আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

হরমুজ প্রণালি খুলতে চাই, চুক্তিতে পৌঁছাতে তাড়াহুড়ো নেই: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা আবার শুরুর চেষ্টা করতে আবারো তেহরানে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। এদিকে, চীন ও রাশিয়ার মধ্যে গ্যাস পাইপলাইন নির্মাণ পরিকল্পনা নবায়নসহ ২০টিরও বেশি চুক্তিতে সই করেছেন শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. ইরানে ফের হামলা হলে যুদ্ধ অঞ্চলের বাইরেও ছড়াবে: আইআরজিসি

    ইরানের রেভল্যুশনারি গার্ডস এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তবে সেই যুদ্ধ “অঞ্চল ছাড়িয়ে বিস্তৃত হবে”।

    ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি কর্মকর্তাদের ইরানের ওপর পুনরায় হামলার হুমকির প্রসঙ্গ টেনে বিবৃতিতে বলা হয়, “ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পুনরাবৃত্তি হলে যুদ্ধ এবার অঞ্চল ছাড়িয়ে যাবে এবং আমাদের বিধ্বংসী আঘাত আপনাদের এমন স্থানে কালো মাটিতে ফেলে দেবে যা আপনি কখনও কল্পনাও করেননি।”

    ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলা শুরু করার আশঙ্কা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির বক্তব্যের প্রতিক্রিয়ায় এক্স নেটওয়ার্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি লিখেছেন, “আমরা যে শিক্ষা পেয়েছি এবং যে জ্ঞান অর্জন করেছি, তাতে নিশ্চিন্ত থাকুন-যুদ্ধক্ষেত্রে প্রত্যাবর্তন আরও অনেক বেশি চমক নিয়ে আসবে।”

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেন, ইরানের ওপর আরেকটি সামরিক হামলার প্রস্তুতির ঠিকআগে মধ্যপ্রাচ্যের নেতাদের অনুরোধে তিনি সেই হামলা বাতিল করার নির্দেশ দেন।

  2. ‘রাশিয়ার আছে মধু ও কাঁকড়া, আর চীনের আছে ড্রোন ও রোবট’, ভিটালি শেভচেঙ্কো, চিফ অ্যানালিস্ট, বিবিসি মনিটরিং

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ও চীন সমান অংশীদার হতে চায়, কিন্তু বাস্তবে বর্তমানে তারা মোটেও সমান অবস্থানে নেই।

    এর একটি প্রধান কারণ হলো দুই দেশের অর্থনীতির আকারের বিশাল পার্থক্য। চীনের অর্থনীতি রাশিয়ার তুলনায় প্রায় আট গুণ বড়।

    আরেকটি বড় পার্থক্য হলো, চীনের অর্থনীতি প্রযুক্তিগতভাবে অনেক বেশি উন্নত।

    তাই অবাক হওয়ার কিছু নেই যে, কিছু রুশ নাগরিক মনে করেন বেইজিং তাদের জন্য মস্কোর চেয়ে বেশি কিছু করতে পারে।

    প্রেসিডেন্ট পুতিন চীন সফরে যাওয়ার কয়েক দিন আগে একটি ভিডিও প্রকাশ পায়, যেখানে সাইবেরিয়ার শহর ইরকুতস্কের বাসিন্দারা চীনের কাছে তাদের জন্য একটি নতুন স্কুল নির্মাণের অনুরোধ জানান।

    ওই ভিডিও বার্তায় বলা হয়, তারা গত পাঁচ বছর ধরে মস্কোর কাছে এই দাবি জানিয়ে আসছেন, কিন্তু কোনো ফল পাননি।

    ভিডিওতে বাসিন্দাদের একজন প্রতিনিধি ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ করে বলেন, “আপনি কীভাবে জন্মহার বাড়াবেন, সেটা আমাদের কাছে এক বড় রহস্য।” তিনি রাশিয়ায় জনসংখ্যা হ্রাস ঠেকানোর বিষয়ে পুতিনের দীর্ঘদিনের লক্ষ্যকে ইঙ্গিত করছিলেন।

    রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলে পুতিনের প্রতিনিধি ইউরি ত্রুতনেভও চীনের হারবিন শহরে চলমান এক প্রদর্শনীতে চীন ও রাশিয়ার পণ্যের পার্থক্য চোখ এড়াতে পারেননি।

    তিনি রাষ্ট্রীয় রুশ সংবাদ সংস্থা তাস-কে বলেছেন, “আমাদের কাছে শুধু মধু আর কাঁকড়া আছে, আর আমাদের (চীনা) বন্ধুদের কাছে আছে ড্রোন আর রোবট। সত্যি বলতে, এতে আমি কিছুটা হতাশ।”

  3. পুতিন ও শি ২০টির বেশি সমঝোতায় স্বাক্ষর করলেন, ‘একতরফা দাদাগিরি’র বিরোধিতায় ঐকমত্য

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি চীন-রাশিয়ার মধ্যে কৌশলগত সমন্বয় আরও জোরদার করা এবং “সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা গভীরতর করার” বিষয়ে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

    তারা বাণিজ্য, প্রযুক্তিগত সহযোগিতা এবং অন্যান্য বিভিন্ন ইস্যু নিয়ে আরও প্রায় ২০টি নথিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

    চীন ও রাশিয়ার কর্মকর্তারা বাণিজ্য, প্রযুক্তি, মেধাস্বত্ব এবং বৈজ্ঞানিক গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তিতে স্বাক্ষর করেছেন।

    সমঝোতায় স্বাক্ষরের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ও রাশিয়ার সম্পর্ক ক্রমশ উন্নত হয়েছে এবং তা এখন "সর্বোচ্চ স্তরের সমন্বিত কৌশলগত অংশীদারিত্বে" পৌঁছেছে।

    তিনি আরও বলেছেন, দুই দেশ সমান মর্যাদার ভিত্তিতে পারস্পরিক সম্মানের সঙ্গে একে অপরের সঙ্গে আচরণ করেছে। তার দাবি, দ্বিপাক্ষিক সম্পর্ক এখন "একটি নতুন সূচনা বিন্দুতে" পৌঁছেছে।

    শি জিনপিং আরও বলেছেন, চীন ও রাশিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াবে।

    তিনি বলেন, আন্তর্জাতিক ন্যায়বিচার রক্ষা এবং "সব ধরনের একতরফা দাদাগিরি ও ইতিহাসকে উল্টে দেওয়ার প্রচেষ্টা" বিরোধিতা করতে চীন ও রাশিয়াকে দৃঢ়ভাবে "দায়িত্বশীল বৃহৎ শক্তি" হিসেবে ভূমিকা পালন করতে হবে।

  4. গ্যাস পাইপলাইন নিয়ে চীন-রাশিয়া সমঝোতা

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক সহযোগী জানিয়েছেন, রাশিয়া ও চীন ‘পাওয়ার অব সাইবেরিয়া ২’ গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়ে একটি সাধারণ সমঝোতায় পৌঁছেছে।

    প্রকল্পটি বাস্তবায়িত হলে রাশিয়া থেকে প্রতিবছর সর্বোচ্চ ৫০ বিলিয়ন ঘনমিটার গ্যাস চীনে সরবরাহ করা সম্ভব হবে।

    পুতিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, “কিছু বিষয় এখনো চূড়ান্ত করা বাকি রয়েছে। তবে ইতোমধ্যেই একটি সমঝোতা তৈরি হয়েছে”। রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরআইএ নভস্তি এ তথ্য জানিয়েছে।

    তিনি আরও জানান, চীন ও রাশিয়ার এই সমঝোতার মধ্যে পাইপলাইনের রুট এবং নির্মাণ পদ্ধতিও অন্তর্ভুক্ত রয়েছে।

    তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য বা সময়সূচি প্রকাশ করা হয়নি।

  5. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা

    • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন। মঙ্গলবার বেইজিংয়ে পা রাখার আগে চীনের জনগণের উদ্দেশে ক্রেমলিনের পক্ষ থেকে পুতিনের একটি বিশেষ ভিডিও বার্তা প্রকাশ করা হয়।
    • দেশে হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনায় রুল জারি করেছেন হাইকোর্ট। হামে মারা যাওয়া শিশুদের প্রত্যেক পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠনে কেন নির্দেশ দেওয়া হবে না, সেটিও জানতে চেয়েছেন আদালত।
    • হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় দেশের সব বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার জন্য আলাদা কেবিন রাখার নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
    • গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ছড়িয়ে পড়া ইবোলা মহামারি ধারণার চেয়েও দ্রুত গতিতে বিস্তার লাভ করতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও। দেশটিতে এই প্রাদুর্ভাবে ইতোমধ্যে অন্তত ১৩১ জনের মৃত্যু হয়েছে।
    • জুলাই-অগাস্ট মাসের মধ্যে বাংলাদেশে একটি গণমাধ্যম নীতিমালা প্রণয়ন এবং কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
    • অনুমোদন ছাড়া নির্মাণের অভিযোগে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জীর বাড়ির একটি অংশ ভাঙার জন্য নোটিস দিয়েছে কলকাতার পুরসভা।
    • গাজা উপত্যকার উদ্দেশে রওনা হওয়া ৫০টিরও বেশি নৌকার একটি ত্রাণবাহী বহর আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী।
    • র‍্যাব আগের মতো করে থাকছে না, এই বাহিনীর জন্য পৃথক একটি আইন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
    • ভারতের স্ট্র্যাটেজিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের ‘শিলিগুড়ি করিডোর’ বা ‘চিকেনস নেক’ নামে পরিচিত সরু ভূখণ্ডের অনেকটা জমি ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর করেছে রাজ্য সরকার।
  6. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে