ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলার দায় স্বীকার ইসরায়েলের, কয়েকজন নিহত

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলায় সেখানকার বেশ কয়েক জন কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, ইরানি শীর্ষ নেতাকে হত্যায় "সংঘাত বাড়বে না, বরং অবসান ঘটাবে", বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। ইরান উত্তেজনা নিরসনের বিষয়ে কথা বলতে চায় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সরাসরি কভারেজ

  1. ইরানের পশ্চিমাঞ্চলে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল

    মানচিত্রে ইরান ও ইসরায়েলের অবস্থান
    ছবির ক্যাপশান, মানচিত্রে ইরান ও ইসরায়েলের অবস্থান

    ইরানের পশ্চিমাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলার খবর পাওয়া যাচ্ছে।

    দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ইরাক সীমান্তের কাছে অবস্থিত ইলম প্রদেশের মুসিয়ান নামক পৌরসভার দমকল বাহিনীর একটি ভবনে ইসরায়েল "নৃশংসভাবে হামলা" চালিয়েছে।

    হামলাকালে ইসরায়েলি কিছু ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন ইরানের কর্মকর্তারা।

  2. আলোচনা অব্যাহত রাখতে হলে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে: ইরান

    ইরান-ইসরায়েল সংঘাত

    ছবির উৎস, Getty Images

    পরমাণু বিষয়ক আলোচনা অব্যাহত রাখতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে আগে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

    গতকাল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হওয়ার কথা থাকলেও ইরান সেটি বাতিল করে।

    ইরান বলছে, বর্তমান পরিস্থিতিতে আলোচনা চালিয়ে যাওয়া 'অর্থহীন'।

    কেননা, ইসরায়েলি হামলার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রও 'হাত রয়েছে' বলে মনে করেন দেশটির নেতারা।

    মি. বাঘাই বলেছেন, ইরান সব সময় জোর দিয়ে বলে আসছে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ।

    কিন্তু ইসরায়েল সেটি প্রত্যাখ্যান করেছে।

    এখন ইরানের পার্লামেন্ট পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিলে, সেটি 'অবশ্যই' পালন করা হবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

    ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আরো পড়তে পারেন:

  3. সংঘাত থেকে কৌশলগত সুযোগ খুঁজছে রাশিয়া, স্টিভ রোজেনবার্গ, রাশিয়া সম্পাদক

    রুশ সংবাদপত্র

    সোমবার সকালে রুশ সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম জুড়ে উঠে এসেছে মধ্যপ্রাচ্যে সংঘাতের সব খবর।

    রাশিয়ার দৈনিক ট্যাবলয়েড পত্রিকা মস্কভস্কি কোমসোমোলেতস-এর শিরোনাম, যতই নিষ্ঠুরই শোনাক, কৌশলগত দৃষ্টিতে ইরান‑ইসরায়েল সংঘাত থেকে রাশিয়ার জন্য কিছু ‘প্লাস পয়েন্ট’ আছে।”

    এসব তথাকথিত ‘প্লাস’‑এর মধ্যে রয়েছে বৈশ্বিক তেলের দাম বেড়ে যাওয়া এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক মনোযোগ কমে যাওয়া।

    ট্যাবলয়েডটি দাবি করে, কিয়েভকে সবাই ভুলে গেছে।”

    ব্যবসা-বাণিজ্য বিষয়ক দৈনিক কোমেরসান্ত লিখেছে, “মধ্যপ্রাচ্যে যেকোনো উত্তেজনা ইউক্রেন থেকে মনোযোগ সরিয়ে দেবে এবং সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে পশ্চিমাদের অগ্রাধিকার বদলে দিতে পারে।”

    পত্রিকাটি আরো লিখেছে, তাত্ত্বিকভাবে রাশিয়া নিরপেক্ষ মধ্যস্থতাকারী হতে পারে। সংকট পুরোপুরি কাটাতে না পারলেও অন্তত উত্তেজনা কমাতে সাহায্য করতে পারে। এতে মস্কো ওই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়াতে পারবে।”

    তবে কোমেরসান্ত সতর্কও করেছে: “উত্তেজনা বাড়তে থাকলে মস্কোর জন্য বড় ধরণের ঝুঁকি যেমন রয়েছে তেমনি ব্যয় বাড়ার সম্ভাবনাও রয়েছে। বাস্তবতা হলো, পাঁচ মাস আগে যে দেশের সঙ্গে রাশিয়া বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছিল, সেই দেশটির ওপর ইসরায়েলের ব্যাপক হামলা ঠেকাতে রাশিয়া অপারগ।”

  4. ইসরায়েলের বিরুদ্ধে ইরানিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

    ইরানের সকল নাগরিককে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের 'অন্যায়' হামলা মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

    সোমবার ইরানের পার্লামেন্টে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

    মি. পেজেশকিয়ান বলেছেন, সংঘাত বন্ধের লক্ষ্যে ইরান "কূটনৈতিকভাবে সুযোগ দিয়েছে এবং আলোচনা ও সংলাপের পথ খুলে দিয়েছে"।

    "শত্রুরা হত্যা ও সন্ত্রাসবাদের মাধ্যমে ইরান ও তার জনগণকে ধ্বংস করতে পারবে না। (ইরানের) আরও শত শত বীর আছেন, যারা প্রতিবার আক্রমণের শিকার হওয়ার পরেও পতাকা বহন করবেন এবং পথচলা অব্যাহত রাখবেন," বলেন মি. পেজেশকিয়ান।

    ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন, তার দেশ "পারমাণবিক অস্ত্র বানাতে চায় না"।

    তবে ইরানের "জনগণের উপকারে আসে এমন পারমাণবিক শক্তি উৎপাদন ও গবেষণা করার অধিকার তাদের রয়েছে"।

  5. ইরানের রাতভর হামলায় ইসরায়েলে নিহত ৮, মোট নিহত ২৪

    ইসরায়েলের কর্তৃপক্ষ জানিয়েছে, গত সোমবার রাতে তেল আভিভ, হাইফা ও আরও কয়েকটি শহরের আবাসিক এলাকায় ইরানি হামলায় আট জন নিহত হয়েছে।

    ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় ও দেশটির গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।

    স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৩০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ইরান জানিয়েছে, শুক্রবার ইসরায়েল হামলা শুরু করার পর থেকে দেশটিতে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

  6. ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা নিয়ে জরুরি বৈঠক ডেকেছে আইএইএ, শাবনম সাবানি, ভিয়েনা থেকে

    ইরান ইসরায়েল

    ইসরায়েলের সামরিক হামলার পরিণতি নিয়ে আলোচনা করতে আজ আইএইএর সদর দপ্তরে জরুরি অধিবেশনে বসছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিচালনা পরিষদ।

    এই বৈঠকের অনুরোধ জানিয়েছিল ইরান। পরে রাশিয়া, চীন ও ভেনিজুয়েলা এতে সমর্থন দেয়।

    শুরুতে ইরান সাপ্তাহিক ছুটির দিনে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে একটি প্রস্তাব পেশ করতে চেয়েছিল। কিন্তু কূটনৈতিক সূত্রগুলো বলছে, ওই প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাবে না।

    ফলে ইরান একটি সাধারণ বিবৃতি সামনে আনবে, যাতে ইসরায়েলের কার্যকলাপের নিন্দা অন্তভুক্ত থাকবে।

    এই জরুরি বৈঠক হচ্ছে এমন এক সময়ে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এর মধ্যে ইরানের নাতাঞ্জ ও ফোর্দোতে পারমাণবিক স্থাপনায় আঘাত হেনেছে ইসরায়েল।

    নন প্রোলিফেরাশন চুক্তির (এনপিটি) অধীনে পারমাণবিক উদ্বেগ মোকাবিলায় সামরিক পদক্ষেপ কখনো গ্রহণযোগ্য উপায় নয়।

    ইরান জোর দিচ্ছে, আন্তর্জাতিক মহল ও আইএইএর পরিচালনা পরিষদ যেন এই হামলার নিন্দা করে।

    তবে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এ ধরনের আনুষ্ঠানিক নিন্দা পাশ হওয়ার সম্ভাবনা কম।

  7. স্যাটেলাইট ছবিতে ইরানের বিমানঘাঁটির ক্ষয়ক্ষতির চিত্র, ক্রিস পার্ট্রিজ, বিবিসি নিউজ অস্ত্র বিশ্লেষক

    স্যাটেলাইট ছবি

    ছবির উৎস, Planet Labs PBC

    পৃথিবী পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান প্লানেট ল্যাবস সম্প্রতি কিছু নতুন স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে গত সপ্তাহে ইরানের তাবরিজ বিমানঘাঁটিতে ইসরায়েলের আক্রমণে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

    ছবিতে দেখা যাচ্ছে, একটি ক্ষেপণাস্ত্র সরাসরি রানওয়ের মাঝ বরাবর আঘাত হানে। ওই স্থানটিকে লাল বৃত্ত দিয়ে চিহ্নিত করা হয়েছে।

    এর ফলে অল্প সময়ের জন্য হলেও রানওয়েটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।

  8. ইসরায়েলে রাতভর হামলার ধাক্কায়, ইরানের শাসনব্যবস্থাও টার্গেট, হুগো বুশেগা, মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা, জেরুজালেম থেকে

    তেল আভিভসহ ইসরায়েলের বিভিন্ন শহরে জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যখন একেকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করছিলো তখন জেরুজালেমের রাতের আকাশ আলোকিত হয়ে পড়ে।

    আজ সকালেও উদ্ধারকারী দল এখনও ইসরায়েলের প্রাণকেন্দ্রে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের খুঁজছেন।

    উত্তরের বন্দর নগরী হাইফা, যেখানে একটি তেল পরিশোধনাগার রয়েছে, সেখানেও আঘাত হেনেছে ইরান।

    ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ওপর সর্বশেষ হামলায় তেহরানের কুদস ফোর্সের একটি কমান্ড সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।

    কিন্তু সাম্প্রতিক সময়ে পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পাশাপাশি সরকারি ভবন ও জ্বালানি স্থাপনাকে হামলার টার্গেট করা হয়েছে।

    যা মনে হচ্ছে ইরানের শাসনব্যবস্থাকেই নিশানা করেছে ইসরায়েল। তারা আবাসিক এলাকাও আঘাত হানছে।

    ইসরায়েল ইঙ্গিত দিয়েছে যে, এটি একটি দীর্ঘমেয়াদী অভিযান হবে,অন্যদিকে ইরান বলছে, তাদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে, এবং তারা আক্রমণের মধ্যে কোনো আলোচনা করবে না।

    ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের বিরুদ্ধে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের অন্তত ২০ জন নিহত হয়েছেন। যা ইরানি পাল্টা আক্রমণের কারণ হয়েছে। অন্যদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার থেকে ইসরায়েলি হামলায় উরানে ২২০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

  9. তেল আবিবের মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত

    ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছেন, ইরানের রাতভর হামলায় তেল আবিবের মার্কিন দূতাবাস "সামান্য ক্ষতিগ্রস্ত" হয়েছে।

    মাইক হাকাবি এক্স অ্যাকাউন্টে পোস্ট করে বলেছেন যে, তেল আবিবে দূতাবাস ভবনটির আশেপাশে "ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানায়" ভীষণ কম্পনে কনস্যুলেট ক্ষতিগ্রস্ত হয়েছে।

    তবে কোনো মার্কিন কর্মী হতাহত হননি বলে তিনি জানান।

    এ কারণে জেরুজালেমে অবস্থিত প্রধান মার্কিন দূতাবাসও বন্ধ থাকবে এবং এখনও সেখানে নিরাপদে অবস্থান করার নির্দেশনা বহাল আছে।

  10. "ইরান কোথায় উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করছে এটাই এখন বড় প্রশ্ন"

    আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রাক্তন উপ পরিচালক জেনারেল ফর সেফগার্ডস অলি হেইনোনেন

    ছবির উৎস, Getty Images

    আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রাক্তন উপ পরিচালক জেনারেল ফর সেফগার্ডস অলি হেইনোনেন বলেছেন, ইসরায়েলের হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচির অবস্থান ঠিক কোথায় তা আমরা পুরোপুরি জানি না।

    হেইনোনেন মনে করেন, ইসরায়েল সম্ভবত তেহরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে।

    নাতাঞ্জ স্থাপনার পুনরুদ্ধারে "অন্তত কয়েক বছর সময় লাগবে", তিনি রেডিও ফোর-এর 'টুডে' প্রোগ্রামে বলেন।

    তিনি আরও বলেন, "[ফোর্দো স্থাপনারও] একই অবস্থায়। ইসরায়েলের বোমা হামলার পর এটি খুবই খারাপ অবস্থায় আছে।"

    কিন্তু প্রধান প্রশ্ন এখনও রয়ে গেছে, হেইনোনেন জানিয়েছেন, ইরান তাদের ৪০০ কিলোগ্রামের বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় সংরক্ষণ করছে।

    তিনি বলেন, "যদি তাদের কোন গোপন আস্তানা থাকে, যা খুব বড় হতে হবে এমনটা না... এবং তারা গোপনে পারমানবিক অস্ত্র বানানোর মতো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে যেখানে আইএইএ-এর নজরদারি নেই, তাহলে আমাদের বড় সমস্যা হয়ে যাবে।"

  11. ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়: ভন ডার লায়েন

    ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন বর্তমানে জি৭ শীর্ষ সম্মেলনের জন্য কানাডায় রয়েছেন।

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন বর্তমানে জি৭ শীর্ষ সম্মেলনের জন্য কানাডায় রয়েছেন।

    ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, ইরান নিয়ে কূটনৈতিক আলোচনায় যাওয়াই সবচেয়ে ভাল উপায় হবে। তবে তিনি তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানাননি।

    ভন ডার লায়েন বলেন, তিনি টেলিফোনে নেতানিয়াহুর সঙ্গে একমত হয়েছেন যে “ইরানের কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, এতে কোনো প্রশ্নই নেই।”

    আগে ভন ডার লায়েন গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা করেছেন, কিন্তু তিনি এটাও বলেছেন, জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার সঙ্গে ইরানের অসহযোগিতা করছে। এর মানে ইসরায়েল “নিজেকে রক্ষা করার অধিকার রাখে।”

    তিনি আরো বলেন, “ইরানই এই অঞ্চলের প্রধান অস্থিতিশীলতার উৎস।”

    বর্তমানে ভন ডার লায়েন কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন, সেখানে তিনি জানান, এই সম্মেলনে ইসরায়েল ও ইরানের দ্বন্দ্বের পাশাপাশি রাশিয়ার ইউক্রেনে চলমান আগ্রাসনও আলোচনা হবে।

    তিনি বলেন, “ইরানি নকশায় তৈরি একই ধরনের ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেন ও ইসরায়েলের শহরগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে। এসব হুমকি একসাথে মোকাবেলা করা দরকার।”

  12. তেহরানের বাসিন্দারা 'মূল্য পরিশোধ করবে': ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

    ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইসরায়েলি নাগরিকদের ওপর ইরানের হামলার জন্য ‘মূল্য পরিশোধ করতে হবে’ তেহরানের বাসিন্দাদের।

    ইরানের রাতভর হামলায় ইসরায়েলের পাঁচজন নিহত এবং ৯২ জন আহত হয়েছেন বলে জানাচ্ছে কর্তৃপক্ষ।

    ইসরায়েল কাৎজ ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, ইসরায়েলের বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে ইরান হামলা চালাচ্ছে, যাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সক্ষমতা ভেঙে পড়ে এবং তারা হামলা চালানো বন্ধ করে দেয়।

    কাৎজ খামেনিকে “এক জন কাপুরুষ খুনি” এবং “এক জন অহংকারী স্বৈরশাসক” হিসেবে আখ্যা দেন।

    তিনি বলেন, ইসরায়েল "শিগগিরই পাল্টা হামলা চালাবে"।

  13. ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

    ইরানের বিচার বিভাগের মিডিয়া সেন্টার মিজান জানিয়েছে, “ইসরায়েলের জায়োনিস্ট শাসনব্যবস্থার পক্ষে গোয়েন্দা সহযোগিতা ও গুপ্তচরবৃত্তির” অপরাধে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

    জায়োনিজম হলো একটি রাজনৈতিক আন্দোলন যা ইহুদি জনগোষ্ঠীর জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার কাজ করে। যারা জায়নবাদ নামক এই রাজনৈতিক মতবাদে বিশ্বাসী তাদেরকে জায়োনিস্ট বলা হয়।

    ইরানের রাজনৈতিক ভাষায় ‘জায়োনিস্ট শাসনব্যবস্থা’ বলতে ইসরায়েলকে বোঝানো হয়।

    মিজান জানিয়েছে, খোদানাজারের ছেলে ইসমাইল ফিকরি, ১৪০২ সালে মানে ইংরেজি ২০২৩ সালের ডিসেম্বরে গ্রেপ্তার হন।

    তিনি এখনও 'জায়োনিস্ট শাসনব্যবস্থার গুপ্তচর-সন্ত্রাসী সংস্থার' সঙ্গে সক্রিয় যোগাযোগে ছিলেন।

    তাকে একটি জটিল কারিগরি ও গোয়েন্দা অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।

  14. জরুরি বৈঠকে বসেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা

    ইরানের পারমাণবিক স্থাপনা

    আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সোমবার নির্ধারিত বিশেষ বৈঠকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলের হামলা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

    সংস্থাটির পরিচালনা পর্ষদের এই বৈঠক রাশিয়ার অনুরোধে ডাকা হয়েছে।

    আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানান, ইসরায়েল ইরানের ইসফাহান ও ফোর্দো পারমাণবিক স্থাপনা এবং নাতাঞ্জের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে।

    এই হামলায় দুইজন পারমাণবিক বিজ্ঞানীসহ ছয়জন বিজ্ঞানী নিহত হয়েছেন।

  15. ইসরায়েলের ওপর ইরানের সর্বশেষ হামলা নিয়ে আরও তথ্য

    ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সোমবার ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কয়েকটি স্থান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

    সেখানকার দমকল বাহিনী জানিয়েছে, ভূমধ্যসাগর উপকূলে একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গিয়েছে।

    সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্র ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়ার ঠিক পরপরই সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, "হোমফ্রন্ট কমান্ড সার্চ অ্যান্ড রেসকিউ টিমগুলোকে ইসরায়েলের এসব ক্ষতিগ্রস্ত স্থানে পাঠানো হয়েছে"।

    ফায়ার সার্ভিস বলেছে, উদ্ধারকর্মীরা উপকূলবর্তী একটি ভবনের দিকে যাচ্ছেন, যেটি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে।

    ইসরায়েলের জরুরি সেবা সংস্থা, মাগেন ডেভিড আদম- এমডিএ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে তাদের দল উপকূলীয় শহর হাইফাতে মোতায়েন রয়েছে এবং সেখানে কয়েকটি গাড়িতে আগুন লেগেছে এবং একটি আবাসিক ভবনের সামনের অংশ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেছে।

    এমডিএ জানিয়েছে, তারা হামলায় আহত সাতজনকে হাসপাতালে নিয়ে গেছে, যার মধ্যে ৭২ বছর বয়সী একজন নারীও আছেন।

    তাকে উত্তর ইসরায়েলের একটি শহরে পাঠানো হয়েছে, যেখানে “একটি ভবন ও যানবাহন ক্ষেপণাস্ত্র হামলায় পুড়ে গেছে” বলে রিপোর্ট করা হয়েছে।

  16. ইসরায়েলে ইরানের হামলার পরের ছবি

    সোমবার ভোরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তোলা ছবিতে দেখা যাচ্ছে, তেল আভিভে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালাচ্ছেন।

    সোমবার ভোরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তোলা ছবি

    ছবির উৎস, Reuters

    সোমবার ভোরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তোলা ছবি

    ছবির উৎস, Reuters

    সোমবার ভোরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তোলা ছবি

    ছবির উৎস, Reuters

  17. শুক্রবার থেকে ইসরায়েলে অন্তত ২০ জন নিহত

    ইরান ইসরায়েল ক্ষেপণাস্ত্র

    ছবির উৎস, Getty Images

    ইরানের রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে পাঁচ নিহত হয়েছেন, বলে জানিয়েছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা।

    এর ফলে শুক্রবার থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েলের পারস্পরিক হামলায় ইসরায়েলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২০ জনে।

    এদিকে, রোববার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার থেকে ইসরায়েলি হামলায় তাদের দেশে ২২৪ জন নিহত হয়েছেন।

    ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আরো পড়তে পারেন:

  18. ইরান ইসরায়েল যুদ্ধ: গত কয়েক ঘণ্টার আপডেট

    আপনি যদি মাত্রই বিবিসির সঙ্গে যুক্ত হয়ে থাকেন, গত কয়েক ঘণ্টায় যা ঘটেছে তা সংক্ষেপে জেনে নিতে পারেন।

    • ইরান ইসরায়েলের উপর একটানা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, আর সেখানে থাকা বিবিসির সংবাদদাতা বলেছেন, ‘‘এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় আঘাত মনে হয়েছে’’।
    • ইরানের হামলায় ইসরায়েলের প্রাণকেন্দ্রে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন, আর ৯২ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
    • তেল আবিব ও বন্দরনগরী হাইফাসহ প্রধান ইসরায়েলি শহরগুলো বিস্ফোরণে কেঁপে উঠেছে, শুধু হাইফাতেই প্রায় ৩০ জন আহত হয়েছেন।
    • ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলার আগে, ইসরায়েল ইরানে ভূমি‑থেকে‑ভূমিতে ছোড়া ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালায় এবং ইরানের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা প্রধানকে হত্যা করে।
    • শুক্রবার দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলার পর থেকে ইসরায়েলের হামলায় কমপক্ষে ২২৪ জন ইরানি নিহত হয়েছেন; ইরানের স্বাস্থ্যমন্ত্রণালয়ের মতে, নিহত ৯০ শতাংশ মানুষই বেসামরিক।
    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশাবাদী যে ইসরায়েল ও ইরান একটি সমঝোতায় পৌঁছাতে পারবে, যদিও কখনও কখনও দেশগুলোকে “লড়তে হয়’’। মার্কিন গণমাধ্যম জানায়, ট্রাম্প ইসরায়েলের আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন।
    • এই হামলাগুলো ঘটেছে এমন সময়ে, যখন জি–৭ নেতারা কানাডায় শীর্ষ সম্মেলনে জড়ো হচ্ছেন; বিবিসির উত্তর আমেরিকার প্রধান সংবাদদাতা বলেছেন, সব চোখ এখন ইসরায়েল ও ইরানের দিকে।
  19. ইসরায়েলে ইরানের হামলায় ৫ জন নিহত

    রাতভর ইরানি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে কেঁপে ওঠে ইসরায়েলি শহর তেল আবিব।

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, রাতভর ইরানি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে কেঁপে ওঠে ইসরায়েলি শহর তেল আবিব।

    ইসরায়েলের প্রাণকেন্দ্রে ইরানের হামলায় পাঁচ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম- এমডিএ।

    নিহতদের মধ্যে দুইজন নারী ও দু্ইজন পুরুষ, যাদের সবারই বয়স ৭০ এর ঘরে। এছাড়া ৯২ জন আহত হয়েছেন। সবশেষ নিহতের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

    আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে, যার মধ্যে একজন ৩০ বছর বয়সী নারী মুখে গুরুতর আঘাত পেয়েছেন, ছয় জন মাঝারি মাত্রায় আহত এবং ৮৫ জন সামান্য আহত হয়েছেন।

    জরুরি সেবা সংস্থা আরও জানিয়েছে, দুটি স্থানে উদ্ধার অভিযান এখনো চলছে।

  20. ট্রাম্প ইসরায়েলকে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতাকে 'হত্যা না করতে'

    খামেনি, ট্রাম্প, নেতানিয়াহু

    ইরানের সর্বোচ্চ নেতা  আয়াতোল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা আটকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

    এই তথ্য তিনটি সূত্র সিবিএসকে (বিবিসির আমেরিকান সংবাদ সহযোগী) জানিয়েছে।

    রিপোর্টে বলা হয়েছে, শুক্রবার  ইসরায়েল  যখন  ইরানে  হামলা  চালায়, তার পর  হওয়া  এক  আলোচনায় মি.  ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, খামেনিকে হত্যার পরিকল্পনা 'কোন ভালো আইডিয়া না'।

    যদিও, এ বিষয়ে ট্রাম্প জনসমক্ষে কোনো মন্তব্য করেননি। রয়টার্সের খবরে বলা হয়েছে, মি. ট্রাম্প  খামেনিকে  হত্যার  পরিকল্পনায় 'ভেটো' দিয়েছিলেন।

    তবে, ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু রয়টার্সের ওই খবরের সত্যতা সরাসরি  নিশ্চিত করেননি, আবার অস্বীকারও করেননি।

    তিনি বলেছেন, “এ ধরণের সংলাপ নিয়ে অনেক ভুয়া রিপোর্ট আছে, যেসব কথোপকথন বাস্তবে  কখনো  হয়নি,  আমি  ওইসব বিষয়ে কথা বলতে চাই না।”

    “কিন্তু আমি একটা বিষয় বলতে পারি, আমাদের যা করা দরকার, আমরা তা -ই করবো। আমরা  যা  দরকার,  তা  করব  এবং আমার মনে হয় যুক্তরাষ্ট্র জানে তাদের জন্য কোনটা ভালো হবে - আমি এটি নিয়ে আর বাড়তি কিছু বলব না।”

    ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আরো পড়তে পারেন: