ফজলুর রহমানের সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। এদিকে, তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের শিক্ষার্থীরা। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা হলো

    • বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে তার দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটি জানিয়েছে।
    • বুধবার থেকে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের হার দাঁড়াবে ৫০ শতাংশে।
    • গাজায় চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ ও হামাসের হাতে আটক থাকা বাকি জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনার দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভকারীরা সমাবেশ করেছেন। বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায় বিভিন্ন এলাকায়।
    • গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ৭৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬২ হাজার ৮১৯ জনে দাঁড়িয়েছে।
    • দক্ষিণ গাজার একটি হাসপাতালে পাঁচ জন সাংবাদিকসহ অন্তত ২০ জন নিহতের ঘটনায় “ন্যায়বিচার হওয়া দরকার” বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়।
    • প্রায় সাড়ে চার ঘণ্টা পর শাহবাগ থেকে অবরোধ তুলে নেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের বিক্ষোভরত শিক্ষার্থীরা। তিন দফা দাবিতে বিকাল প্রায় পৌনে চারটা থেকে রাত সোয়া আটটা পর্যন্ত সেখানে অবস্থান নিয়েছিলেন তারা।
    • বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ রাখার উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর।
    • বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে চার দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে।
    • শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া অতিরিক্ত ২৫ জন বিচারক।
    • ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের দিন আগামী নয়ই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখে 'স্ট্রাইকিং ফোর্স' হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাবি প্রশাসন জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করবে এবং ভোট শেষে ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র কর্ডন করে রাখবেন সেনা সদস্যরা।
    • মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় কয়েকদিনের মধ্যেই যৌথবাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
    • আগামী বছর ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন হবে এবং এ বিষয়ে নির্বাচন কমিশন, সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    বিবিসি বাংলায় লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।

    দেশ-বিদেশের খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়.....

  2. ভারতে ২০০ মিলিয়ন বছর আগের বিরল জীবাশ্মের সন্ধান দাবি গবেষকদের

    কুমিরের মতো প্রজাতির জীবাশ্ম

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে জুরাসিক যুগের একটি বিরল কুমিরের মতো প্রজাতির জীবাশ্ম আবিষ্কার করেছেন গবেষকরা

    ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে জুরাসিক যুগের একটি কুমিরের মতো প্রজাতির বিরল জীবাশ্ম আবিষ্কারের তথ্য জানিয়েছেন গবেষকরা।

    গবেষকরা জানিয়েছেন, ফাইটোসর নামে পরিচিত এই জীবাশ্মটি দেড় থেকে দুই মিটার লম্বা এবং সম্ভবত ২০০ মিলিয়ন বা ২০ কোটি বছরের বেশি পুরোনো।

    রাজস্থানের জল বিভাগের জ্যেষ্ঠ জলভূতত্ত্ববিদ ড. নারায়ণদাস ইনখিয়া ও তার দল জয়সলমীর জেলার মেঘা গ্রামে এই জীবাশ্ম আবিষ্কার করে।

    মি. ইনখিয়া বিবিসিকে বলেন, “এই স্থানে আরও অনেক লুকানো জীবাশ্ম থাকতে পারে। যা বিবর্তনের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সূত্র দিতে পারে।”

    তিনি আরও বলেন, “ফসিল টুরিজমের জন্য এই অঞ্চলটিকে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবেও তুলে ধরতে পারে এই আবিষ্কার।”

    গত সপ্তাহে কয়েকজন গ্রামবাসী ওই এলাকায় একটি হ্রদ খনন করার সময় প্রথম দেহাবশেষ দেখতে পায়। সে সময় মাটিতে কিছু গঠন লক্ষ্য করে তারা যেটি দেখতে বড় কঙ্কালের কাঠামোর মতো এবং বিষয়টি কর্তৃপক্ষকে জানায় তারা।

  3. 'লংমার্চ টু ঢাকা' কর্মসূচি ডেকে শাহবাগ ছাড়লেন বুয়েট শিক্ষার্থীরা

    শাহবাগে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
    ছবির ক্যাপশান, প্রায় সাড়ে চার ঘণ্টা পর শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের শিক্ষার্থীরা

    প্রায় সাড়ে চার ঘণ্টা পর শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের বিক্ষোভরত শিক্ষার্থীরা। তিন দফা দাবিতে বিকাল প্রায় পৌনে চারটা থেকে সেখানে অবস্থান নিয়েছিলেন তারা।

    শাহবাগ থানার ওসি মনসুর খালিদ বিবিসি বাংলাকে জানান, রাত সোয়া আটটার দিকে শিক্ষার্থীরা শাহবাগের অবরোধ তুলে নিয়ে সেখান থেকে চলে যান।

    রাত আটটায় ঘটনাস্থলে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বিক্ষোভকারীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন।

    'সন্ত্রাস ও বৈষম্য' রোধে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থী ও প্রকৌশলীদের 'লংমার্চ টু ঢাকা' কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

    আগামীকাল বুধবার সকাল দশটায় আবার শাহবাগে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।

    শিক্ষার্থীরা জানান, আজ সকালে তারা ১১ জন সদস্য নিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। তবে বৈঠকে সন্তোষজনক ফলাফল আসেনি।

    এছাড়া জনপ্রশাসন সচিব সেখানে থাকার কথা থাকলেও তিনি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। একই সঙ্গে অভিযোগ করেন, রংপুরে প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হত্যার হুমকি দিলেও প্রশাসন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।

    হুমকিদাতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা। এটাই তাদের প্রথম দাবি উল্লেখ করে আরও জানান, আগে তারা যে তিন দফা দাবি জানিয়েছেন, সেগুলো মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।

    শিক্ষার্থীদের দাবিগুলো হলো–– ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী ও সমমান পদে নিয়োগ পেতে সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া, সহকারী প্রকৌশলী পদের জন্য ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে, কোটার মাধ্যমে কোনো পদোন্নতি দেওয়া যাবে না।

    একইসাথে অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।

    এছাড়া টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী সবার জন্য উন্মুক্ত করা, ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার দাবিও তুলেছেন শিক্ষার্থীরা।

  4. সাদা পাথর লুটে জড়িতদের বিষয়ে 'অনুসন্ধান' শুরুর তথ্য জানিয়েছে সিআইডি

    ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাট হয়ে যায় সম্প্রতি

    ছবির উৎস, MAHBUBUR RAHMAN RIPON

    ছবির ক্যাপশান, সম্প্রতি সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুট নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়

    সিলেটের সাদা পাথর লুটপাটের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম শুরু করার তথ্য জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি।

    সিআইডি'র বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, সিলেটের ‘সাদা পাথর’ লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত একাধিক খবরের প্রেক্ষিতে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী অনুসন্ধান শুরু করেছে।

    বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী লুটপাটের ঘটনায় প্রায় ৫০ জন ব্যক্তির প্রাথমিক সংশ্লিষ্টতার বিষয়ে অভিযোগ পাওয়ার পর অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নিয়েছে সিআইডি।

    সাদা পাথর লুটপাটের ঘটনায় পরিবেশগত অপরাধ ঘটিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার লক্ষ্যে যে সব ব্যক্তি ও সংঘবদ্ধ অপরাধ চক্র জড়িত তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিআইডি।

    সিলেটের ভোলাগঞ্জে ধলাই নদের উৎসমুখে প্রাকৃতিকভাবে পাহাড়ি ঢলের তোড়ে ভেসে আসা পাথরে আচ্ছাদিত এলাকাটি 'সাদা পাথর' নামে পরিচিতি পায় এবং পর্যটন স্পট হিসেবে গত কয়েক বছরে বেশ সাড়া ফেলে।

  5. রমজান শুরুর এক সপ্তাহ আগে নির্বাচন হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই: সালাহউদ্দিন আহমদ

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

    ছবির উৎস, TV GRAB

    ছবির ক্যাপশান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

    আগামী বছর ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন হবে এবং এ বিষয়ে নির্বাচন কমিশন, সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    এক সংবাদ সম্মেলনে মি. আহমদ বলেন, “আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধের রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোনো সংশয়-সন্দেহ নেই।”

    “সরকারের তরফ থেকেও নেই, নির্বাচন কমিশনের তরফ থেকেও নেই। আমাদের তরফ থেকে তো না থাকারই কথা। আমরা তো আরও আগেই নির্বাচন চেয়েছিলাম,” বলেন তিনি।

    দুই-একটি রাজনৈতিক দল এই নির্বাচন নিয়ে বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি জানান এটা রাজনৈতিক কৌশল হতে পারে।

    কোনো দল নির্বাচনে যেতে না চাইলে সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও জানান তিনি।

    “বাংলাদেশের রাজনীতিতে এখন নির্বাচনের আমেজ বিরাজমান। জনগণ সবাই নির্বাচনমুখী হয়ে গেছে। এখন যারাই নির্বাচনের বিরুদ্ধে কথা বলবে তারা জাতীয় রাজনীতি থেকে নিজেরা নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন সেই ঝুঁকি যদি কেউ নেয় নিতে পারে” বলেন বিএনপির এই নেতা।

  6. ফজলুর রহমানের সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি

    ফজলুর রহমান
    ছবির ক্যাপশান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের জবাব সন্তোষজনক না হওয়ায় তার বিষয়ে শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে দলটি

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে তার দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটি জানিয়েছে।

    বিএনপির একাধিক নেতা বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে, গত রোববার জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানকে নিয়ে 'কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর' বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে তাকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল।

    মি. রহমান ওই সময়ের মধ্যে জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করলে গতকাল সোমবার আরও একদিন সময় বাড়ানো হয়। তিনি আজ লিখিতভাবে যে জবাব দিয়েছেন তা 'সন্তোষজনক নয়' বলে জানিয়েছেন বিএনপির নেতারা।

    এছাড়া বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে তার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে শুধু দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

    একই সাথে, এখন থেকে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়েও মি. রহমানকে সতর্ক করা হয়েছে বলে দলীয় সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছে।

    এর আগে গতকাল তিনি দলীয় যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নেওয়ার কথা জানান।

  7. ডাকসু নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন পাওয়া ৪৭১ জন প্রার্থী ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'অপরাজেয় বাংলা' ভাস্কর্য
    ছবির ক্যাপশান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা আগামী ৯ই সেপ্টেম্বর

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ৪৭১ জন। ৫০৯ জন প্রার্থীর মধ্যে ২৮ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

    চূড়ান্ত মনোনয়ন পাওয়া ৪৭১ জন প্রার্থী ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

    আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জনসংযোগ দপ্তর।

    আগামী নয়ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১২ জন লড়ছেন।

    এর আগে গত ১২ই অগাস্ট থেকে ১৯ শে অগাস্ট পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং ২০ শে অগাস্টের মধ্যে জমা দেন।

    এরই মধ্যে ভোটের দিনের তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

  8. গাজায় হাসপাতালে দ্বিতীয়বার হামলার ঘটনায় ন্যায়বিচারের আহ্বান জাতিসংঘের

    জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র থামিন আল খেতান জেনেভায় কথা বলছেন

    ছবির উৎস, AFP

    ছবির ক্যাপশান, জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র থামিন আল খেতান

    দক্ষিণ গাজার একটি হাসপাতালে পাঁচ জন সাংবাদিকসহ অন্তত ২০ জন নিহতের ঘটনায় “ন্যায়বিচার হওয়া দরকার” বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়।

    নাসের হাসপাতালে হামলার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ঘটনাকে ‘দুঃখজনক দুর্ঘটনা’ উল্লেখ করে তিনি বলেছেন, “ইসরায়েল এই ঘটনার জন্য গভীরভাবে অনুতপ্ত।”

    কিন্তু আজ সকালে জেনেভায় সাংবাদিকদের সাথে কথা বলার সময় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের একজন মুখপাত্র “এই তদন্তের ফলাফল আসা দরকার” বলে মন্তব্য করেন।

    এক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র থামিন আল খেতান বলেন, “এই সাংবাদিকরা পুরো বিশ্বের চোখ ও কান এবং অবশ্যই তাদের রক্ষা করা উচিত। ন্যায়বিচার হওয়া দরকার। আমরা এখনো জবাবদিহিতামূলক কোনো ব্যবস্থা দেখিনি।”

  9. তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের

    বুয়েটের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন শাহবাগে

    ছবির উৎস, Neel Mahabub

    ছবির ক্যাপশান, বুয়েটের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন শাহবাগে

    ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী ও সমমান পদে নিয়োগ পেতে সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়াসহ তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের শিক্ষার্থীরা।

    এর ফলে শাহবাগের যান চলাচল বন্ধ হয়ে আছে। বুয়েট ছাড়াও একাধিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন।

    আজ মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এর ফলে শাহবাগের চারদিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

    শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর খালিদ বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানিয়েছেন, পৌনে চারটা থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবিতে শাহবাগের মোড় অবরোধ করে সেখানে অবস্থান নিয়েছেন। এখন পাঁচটায়ও তারা সেখানে রয়েছেন।

    ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচির অংশ হিসেবেই শাহবাগ মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা।

    তিন দফা দাবির মধ্যে আরো রয়েছে, সহকারী প্রকৌশলী পদের জন্য ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে, কোটার মাধ্যমে কোনো পদোন্নতি দেওয়া যাবে না।

    একইসাথে অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।

    এছাড়া টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী সবার জন্য উন্মুক্ত করা, ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

    এর আগে, নবম গ্রেডে ডিপ্লোমাধারীদের নিয়োগ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে তিন দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় প্রকৌশলী অধিকার আন্দোলন নামের শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম।

    সন্ধ্যার পরও শাহবাগে অবস্থান করছিলেন অবরোধকারীরা

    ছবির উৎস, Neel Mahabub

    ছবির ক্যাপশান, সন্ধ্যার পরও শাহবাগে অবস্থান করছিলেন অবরোধকারীরা
  10. গাজায় ২৪ ঘণ্টায় ৭৫ জন নিহত

    গাজা সিটিতে একটি বাড়িতে ইসরায়েলি হামলার ঘটনাস্থল পরিদর্শন করছেন এক ফিলিস্তিনি নারী

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ৭৫ জন মারা গেছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়

    গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ৭৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত এই মৃত্যুর সংখ্যা ৬২ হাজার ৮১৯ জনে দাঁড়িয়েছে।

    গাজায় আহত হয়ে ৩৭০ জন হাসপাতালে এসেছেন এবং “এখনো কিছু ভুক্তভোগী ধ্বংস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন” বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

    তারা জানিয়েছে, সর্বশেষ পরিসংখ্যানে অপুষ্টি এবং অনাহারে মারা যাওয়া তিন জনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

  11. গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় যৌথ বাহিনী ব্যবস্থা নেবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

    মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় কয়েকদিনের মধ্যেই যৌথবাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

    আজ মঙ্গলবার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

    মি. চৌধুরী বলেন, “ওই এলাকায় আমরা ক্যাম্পটা কিন্তু খুব রিসেন্টলি করে দিয়েছি। যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা যৌথ বাহিনী করে দেওয়া হইছে। আপনারা কয়েকদিনের ভেতরেই হয়তো ভালো সংবাদ পাবেন। এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে ফায়ার করছে, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো।”

    এর আগে গতকাল সোমবার গজারিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।

    গত বছরের অগাস্টে আশেপাশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে যেসব অস্ত্র লুট করা হয়েছিল, হামলায় সেসব অস্ত্রই ব্যবহার করা হয়েছে বলে বিবিসি বাংলার কাছে গতকাল দাবি করেছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার আলম আজাদ।

    মি. আজাদ জানান, সোমবার সন্ধ্যার দিকে তারা বিশেষ অভিযান পরিচালনার সময় অতর্কিতে আক্রমণ চালায় ‘সন্ত্রাসীরা।’

    হামলাকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর হেলমেট, বুলেট প্রুফ ভেস্ট পরা ছিল বলেও জানান এই কর্মকর্তা।

    “তারা অবৈধ বালুমহাল নিয়ন্ত্রণ ও স্থানীয় পর্যায়ে চাঁদাবাজির সঙ্গে যুক্ত,” বলেন তিনি।

    হামলার মুখে পুলিশ পাল্টা গুলি চালালে এক পর্যায়ে পালিয়ে যায় ‘সন্ত্রাসীরা’। এতে পুলিশের কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছিলেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

  12. ডাকসুর ভোটের দিন ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে থাকবে সেনাবাহিনী

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু
    ছবির ক্যাপশান, আগামী নয়ই সেপ্টেম্বর ডাকসুর ভোট অনুষ্ঠিত হবে

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের দিন আগামী নয়ই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী।

    প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করবে এবং ভোট শেষে ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র কর্ডন করে রাখবেন সেনা সদস্যরা।

    ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদের প্রার্থীদের সঙ্গে আজ চিফ রিটার্নিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সেখানেই এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

    আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    ডাকসু নির্বাচনের সময় আটটি কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা, হলে বহিরাগত প্রবেশ নিষেধ, ভোটারদের জন্য অতিরিক্ত বাস ট্রিপ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

    একইসাথে ভোট গণনার সময় সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশের সুযোগ থাকবে না।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে রিটার্নিং কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পুলিশ বাহিনী দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে টহল টিমসহ সংশ্লিষ্ট শাখাগুলো সক্রিয় রয়েছে।

    ভোট গ্রহণের দিন তিন স্তরের নিরাপত্তার প্রথম স্তরে থাকবেন বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সদস্য ও প্রক্টরিয়াল টিম। দ্বিতীয় স্তরে পুলিশ বাহিনী মোতায়েন থাকবে।

    তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখে সেনাবাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে অবস্থান করবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা।

    সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্বাচনের সাত দিন আগে থেকে আবাসিক হলে কোনো বহিরাগত থাকতে পারবে না। নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে এ ব্যবস্থা কার্যকর করা হবে।

    তবে ছাত্রীদের হলগুলোতে কখনোই বহিরাগতরা থাকতে পারেন না।

    নির্বাচনের আগের দিন আটই সেপ্টেম্বর ও নির্বাচনের দিন নয়ই সেপ্টেম্বর মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোপুরি সিলগালা থাকবে বলে উল্লেখ করা হয়েছে এতে।

    এছাড়া বৈধ শিক্ষার্থী, অনুমোদিত সাংবাদিক ও নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া অন্য কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না বলেও আজকের বৈঠকে জানানো হয়েছে।

    একই সাথে যেসব শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে থাকেন, তাদের ভোট দেওয়ার জন্য বিভিন্ন রুটে বাসের অতিরিক্ত ট্রিপের ব্যবস্থা করা হবে। এসব বাস নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

    সিনেট ভবনের আজকের বৈঠকে এসব নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে কোনো প্রার্থী দ্বিমত পোষণ করেননি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    সভায় প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রিটার্নিং কর্মকর্তারা দিকনির্দেশনাও দিয়েছেন।

  13. গাজায় অনাহার ও অপুষ্টিতে ভুগে মারা গেছে আরও তিনজন

    উত্তর গাজা উপত্যকা

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, এর ফলে দুর্ভিক্ষ ও অপুষ্টিতে ভুগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৩ জনে। এদের মধ্যে ১১৭ জন শিশু রয়েছে।

    গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহার ও অপুষ্টিতে ভুগে আর তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি গতকাল মারা গিয়েছেন।

    এর ফলে দুর্ভিক্ষ ও অপুষ্টিতে ভুগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৩ জনে। এদের মধ্যে ১১৭ জন শিশু।

    গত সপ্তাহে প্রকাশিত জাতিসংঘ সমর্থিত এক প্রতিবেদনে গাজা শহর ও আশেপাশের এলাকায় দুর্ভিক্ষের বিষয়টি নিশ্চিত করা হয়।

    যদিও ইসরায়েল দুর্ভিক্ষের বিষয় অস্বীকার করে এই প্রতিবেদনকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছে।

  14. শপথ নিয়েছেন হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া অতিরিক্ত ২৫ বিচারক

    শপথ

    ছবির উৎস, Supreme court Pro

    ছবির ক্যাপশান, শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া অতিরিক্ত ২৫ জন বিচারক।

    শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া অতিরিক্ত ২৫ জন বিচারক।

    আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

    শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

    এর আগে সোমবার তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

    ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। শপথ গ্রহণের তারিখ থেকে তাদের এই নিয়োগ কার্যকর হবে।

    এতে বলা হয়েছে, সংবিধানের ৯৫ এর এক অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী ২৫ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে দুই বছরের জন্য হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

  15. ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন চলছে

    মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক

    ছবির উৎস, BGB

    ছবির ক্যাপশান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে চার দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে চার দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে।

    আজ মঙ্গলবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ৫৬তম এ সম্মেলন শুরু হলো।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি।

    বিজিবি জানিয়েছে, এবারের সম্মেলনে সীমান্ত হত্যা, পুশ ইন ও অবৈধ অনুপ্রবেশ রোধ, ভারত থেকে মাদক, অস্ত্র ও গোলাবারুদ এবং অন্যান্য চোরাচালান রোধসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনের বিষয়ে আলোচনা হবে।

    এছাড়াও আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং অননুমোদিত অবকাঠামো নির্মাণ রোধ, সীমান্ত নদীর তীর সংরক্ষণ এবং সীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায় নিয়েও কথা হবে।

    সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগ গ্রহণ, সাম্প্রতিককালে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অপপ্রচারের ফলে সীমান্তে সৃষ্ট উত্তেজনা প্রশমনে উদ্যোগ গ্রহণ এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় ও সীমান্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বিজিবি।

    এই সম্মেলনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধিদল অংশ নিচ্ছে।

    এছাড়া বিএসএফের মহাপরিচালক শ্রী দালজিৎ সিং চৌধুরী, আইপিএস এর নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে যোগ দিয়েছে।

    আলোচনা শেষে আগামী ২৮শে অগাস্ট সকালে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। ওই দিনই ভারতীয় প্রতিনিধিদল চলে যাবে বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  16. ইসরায়েল-জুড়ে সড়ক অবরোধ

    তেল আভিভে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও যানবাহন আটকে বিক্ষোভ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, তেল আভিভে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও যানবাহন আটকে বিক্ষোভ

    ইসরায়েলে বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকায়। সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সড়কে বিক্ষোভ করার দৃশ্য চোখে পড়েছে।

    তেল আভিভের কাছে একটি প্রধান সড়কে বিক্ষোভকারীরা টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করেছে এবং যানবাহনের সামনে অবস্থান নিয়েছে।

    ছবিতে উঠে এসেছে বেশকিছু এলাকার বিক্ষোভের চিত্র।

    তেল আভিভেল বিক্ষোভকারীরা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ দাবি করেছেন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, তেল আভিভেল বিক্ষোভকারীরা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ দাবি করেছেন
    শত শত গাড়ি আটকে পড়েছে বিভিন্ন মহাসড়কে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, শত শত গাড়ি আটকে পড়েছে বিভিন্ন মহাসড়কে
    হামাসের কাছে জিম্মি ব্যক্তির ছবি নিয়ে বিক্ষোভ করছেন এক নারী

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, হামাসের কাছে জিম্মি ব্যক্তিদের ছবি নিয়ে বিক্ষোভ করছেন অনেকে
    ইসরায়েলের পতাকা হাতে বিক্ষোভে অংশ নিয়েছেন অনেক সাধারণ মানুষও

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইসরায়েলের পতাকা হাতে বিক্ষোভে অংশ নিয়েছেন অনেক সাধারণ মানুষও
  17. বাংলাদেশ জেল এর নতুন নাম ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’

    কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলন
    ছবির ক্যাপশান, কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলন

    বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ রাখার উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর।

    আজ মঙ্গলবার কারা সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

    কারাগার কেন্দ্রীক সংশোধনের ওপর গুরুত্বারোপের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাকি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।

  18. গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ, সড়ক অবরোধ

    ইসরায়েলে সড়কে আগুন জ্বালিয়েছে বিক্ষোভকারীরা

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইসরায়েলে সড়কে আগুন জ্বালিয়েছে বিক্ষোভকারীরা

    ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে। গাজায় চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ ও হামাসের হাতে আটক থাকা বাকি জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনার দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভকারীরা সমাবেশ করছেন।

    এতে একদিকে যেমন রয়েছে জিম্মিদের পরিবার, আরও রয়েছে ইসরায়েলের সাধারণ মানুষও।

    দেশজুড়ে এই বিক্ষোভের আয়োজন করেছে 'হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম' নামক একটি গ্রুপ, যারা অনেকদিন ধরেই জিম্মিদের মুক্তির বিষয়টিতে সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলে আসছে।

    তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে যাতে তিনি যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে সহায়তা করেন এবং হামাসের হাতে আটক থাকা জিম্মিদেরকে মুক্ত করতে ভূমিকা রাখেন।

    ধারণা করা হচ্ছে, হামাস যাদেরকে জিম্মি করে নিয়ে গিয়েছিলো, তাদের মাঝে ২০ জন এখনো জীবিত আছেন।

    বিক্ষোভের কারণে ইসরায়েলে দীর্ঘ যানজট

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, বিক্ষোভের কারণে ইসরায়েলে তৈরি হয়েছে দীর্ঘ যানজট

    এদিকে, ইসরায়েলের প্রধান প্রধান সড়ক অবরোধ করে এই বিক্ষোভ চলায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। দেশজুড়ে মহাসড়কগুলোতে এখন গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

    তেল আভিভের উত্তরে ইয়াকুম জংশনের কাছে কোস্টাল হাইওয়ে বা রুট টু-তে বিক্ষোভকারীরা সড়কের মাঝখানে আগুন জ্বালিয়ে দেওয়ায় ওই মহাসড়ক পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

    ২০২৩ সালের সাতই অক্টোবর হামাসের হাতে জিম্মি হওয়া মাতান জাঙ্গাউকারের মা আইনাভ জাঙ্গাউকার আজ সকালে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেন।

    তিনি বলেন, "৬৯০ দিন ধরে সরকার কোনো সুস্পষ্ট লক্ষ্য ছাড়াই যুদ্ধ চালিয়ে যাচ্ছে।"

    আইনাভ জাঙ্গাউকার, যার ছেলে ২০২৩ সালের সাতই অক্টোবর হামাসের হাতে জিম্মি হয়েছেন

    ছবির উৎস, AP

    ছবির ক্যাপশান, আইনাভ জাঙ্গাউকার, যার ছেলে ২০২৩ সালের সাতই অক্টোবর হামাসের হাতে জিম্মি হয়েছেন

    "আজ, এটা পরিষ্কার যে নেতানিয়াহু একটি জিনিসকেই ভয় পান। আর তা হলে জনগণের চাপ। আমরা এই যুদ্ধ আরও এক বছর আগেই শেষ করতে পারতাম এবং সকল জিম্মি ও সেনাদেরকে ফিরিতে আনতে পারতাম। কিন্তু প্রধানমন্ত্রী তার ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে বারবার বেসামরিক মানুষদের বলি দেওয়ার পথ বেছে নিয়েছেন।"

    ইসরায়েলজুড়ে এই প্রতিবাদটি এমন এক সময়ে হচ্ছে, যখন গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলা চলছে এবং ইসরায়েল সেখানে স্থল অভিযান চালানোরও প্রস্তুতি নিচ্ছে।

    এর আগে গতকাল দক্ষিণ গাজার একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়। নিহতদের মধ্যে পাঁচজন সাংবাদিক এবং চার জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

    গাজায় যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় ইসরায়েলিরা

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, গাজায় যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় ইসরায়েলিরা
  19. কাল থেকে ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ, নোটিশ জারি করেছে যুক্তরাষ্ট্র

    কাল থেকে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের হার দাঁড়াবে ৫০ শতাংশে, প্রতীকী ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, কাল থেকে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের হার দাঁড়াবে ৫০ শতাংশে, প্রতীকী ছবি

    আগামীকাল থেকে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের হার দাঁড়াবে ৫০ শতাংশে।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত কার্যকর হবে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের মাধ্যমে এরই মধ্যে এ সংক্রান্ত নোটিশ জারি করেছে।

    যুক্তরাষ্ট্র জানিয়েছে, এখনো রাশিয়া থেকে ভারতের তেল আমদানি করে যাওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

    ট্রাম্প প্রশাসনের দাবি, যেসব দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রেখেছে, তাদের ওপর চাপ প্রয়োগ করাটাই হলো এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।

    চলতি বছরের অগাস্টের শুরুতে মি. ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক হার আরোপ করেছিলেন, পরে তা আরও বাড়ানো হয়।

    এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে "অনুপযুক্ত, উসকানিমূলক ও অযৌক্তিক" বলেছে।

  20. শাহজালাল বিমানবন্দরে বিদেশি যাত্রীর ব্যাগ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

    ব্যাগ থেকে গোল গোল প্যাকেটে মোড়ানো অবস্থায় উদ্ধার করা কোকেন

    ছবির উৎস, Customs Intillegence & Investigation Directorate

    ছবির ক্যাপশান, গোল প্যাকেটে মোড়ানো অবস্থায় উদ্ধার করা কোকেন

    ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের আট কেজি কোকেনসহ এক বিদেশি নাগরিককে আটক করার তথ্য জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

    শাহজালাল বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক সোনিয়া আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার গভীর রাতে এই যাত্রীকে আটক করা হয়।

    আটককৃত যাত্রীর নাম ক্যারেন পেটুলা স্টাফল, যিনি আফ্রিকার দেশ গায়ানার নাগরিক।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত আড়াইটার দিকে দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (কিউআর ৬৩৮) শাহজালাল বিমানবন্দরে নামেন ওই যাত্রী।

    আগেই তথ্য পাওয়ায় গোয়েন্দারা বিমানবন্দরে অবস্থান নেন। বিমান অবতরণের পরপরই ওই যাত্রীর আসনে গিয়ে তার পরিচয় সম্বন্ধে নিশ্চিত হন গোয়েন্দারা এবং তারপর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর তার ব্যাগেজ স্ক্যানিং করা হয়। তখন ওই ব্যাগে কোকেন পাওয়া যায়।

    শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, ওই যাত্রীর লাগেজে প্লাস্টিকের তিনটি জার পাওয়া যায়। সেগুলোর মাঝে ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো কোকেন পাওয়া যায়।

    উদ্ধার হওয়া এই কোকেনের ওজন আট কেজি ৬৬০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।