আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল, ৪৫ ও ৪৬-তম নিয়েও নতুন সিদ্ধান্ত

জুলাই অগাস্ট গণহত্যার মামলায় সাবেক মন্ত্রী, বিচারপতি ও সচিবসহ ১৩ কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। ফের সহিংসতায় মণিপুরে কারফিউ, বন্ধ ইন্টারনেট। মার্কিন অস্ত্রে রাশিয়া হামলা চালানাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছেন জো বাইডেন। সার্বক্ষণিক সব খবর জানতে বিবিসি বাংলার লাইভ পাতায় যুক্ত থাকুন:

সার সংক্ষেপ

  • ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল করেছে পিএসসি, পরের দুই বিসিএস নিয়েও নতুন সিদ্ধান্ত
  • বর্তমান অন্তর্বর্তী সরকারের কাজ শুধু নির্বাচন দেয়া নয় বলে মন্তব্য করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম
  • পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন
  • সাবেক মন্ত্রী, বিচারপতি ও সচিবসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে
  • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ছয় জনের মৃত্যু, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪২১ জন মারা গেছেন

সরাসরি কভারেজ

  1. উত্তরের কয়েকটি জেলায় জেঁকে বসেছে শীত

    বাংলা মাসের ক্যালেন্ডারে এখন অগ্রহায়ণ মাস চললেও উত্তরের কয়েকটি জেলায় শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বেশ শীত অনুভূত হচ্ছে।

    সোমবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় ১৪ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

    এছাড়া কুড়িগ্রামে সকাল ৭টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

    অন্যদিকে রোববার নওগাঁর বদলগাছিতে সর্বনিম্ন ১৩ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

    আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, এক সপ্তাহে এসব জেলার তাপমাত্রা সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস কমেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে।

    শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘনকুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশায় ছেয়ে যায় এবং ভোররাত থেকে বৃষ্টি মতো ঝড়তে থাকে কুয়াশা।

    এই কুয়াশা সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত থাকে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রাও বাড়তে থাকে।

  2. সাবেক মন্ত্রী, সচিব, বিচারপতিসহ ১৩ নেতাকে ট্রাইব্যুনালে তোলা হয়েছে

    জুলাই অগাস্ট গণহত্যার মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।

    সোমবার সকাল ১০টায় তাদেরকে প্রিজন ভ্যানে করে ঢাকার পুরাতন হাইকোর্ট ভবন প্রাঙ্গণে আনা হয় এবং আদালতে তোলা হয়।

    ট্রাইব্যুনালে হাজিরা দিতে যাদের আনা হয়েছে, তারা হলেন- সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, জুনায়েদ আহমেদ পলকসহ আওয়ামী লীগ সরকার আমলের প্রভাবশালী নেতা।

    এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী। আওয়ামী জোট নেতা- রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু সহ আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে আনা হয়েছে।

    তবে অন্য মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে হাজির করা হয়নি। অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারবেন না এমন কথা থাকলেও শাহজাহান খানকে আদালতে হাজির করা হয়েছে।

    এই ১৪ নেতা ও আমলাকে বর্তমানে অন্যান্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

    চিফ প্রসিকিউটর জানিয়েছেন, নিয়মিত হাজিরা দিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হবে তাদের। এজলাসে থাকতে পারবেন আসামিদের আইনজীবী ও পরিবারের সদস্যরা।

    এর আগে তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ অক্টোবর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ তাদেরকে হাজির করার আদেশ দেন।

    অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যতালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলাটি রয়েছে। এছাড়া ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের মামলাটিও কার্যতালিকায় রয়েছে। সোমবার ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানির কথা রয়েছে।

  3. গতকালের কিছু খবরের শিরোনাম

    • জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুতই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। এছাড়া গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের সব অপকর্মের বিচার করা হবে।
    • ব্যক্তি শ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেয়ার সময়সীমা এক মাস বাড়িয়েছে সরকার।
    • ভারতের মণিপুর ও আসামের সীমান্তবর্তী জিরি নদীতে শুক্রবার এক মহিলা ও দুই শিশুর মৃতদেহ উদ্ধারের পর ফের সহিংসতা শুরু হয়েছে মনিপুরে।
    • মাঠ পর্যায়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।
    • যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কাজ ও সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
    • ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোববার আরও আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ জনে।
  4. দেশ বিদেশের সার্বক্ষণিক সব খবর নিয়ে বিবিসি বাংলার লাইভ পেজে স্বাগতম।