'ভারত ছেড়ে কোথাও যাননি, শেখ হাসিনা দিল্লিতেই'

সাড়ে চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। দুর্গাপূজায় সরকারি ছুটি আরো একদিন বাড়ছে। ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু।

সরাসরি কভারেজ

  1. পূজার ছুটি বাড়ছে, কোনো উৎসব বাতিল না করার আহ্বান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর

    দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে। এ সপ্তাহের বৃহস্পতিবারও সরকারি ছুটি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

    ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে মি. আলম এ তথ্য জানান।

    তিনি বলেন, “অবিলম্বে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। একদিন বাড়বে পূজার ছুটি। এবারই চারদিন একটানা সময় পাওয়া যাবে। আশা করি এবার পূজা নির্বিঘ্ন এবং আনন্দময় হবে।”

    পূজা মণ্ডপের নিরাপত্তা রক্ষায় সিসিটিভির কথা আলোচনা হয়েছে জানিয়ে মি. আলম বলেন, “যখনই কমিউনিটি নেতাদের সাথে বসেছি সিসিটিভির বিষয়ে কথা হয়েছে। যেন সিসিটিভির ব্যবস্থা করা হয় সে কথা বলেছি। যে কোনো দুষ্কৃতকারীকে যেন দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা যায় এবং তাদের আইনের আওতায় আনা যায়।”

    সব ধরনের উৎসবকে আনন্দপূর্ণ করে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়ে মি. আলম বলেন, “কোনো রকম দুষ্কৃতকারীদের প্রশ্রয় দেয়া হবে না। কমিউনিটি লিডাররা থাকবেন, রাজনৈতিক নেতৃবৃন্দরা থাকবেন, ছাত্ররা থাকবে, অন্যান্য সবাই থাকবেন, সবাই থেকে সব জনগোষ্ঠীর উৎসবকে নিরাপদ, নির্বিঘ্ন, আনন্দপূর্ণ করে তুলবেন।”

    এবারের পূজা গত পনের বছরের গ্লানিমুক্ত পূজা হবে উল্লেখ করে তিনি বলেন, “কোনো রকম ষড়যন্ত্রকারী দেশে- বিদেশ থেকে কোনো রকম স্পেস পাবে না। এটা আমাদের প্রতিজ্ঞা। এ প্রতিজ্ঞায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আশা করছি এবারের পূজা গত পনের বছরের যে গ্লানি আছে সে গ্লানিমুক্ত পূজা উদযাপিত হবে।”

    বৌদ্ধ সম্প্রদায়ও নিপীড়িত ও নিরাপত্তাহীনতা অনুভব করছে উল্লেখ করে মি. আলম বলেন, “তারা অনুভব করছেন তাদের নিরাপত্তাহীনতা রয়েছে, আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি সেখানকার পরিস্থিতি। আমরা দেখবো যাতে তারাও নির্বিঘ্নে এবং আনন্দের সাথে তাদের প্রবারণা পূর্ণিমা উদযাপন করতে পারেন।”

    বাতিলকৃত উৎসব আবার পালনের সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান মি. আলম।

    তিনি বলেন, “এবং যে উৎসবটি বন্ধের ঘোষণা ওনারা দিয়েছেন আমরা চাইবো বাংলাদেশে কোনো উৎসব যাতে বন্ধ না হয়। সব জনগোষ্ঠীর নিজস্ব উৎসব নির্বিঘ্নে পালনের অধিকার আছে। সে অধিকার নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর। কঠিন চীবরদান উৎসবের ব্যাপারে আমরা খুব শীঘ্রই করে ব্যবস্থা নিব।”

  2. সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে কমিটি

    গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ করতে কমিটি গঠন করেছে সরকার।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের (প্রেস শাখা) উপসচিব মো. মাসুদ খাঁন স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সোমবার প্রকাশ করা হয়েছে।

    এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে। হয়রানিমূলক এসব মামলা পর্যবেক্ষণে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

    কমিটির সভাপতি হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার)। সদস্য হিসেবে আছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা, আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (জেলা জজ পদমর্যাদার), চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব।

    কমিটির সদস্যসচিব হিসেবে থাকবেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস)।

    কমিটির কার্যপরিধি বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ এবং সময়ে সময়ে মামলার বিষয়ে কর্তৃপক্ষকে অবহিতকরণ।'

    গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ করতে কমিটি গঠন করেছে সরকার।

    ছবির উৎস, MINISTRY OF INFORMATION BANGLADESH

    ছবির ক্যাপশান, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ করতে কমিটি গঠন করেছে সরকার।
  3. কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, মরদেহ হস্তান্তর হয়নি

    কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছে। তার মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

    বিজিবির কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন এ তথ্য বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।

    নিহত ব্যক্তির নাম কামাল হোসেন। সদর দক্ষিণ উপজেলার জোলাই কুড়িয়াপাড়া গ্রামে তার বাড়ি।

    মি. হোসেন বলেন, “এটার ফর্মালিটিজ চলছে। দুপুর একটার পরে বাংলাদেশের কাছে বিএসএফ মরদেহ হস্তান্তর করবে। এরপর পুলিশ ও পরিবারের কাছে হ্যান্ডওভার করা হবে মরদেহ।”

    “প্রাথমিকভাবে যেটা জানতে পারি সে যশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ইন্ডিয়াতে প্রবেশ করে। যার ফলে বিএসএফ ইয়ে (গুলি)করে,” জানান মি. হোসেন।

    সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

    কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত

    ছবির উৎস, Shib Shankar Chatterjee

    ছবির ক্যাপশান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত