আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন সমন্বয়ক।
সোমবার বৈষম্যবিরোধী আন্দোলনের তিন সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও হাসিবুল ইসলাম রিটটি দায়ের করেন। হাইকোর্টে একটি দ্বৈত বেঞ্চে রিটের শুনানি অনুষ্ঠিত হবে।
রিটকারীদের আইনজীবী আহসানুল করিম জানিয়েছেন, রিটে আওয়ামী লীগ যেন আর কোন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে না পারে সে বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে।
পরবর্তীতে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন, তারা দুইটি রিট করেছেন।
১. আওয়ামী লীগের বিগত ৩টি নির্বাচনকে কেন অবৈধ ঘোষনা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো কেন ফিরিয়ে দিবে না সে বিষয়ে প্রথম রিট ৷
২. এই মামলার রায় না হওয়া পর্যন্ত কেন তাদেরকে পলিটিক্যাল সকল একটিভিটি থেকে বিরত রাখা হবে না সে বিষয়ে দ্বিতীয় রিট ৷
দল হিসেবে নিষিদ্ধ কিংবা নিবন্ধন নিষিদ্ধের কোনো কথা রিটে নেই ৷
এর আগে গত ৫ই অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে রিট আবেদন করেছিল আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নামের এক আইনজীবী।
বৈষম্য বিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে রিটটি দায়ের করা হয়েছিল।
তবে, সেই রিটটি সরাসরি খারিজ করে দিয়েছিল হাইকোর্টের বেঞ্চ।
