হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান লারিজানি নিহত হয়েছেন, দাবি ইসরায়েলের

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এদিকে, বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন এবং রকেট হামলার ঘটনাকে বলা হচ্ছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর 'সবচেয়ে তীব্র হামলা'।

সরাসরি কভারেজ

  1. আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে একজন নিহত

    সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে একজন নিহত হয়েছেন।

    আজ মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত রাতে আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আঘাত পেয়ে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন।

    এক্সে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর এই ঘটনা ঘটে।

  2. ইরাকে হামলা অব্যাহত

    এই সপ্তাহজুড়ে ইরাকে একাধিক হামলার ঘটনা ঘটেছে, যা মঙ্গলবার ভোর পর্যন্ত অব্যাহত রয়েছে।

    সোমবার বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে একটি বিলাসবহুল হোটেলে ড্রোন হামলায় আগুন লাগে। ওই এলাকায় সরকারি ভবন ও বিদেশি দূতাবাসগুলো অবস্থিত।

    মঙ্গলবার সকালে একই গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

    একজন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানান, “তিনটি ড্রোন ও চারটি রকেট দিয়ে দূতাবাসে হামলা করা হয়, যার মধ্যে অন্তত একটি ড্রোন ভেতরে গিয়ে আঘাত হানে।”

    একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, তিনি অন্তত তিনটি ড্রোনকে মার্কিন দূতাবাসের দিকে উড়তে দেখেছেন। এর মধ্যে দু’টি ভূপাতিত করা হলেও একটি দূতাবাস চত্বরে আঘাত হানে।

    ইরাকি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, “হামলা শুরুর পর এটি ছিল সবচেয়ে তীব্র আক্রমণ।”

  3. সংযুক্ত আরব আমিরাতে বারবার ইরানের হামলা

    দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আগুন

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আগুন

    যুদ্ধ শুরুর পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে প্রায় দুই হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে।

    ইরান মূলত সংযুক্ত আরব আমিরাতের পরিবহন ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

    সোমবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলার ঘটনায় আগুন লাগার পর সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়।

    ড্রোন হামলায় ওই অঞ্চলটির অন্যতম বড় তেল সংরক্ষণ কেন্দ্র ফুজাইরাহ বন্দরেও আগুন লাগে।

    সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির উপকণ্ঠে একটি গাড়িতে রকেট হামলায় একজন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন বলে শহরটির মিডিয়া অফিস জানিয়েছে।

    ইরান পাল্টা হামলা শুরু করার পর থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর একাধিকবার হামলার শিকার হয়েছে, যার ফলে বড় ধরনের বিলম্ব ও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

    ফেব্রুয়ারির শেষ দিকে দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলেও হামলা চালানো হয়।

    বিবিসির সংবাদদাতা আজাদেহ মশিরি সোমবার বিবিসি গ্লোবাল নিউজ পডকাস্টে বলেন, সংযুক্ত আরব আমিরাত মনে করছে যে তাকে অন্যায়ভাবে এই যুদ্ধে জড়িয়ে ফেলা হয়েছে।

    তিনি বলেন, “ইরান হয়তো মনে করছে, এই চাপ সংযুক্ত আরব আমিরাতের নেতাদের যুক্তরাষ্ট্রের ওপর যুদ্ধ বন্ধে চাপ দিতে বাধ্য করবে। কিন্তু বাস্তবতা হলো, এখানকার কর্মকর্তারা এতে ক্ষুব্ধ।”

  4. বাগদাদে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা

    হামলা

    বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে একাধিক ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে।

    ইরাকের নিরাপত্তা সূত্রগুলো বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, “হামলা শুরুর পর থেকে এটি ছিল সবচেয়ে তীব্র আক্রমণ।”

    এই হামলার প্রায় ছয় ঘণ্টা আগে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসে নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছিল।

    সতর্কবার্তায় বলা হয়, ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো বাগদাদের আন্তর্জাতিক এলাকায় একাধিকবার হামলা চালিয়েছে।

  5. সোমবার যা যা হলো

    • বাংলাদেশে আগামী বছর থেকে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। আগামী বছর থেকে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হবে।
    • বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)- পুলিশের এই বিশেষ তিনটি ইউনিটের শীর্ষপদে রদবদল করেছে সরকার।
    • বাংলাদেশের উত্তর দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সারাদেশের ৫৪ জেলায় একযোগে এ কর্মসূচির উদ্বোধন করলেন তিনি।
    • বাংলাদেশের নতুন সরকারকে মানবাধিকার সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচসহ নয়টি মানবাধিকার সংগঠন।
    • মার্কিন গোয়েন্দা সংস্থার নতুন তথ্য অনুযায়ী, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনি তার ছেলে মোজতবা খামেনি তার উত্তরসূরি হিসেবে ক্ষমতায় আসুক, তা নিয়ে দ্বিধায় ছিলেন।
    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্যিক জাহাজ রক্ষা এবং বিশ্বজুড়ে তেল সরবরাহ স্বাভাবিক করতে মিত্র দেশকে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন। তবে তার আহ্বানে দেশগুলোর পক্ষ থেকে খুব একটা সাড়া দেখা যায়নি।
    • ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় খোলার জন্য একটি কার্যকর পরিকল্পনা করতে মিত্রদের সাথে কাজ করছে যুক্তরাজ্য।
    • হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়ে সদস্য দেশগুলো আলোচনায় বসেছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া কালাস।
    • ব্রিটেনের কর্ম এবং পেনশন মন্ত্রী প্যাট মেকফেডান বলেন, বর্তমান যুদ্ধকে 'নেটো যুদ্ধ নয়' বরং 'মার্কিন-ইসরায়েলি পদক্ষেপ'।
    • সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় সময় সকাল নয়টায় (বাংলাদেশ সময় বেলা ১১টা) জানিয়েছে যে দেশটির আকাশ-প্রতিরোধী ব্যবস্থা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র আর ড্রোনের হুমকি মোকাবিলা করছে।
    • ড্রোন হামলায় জ্বালানি ট্যাঙ্কে আগুন লাগার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখার কথা জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।
    • সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলে ফুজাইরাতে একটি বিশাল তেল শিল্প এলাকায় ড্রোন হামলার ফলে আগুন লেগেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
    • তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিমান ধ্বংস করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে চীন।
    • “লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ডকে” ইরান তাদের জন্য একটি “হুমকি” হিসেবে দেখছে উল্লেখ করে একে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে খাতাম আল আনবিয়া ঘাঁটির একজন মুখপাত্র।
    • ভোট ঘোষণা করেই পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল করল নির্বাচন কমিশন।
    • ভারতের ওড়িশা রাজ্যের একটি হাসপাতালে আগুন লেগে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
    • বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৮তম আসরে সেরা ছবি হিসেবে পুরষ্কৃত হয়েছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ডার্ক কমেডি অ্যাকশন থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনেতার অস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান, সেরা অভিনেত্রী জেসি বাকলি।

    আরও খবর জানতে মূল পাতায় ক্লিক করুন।

  6. বিবিসি বাংলা'র লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের সব খবর জানতে ক্লিক করতে পারেন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে