প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদার, আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ

কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। পুলিশ সুন্দরভাবে কার্যক্রম শুরু করলে সেনাবাহিনী ফিরে যাবে বলে জানালেন সেনাপ্রধান। সীমিত আকারে হাইকোর্টের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। আপিল বিভাগে নিয়োগ দেয়া হয়েছে চার বিচারপতিকে। দেশের বিভিন্ন পর্যায়ে পদত্যাগ ও নিয়োগের প্রক্রিয়া দেখা গেছে দিনভর। সব খবরাখবর পাওয়া যাবে বিবিসি বাংলার এই লাইভ পাতায়।

সার সংক্ষেপ

  • প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আলী ইমাম মজুমদারকে নিয়োগ
  • কারাদণ্ড পাওয়া ৫৭ বাংলাদেশিকে মুক্ত করতে দুবাইতে আইনজীবী নিয়োগ
  • সাত দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র জমা দেয়ার নির্দেশ
  • ডিজিএফআই ডিজিসহ সেনাবাহিনীর পদে রদবদল
  • কর্মবিরতি প্রত্যাহারের পর কাজে ফিরেছে পুলিশ
  • সীমিত আকারে শুরু হয়েছে হাইকোর্টের বিচারিক কার্যক্রম
  • প্রায় ২৫ দিন পরে আবার মালবাহী রেল চলাচল শুরু, লোকাল চলবে মঙ্গলবার থেকে
  • আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে হস্তান্তর

সরাসরি কভারেজ

  1. পূজার ছুটি বাড়ানোর সুপারিশ, নিরাপত্তার নিশ্চয়তা স্বরাষ্ট্র উপদেষ্টার

    আসন্ন জন্মাষ্টমির পূজায় সব ধরনের নিরাপত্তা দেয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হোসেন।

    সেইসাথে দুর্গাপুজার ছুটি বাড়িয়ে তিন দিন করার জন্য সুপারিশ করার কথাও জানান তিনি।

    সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই আশ্বাস দেন।

    তিনি বলেন, “পূজায় যতো নিরাপত্তা দরকার, পুলিশ, আনসার, বিজিবি তারা চাইলেই পাবেন। এক্ষেত্রে জেলা প্রশাসকরা দায়িত্ব নেবেন। আমাদের কাজ সবাইকে সুরক্ষা দেয়া, সেটা হিন্দু, মুসলামান, খ্রিস্টান যেই হোক। আমি আশা করি যে তারা আমার কথায় আশ্বস্ত হয়েছেন”।

    তিনি আরো বলেন, “আমরা চাই না কোন তৃতীয় পক্ষ দেশের বদনাম করুক। অনেকেই বলেন ওদিকে চলে যাবো। সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে কেউ থাকতে চায় না।”

    সহিংসতার পেছনে ধর্ম কোন কারণ নয় উল্লেখ করে তিনি বলেন, “ধর্মভিত্তিক কোন মারামারি হচ্ছে না। মানুষকে তাড়ানো হচ্ছে তার জমি দখল করতে। এটা সংখ্যালঘুর সমস্যা না। এটা গরিব মানুষের সাথে হয়”।

    সেইসাথে আওয়ামী লীগকে পুনরায় পুনর্গঠনের আহ্বান জানিয়ে বলেন, “আওয়ামী লীগ মধ্যবিত্ত শ্রেণির সেকুলারপন্থী দল ছিল। মিডল ক্লাস ইন্টেলেকচুয়ালরা তাদের সাপোর্ট করে। যারা এ দেশ স্বাধীন করেছে, স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে? আমি ওনাদের কথা দিচ্ছি আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের তো নিষিদ্ধ করা হয়নি।”

  2. আবু সাঈদ হত্যা মামলার তদন্ত পিবিআইয়ে স্থানান্তর

    কোটা আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার তদন্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে।

    পুলিশ সদর দফতরের নির্দেশে সোমবার এই মামলা তাজহাট থানা থেকে পিবিআইয়ে স্থানান্তর করা হয়।

    রংপুর জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    জাকির হোসেন জানান, “স্পর্শকাতর মামলাগুলো পিবিআই আগে থেকেই ছায়া তদন্ত করে থাকে। এখন আবু সাঈদ হত্যা মামলার তদন্ত পিবিআই করবে।”

  3. ১৫ই অগাস্ট শ্রদ্ধা জানাতে অনুমতি চেয়েছে আওয়ামী লীগ: হানিফ

    আগামী ১৫ই অগাস্ট শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।

    এ জন্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

    গত ৫ই অগাস্ট পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ দলটির তৃণমূলের নেতাকর্মীদের অনেকে।

    এমন অবস্থায় ১৫ অগাস্ট ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নিয়ে বিবিসি বাংলা দলের শীর্ষ কয়েকজন নেতার সাথে যোগাযোগের চেষ্টা করে।

    এর মধ্যে বিবিসি বাংলার সাথে কথা হয় দলটির নেতা মি. হানিফের সাথে।

    এই কর্মসূচিকে ঘিরে দলের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সরকারের কাছে আবেদন করা হয়েছে বলেও জানিয়েছেন আওয়ামী লীগের এই নেতা।

    মি. হানিফ বিবিসি বাংলাকে বলেছেন, “ওই এলাকার নিরাপত্তার জন্য দলের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হয়েছে। আমরা আশা করি সেই অনুমতি দেয়া হবে”।

    এর আগে রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ ১৫ই অগাস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দলীয় নেতাকর্মীদের ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর অনুরোধ জানান।

    শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি

    ছবির উৎস, Getty Images

  4. প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন ২৫ মন্ত্রণালয়ের সচিব

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ড. মুহাম্মদ ইউনূসের তার অধীনে থাকা ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের জ্যৈষ্ঠ সচিব ও সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন।

    সোমবার বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। ধারণা করা হচ্ছে, এই বৈঠকে জ্যৈষ্ঠ সচিব ও সচিবরা তাদের মন্ত্রণালয়/বিভাগের কর্মপরিকল্পনা নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন।

    এই বৈঠক অনুষ্ঠানের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগেই সচিবদের চিঠি পাঠিয়ে জানিয়েছিল।

    সোমবার সকাল থেকে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ সচিব ও সচিবকে প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়।

    গত ৫ই আগস্ট সরকার পতনের পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে ১৭ সদস্যদের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ড. ইউনূসের অধীনে প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ বিভাগ, শিক্ষাসহ ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পড়ে।

    ড. মুহাম্মদ ইউনূস
    ছবির ক্যাপশান, ড. মুহাম্মদ ইউনূস
  5. ঢাকার সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ

    প্রায় এক সপ্তাহের অচলাবস্থার পর সড়কে কাজে ফিরতে শুরু করেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা।

    সোমবার সকালে ঢাকার, বাড্ডা, বসুন্ধরা, মহাখালী, তেজগাঁও, বাংলা মোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি, জাহাঙ্গীর গেইট, শাহবাগ ও গুলিস্তান এলাকায় ট্রাফিক পুলিশদের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে।

    গত সাত দিন ধরে সড়কে শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব পালন করেছে অসংখ্য শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক। কোন কোন জায়গায় এখনও শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন। তবে তারা সংখ্যায় কম।

    এক দফা আন্দোলন চলাকালে এবং গত ৫ই অগাস্ট সরকার পতনের পর দেশজুড়ে বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, ট্রাফিক পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

    এতে বহু পুলিশ সদস্য হতাহত হন, আতঙ্কে বেশিরভাগ থানা পুলিশ শূন্য হয়ে পড়ে। সারা দেশের সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়ে।

    নিরাপত্তাসহ ১১ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছিল পুলিশ সদস্যর।

    এমন অবস্থায় রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সবাইকে কাজে যোগ দিতে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দেন।

    দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর গতকাল রাত থেকে তারা কর্মবিরিত প্রত্যাহার করে।

    ঢাকার সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ
    ছবির ক্যাপশান, ঢাকার সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ
  6. এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

    গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পাল্টা অভ্যুত্থান চেষ্টার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন।

    তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "কেউ যদি স্বপ্ন দেখে যে আবার একটা কাউন্টার রেভোলিউশন করে আসবেন। কাউন্টার রেভোলিউশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত বয়াতে হবে"।

    সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত আনসার সদস্যদের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    ক্ষমতাচ্যুতরা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে, সাংবাদিকের এমন প্রশ্নে তিনি বলেন, "লোক জড়ো করুক আর যাই করুক, এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয়। এদেশের মানুষ এখন আর আপনাদের গ্রহণ করছে না।"

    আওয়ামী লীগকে বরং পুনর্গঠন করার পরামর্শ দিয়ে তিনি বলেন, "আপনারা আপনাদের দলকে পুনর্গঠন করেন। যেভাবে রাজনৈতিক দল থাকে। নির্বাচন হলে নির্বাচন করেন। জনগণ ভোট দিলে ভোটে যাবেন।"

    "আপনারা আসুন, যারা রেগুলার করতে চান। এখানে মারামারি করে লাভ নাই। আরো লোকের মৃত্যু আমরা চাই না। আমরা উষ্কানি দিলে আপনারা আর্মি ফায়ারে টিকতে পারতেন না। আমরা আর্মিকে মানা করেছি গুলি না চালাতে।"

    দলের ভাবমূতি রক্ষার তাগিদ দিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, "বাংলাদেশে এই দলের অনেক অবদান আছে। এটা আমরা অস্বীকার করতে পারি না। এটা অনেক বড় পার্টি। আমার যথেষ্ট সম্মান আছে আওয়ামী লীগের প্রতি। এক সময় আমাদের মতো মানুষের জন্য ভরসার জায়গা ছিল এই পার্টি। অনুরাধ করছি প্ররোচনায় আসবেন না, ব্যক্তিগত স্বার্থে আপনারা এতো বড় একটা দলকে নষ্ট করবেন না। এটা আমাদের গর্ব ছিল। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। এটা নষ্ট করার কোন অধিকার নাই। এটা বাংলাদেশের সম্পত্তি"।

  7. আজ থেকে শুরু হয়েছে হাইকোর্টের বিচারকাজ

    সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সীমিত আকারে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ শুরু হয়েছে। এজন্য হাইকোর্টের আটটি বেঞ্চ গঠন করে দিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

    বেঞ্চ গঠন বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশ-সংবলিত নোটিশ রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয় নোটিশে বলা হয়, আটটি বেঞ্চের মধ্যে পাঁচটি দ্বৈত এবং তিনটি একক বেঞ্চ গঠন করা হয়েছে।

    কোটা সংস্কার দাবি ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে কারফিউ জারির পর গত ৫ই অগাস্ট থেকে বিচার কাজ বন্ধ হয়ে যায়।

    গত ৪ঠা অগাস্ট আদালতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের উদ্ভূত পরিস্থিতিতে সান্ধ্য আইন চলাকালে (কারফিউ) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

    পরে ৭ই আগস্ট সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাক্রমে প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অধিবেশন স্থগিত করেছেন।

    আদালত

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আদালত
  8. জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

    সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

    সকাল সাতটার দিকে স্মৃতিসৌধে শহীদ বেদিতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে তিনি স্বাক্ষর করেন।

    এ সময় হাইকোর্ট ও আপিল বিভাগের সব বিচারপতি উপস্থিত ছিলেন।

    সাভার স্মৃতিসৌধ থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে যান প্রধান বিচারপতি। সেখানে সকাল ৯টার পৌঁছে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

    রোববার বঙ্গভবনের বাংলাদেশের ২৫তম বিচারপতি হিসেবে শপথ নেন রেফাত আহমেদ। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    গত শনিবার ছাত্র-জনতার বিক্ষোভের মুখে প্রধান বিচারপতি পদ থেকে সরে দাঁড়ান ওবায়দুল হাসান। ওইদিনই রেফাত আহমেদকে তার স্থলাভিষিক্ত করা হয়।

    প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

    ছবির উৎস, Suprime Court Bangladesh

    ছবির ক্যাপশান, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
  9. সাত দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র জমা দেয়ার নির্দেশ

    কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার সময় লুট হওয়া অস্ত্র আগামী সাত দিনের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হোসেন।

    সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত আনসার সদস্যদের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    তিনি কঠোরভাবে নির্দেশ দেন, আগামী সাত দিনের মধ্যে (সোমবারের মধ্যে) অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে। তখন অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি বলেন, “অস্ত্র জমা না দিলে দুটি মামলা হবে। একটি হচ্ছে- অবৈধ অস্ত্র মামলা। অন্যটি হচ্ছে- সরকারিভাবে নিষিদ্ধ অস্ত্র কাছের রাখার মামলা। সেটার জন্য আন্তর্জাতিক আদালতেও যাওয়া যেতে পারে”।

    “যদি নিজেরা জমা দিতে না পারেন তাহলে কারো মাধ্যমে দেন। যেটাই হোক এই অস্ত্রগুলো আমাদের দরকার”, তিনি বলেন।

    সাখাওয়াত হোসেন আরো বলেন, “দেখলাম একটা ছেলে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল নিয়ে চলে গিয়েছে। এই অস্ত্র ফেরত আসে নাই। যেসব অস্ত্র পুলিশ, র‍্যাবকে দেয়া হয়েছে, সেটা সিভিলিয়ানদের জন্য অথরাইজড না, এটা নিষিদ্ধ অস্ত্র। ব্যাপক তদন্ত করে দেখা দরকার, এরা কারা। কাদের হাতে নিষিদ্ধ অস্ত্র। এখানে শট গানও আছে। এটা খুবই উদ্বেগজনক। আমরা চেষ্টা করবো এদের খুঁজে বের করার।”

    স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হোসেন।

    ছবির উৎস, bbc

    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হোসেন।
  10. বিবিসি বাংলার লাইভ

    সার্বক্ষণিক সব খবর জানাতে বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাকে স্বাগতম।