আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

রাষ্ট্রপতিকে নিয়েই অন্তর্বর্তী সরকার ব্যস্ত কেন- প্রশ্ন রিজভীর, 'বিএনপির উন্মোচন করা উচিত কী কী সংকট সৃষ্টি হতে পারে'

আয়কর নিয়ে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ৪৩তম বিসিএসে উত্তীর্ণদের যোগদানের তারিখ পিছিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা। দিনের ঘটনাপ্রবাহ জানুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সার সংক্ষেপ

  • রাষ্ট্রপতি চলে গেলে কী কী সাংবিধানিক সংকট তৈরি হতে পারে বিএনপিকে তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন সমন্বয়ক
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটিতে থাকা শিক্ষার্থীদের গণহারে গ্রেফতার করা সমর্থন করেন না বলে জানালেন সারজিস আলম
  • ডেঙ্গুতে আক্রান্ত আরো তিন জনের মৃত্যু, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৮০ জন মারা গেছে
  • ছাত্রলীগের ঢাবি শাখার দুই নেতা গ্রেফতার

সরাসরি কভারেজ

  1. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট

    রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন সমন্বয়ক।

    সোমবার বৈষম্যবিরোধী আন্দোলনের তিন সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও হাসিবুল ইসলাম রিটটি দায়ের করেন। হাইকোর্টে একটি দ্বৈত বেঞ্চে রিটের শুনানি অনুষ্ঠিত হবে।

    রিটকারীদের আইনজীবী আহসানুল করিম জানিয়েছেন, রিটে আওয়ামী লীগ যেন আর কোন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে না পারে সে বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে।

    পরবর্তীতে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন, তারা দুইটি রিট করেছেন।

    ১. আওয়ামী লীগের বিগত ৩টি নির্বাচনকে কেন অবৈধ ঘোষনা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো কেন ফিরিয়ে দিবে না সে বিষয়ে প্রথম রিট ৷

    ২. এই মামলার রায় না হওয়া পর্যন্ত কেন তাদেরকে পলিটিক্যাল সকল একটিভিটি থেকে বিরত রাখা হবে না সে বিষয়ে দ্বিতীয় রিট ৷

    দল হিসেবে নিষিদ্ধ কিংবা নিবন্ধন নিষিদ্ধের কোনো কথা রিটে নেই ৷

    এর আগে গত ৫ই অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে রিট আবেদন করেছিল আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নামের এক আইনজীবী।

    বৈষম্য বিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে রিটটি দায়ের করা হয়েছিল।

    তবে, সেই রিটটি সরাসরি খারিজ করে দিয়েছিল হাইকোর্টের বেঞ্চ।

  2. লাইভ পাতায় স্বাগতম

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাকে স্বাগতম।

    দিনের সার্বক্ষণিক সব খবর পেতে লাইভ পাতায় যুক্ত থাকুন।