আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

টোল দিয়ে হরমুজ প্রণালিতে চলাচল করা 'সব জাহাজ অবরোধের' ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালি দিয়ে পার হতে সব জাহাজকে টোল দিতে হবে, ইরানের এমন ঘোষণার পর টোল দিয়ে চলাচল করা 'সব জাহাজ অবরোধের' ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে গেছে। এদিকে, ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। বাংলাদেশের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন হয়েছে।

সরাসরি কভারেজ

  1. যুক্তরাষ্ট্রের সাথে দুই বা তিনটি ক্ষেত্রে মতপার্থক্য ছিল: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

    ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হওয়া নিয়ে ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, শান্তি আলোচনায় সব বিষয়ে তাদের মতানৈক্য হয়নি, অনেকগুলো বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের সাথে একমতও হয়েছিলেন।।

    'ইরান নিউজ নেটওয়ার্ক'কে দেয়া সাক্ষাৎকারে মি. বাঘাই বলেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় মোট ২৪ থেকে ২৫টি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

    "কিছু ক্ষেত্রে আমরা মার্কিন প্রতিনিধি দলের সাথে সমঝোতায় পৌঁছেছিলাম, তবে দুই বা তিনটি ক্ষেত্রে মতপার্থক্য ছিল এবং সেখানে আমরা কোনো সমেঝাতায় পৌঁছাতে সক্ষম হইনি।"

    তবে, ঠিক কোন বিষয়গুলোতে মতানৈক্য হয়েছিল, সেটি স্পষ্ট করে বলেননি তিনি।

    তিনি কেবল বলেছেন, হরমুজ প্রণালি এবং আঞ্চলিক পরিস্থিতির মতো নতুন বিষয়গুলো যুক্ত হওয়ায় আলোচনা আরও জটিল হয়ে পড়ে।

    এদিকে, এর আগে আরেক সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান যে দ্রুতই একটি চুক্তিতে পৌঁছাবে, তা কখনোই প্রত্যাশিত ছিল না।

    ইরানের রাষ্ট্রীয় স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ককে তিনি বলেন: "শুরু থেকেই আমাদের এটা আশা করা উচিৎ ছিল না যে আমরা একটিমাত্র বৈঠকেই কোন চুক্তিতে পৌঁছাতে পারব। আমার মনে হয় না কারোই এমন কোনো প্রত্যাশা ছিল।"

    তিনি বলেছেন, ৪০ দিনেরও বেশি সময় ধরে চলা 'চাপিয়ে দেওয়া যুদ্ধের' পর এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুইদিনের মধ্যেই একটি শান্তি আলোচনা হয়েছে, যা 'অবিশ্বাস, সন্দেহ ও সংশয়ে ভরা' এক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

    তবে, শান্তি আলোচনা বা একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা শেষ হয়ে গেল কী-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "কূটনীতি কখনও শেষ হয় না"।

    মি. বাঘাই এর আগে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের উচিত 'অতিরিক্ত দাবি' করা থেকে বিরত থাকা।

    আরো পড়তে পারেন:

  2. যুদ্ধবিরতি মেনে চলা এবং শান্তি আলোচনা পুনরায় শুরুর আহ্বান অস্ট্রেলিয়ার

    অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি মেনে চলতে এবং শান্তি আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন।

    বিবিসি অ্যারাবিকের খবর বলছে, মিজ ওং বলেছেন, "যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদ আলোচনা কোনো চুক্তি ছাড়া শেষ হওয়াটা হতাশাজনক।"

    তিনি বলেন যে, "বর্তমান অগ্রাধিকার হওয়া উচিত যুদ্ধবিরতি বজায় রাখা এবং পুনরায় আলোচনার টেবিলে ফিরে আসা।"

    মিজ ওং সতর্ক করে দিয়ে বলেন, সংঘাতের মাত্রা বৃদ্ধি পেলে মানবিক ক্ষয়ক্ষতি বাড়বে এবং বিশ্ব অর্থনীতিতে আরও নেতিবাচক প্রভাব পড়বে।

  3. যুদ্ধবিরতি বজায় রাখা দুই পক্ষের জন্য 'অপরিহার্য', বললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

    শান্তি আলোচনা শেষ হওয়ার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে তিনি উভয় পক্ষকে যুদ্ধবিরতি বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন।

    ইসহাক দার বিবৃতিতে বলেছেন, "(যুক্তরাষ্ট্র ও ইরান) পক্ষগুলোর জন্য যুদ্ধবিরতির প্রতি তাদের প্রতিশ্রুতি বজায় রাখা অপরিহার্য।"

    এক্স-এ প্রকাশিত ওই পোস্টে বলা হয়েছে, "আমরা আশা করি যে, উভয় পক্ষ ওই সমগ্র অঞ্চল এবং এর বাইরেও টেকসই শান্তি ও সমৃদ্ধি অর্জনের জন্য ইতিবাচক মনোভাব নিয়ে কাজ চালিয়ে যাবে।"

    পোস্টটির শেষে পাকিস্তান জানিয়েছে, "সামনের দিনগুলোতে" তারা দুই পক্ষের মধ্যে সংলাপ সহজতর করতে ভূমিকা পালন করে যাবে।

  4. ওয়াশিংটনে ফিরে গেছেন জেডি ভ্যান্স ও কর্মকর্তারা

    ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ২১ ঘণ্টা আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে জানিয়ে সকালে সংবাদ সম্মেলন করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

    সেসময় তার সাথে উপস্থিত ছিলেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার।

    এর পরপরই মি. ভ্যান্স ও উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তারা নিজের দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

    এটি ছিল একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন যেখানে অল্প কয়েকজন সাংবাদিকই প্রশ্ন করার সুযোগ পেয়েছেন। সংবাদ সম্মেলনে দেওয়া মি. ভ্যান্সের মূল বক্তব্য নিচে দেওয়া হলো:

    • ইসলামাবাদে ২১ ঘণ্টার শান্তি আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
    • ভ্যান্স বলেন, "আমরা ইরানিদের সাথে বেশ কিছু গঠনমূলক আলোচনা করেছি, এটা সুসংবাদ। তবে দুঃসংবাদ হলো যে, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আমি মনে করি এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য অনেক বেশি খারাপ খবর।"
    • তিনি আরও বলেন, "আমরা এমন কোনো পরিস্থিতিতে পৌঁছাতে পারিনি যেখানে ইরানিরা আমাদের শর্তগুলো মেনে নেবে।"
    • পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মি. ভ্যান্স। তিনি বলেন, আলোচনার ক্ষেত্রে 'যে ঘাটতি-ই' থাকুক না কেন, 'তা পাকিস্তানিদের কারণে হয়নি, তারা অসাধারণ কাজ করেছেন'।
    • ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মি. ভ্যান্স জবাব দেন যে, ইরানকে বর্তমান এবং ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের "মূল লক্ষ্য"।
    • তিনি আরও জানান যে, মি. ট্রাম্প এ আলোচনার সাথে যুক্ত ছিলেন এবং আলোচনার সময় তিনি প্রেসিডেন্টের সাথে অন্তত 'আধা ডজন' থেকে 'ডজনখানেক'বার কথা বলেছেন।
    • বক্তব্য শেষ করার আগে মি. ভ্যান্স যোগ করেন, "আমরা এখান থেকে একটি অত্যন্ত সহজ প্রস্তাব নিয়ে যাচ্ছি - একটি সমঝোতার পথ যা আমাদের চূড়ান্ত এবং সেরা অফার। এখন দেখা যাক ইরানিরা এটি গ্রহণ করে কি-না।"
  5. শনিবারের উল্লেখযোগ্য খবর

    • ইরানের সাথে যুদ্ধবিরতির পর শনিবার পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়েছে।
    • প্রাথমিকভাবে পাকিস্তানের প্রতিনিধি দল আলাদা আলাদা বৈঠক করলেও সন্ধ্যা নাগাদ তারা মুখোমুখি ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়।
    • ইসলামাবাদে চলমান আলোচনা সম্পূর্ণ রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত হচ্ছে এবং সাংবাদিকদের খুব সীমিত তথ্য দেওয়া হচ্ছে জানাচ্ছে বিবিসি উর্দু।
    • ইসলামাবাদে আলোচনা চলার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে বলে ট্রুথ সোশ্যালে পোস্ট করেন। এছাড়া চলমান সংঘাতে ইরান “ভয়াবহভাবে হারছে” বলেও উল্লেখ করেন তিনি।
    • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, একটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে যেটি ইরানি আলোচক দলকেও জানানো হয়।
    • যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আজ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরান যে সামুদ্রিক মাইন পুঁতে রেখেছে, তা থেকে নৌপথটি মুক্ত আছে কি না—তা নিশ্চিত করতেই এই অভিযান।
    • ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে সব পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার, লেবাননকেও অন্তর্ভুক্ত করার, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতাকে সম্মান করার আহ্বান জানানো হয়।
    • অন্যদিকে লেবাননে উত্তেজনা অব্যাহত রয়েছে। সেখানে ২৪ ঘণ্টায় (শনিবার) হেজবুল্লাহর ২০০টি লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছে ইসরায়েল।
    • লেবানন ও ইসরায়েলের মধ্যে আগামী মঙ্গলবার ওয়াশিংটনে আলোচনা শুরু হবে বলে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। তবে হেজবুল্লাহর সাথে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল।

    বিবিসি বাংলার অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।

  6. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে