আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

শেখ হাসিনার বিরুদ্ধে আরো ছয় হত্যা মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত এই ছয়টিসহ ৩০টির বেশি মামলা হয়েছে। বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল হয়েছে। ক্রিকেট বোর্ডের সভাপতির পদে পরিবর্তন। ফেনীর বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেয়া ও নগদ- এ প্রশাসক বসানোর সিদ্ধান্ত।

সার সংক্ষেপ

  • শেখ হাসিনার বিরুদ্ধে আরো ছয় হত্যা মামলা
  • ফেনীর বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি, পানি বাড়ছে চার নদীর
  • আন্দোলনে নিহতদের মধ্যে ১৯৮ জন বিএনপি নেতাকর্মী: মির্জা ফখরুল
  • পুলিশের ১২ ডিআইজি ও ১১ এসপিকে রদবদল, বাধ্যতামূলক অবসরে তিন কর্মকর্তা
  • বিসিবি থেকে নাজমুল হাসান পাপনের পদত্যাগ, নতুন সভাপতি ফারুক আহমেদ
  • বিক্ষোভে হত্যা ও সহিংসতার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জাতিসংঘের

সরাসরি কভারেজ

  1. পুলিশের ১২ ডিআইজি ও ১১ এসপিকে রদবদল

    বাংলাদেশ পুলিশের ১২ উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এবং ১১ পুলিশ সুপারকে (এসপি) রদবদল করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে- ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলামকে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনাকে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর রহমানকে রেলওয়ে পুলিশে, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমানকে নৌ পুলিশে, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হককে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. ইলিয়াছ শরীফকে ঢাকায় অ্যান্টি টেরোরিজম ইউনিটে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. শাহ আবিদ হোসেনকে ট্যুরিস্ট পুলিশে সংযুক্ত করা হয়েছে।

    এছাড়া, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মো. সাইফুল ইসলামকে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) বিপ্লব বিজয় তালুকদারকে টিঅ্যান্ডআইএমে, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মো. জাকির হোসেন খানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মো. মাহবুব আলমকে রেলওয়ে পুলিশে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) জিহাদুল কবিরকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) সংযুক্ত করা হয়েছে।

    জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    এছাড়া পৃথক এক প্রজ্ঞাপনে ১১ পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। তালিকাটি নিচে সংযুক্ত করা হলো।

  2. বন্যা পরিস্থিতি: পাঁচ নদীর পানি বাড়ছে, দ্রুত উন্নতির আশা নেই

    দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদী খোয়াই, ধলাই, মুহুরী, হালদা ও কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে এবং আগামী ২৪ ঘণ্টা তা অব্যাহত থাকতে পারে।

    এমনটাই জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান।

    তিনি জানান, এতে করে হবিগঞ্জ, মৌলভীবাজার, ফেনী ও চট্টগ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় এসব এলাকায় বন্যা পরিস্থিতির খুব বেশি অবনতি হবে না।

    বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, অবিরাম বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে আগামী ২৪ ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদীর পানি এবং ফেণী ও চট্টগ্রাম জেলার মুহুরী ও হালদা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এসময় এসব এলাকায় নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

    কুমিল্লা জেলার গোমতী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

    কেন্দ্র থেকে আরও বলা হয়েছে যে আগামী ৪৮ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান নদীসমূহের পানিও কিছু পয়েন্টে সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে।

  3. ঢাকাসহ দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি, থেমে থেমে চলবে সারাদিন

    বুধবার সকাল থেকেই ঢাকায় মেঘাচ্ছন্ন পরিবেশ দেখা গেলেও বেলা ১২টা থেকে থেকে বৃষ্টিপাত শুরু হয়।

    তবে এই বৃষ্টিপাত একটানা হবে না, থেমে থেমে দিনভর চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তারা আরও জানিয়েছে এই বৃষ্টি শুধু ঢাকায় না, দেশের পূর্বাঞ্চল জুড়েই চলছে। যেমন– বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ইত্যাদি।

    এসব এলাকার কোথাও এখন মাঝারি, কোথাও বা আবার ভারী বর্ষণ হচ্ছে।

    আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় যে লঘুচাপটি ছিল, তা দুর্বল হয়ে পড়াই এমন বৃষ্টিপাতের কারণ।

    তিনি আরও জানিয়েছেন, এই বৃষ্টিপাত আরও দুইদিন অব্যাহত থাকতে পারে।

  4. পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

    বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে পুলিশের তিন কর্মকর্তাকে। বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

    বাধ্যতামূলক অবসরে পাঠানো তিন কর্মকর্তা হলেন- অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. আতিকুল ইসলাম, উপপুলিশ মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. আসাদুজ্জামান (সিটিটিসি প্রধান)।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হয়েছে।

    এ কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

  5. নসরুল হামিদের বনানীর ‘প্রিয় প্রাঙ্গণ’ ভবনে রাতভর অভিযান

    বিদায়ী সরকারের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু’র বনানীর ‘প্রিয় প্রাঙ্গণ’ ভবনে মধ্যরাত থেকে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    অভিযান চলাকালে ভবনটি ঘিরে রাখে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যরা। রাতভর চলমান অভিযানে ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করেন তারা।

    এসময় ভবনের ভেতরে কোনও সংবাদকর্মীকে ঢুকতে দেওয়া হয়নি।

    ভোররাত পর্যন্ত যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও সেখানে উপস্থিত ছিলেন।

    অভিযানের পর মি. নুর সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, নসরুল হামিদের ওই বাড়িতে বিপুল পরিমাণ অর্থ ছিল, যা আন্দোলনের সময় পেশাদার সন্ত্রাসীদেরকে দেওয়া হয়েছে।

    “এই ভবনে ইলেক্ট্রিক লকারে ডলার, টাকা অনেক কিছু আছে। সেখন থেকেই হামলাকারীদের অর্থ সরবরাহ হতো। তার নিরাপত্তা কর্মীদের কাছ থেকে এসব তথ্য জেনেছি আমরা,” বলেন মি. নুর।

    তিনি অভিযোগ করেছেন যে তথ্য দেওয়ার পরও এই বাড়িতে যথা সময়ে অভিযান চালানো হয়নি।

  6. নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বুধবার বিসিবির জরুরি সভায় ফারুক আহমেদকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। এর আগে সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন।

    এদিন সকাল ১১ টায় সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে শুরু হয় বিসিবির জরুরি সভা। সেখানে উপস্থিত ছিলেন আট বিসিবি পরিচালক।

    এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে এই বোর্ড সভায় উপস্থিত ছিলেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির দুই পরিচালক জালাল ইউনূস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির পরিবর্তে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে।

    এর আগে বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনূস ও আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম। তারা জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক ছিলেন।

    প্রসঙ্গত, ২০১২ সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান। ২০১৩ সালের অক্টোবরে হন নির্বাচিত সভাপতি। তিন মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন। হয়েছিলেন বিগত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী। আগামী বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল নাজমুল হাসানের পরিচালনা পর্ষদের মেয়াদ।

  7. বিসিবি থেকে পাপনের পদত্যাগ

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। বুধবার বিসিবির জরুরি সভায় মি. পাপনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

    এদিন সকাল ১১ টায় সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে শুরু হয় বিসিবির জরুরি সভা। সেখানে উপস্থিত হয়েছেন আট বিসিবি পরিচালক।

    এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে এই বোর্ড সভায় উপস্থিত হয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির দুই পরিচালক জালাল ইউনূস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির পরিবর্তে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে।

  8. বাংলাদেশে প্রাণহানি ও সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জাতিসংঘের

    বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভে হত্যা ও সহিংসতার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

    মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক।

    “শেখ হাসিনার ‘দেখামাত্র গুলি’ করার নির্দেশে হতাহত হয়েছে” উল্লেখ করে প্রেস ব্রিফিংয়ে তার কাছে একজন সাংবাদিক প্রশ্ন করেন, “৮১৯ জন মানুষকে হত্যা ও ২৫ হাজার মানুষের আহত হওয়ার জন্য যারা দায়ী, জাতিসংঘ মহাসচিব কি তাদের বিচার করার জন্য আহ্বান জানিয়েছেন?”

    উত্তরে মি. ডুজারিক বলেন, “হ্যাঁ।”

    এই প্রশ্নোত্তর পর্ব শুরুর করার আগে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘের মহাসচিবের আন্তোনিও গুতেরেসের দেওয়া একটি চিঠির বিষয়ে কথা বলেন।

    আন্তোনিও গুতেরেসকে উদ্ধৃত করে তিনি বলেন, “চিঠিতে মহাসচিব বাংলাদেশে শান্তি ফেরানো এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।

    মহাসচিব বলেছেন যে, জাতিসংঘ প্রত্যাশা করে যে ড. ইউনূসের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে। সেখানে তরুণদের পাশাপাশি নারী, সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের অংশগ্রহণও বিবেচনা করা হবে।”

    মি. ডুজারিক জানান যে বাংলাদেশের সব নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর ভরসা করছেন মহাসচিব।