আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইরানের ২০টিরও বেশি জাহাজে ‘হামলা বা ডুবিয়ে দেওয়ার’ দাবি যুক্তরাষ্ট্রের, ‘ইরানের আরও ভেতরে’ হামলার ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন যে, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র “একটি ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে, যা আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করেছিল”। এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    তিনি আজ দুপুরে ডিএমপি সদর দপ্তরে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি দুইটা বিষয়ে অনুশাসন দিয়েছি। এর মধ্যে একটি হচ্ছে - আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করব এবং সেই হিসেবে তাদের আইনের আওতায় নিয়ে আসবো। অপরটি হচ্ছে -যারা অস্ত্রধারী সন্ত্রাসী, দাগী আসামী, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের একটি স্বচ্ছ তালিকা প্রণয়ন করা হচ্ছে। তালিকা অনুযায়ী তাদের আইনের আওতায় নিয়ে আসবো।

    তিনি বলেন, এই প্রক্রিয়া ঢাকা থেকে শুরু হবে। সারাদেশেই চাঁদাবাজ ও অস্ত্রধারী, দাগি আসামিদের নির্মোহ তালিকা করে অভিযান পরিচালনা করবে আইনশৃঙ্খলা বাহিনী। এ ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। সবকিছু আইনের গতিতে চলবে।

  2. যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: খামেনির উপদেষ্টা

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা বুধবার বলেছেন, দেশটি “যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার কোনো ইচ্ছা রাখে না এবং দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত”।

    মোহাম্মদ মোখবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, “আমাদের আমেরিকানদের ওপর কোনো আস্থা নেই এবং তাদের সাথে আলোচনার কোনো ভিত্তি নেই। আমরা চাইলে যতদিন খুশি যুদ্ধ চালিয়ে যেতে পারব”।

  3. একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলা করছে কুয়েত

    একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হচ্ছে কুয়েত।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে দেশটির সেনাবাহিনী লিখেছে, ঢেউয়ের মত একের পর এক আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলা ও প্রতিহত করবেন তারা।

  4. ট্রাম্প আলোচনাকে ‘রিয়েল এস্টেট লেনদেন’ হিসেবে দেখেছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “হিংসার বশবর্তী হয়ে আলোচনার টেবিলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন" বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নতুন পোস্টে মি. আরাঘচি লিখেছেন, “পারমাণবিক আলোচনার মতো জটিল বিষয়কে যখন কোনো রিয়েল এস্টেট ব্যবসার (জমি কেনাবেচা) মতো দেখা হয় এবং বড় বড় মিথ্যা যখন বাস্তবতাকে আড়াল করে ফেলে, তখন অবাস্তব প্রত্যাশাগুলো কখনোই পূরণ হয় না”।

    এর ফলাফল উল্লেখ করতে তিনি লিখেছেন, “ফলাফল? হিংসার বশবর্তী হয়ে আলোচনার টেবিলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা”।

    ট্রাম্প “কূটনৈতিক সম্পর্ক এবং যারা তাকে নির্বাচিত করেছে সেই আমেরিকানদের সাথে প্রতারণা করেছেন” বলেও লিখেছেন আরাঘচি।

  5. লেবাননে আবার বিমান হামলা শুরু করেছে ইসরায়েল

    লেবাননে আবার বিমান হামলা শুরু করেছে ইসরায়েল।

    ইসরায়েল জানিয়েছে, তারা ইরান সমর্থিত গোষ্ঠী হেজবুল্লাহর সাথে সম্পর্কিত স্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

    বুধবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী আবারও রাজধানী বৈরুতের দক্ষিণ অংশের বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার জন্য সতর্ক করে।

    স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে লেবাননে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে।

  6. আলী খামেনির তিন দিনের শেষ বিদায় অনুষ্ঠান শুরু হবে আজ

    ইরানের নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির তিন দিনের রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান আজ বুধবার শুরু হবে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ।

    প্রায় ৩৬ বছর ইরানের নেতৃত্ব দেওয়া আয়াতুল্লাহ আলী খামেনি গত শনিবার (যুদ্ধের প্রথম দিন) ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় নিহত হন।

    ইসলামিক কাউন্সিল ফর ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশনের একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে আইআরএনএ জানায়, “বুধবার রাত ১০টা (১৮:৩০ জিএমটি) থেকে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে জাতির শহীদ নেতার মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন শোকসন্তপ্ত লোকজন”।

    ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করা আলী খামেনিকে তার জন্মস্থানে, ইরানের উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে সমাহিত করার কথা রয়েছে।

    এদিকে, ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে খামেনির ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন - আজই এই সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।

    অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা করেছেন, যে কোনো উত্তরসূরী "ইসরায়েলকে ধ্বংস করার, মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি দেওয়ার" এবং "ইরানি জনগণকে দমন করার" পরিকল্পনা অব্যাহত রাখলে তাকে "নির্বিঘ্নে নির্মূল করার লক্ষ্যবস্তু" হিসেবে বিবেচনা করা হবে।

  7. যিনি খামেনির স্থলাভিষিক্ত হন না কেন তাকেই লক্ষ্যবস্তু করা হবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

    ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, যিনি ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হবেন তাকেই লক্ষ্যবস্তু করা হবে।

    “ইরানের এই সন্ত্রাসী সরকার যাকে পরবর্তী নেতা হিসেবে বেছে নিক না কেন, যদি তাদের লক্ষ্য হয় ইসরায়েল ধ্বংস করা, যুক্তরাষ্ট্র বা মুক্ত বিশ্বকে হুমকি দেওয়া কিংবা ইরানের জনগণকে দমন করা, তবে সেই ব্যক্তি যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাকে লক্ষ্যবস্তু করে নির্মূল করা হবে” বলেন তিনি।

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার হামলা শুরুর প্রথম দিনেই নিজের বাসভবনে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

    নেতৃত্ব নির্বাচনে ভোটের খবর শোনা গেলেও ইরান এখনো আনুষ্ঠানিকভাবে খামেনির উত্তরসুরীর নাম ঘোষণা করেনি।

  8. ইসরায়েলের নতুন করে হামলা শুরুর পর তেহরানে ভয়াবহ বিস্ফোরণ

    ইরানের রাজধানী পূর্ব তেহরানে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

    ইরানের রাষ্ট্রীয় গনমাধ্যম এবং তেহরানে থাকা বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা এই তথ্য নিশ্চিত করেছে।

    ইসরায়েলি সামরিক বাহিনী(আইডিএফ) ইরানের এই শহরে ব্যাপক মাত্রায় হামলার ঘোষণা দেওয়ার পর এই বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

  9. সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক : পরিপত্র জারি

    সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিদিন সকাল নয়টা থেকে নয়টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিসে অবস্থানের নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়।

    বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর প্রকাশ করেছে।

    পরিপত্র থেকে জানা যায়, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মকর্তা - কর্মচারীরা অফিসে আসার পথে দাপ্তরিক বা ব্যক্তিগত বিভিন্ন কাজে (যেমন: সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অতিথি বক্তা হিসেবে অংশগ্রহণ কিংবা ব্যাংক, হাসপাতাল ও বিদ্যালয়ে যাওয়া) ব্যস্ত হয়ে পড়েন। এর ফলে তারা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকেন না।

    এই অবস্থায়, জনসেবা নিশ্চিত ও দাপ্তরিক কাজে গতি আনতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অবশ্যই নিজ অফিস কক্ষে থাকতে হবে।

    দাপ্তরিক অন্যান্য কর্মসূচিও এমনভাবে সাজাতে হবে যাতে এই সময়টুকু বিঘ্নিত না হয়।

    পরিপত্রে জানানো হয়, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ অনুযায়ী সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে আসা ও যাওয়া বাধ্যতামূলক।

    যেসব ক্ষেত্রে এই নিয়ম শিথিল থাকবে:

    তবে কিছু ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। যেমন- শিক্ষা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও অনুষদ সদস্য যারা প্রশাসনিক দায়িত্বে নেই।

    এছাড়া হাসপাতাল, জেলখানা, সংবাদ মাধ্যম বা নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যারা রোস্টার ডিউটি করেন, তাদের ক্ষেত্রেও এই সময়সীমা প্রযোজ্য হবে না।

    জরুরি গ্রাহকসেবায় সরাসরি সম্পৃক্ত এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও এই নিয়মের বাইরে রাখা হয়েছে।

    পরিপত্রে আরও বলা হয়, ভিভিআইপি বা ভিআইপি প্রটোকল প্রদান, আকস্মিক বড় দুর্ঘটনা মোকাবিলা, উন্নয়ন সহযোগী বা কূটনৈতিক মিশনের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ সভা এবং অনুমোদিত সরকারি সফরের ক্ষেত্র ছাড়া কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কর্মস্থল ত্যাগ করা যাবে না।

    দাপ্তরিক কাজ ছাড়া অফিস চলাকালীন সময়ে অফিস ত্যাগ না করার নির্দেশ দিয়ে বলা হয়েছে, এই পরিপত্র অবিলম্বে কার্যকর হবে।

  10. শ্রীলঙ্কার কাছে ডুবতে বসেছে ইরানি নৌ বাহিনীর একটি জাহাজ

    শ্রীলঙ্কা উপকূলের কাছে ইরানের নৌ বাহিনীর একটি জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে।

    শ্রীলঙ্কান কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি থেকে বিপদ সংকেত পাওয়ার পর ইরানি নাবিকদের উদ্ধারের জন্য তারা নৌ ও বিমান বাহিনীকে পাঠিয়েছে।

    শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ সংসদে জানিয়েছেন, ভোরের দিকে ‘আইআরআইএস ডেনা’ জাহাজটি থেকে একটি বিপদ সংকেত পান তারা।

    জাহাজে ১৮০ জন মানুষ ছিলেন।

    মি. হেরাথ জানান, জাহাজটির আহত ৩০ জনকে উদ্ধার করে শ্রীলঙ্কার গ্যালে বন্দরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

    ইরানি জাহাজটি কেন ডুবে গেল তার কারণ জানা যায়নি।

    একজন বিরোধী দলীয় সংসদ সদস্য জানতে চেয়েছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার অংশ হিসেবে জাহাজটিতে হামলা করা হয়েছে কিনা। তবে সরকারের পক্ষ থেকে কোনো উত্তর দেওয়া হয়নি।

  11. বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন ভূপাতিত

    ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

    দু্ইটি নিরাপত্তা সংস্থার সূত্রের বরাত দিয়ে এএফপি এই সংবাদ প্রকাশ করেছে।

    তবে, কোন হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    এই বিমানবন্দরের ভেতরে একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশন অবস্থিত।

    এর আগে এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর(কোয়ালিশন ফোর্সেস) প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।

    ইরাক জানিয়েছে, ইরান এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই যুদ্ধে তারা কোনোভাবেই জড়াতে চায় না।

    তবে এই যুদ্ধের আঁচ থেকে শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতে পারছে না ইরাক।

  12. কাতারে ইউএস বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

    কাতারকে লক্ষ্য করে ইরান দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে এবং আরেকটি ইউএস বিমান ঘাঁটি আল উবেইদ থেকে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    আল উবেইদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় ঘাঁটি।

    তবে, কোন হতাহতের খবর জানায়নি কাতার।

  13. দুবাইয়ের ইউএস কনস্যুলেট থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে

    শনিবার থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে দেশটি ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও মিত্রদের ওপর হামলা শুরু করেছে।

    মঙ্গলবার বিকেলে দুবাইয়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কনস্যুলেট ভবনে ইরান ড্রোন হামলা চালানোর পর সেখানে ধোঁয়া উড়তে দেখা যায়।

    বিবিসি ভেরিফাই এই ছবির যাচাই করে সত্যতা নিশ্চিত করেছে।

    কনস্যুলেটের কয়েক মিটার দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, ড্রোনটি কনস্যুলেটে ওপরে আছড়ে পড়েছে।

    অন্য আরেকটি ভিডিওতে কম্পাউন্ডের ভেতরে আগুন জ্বলতে দেখা গেছে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে।

    গতরাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে, একটি ড্রোন কনস্যুলেটের চ্যান্সেলারি ভবনের পাশের পার্কিং লটে হামলা করেছে।

    “আমাদের সব কর্মীরা নিরাপদে আছেন ও খোঁজ পাওয়া গেছে” বলে জানান তিনি।

    তিনি আরো বলেন, “আমরা অবশ্যই খুবই ভাগ্যবান কিন্তু আমাদের অ্যাম্বাসি এবং কূটনৈতিক ফ্যাসিলিটিজ একটা সন্ত্রাসী গোষ্ঠীর সরাসরি হামলার শিকার হয়েছে।”

  14. প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা স্থগিত

    জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুন আমির হোসেনকে গুলি করাসহ দুইজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা থেকে সরে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

    বুধবার এই মামলাটির রায়ের দিন ধার্য ছিল।

    কিন্তু সকালে প্রসিকিউশন পক্ষ এই মামলায় নতুন করে সাক্ষ্য-প্রমাণ দেওয়ার জন্য আবেদন করে ট্রাইব্যুনালে।

    চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম পরে সাংবাদিকদের জানান, “এই মামলায় নতুন করে বেশ কিছু প্রমাণ হাতে আসায় চার সপ্তাহ সময় আবেদন করা হয়েছে। রায় স্থগিত রাখার আবেদন করা হয়েছে।”

    তিনি জানান, এই মামলার আসামি চঞ্চল চন্দ্র সরকার রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে কিভাবে গুলি করেছে এই সংক্রান্ত তার নিজের একটি ভিডিও বক্তব্য প্রসিকিউশনের হাতে এসেছে যা মামলায় থাকা দরকার।

    গত ১৫ই ফেব্রুয়ারি এই মামলার বিচার শেষে রায় ঘোষণার দিন ঠিক করে ট্রাইব্যুনাল।

    এই মামলাটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজন আসামি।

    অন্য আসামিরা হলেন, খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান, সাবেক উপ-পরিদর্শক তরিকুল ইসলাম ভুঁইয়া এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার।

    আসামিদের মধ্যে শুধু চঞ্চল চন্দ্র সরকার গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

  15. ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী(আইডিএফ) জানিয়েছে তেহরানে এক হামলায় তারা ইরানের কুদস ফোর্সের লেবানন শাখার কমান্ডার দাউদ আলি জাদেহকে হত্যা করেছে।

    আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, “কুদস ফোর্সের জ্যেষ্ঠ কর্মকর্তা ও লেবানন কোরের কমান্ডার দাউদ আলি জাদেহকে লক্ষ্যবস্তু করে তেহরানের কেন্দ্রস্থলে হামলা করেছে যুদ্ধবিমান।”

    কুদস ফোর্স হলো ইরানের ইসলামির রেভুলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি)এর একটি শাখা।

  16. তেহরানের ‘ডজনখানেক পুলিশ ও বাসিজ সদর দফতরকে’ লক্ষ্যবস্তু করে ইসরায়েলি বিমান হামলা

    ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেহরানের “ডজনখানেক পুলিশ ও বাসিজ ফোর্সের সদর দফতরকে” লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক বার্তায় ইসরায়েলি বাহিনী জানিয়েছে, “যেসব সদর দফতরে হামলা করা হয়েছে সেগুলো পুরো দেশে তাদের স্থিতিশীলতা ও নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য ইরানের সন্ত্রাসী শাসকরা ব্যবহার করছিল।”

  17. ইরানে দুই হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে হামলা করেছে।

    একইসাথে ২০০৩ সালের ইরাক অভিযানের তুলনায় এই অভিযান প্রায় দ্বিগুন মাত্রার হয়েছে।

    ইউএস সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জানিয়েছেন, তারা ইরানের ১৭টি জাহাজ ধ্বংস করেছে।

    ইউএস নেভির সিনিয়র এডমিরাল ব্রাড কুপার বলেছেন, “আজ পারস্য উপসাগর, হরমুজ প্রণালী অথবা ওমান সাগরের কোথাও একটাও ইরানি জাহাজ নেই।”

    ৫০ হাজারের বেশি সেনা, দুইশো যুদ্ধবিমান, দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং বম্বারের সমন্বয়ের এই অভিযান “এই প্রজন্মের মধ্যে মধ্যপ্রাচ্যে এটিই সবচেয়ে বড় মার্কিন সেনা মোতায়েনের ঘটনা” বলে জানান মি. কুপার।

  18. সন্দেহভাজন ১০ আইআরজিসি স্পাই গ্রেফতারের দাবি কাতারের

    ইসলামিক রেভুলিউশনারি গার্ড কোরের হয়ে কাজ করা “দুইটি চক্রকে সফলভাবে গ্রেফতার” করা হয়েছে বলে দাবি করেছে কাতার।

    বুধবার ভোরে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

    এই সংবাদ সংস্থা জানিয়েছে, সন্দেহভাজনদের মধ্যে সাতজনকে “দেশের গুরুত্বপূর্ণ ও সামরিক অবকাঠামো সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য গুপ্তচরবৃত্তির দায়িত্ব দেয়া হয়েছিল।”

    “ড্রোন ব্যবহারের প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল” বলে বাকি তিনজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

    রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, “জিজ্ঞাসাবাদের সময় গ্রেফতারকৃত ব্যক্তিরা ইসলামিক রেভুলিউশনারি গার্ড কোরের সাথে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেছে এবং জানিয়েছে তাদের গুপ্তচরবৃত্তি ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল।”

  19. ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েল

    ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের নতুন দফায় হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

    গত কয়েক ঘণ্টায় ইসরায়েলে সতর্ক সংকেত বাজিয়ে জানানো হয় যে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।

    সাইরেন বেজে ওঠে এবং মোবাইলে ইসরায়েলি নাগরিকরা সতর্কবার্তা পায় যে, নিরাপদে আশ্রয় নিতে হবে এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে।

    লেবানন থেকে প্রজেক্টাইল নিক্ষেপের দিকে নজর রয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সেখানে হেজবুল্লাহকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল।

    ইসরায়েল দাবি করেছে, যেসব ক্ষেপণাস্ত্র এবং প্রজেক্টাইল ছোঁড়া হয়েছে সেগুলো আকাশেই প্রতিহত করা হয়েছে এবং এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

  20. দুইটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরব

    সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণে দুইটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপির এই তথ্য প্রকাশ করেছে।

    এর বাইরে দেশটির সরকারি সংস্থা সৌদি প্রেস এজেন্সি আরো নয়টি ড্রোন ভূপাতিত করা কথা জানিয়েছে।

    তবে এই ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো কোথা থেকে নিক্ষেপ করা হয়েছে সেটি জানায়নি সৌদি কর্মকর্তারা।