    এই দম্পতির তিনটি সন্তান রয়েছে।

  13. জাপানে দুই সপ্তাহে ৯০০ ভূমিকম্প, সমুদ্রে 'অদ্ভুত গর্জন' শোনার দাবি স্থানীয় বাসিন্দার, কেলি এনজি, সিঙ্গাপুর থেকে বিবিসি সংবাদদাতা

    ১২টি টোকারা দ্বীপপুঞ্জের মধ্যে সাতটিতে প্রায় ৭০০ জন লোক বাস করে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ১২টি টোকারা দ্বীপপুঞ্জের মধ্যে সাতটিতে প্রায় ৭০০ জন লোক বাস করে

    দক্ষিণ জাপানের একটি প্রত্যন্ত ও জনবহুল দ্বীপপুঞ্জে দুই সপ্তাহ ধরে ৯০০ বারেরও বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। সেখানকার বাসিন্দারা জানিয়েছেন, তারা উদ্বিগ্ন এবং রাতে ঘুমাতে পারছেন না।

    বুধবার ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর কর্তৃপক্ষ জানিয়েছে, ২১ জুন থেকে টোকারা দ্বীপপুঞ্জের আশেপাশের সমুদ্রে ভূমিকম্প "খুব সক্রিয়" অবস্থায় রয়েছে।

    এখন পর্যন্ত সেখানে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এবং সুনামির কোনো সতর্কতাও জারি করা হয়নি। তবে কর্তৃপক্ষ বাসিন্দাদের প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে।

    স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে টোকারা এলাকায় অতীতে একাধিক ভূমিকম্প হয়েছে, তবে সাম্প্রতিক মাত্রা যতটা বেড়েছে তা অস্বাভাবিক।

    জাপান পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি। কারণ দেশটির অবস্থান প্রশান্ত মহাসাগরের ভূমিকম্পপ্রবণ রিং অফ ফায়ারের ওপর যেখানে অনেকগুলো টেকটোনিক প্লেট মিলিত হয়েছে। প্রতি বছর এখানে প্রায় দেড় হাজারের মতো ভূমিকম্প হয়।

    টোকারা দ্বীপপুঞ্জের ১২টি মধ্যে সাতটি দ্বীপে প্রায় ৭০০ জন লোক বাস করে। এই দ্বীপগুলোর কয়েকটিতে কোনো হাসপাতাল নেই। নিকটবর্তী রাজধানী কাগোশিমায় ফেরিতে যেতে কমপক্ষে ছয় ঘণ্টার পথ পাড়ি দিতে হয়।

    "ভূমিকম্পের আগে সমুদ্র থেকে অদ্ভুত গর্জন শুনতে পাওয়া যায়, বিশেষ করে রাতে। এটা বেশ ভয়ের," বলেন স্থানীয় একটি গণমাধ্যমে বলেন আকুসেকিজিমা দ্বীপের বাসিন্দা চিজুকো আরিকাওয়া।

    "এত ভূমিকম্পের পর, এখন ভূমিকম্প না হলেও মনে হয় মাটি কাঁপছে," বলেন আকুসেকিজিমা দ্বীপের স্থানীয় বাসিন্দাদের সমিতির প্রধান ৬০ বছর বয়সী ইসামু সাকামোতো।

    এই ধারাবাহিক ভূমিকম্প এমন এক সময় এলো যখন দেশটিতে গুজব চলছে যে যে শিগগিরই একটি বিশাল, মারাত্মক ভূমিকম্প আঘাত হানতে পারে।

    ১৯৯৯ সালে প্রকাশিত মাঙ্গা শিল্পী রিও তাতসুকির একটি কমিক বই এই গুজব আরও উসকে দিচ্ছে। ২০২১ সালে প্রকাশিত একটি নতুন সংস্করণে, তিনি দাবি করেছিলেন যে পরবর্তী বড় ভূমিকম্প এই বছরের ৫ জুলাই আঘাত হানবে।

    এই আতঙ্কে অনেক পর্যটক সেখানে ভ্রমণের পরিকল্পনা বাতিল করেছে বলে খবর প্রকাশিত হয়েছে।

    এবারের ভূমিকম্পগুলো বড় মাত্রার না হলেও কর্তৃপক্ষ কয়েক দশক ধরে ‘বড়’ ভূমিকম্পের আশঙ্কা করে আসছে। এটি শতাব্দীতে একবারের মেগা ভূমিকম্প, যার বিষয়ে অনেকেই শুনে হয়ে বড় হয়েছেন।

    এর ভবিষ্যদ্বাণী হিসেবে বলা হয়, চূড়ান্ত খারাপ পরিস্থিতিতে তিন লাখের বেশি মানুষ মারা যেতে পারে।

  14. খেলাপি ঋণ আদায়ে ঢাকা ও চট্টগ্রামে এস আলম গ্রুপের সম্পত্তি জব্দ

    আদালত, প্রতীকী ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আদালত, প্রতীকী ছবি

    ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে নেওয়া ১০ হাজার ২৮০ কোটি টাকার খেলাপি ঋণ আদায় করতে এস আলম গ্রুপের মালিকানাধীন সম্পত্তি, শেয়ার এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। বুধবার অর্থঋণ আদালত–১-এর (অর্থঋণ আদালত) বিচারক মো. হেলাল উদ্দিন এই নির্দেশ দেন।

    আদালতের আদেশ অনুযায়ী, ঢাকার মতিঝিলে চারতলা একটি বাণিজ্যিক ভবন এবং পাঁচ কাঠা ও নয় দশমিক ৯০ শতাংশ জমি জব্দ করা হয়েছে, যা এস আলম ভেজিটেবল ওয়েল লিমিটেডের চেয়ারম্যান ফারজানা পারভীন ২০২৩ সালের ১৩ই অগাস্ট কিনেছিলেন।

    এছাড়াও, এসএস পাওয়ার লিমিটেডের ৫৮ কোটি টাকার বেশি মূল্যের শেয়ার এবং সোনালী কার্ডো লজিস্টিক লিমিটেডের ১১৭ দশমিক ৭৫ কোটি টাকার শেয়ার স্থগিত করা হয়েছে।

    চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ও আলোকডিয়া মৌজায় অবস্থিত ৩১ হাজার ২৫১ দশমিক ৭০ শতাংশ জমি, স্থাপনা, যন্ত্রপাতি, কাঁচামাল এবং অন্যান্য সম্পদ জব্দের নির্দেশও দিয়েছে আদালত।

    মামলার নথি অনুযায়ী, এই সম্পদগুলো এস আলম সিমেন্ট, এস আলম ভেজিটেবল অয়েল এবং সোনালী কার্ডো লজিস্টিক লিমিটেডের — যেগুলো এস আলম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান।

    আদালত গুলশান সার্কেল–১-এর একটি ব্যাংক শাখায় থাকা এসএস পাওয়ার লিমিটেডের তিনটি এমএসএনডি (মাসিক সঞ্চয়) হিসাবও জব্দ করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে রয়েছে যথাক্রমে ১০২ দশমিক ৩৯ কোটি টাকা, ৩৫ দশমিক ৮৫ কোটি টাকা এবং ৭৭৮ দশমিক ৩১ টাকা।

    ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা গত ২২শে জুন খেলাপি ঋণ আদায়ের এই মামলা দায়ের করে।

  15. মুরাদনগরে নারীকে যৌন হয়রানির ভিডিও ধারণ করার ঘটনায় ৪ জন রিমান্ডে

    কুমিল্লা মুরাদনগরে এক নারীকে যৌন হায়রানি ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় পর্নোগ্রাফি মামলায় চারজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    বৃহস্পতিবার সকালে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১নং আমলি আদালতের বিচারক মমিনুল হক এই রিমান্ড মঞ্জুর করেন।

    মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক রুহুল আমিন সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

    গত ২৬শে জুন বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগরে ওই নারীর ভিডিও ধারণ করে অভিযুক্তরা। শনিবার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

    এ নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। পরে পর্নোগ্রাফি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। এরপর পুলিশ অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে।

    এদিকে ধর্ষণের মামলায় আগেই মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেফতার করা হয়েছিলো। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

  16. ভারতের হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতে ৩০ জন নিহত, রেড অ্যালার্ট জারি

    হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে বিয়াস নদী (ফাইল ছবি)

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে বিয়াস নদী (ফাইল ছবি)

    ভারতের হিমাচল প্রদেশে বৃষ্টিপাতের কারণে এখন পর্যন্ত ৩০ জন মারা গেছেন এবং ৩৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন ওই প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও রাজস্ব বিভাগের বিশেষ সচিব ডিসি রানা।

    মি. রানা বিবিসি হিন্দি সার্ভিসকে বলেন, "১৯ জুন হিমাচল প্রদেশে বর্ষা শুরু হয়। এরপর থেকে টানা বৃষ্টি হচ্ছে। বুধবার মান্ডি অঞ্চলে দশজনের মৃত্যু হয়েছে।"

    তিনি বলেন, "২৯ এবং ৩০ জুন পুরো অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে প্রচুর ক্ষতি হয়েছে। অনেক জায়গায় হঠাৎ ভারী বর্ষণ এবং ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।"

    গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, অনেক জায়গায় রাস্তা বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

    হিমাচল প্রদেশের মান্ডি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বিয়াস নদী বিপদসীমার ওপর প্রবাহিত হওয়ায় বন্যা দেখা দিয়েছে, তাই ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি রাজ্যে রেড এলার্ট জারি করেছে।

  17. মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা

    পিটিয়ে হত্যা, প্রতীকী ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পিটিয়ে হত্যা, প্রতীকী ছবি

    কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিন জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে ওই তিন জনকে গণপিটুনি দিয়ে হত্যা করে স্থানীয়রা।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনের লাশ উদ্ধার করে। তারা একই পরিবারের সদস্য বলে পুলিশ জানতে পেরেছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

    স্থানীয়রা জানান, নিহতরা হলেন রুবি বেগম, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকি আক্তার। তবে পুলিশ এখনো তাদের পরিচয় নিশ্চিত করেনি।

  18. মৌলভীবাজার সীমান্ত দিয়ে ভারত থেকে ৭১ জনকে পুশ ইন

    সীমান্ত
    ছবির ক্যাপশান, সীমান্ত, প্রতীকী ছবি

    বাংলাদেশের মৌলভীবাজার জেলার দুটি সীমান্ত দিয়ে ৭১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

    বৃহস্পতিবার ভোরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে ৪৮ জনকে, সেইসাথে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাক মারা সীমান্ত এলাকা দিয়ে আরও ২৩ জন নারী, পুরুষ ও শিশুকে বিএসএফ পুশ ইন করেছে বলে জানা গেছে।

    বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি নামক স্থানে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করে ঘোরাঘুরি করছিলেন ৪৮ জন মানুষ।

    এ সময় বিজিবির টহলদল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ১৮ শিশু, ১৫ জন পুরুষ ও ১৫ জন নারী রয়েছেন।

    আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা আনুমানিক ছয় মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসা বা কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম এবং যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যান। পরবর্তীতে তাদেরকে ভারতের বিএসএফ বাংলাদেশে পুশ-ইন করে।

    জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা বাংলাদেশের নাগরিক এবং তারা যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে। তাদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান মি. চৌধুরী।

    এদিকে শ্রীমঙ্গল থানায় অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেছেন, শুনেছি বিজিবি ২৩ জনকে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাক মারা সীমান্ত এলাকা আটক করেছে। তবে এখনো থানায় হস্তান্তর করেনি।

  19. আন্দোলনের মুখে পটিয়ার ওসি প্রত্যাহার

    চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর

    ছবির উৎস, Bangladesh Police

    ছবির ক্যাপশান, চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর

    চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করেছে জেলা পুলিশ।

    বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাকে দায়িত্ব থেকে সরিয়ে ডিআইজি রেঞ্জ অফিসে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন থানার ডিউটি অফিসার জামশেদ আলম।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আন্দোলনের মুখে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

    এর আগে পটিয়া থানার ওসির অপসারণ ও শাস্তির দাবিতে বুধবার বেলা ১১টা থেকে টানা আট ঘণ্টা ধরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুল সংলগ্ন সড়ক অবরোধ করে রাখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

    এতে ওই সড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

    পরে সেনাবাহিনীর সদস্যসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে মহাসড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণার দেন বিক্ষোভকারীরা।

    একই দাবিতে জাতীয় নাগরিক পার্টির বিক্ষুব্ধ নেতাকর্মীরা চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কে ডিআইজি কার্যালয়ের সামনে তিন ঘণ্টা অবস্থান নেন।

    এনসিপি নেতাদের অভিযোগ, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক স্থানীয় নেতাকে স্থানীয় জনতা আটক করে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করলেও তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি পুলিশ।

    তার নামে মামলা না থাকায় পুলিশ শুরুতে গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষুব্ধ হন তাকে আটককারীরা।

  20. দেশের যেসব জেলায় ঝড়ের শঙ্কা

    আবহাওয়া অধিদফতর

    ছবির উৎস, Meteorological Department

    ঢাকাসহ দেশের ছয়টি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে।

    বৃহস্পতিবার সকাল নয়টা থেকে ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    সেখানে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

    এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    এদিকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

    সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সামনের পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।