শর্ত পূরণ না হলে আলোচনা বাতিল হতে পারে, বলছে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন, সোরুশ নেগাহদারি, বিবিসি মনিটরিং

ছবির উৎস, Getty Images
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার এক সংবাদদাতা সতর্ক করে বলেছেন, ইরানের শর্তগুলো পূরণ না হলে আলোচনা বাতিল হয়ে যেতে পারে।
তিনি বলেন, ইরানের স্বার্থ রক্ষা হয় না এমন আলোচনা থেকে সরে আসাও ইরানের জন্য এক ধরনের কূটনৈতিক সাফল্য
ইসলামাবাদ থেকে সরাসরি রিপোর্টিং করা ওই প্রতিবেদক আরো জানান, ইরানি প্রতিনিধি দল প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবে।
এরপরই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে সম্ভাব্য বৈঠকের সময়সহ অন্যান্য বিস্তারিত বিষয়ে পরিষ্কার হবে এবং ইতোমধ্যেই সেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে বারবার ইরানের শর্ত এবং যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার অভাবের বিষয়টি জোর দিয়ে তুলে ধরা হচ্ছে।
সেখানে আরো বলা হচ্ছে, ইরান এখন তুলনামূলক শক্ত অবস্থানে রয়েছে এবং তাদের শর্ত পূরণ না হলে তারা আলোচনা ছাড়াও এগিয়ে যেতে পারে।


















