বাগেরহাটে আসন কমিয়ে গাজীপুরে বাড়ানোসহ ৩৯টি আসনে সীমানা পরিবর্তনের প্রস্তাব ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে একটি আসন বাড়ানো ও বাগেরহাটে একটি কমানোসহ ৩৯টি আসনে সীমানা পুনর্নির্ধারণের খসড়ায় অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপরে ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন। দিনের উল্লেখযোগ্য খবরগুলো জানতে যুক্ত থাকুন বিবিসি বাংলার লাইভ পাতায়....

সরাসরি কভারেজ

  1. মানবতাবিরোধী অপরাধের মামলায় বহিষ্কৃত আ'লীগ নেতা মোবারকের মৃত্যুদণ্ড বাতিল

    সুপ্রিম কোর্ট

    ছবির উৎস, MUNIRUZ ZAMAN

    ছবির ক্যাপশান, সুপ্রিম কোর্ট

    একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মৃত্যুদণ্ড দিয়েছিল, তা বাতিল করে খালাস দিয়েছে আপিল বিভাগ।

    প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ আজ এ রায় দেন।

    মোবারক হোসেন ২০১২ সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ওই বছরই তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

    মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ২৪শে নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে দু'টি প্রমাণিত হয়। এর একটিতে মৃত্যুদণ্ড ও অপরটিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় ট্রাইব্যুনাল। বাকি তিনটি অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়।

    একাত্তরে তিনি ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর অন্যতম সদস্য ছিলেন বলে উল্লেখ হয় তার মৃত্যুদণ্ডের রায়ে। পরে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে মোবারক হোসেন আপিল করেন।

    চলতি বছরের আটই জুলাই সেই আপিলের শুনানি শুরু হয়।

  2. রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় গ্রেফতার পাঁচ

    গংগাচড়ায় হিন্দুদের বাড়িঘরে হামলা ও লুটপাট হয়েছে

    ছবির উৎস, SHARIER MIM

    ছবির ক্যাপশান, গংগাচড়ায় হিন্দুদের বাড়িঘরে হামলা ও লুটপাট হয়েছে

    ধর্ম অবমাননার অভিযোগে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু পাড়ায় ভাংচুর ও লুটপাট এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

    ওই ঘটনায় গ্রামের একজন বাসিন্দা রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০০ থেকে ১২০০ জনের বিরুদ্ধে মামলা করে।

    এ মামলায় যৌথ অভিযানে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজা বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

    এ নিয়ে আরও পড়তে পারেন:

  3. ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে

    ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

    টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টিইপিসিও) এক বিবৃতিতে জানিয়েছে, ফুকুশিমা দাইচি এবং ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের সেখান থেকে সরিয়ে উঁচু এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।

    উল্লেখ্য, ২০১১ সালে জাপানে নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা দাইচি কেন্দ্রটিতে বড় ধরনের পারমাণবিক বিপর্যয় ঘটেছিলো।

    টিইপিসিও জানিয়েছে, এখন পর্যন্ত বিদ্যুৎকেন্দ্র দু'টিতে কোনও ধরনের আঘাত বা অস্বাভাবিকতার ঘটনা ঘটেনি। তবে তারা সুনামি সতর্কতা পর্যবেক্ষণ অব্যাহত রাখবে।

  4. সুনামির আঘাতে রাশিয়ার বন্দর ও জাহাজ ক্ষতিগ্রস্ত

    সেভেরো-কুরিলস্কে সুনামির ঢেউ বয়ে যাচ্ছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, সেভেরো-কুরিলস্কে সুনামির ঢেউ বয়ে যাচ্ছে

    রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ইতোমধ্যে তিনটি সুনামি ঢেউ আঘাত করেছে দেশটির সেভেরো-কুরিলস্ক বন্দর এলাকায়।

    সুনামির শেষ ঢেউটি বন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করে এবং নোঙর করা কয়েকটি জাহাজকে প্রণালীর দিকে টেনে নিয়ে যায়।

    রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা টিএএসএস জানিয়েছে, সুনামির তৃতীয় ঢেউটি ছিল "অত্যন্ত শক্তিশালী"।

    সুনামির ঢেউয়ে শহরের কিছু অংশ প্লাবিত হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা আত্মরক্ষার্থে একটি পাহাড়ের ওপর জড়ো হয়েছেন । সেভেরো-কুরিলস্ক অঞ্চলে প্রায় দুই হাজার মানুষ বসবাস করে।

    সুনামির প্রভাব না কাটা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন বলে জানিয়েছে টিএএসএস।

    এর আগে, রাশিয়ায় যে ভূমিকম্প হয়েছে, তাতে দেশটির পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি অঞ্চলে একটি কিন্ডারগার্টেন ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে।

    ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন ভবন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন ভবন
  5. সুনামি আঘাত হানতে পারে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে

    যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ইকুয়েডরে তিন মিটার (১০ ফুট) উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে।

    রাশিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের কারণেই প্রশান্ত মহাসাগর উপকূলঘেঁষা একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যদিও রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল প্রায় ১৩ হাজার কিলোমিটার দূরে।

    বার্তা সংস্থা এএফপি'র তথ্য অনুযায়ী, ইকুয়েডরের নিকটবর্তী গালাপাগোস দ্বীপপুঞ্জেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং সেখানে কিছু "প্রতিরোধমূলক" কার্যক্রমও চলছে।ক

  6. বঙ্গোপসাগরে রাতে দেড় ঘণ্টায় চার ভূমিকম্প

    মঙ্গলবার রাতে বঙ্গোপসাগরে চারটি ভূমিকম্প হয়েছে।

    যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি হয়েছে মঙ্গলবার রাত পৌনে ১০টা নাগাদ আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ২৭৫ কিলোমিটার দূরে ১০ সমুদ্র তলের ১০ কিলোমিটার গভীরে। সেটি ছিল পাঁচ মাত্রার ভুমিকম্প।

    এরপর কাছাকাছি এলাকায় পাঁচ, চার দশমিক নয়, ও চার দশমিক ছয় মাত্রার আরো চারটি ভূমিকম্প হয়েছে। দেড় ঘণ্টা সময়ের মধ্যে এসব ভূমিকম্প ঘটে। সর্বশেষ ভূমিকম্পটি ঘটেছে রাত সোয়া এগারোটার দিকে।

    তবে এসব ভূমিকম্পে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

  7. ‘তাৎক্ষণিকভাবে সরে যাওয়ার’ আহ্বান হাওয়াই কর্তৃপক্ষের

    ওয়াহু দ্বীপের বিস্তৃত অংশ, যার মধ্যে হাওয়াইয়ের রাজধানী হনোলুলুও রয়েছে, তাৎক্ষণিকভাবে খালি করার নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অংগরাজ্য হাওয়াইয়ের কর্মকর্তারা।

    হনোলুলুর জরুরি ব্যবস্থাপনা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করে লিখেছে, “এখনই সরে যান! ধ্বংসাত্মক সুনামি ধেয়ে আসার আশঙ্কা রয়েছে।”

    সতর্কতা জারির পর থেকে হাওয়াইয়ের ওয়াহুতে ওয়াইকিকি সমুদ্র সৈকত ছেড়ে আসছেন মানুষ।

    জানা গেছে, হাওয়াইতে সুনামি আঘাত হানতে এখনও কয়েক ঘণ্টা লেগে যেতে পারে।

    ওয়াইকিকি থেকে ফিরে আসার কিছু ছবি এখানে দেখা হলো...

    হনুলুলুর এক বাসিন্দা তার গাড়িতে পানি এবং অন্যান্য জিনিসপত্র নিচ্ছেন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, হনুলুলুর এক বাসিন্দা তার গাড়িতে পানি এবং অন্যান্য জিনিসপত্র নিচ্ছেন
    ওয়াইকিকি সমুদ্র সৈকত ছাড়ছেন মানুষ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ওয়াইকিকি সমুদ্র সৈকত ছাড়ছেন মানুষ
    হনুলুলু'র মহাসড়কে জ্যাম লেগে গেছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, হনুলুলু'র মহাসড়কে জ্যাম লেগে গেছে
  8. জাপানে সুনামির আঘাত, জাপান সরকার পরিস্থিতি পর্যালোচনা করছে

    জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা

    রাশিয়ায় আঘাত হানা ভূমিকম্পের প্রভাবে জাপানের হোক্কাইডোতে ইতোমধ্যে সুনামি আঘাত করেছে।

    জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, জাপান সরকার পরিস্থিতি পর্যালোচনা করছে এবং যেকোনও উদ্ধার তৎপরতায় “মানুষের জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার” দেওয়া হবে।

    তিনি আরও জানান, এখন পর্যন্ত জাপানে ক্ষয়ক্ষতির নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

    তবে যেসব এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে, সেসব অঞ্চলের বাসিন্দাদের উঁচু জায়গায় যেতে এবং উপকূল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

  9. রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প, দেশে দেশে সুনামি সতর্কতা জারি

    রাশিয়ার কামচাটকা অঞ্চলের কোস্টলাইন (ফাইল ছবি)

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, রাশিয়ার কামচাটকা অঞ্চলের কোস্টলাইন (ফাইল ছবি)

    রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল আট দশমিক আট।

    তবে প্রথমে রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিলো আট দশমিক সাত।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পটি রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ৭৮ মাইল বা ১২৬ কিলোমিটার দূরে ১৮ কিলোমিটার গভীরে আঘাত হানে।

    রাশিয়ায় ভূমিকম্পটি অত্যন্ত শক্তিশালী হওয়ায় এটি প্যাসিফিক অঞ্চলে সুনামির ঝুঁকি তৈরি করেছে।

    দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক আঞ্চলিক মন্ত্রী সের্গেই লেবেদেভও জানিয়েছেন যে ওই ভূমিকম্পের ফলে কামচাটকা উপকূলে তিন থেকে চার মিটার উচ্চতার সুনামি সৃষ্টি হয়েছে।

    ফলশ্রুতিতে রাশিয়াসহ জাপানের হোক্কাইডো থেকে কিউশু পর্যন্ত উপকূলীয় অঞ্চলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পুরো অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

    সেইসাথে, আলাস্কার দূরবর্তী আলেউটিয়ান দ্বীপপুঞ্জের কিছু অংশে, প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপ এবং হাওয়াই দ্বীপপুঞ্জেও সুনামি সতর্কতা জারি আছে।

    কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোদভ এক ভিডিও বার্তায় বলেন, “আজকের ভূমিকম্পটি অত্যন্ত গুরুতর ছিল এবং এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পন।”

    রাশিয়ার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, রাশিয়ার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা
  10. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরও পড়তে পারেন;

    গতকালের উল্লেখযোগ্য সব খবর পড়তে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে