আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান “কখনোই অনুরোধ করেনি”, দাবি ইরানি মন্ত্রীর

ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মত সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে, বাংলাদেশের খবরের মধ্যে রয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই এবং রাষ্ট্রপতি সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহবান করেননি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. মোজতবা খামেনি ‘সুস্থ আছেন’ এবং শারীরিক অবস্থা ‘পুরোপুরি নিয়ন্ত্রণে আছে’:ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি “সুস্থ আছেন” এবং “পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণ করছেন”।

    ইরানি গণমাধ্যম অ্যালারাবি আলজাদিদকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

    উল্লেখ্য যে, আটই মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকে ইরানের এই সর্বোচ্চ নেতা এখনো জনসমক্ষে উপস্থিত হননি।

    গত ১২ই মার্চ রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া তার প্রথম ভাষণ পাঠ করেছিলেন একজন উপস্থাপক।

    তিনি বলেছেন, ইরান “ন্যায্যভাবে যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারে এমন যে কোনো আঞ্চলিক উদ্যোগকে” স্বাগত জানান।

    হরমুজ প্রণালী “যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জাহাজ বাদে সবার জন্য উন্মুক্ত।”

    আরাঘচি বলেছেন, “যুদ্ধ শেষ করার জন্য এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনও উদ্যোগ আলোচনার টেবিলে নেই''।

  2. ইরানের বিরুদ্ধে ‘ব্যাপক ভিত্তিতে’ হামলা শুরু করেছে ইসরায়েল

    ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা পশ্চিম ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আবারও এক দফায় “ব্যাপক ভিত্তিতে” হামলা চালিয়েছে।

    এদিকে, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    এদের মধ্যে ৯৬ জনের আঘাত ছিল অল্প, দুইজন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন এবং নয়জন এখনো চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।

    এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তিন হাজার ১৯৫ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

    এদের মধ্যে গত রোববার সাতটা পর্যন্ত ৮১ জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    তবে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি।

  3. আজ থেকে জ্বালানি রেশনিং পদ্ধতি বন্ধ: জ্বালানি প্রতিমন্ত্রী

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ঈদযাত্রায় ভোগান্তি কমাতে আজ ১৫ই মার্চ থেকে থেকে জ্বালানি রেশনিং পদ্ধতি বন্ধ হচ্ছে।

    রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, "আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না। সবাই চাহিদামতো তেল কিনতে পারবেন।"

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তায় এর আগে গত ছয়ই মার্চ থেকে দেশে জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ করে দেয় সরকার।

    সেসময় মোটরসাইকেলের জন্য দৈনিক দুই লিটার, স্পোর্টস ইউটিলিটি যান ও মাইক্রোবাসের জন্য ২০ থেকে ২৫ লিটার, পিকআপ ও লোকাল বাসের জন্য ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের জন্য দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল বিক্রির সীমা নির্ধারণ করা হয়েছিল।

    রেশনিং ব্যবস্থার কারণে গত সপ্তাহ জুড়ে পেট্রোলপাম্পে গাড়ি এবং মোটরসাইকেলে দীর্ঘ সারি দেখা গেছে, এবং জ্বালানি তেল সংগ্রহে সাধারণ গ্রাহকদের ব্যাপক ভোগান্তিতে পড়ার অভিযোগ ওঠে।

    পরে গত সপ্তাহে মোটরসাইকেলের ক্ষেত্রে সীমা দুই লিটার থেকে বাড়িয়ে পাঁচ লিটার করা হয় এবং সব রেশনিং ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামানো হয়।

    রোববার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানির সংকট যাতে না হয়, তাই আমদানি বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে।

  4. মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে।

    তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে জানিয়েছেন, আজ রোববার বেলা ১১ টা ২০ মিনিটে দিকে মি. আব্বাসকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে।

    ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

    তার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। এরপর তার মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয়।

    চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে এখন সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

  5. সাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমদ

    বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই এবং রাষ্ট্রপতি সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহবান করেননি।

    দুই দিন বিরতির পর জাতীয় সংসদের অধিবেশন আবার বসেছে আজ রোববার। এই অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে কথা বলেছেন মন্ত্রী মি. আহমদ।

    তিনি এ-ও বলেছেন, "গণভোটের রায় হিসেবে সংবিধানে ধারণ করতে হলে আগে সংবিধান সংশোধনী হতে হবে। সেটা সংসদে আলাপ আলোচনা হবে। সংবিধান সংশোধন হলে সেমতে সংবিধানে ধারণ হবে। তারপরে যদি পরিষদ হয়, তারপরে যদি ফরম হয়, শপথ গ্রহণ করতে হয়- সেটা পরের ব্যাপার"।

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, মহামান্য রাষ্ট্রপাতি অধিবেশন আহবান করেছেন জাতীয় সংসদের, তিনি সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহবান করেননি।

    “আমরা জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণ করছি সাংবিধানিকভাবে। এখন জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার পরিষদ) সেটার সদস্য হিসেবে কেউ কেউ শপথ নিয়েছেন। এটার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ হয়েছে, যা মনে হয় জুডিশিয়ারিতে আছে। সেটা জুডিশিয়ারির বিষয়। তবে সাংবিধানিকভাবে সেরকম কোনা পরিষদের অস্তিত্ব আমাদের সামনে নেই,” বলেছেন মি. আহমদ।

  6. যুক্তরাষ্ট্র ইরানের সাথে সমঝোতা করতে প্রস্তুত নয়: ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য ইরান আমেরিকার সাথে একটি সমঝোতায় আসতে চায়।

    মার্কিন গণমাধ্যম এনবিসির সাথে এক টেলিফোন সাক্ষাৎকারে মি. ট্রাম্প বলেছেন, ইরান সমঝোতায় আসতে চাইলেও তিনি এতে আগ্রহী নন, কারণ যুদ্ধ অবসানের জন্য যেসব শর্তাদি দেখা যাচ্ছে তাকে 'পর্যাপ্ত' মনে করেন না তিনি।

    তবে, শর্তসমূহ কী বা তার বিস্তারিত সম্পর্কে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

    মি. ট্রাম্প বলেছেন, সম্ভাব্য সমঝোতায় অবশ্যই ইরানের পক্ষ থেকে পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের প্রতিশ্রুতি থাকতে হবে।

    ওই একই সাক্ষাৎকারে মি. ট্রাম্প বলেছেন, হরমুজ প্রনালী রক্ষায় যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে প্রতিশ্রুতি দিয়েছে মিত্র দেশগুলো।

    যদিও সেসব মিত্র দেশ কারা তার বিস্তারিত বলেননি তিনি।

    তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্র খারগ দ্বীপটি পুরোপুরি ধ্বংস করেছে।

    তবে, তিনি বলেছেন, "মজা করার জন্য আমরা (যুক্তরাষ্ট্র) এ দ্বীপে আরো কয়েকবার হামলা চালাতে পারি।"

    আরো পড়তে পারেন:

  7. ওসমান হাদি হত্যা মামলায় তৃতীয় গ্রেফতার পশ্চিমবঙ্গে

    ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে যে, বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির হত্যা মামলায় তারা আরও একজনকে গ্রেফতার করেছে।

    এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ বলেছে, ফিলিপ সাংমা নামে এক বাংলাদেশি নাগরিককে তারা শনিবার নদীয়া জেলার শান্তিপুর থেকে গ্রেফতার করেছে।

    এর আগেই ওসমান হাদি হত্যাকাণ্ডে আটক দুই অভিযুক্ত – ফয়সাল ও আলমগীরকে জেরা কারে পুলিশ জানতে পারে যে ফিলিপ সাংমা নামের ওই বাংলাদেশি নাগরিকই তাদের সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ে প্রবেশে সহায়তা করে। পরে মি. সাংমা নিজেও ভারতে চলে আসেন।

    ওই তথ্যের ভিত্তিতেই স্পেশাল টাস্ক ফোর্স শনিবার সকালে শান্তিপুর বাইপাস এলাকা থেকে তাকে আটক করে।

    পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছে, মি. সাংমা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে তিনি সীমান্ত পারাপারের দালালের কাজ করেন এবং অর্থের বিনিময়ে বাংলাদেশের হালুয়াঘাট থেকে মেঘালয়ের ডালুপাড়া সীমান্ত হয়ে অনুপ্রবেশে সাহায্য করে থাকেন।

    তিনি এও জানিয়েছেন যে মি. ফয়সাল ও মি. আলমগীরকে তিনিই সীমান্ত পেরোতে সাহায্য করেছিলেন, দাবি করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।

    বাংলাদেশে পুলিশের চাপ বাড়তে থাকায় তিনি নিজেও একসময়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসেন এবং বিভিন্ন জায়গায় থাকছিলেন। তবে এখন তিনি বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ।

    তাকে শনিবারই আদালতে তোলা হয় এবং আরও তদন্তের স্বার্থে তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

  8. মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য আজ তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

    রোববার তাকে বহন করার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

    মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে জানিয়েছেন, বেলা ১২টার দিকে তাকে নিয়ে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা করার কথা রয়েছে।

    পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মি. আব্বাসের সাথে তার স্ত্রী এবং তাদের বড় সন্তান সিঙ্গাপুরে সঙ্গে যাবেন।

    গত ১১ই মার্চ ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মি. আব্বাস ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়।

    সেখানে দুই দফায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় শনিবার তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

    এরমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে হাসপাতালে দেখতে গেছেন।

  9. শনিবার যা যা হলো

    * গুরুত্বপূর্ণ খারগ দ্বীপে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কোরের সাথে যুক্ত ফার্স নিউজ এজেন্সি। দ্বীপটিতে থাকা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, নৌ ঘাঁটি, বিমানবন্দর নিয়ন্ত্রণ টাওয়ার এবং একটি হেলিকপ্টার হ্যাঙ্গার লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে, সেখানকার তেল অবকাঠামোর কোনও ক্ষতি হয়নি।

    * বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত।

    * ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যেই ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। এমন প্রেক্ষাপটেই উপসাগরীয় অঞ্চলে আরও সেনা ও যুদ্ধ জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছে যুক্তরাষ্ট্র।

    * ইসরায়েলের উপর হামলার তীব্রতা আরও বাড়ানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কোর।

    * ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, শনিবার দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর একটি অস্ত্র ভাণ্ডারে হামলা চালিয়েছে তারা।

    * রোজার ঈদ সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    * শনিবার রাতে দক্ষিণাঞ্চলীয় জেলা বাগেরহাটের মোল্লাহাটে শ্রমিক লীগের একজন নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  10. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে