সোমবার সারাদিন যা যা হলো
- জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ মঙ্গলবার সরকারের কাছে জমা দিবে জাতীয় ঐকমত্য কমিশন। দুপুরে উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে।
- ঢাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালামের দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয়েছে শরীয়তপুরের নড়িয়ায়।
- উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত নাভিদ নাওয়াজ দীপ্ত ৯৭ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।
- তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ‘নভেম্বরেই ক্যাবিনেট (উপদেষ্টা পরিষদ) ক্লোজ হয়ে যাবে’ বলে যে বক্তব্য দিয়েছেন, এমন বক্তব্য 'বিভ্রান্তি' ছড়াচ্ছে বলে মনে করছে অন্তর্বর্তী সরকার।
- কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে যাত্রীবাহী ট্রেনে পাথর নিক্ষেপ ও হামলা চালিয়েছে স্থানীয়রা। এই ঘটনায় প্রায় দুই ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
- বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে নাগাদ উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
- বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন বা জেইসি বৈঠক অনুষ্ঠিত হয়েছে ২০ বছর পর। বৈঠকে বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে একমত হয়েছে ঢাকা ও ইসলামাবাদ।
- আগামী নির্বাচনকে সামনে রেখে ‘বিএনপি বৃহৎ জোট গঠনের চিন্তা করছে’ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ২৬৯ জন।
- আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূলপাতায়।