মঙ্গলবার সারাদিন যা যা হলো
- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে তার দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটি জানিয়েছে।
- বুধবার থেকে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের হার দাঁড়াবে ৫০ শতাংশে।
- গাজায় চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ ও হামাসের হাতে আটক থাকা বাকি জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনার দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভকারীরা সমাবেশ করেছেন। বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায় বিভিন্ন এলাকায়।
- গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ৭৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬২ হাজার ৮১৯ জনে দাঁড়িয়েছে।
- দক্ষিণ গাজার একটি হাসপাতালে পাঁচ জন সাংবাদিকসহ অন্তত ২০ জন নিহতের ঘটনায় “ন্যায়বিচার হওয়া দরকার” বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়।
- প্রায় সাড়ে চার ঘণ্টা পর শাহবাগ থেকে অবরোধ তুলে নেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের বিক্ষোভরত শিক্ষার্থীরা। তিন দফা দাবিতে বিকাল প্রায় পৌনে চারটা থেকে রাত সোয়া আটটা পর্যন্ত সেখানে অবস্থান নিয়েছিলেন তারা।
- বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ রাখার উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর।
- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে চার দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে।
- শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া অতিরিক্ত ২৫ জন বিচারক।
- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের দিন আগামী নয়ই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখে 'স্ট্রাইকিং ফোর্স' হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাবি প্রশাসন জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করবে এবং ভোট শেষে ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র কর্ডন করে রাখবেন সেনা সদস্যরা।
- মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় কয়েকদিনের মধ্যেই যৌথবাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
- আগামী বছর ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন হবে এবং এ বিষয়ে নির্বাচন কমিশন, সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বিবিসি বাংলায় লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
দেশ-বিদেশের খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়.....



























