সব দল নয়, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে: প্রধান উপদেষ্টা

জাপানে নিক্কেই ফোরামের প্রশ্নোত্তর পর্বে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সব দল নয়, একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে নির্বাচন চাইছে। এদিকে, ঢাকায় এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপি নেতা তারেক রহমান বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণা না করায় অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অন্তত ১৪টি জেলায় দুই থেকে চার ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলায়...

সরাসরি কভারেজ

  1. অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

    বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথের সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেইসাথে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

    বিআইডব্লিউটিএ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে লঞ্চ চলাচল পুনরায় শুরু হবে।

    বৃহস্পতিবার সকালে এ সিদ্ধান্ত নেয়া হয় এবং সকাল থেকে বরিশাল নদী বন্দর থেকে একটিও লঞ্চ ছেড়ে যায়নি বলে জানিয়েছেন বরিশাল নৌবন্দর কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা ।

    বৃহস্পতিবার সকাল থেকে দমকা বাতাস, বৃষ্টি এবং নদী কিছুটা উত্তাল থাকায় বরিশাল নৌবন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক হ‌লে পুনরায় লঞ্চ চলাচল শুরু হ‌বে। তবে এ সময়, ফেরি চলাচল স্বাভা‌বিক আছে।

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় সাগর ও নদী উত্তাল রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার আপডেটে পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর এবং বরিশাল নদী বন্দরকে দুই নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

  2. দলীয় শৃঙ্খলার বাইরে কিছু করলে সংগঠন তার দায় নেবে না - জামায়াত আমির

    জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান
    ছবির ক্যাপশান, জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান

    দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

    আজ বৃহস্পতিবার ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেজে 'দলীয় সহকর্মীদের উদ্দেশে' এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

    "এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না - ব্যক্তি তিনি যেই হোন না কেন," যোগ করেন মি. রহমান।

    তিনি সবাইকে দলের 'শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির' প্রতি আনুগত্য বজায় রেখে কাজ করার আহ্বানও জানান।

    শফিকুর রহমান তার পোস্টে অবশ্য কোনো প্রেক্ষাপট উল্লেখ করেননি।

    মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম খালাস পাওয়ার প্রতিবাদে গত দুদিনে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে কয়েকটি সংগঠন। সেসব বিক্ষোভে হামলার ঘটনা ঘটে। যার সঙ্গে জামায়াত ও শিবির কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা।

  3. পারস্পরিক বৈশ্বিক আস্থা হুমকির মুখে: নিক্কেই ফোরামে মুহাম্মদ ইউনূস

    টোকিওতে ৩০তম নিক্কেই ফোরাম ‘ফিউচার অব এশিয়া’র উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, Chief Adviser’s Press Wing

    ছবির ক্যাপশান, টোকিওতে ৩০তম নিক্কেই ফোরাম ‘ফিউচার অব এশিয়া’র উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

    প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, "বিশ্ব বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে বৈশ্বিক আস্থা হুমকির মুখে। জাতির মধ্যে, সমাজের অভ্যন্তরে, এমনকি নাগরিক ও প্রতিষ্ঠানের মধ্যেও আস্থা হ্রাস পাচ্ছে।"

    আজ টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরাম ‘ফিউচার অব এশিয়া’র উদ্বোধনী অধিবেশনের মূল বক্তব্যে এ কথা বলেন তিনি।

    ‘উত্তাল বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ’ শীর্ষক বক্তব্যে তিনি আরও বলেন, বিশ্ব ক্রমেই অস্থির হয়ে উঠছে।

    "আমরা এক গভীর অনিশ্চিত সময় পার করছি। আমরা এমন একটি বিশ্বকে প্রত্যক্ষ করছি যেখানে শান্তি বিনষ্ট হচ্ছে, উত্তেজনা বাড়ছে এবং পারস্পরিক সহযোগিতা সবসময় নিশ্চিত থাকছে না," বলেন তিনি।

    অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, এশিয়া ও তার বাইরের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ শুরু হয়েছে এবং শান্তি দিন দিন অধরা হয়ে উঠছে।

    "ইউক্রেন, গাজা এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে যুদ্ধ ও মানবসৃষ্ট সংঘাত হাজারো মানুষের জীবন ও জীবিকা ধ্বংস করে দিচ্ছে", বলেন প্রফেসর ইউনূস।

    "আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে গৃহযুদ্ধ এক নির্মম রূপ নিয়েছে এবং সাম্প্রতিক ভূমিকম্প দেশটির গভীর মানবিক সংকটকে আরও অন্ধকারে ঠেলে দিয়েছে।"

    "সম্প্রতি আমাদের দুই প্রতিবেশীর মধ্যে একটি সংক্ষিপ্ত কিন্তু ব্যয়বহুল যুদ্ধ সংঘটিত হয়েছে। অত্যন্ত দুঃখজনক যে আমরা কোটি কোটি টাকা যুদ্ধের পেছনে ব্যয় করছি, অথচ লাখ লাখ মানুষ না খেয়ে বা ন্যূনতম চাহিদার জন্য লড়াই করছে," বলেন প্রধান উপদেষ্টা।

    তিনি বলেন, "আমরা আমাদের জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে, ন্যায়বিচার, সমতা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে এবং একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্রে শান্তিপূর্ণ রূপান্তরের লক্ষ্যে কাজ করছি। আমরা বিশ্বাস করি, এটি আমাদের ভুলগুলো সংশোধন করার, নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার সুযোগ।"

    বহুমুখী অভ্যন্তরীণ চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তায় ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠা মিশনে অংশগ্রহণের কথা এবং মানবিক কারণে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কথা উল্লেখ করেন।

    তিনি বলেন, "বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের আবাসস্থল এশিয়া অনিশ্চয়তার কেন্দ্রস্থলে, একই সঙ্গে সম্ভাবনারও কেন্দ্রে।"

    "আমাদের চ্যালেঞ্জগুলো বিশাল, কিন্তু আমাদের সম্মিলিত শক্তিও বিশাল। এ বাস্তবতায়, আমি বিশ্বাস করি এশিয়ার সামনে একটি সুযোগ, এমনকি একটি দায়িত্ব রয়েছে ভিন্ন পথ দেখানোর।"

    "আমরা এই চ্যালেঞ্জগুলোর মুখে অসহায় নই। বরং, আমরা ইতিহাসের একটি সন্ধিক্ষণে আছি। আজকের সিদ্ধান্তগুলো নির্ধারণ করবে আমরা আমাদের সন্তানদের জন্য কেমন পৃথিবী রেখে যাব। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, কেবল সমস্যা নিয়ে আলোচনার জন্যে নয়, বরং সমাধান খুঁজে পেতে," বলেন তিনি।

    প্রফেসর ইউনূস প্রায়ই উল্লেখ করা নিজের কথা তুলে ধরে বলেন, "অর্থ উপার্জন আনন্দের বিষয়। কিন্তু মানুষকে সুখী করা, সেটিই প্রকৃত আনন্দ।"

    তিনি বলেন, "আমাদের মনোযোগ সরাতে হবে, ব্যক্তিগত মুনাফা থেকে সমষ্টিগত কল্যাণে, স্বল্পমেয়াদি অর্জন থেকে দীর্ঘমেয়াদী স্বপ্নের দিকে।"

  4. নয়টি অঞ্চলে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

    নয়টি অঞ্চলে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দেয়া হয়েছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আজ সন্ধ্যার মধ্যে বাংলাদেশের নয়টি অঞ্চলে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দেয়া হয়েছে, প্রতীকী ছবি

    বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ কারণে সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    সেইসাথে ঢাকাসহ নয়টি অঞ্চলে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দেয়া হয়েছে।

    বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে দুপুর একটা এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    এ অবস্থায় বেলা ১টার মধ্যে দেশের ছয় অঞ্চলে ঝড়ের আশঙ্কা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

    এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

    সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

    সেই সাথে সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

  5. গাজার খাবারের গুদামে ক্ষুধার্ত মানুষের 'হামলা’

    মধ্য গাজার একটি খাদ্য সরবরাহের গুদামে একদল ক্ষুধার্ত মানুষ ঢুকে পড়ে হামলা চালিয়েছে

    ছবির উৎস, EYAD BABA/AFP

    ছবির ক্যাপশান, মধ্য গাজার একটি খাদ্য সরবরাহের গুদামে একদল ক্ষুধার্ত মানুষ ঢুকে পড়ে হামলা চালিয়েছে

    মধ্য গাজার একটি খাদ্য সরবরাহের গুদামে একদল ক্ষুধার্ত মানুষ ঢুকে পড়ে হামলা চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি।

    এই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

    সংবাদ সংস্থা এএফপি’র ভিডিওতে দেখা গেছে, লোকজন দেইর আল-বালাহ শহরের আল-ঘাফারি গুদামে জোর করে ঢুকে পড়ে আটা ও খাবারের কার্টন নিয়ে যাচ্ছে, এ সময় গুলির শব্দ শোনা যায়।

    গুলি কোথা থেকে এসেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একটি বিবৃতিতে ডব্লিউএফপি বলেছে, প্রায় তিন মাস ধরে চলা ইসরায়েলি অবরোধের কারণে গাজায় ত্রাণ দেয়া ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে।

    গত সপ্তাহে এই অবরোধ কিছুটা শিথিল করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আটা ও খাবার বোঝাই ১২১টি ট্রাক গাজায় প্রবেশ করতে দেওয়া হয়েছে।

    ডব্লিউএফপি আরো জানায়, "গাজায় এখনই খাদ্য সহায়তা বাড়ানো প্রয়োজন। একমাত্র এভাবেই মানুষকে আশ্বস্ত করা যাবে যে তারা না খেয়ে মরবে না।

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত সংস্থা, গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে চারটি বিতরণ কেন্দ্র স্থাপন করেছে।

    তাদের লক্ষ্য এই খাদ্য সহায়তা যেন হামাসের হাতে না পৌঁছায়। তবে সশস্ত্র গোষ্ঠী হামাস শুরু থেকেই বলে আসছে তারা ত্রাণ চুরি করছে না। জিএইচএফ যে পন্থায় কাজ করছে তা জাতিসংঘের বিধান অনুযায়ী অনৈতিক।

    জাতিসংঘ বলেছে, মঙ্গলবার রাফাহ শহরে জিএইচএফ এর একটি বিতরণ কেন্দ্র চালু হওয়ার একদিন পরেই মানুষ জোর করে ঢুকে পড়লে ৪৭ জন আহত হন।

    অসহায় মানুষদের জাতিসংঘের সাহায্যবাহী ট্রাক থেকে মালামাল লুট করতেও দেখা যায়।

  6. চীনা ছাত্রদের ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু আমেরিকার বিশ্ববিদ্যালয়ের ওপর দমন নীতি প্রয়োগ করেছেন

    ছবির উৎস, Bloomberg via Getty Images

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু আমেরিকার বিশ্ববিদ্যালয়ের ওপর দমন নীতি প্রয়োগ করেছেন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে পড়তে আসা চীনা ছাত্রদের ভিসা ‘আগ্রাসীভাবে’ বাতিল করবে।

    পররাষ্ট্র সচিব মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, “যেসবব শিক্ষার্থীর সাথে চীনা কমিউনিস্ট পার্টির সংশ্লিষ্টতা পাওয়া যাবে বা যারা জটিল বিষয়ে পড়াশোনা করছে তারা এই পদক্ষেপের আওতায় পড়বে"।

    ভবিষ্যতে চীন ও হংকং থেকে আসা ভিসা আবেদনকারীদের ওপর ‘নজরদারি বাড়াতে’ ভিসা প্রক্রিয়ার মানদণ্ড ও পরিবর্তন করা হবে বলেও জানানো হয়েছে।

    বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক সাম্প্রতিক মাসগুলোয় চরম রূপ নিয়েছে, কারণ ট্রাম্পের আরোপিত শুল্ককে কেন্দ্র করে দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য-যুদ্ধ শুরু হয়েছে।

    যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও সোমবার বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে শিক্ষর্থীদের ভিসার সাক্ষাৎকার দেওয়া বন্ধ করার নির্দেশ দিয়েছেন, কারণ মার্কিন পররাষ্ট্র দপ্তর এখন এসব আবেদনকারীর সামাজিক যোগাযোগ মাধ্যম আরও বড় পরিসরে যাচাই করতে যাচ্ছে।

    প্রায় দুই লাখ ৮০ হাজার চীনা শিক্ষার্থী গত বছর যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

    আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক ছাত্রদের বড় অংশ চীনা নাগরিকরা, যদিও সাম্প্রতিক বছরগুলোতে তা বদলেছে।

    ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে অনেক বিদেশি ছাত্রকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করেছে এবং হাজার হাজার ভিসা বাতিল করেছে। অবশ্য এসব সিদ্ধান্তের অনেকগুলোই আদালত ঠেকিয়ে দিয়েছে।

    ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয়গুলোর শত শত মিলিয়ন ডলার ফান্ডের বরাদ্দ থেকে আটকে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, হার্ভার্ডসহ দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলো খুব বেশি উদারপন্থি এবং ক্যাম্পাসে ইহুদি বিরোধিতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা ব্যর্থ।

    এদিকে অনেক মার্কিন বিশ্ববিদ্যালয় বিদেশি ছাত্রদের কাছ থেকে আসা টিউশন ফি-র ওপর নির্ভর করে, কারণ বিদেশি ছাত্ররা সাধারণত বেশি ফি দেয়।

    অনেক আন্তর্জাতিক ছাত্র এই ভিসা নীতির পরিবর্তনে হতবাক হয়ে পড়েছে। কিছু ছাত্র বিবিসিকে জানিয়েছেন, তারা এখন যুক্তরাষ্ট্রে পড়তে আসার সিদ্ধান্তে অনুতপ্ত।

  7. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে

    গতকালের গুরুত্বপূর্ণ সব খবর দেখতে ক্লিক করুন এখানে