ইরানে হামলায় যোগ দেওয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প, 'করতেও পারি, নাও পারি'

ইরানের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের যোগ দেওয়ার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমি করতেও পারি, নাও করতে পারি। কেউ জানে না আমি কী করতে চাই”। এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত তাদের যেকোনো সামরিক হস্তক্ষেপ সন্দেহাতীতভাবে তাদের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. ইরানি বিশ্ববিদ্যালয়কেও টার্গেট করেছে ইসরায়েল

    তেহরানের পূর্ব উপকণ্ঠে অবস্থিত ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়কেও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল।

    ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

    বিশ্ববিদ্যালয়টি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সাথে যুক্ত বলে মনে করা হচ্ছে।

    তেহরানের কেন্দ্রস্থলে মঙ্গলবার দুটি বিস্ফোরণের পর ধোঁয়া

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, আইআরজিসির সাথে যুক্ত ইরানি বিশ্ববিদ্যালয়কেও টার্গেট করেছে ইসরায়েল
  2. ইসরায়েলকে লক্ষ্য করে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

    ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্র

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইসরায়েলকে লক্ষ্য করে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

    ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ‘ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে।

    দেশটির আধা – সরকারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তথ্য জানিয়েছে।

    রাষ্ট্রীয় মালিকানাধীন প্রেস টিভিও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর প্রকাশ করেছে। দুইটি সংবাদমাধ্যমই ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে।

    প্রেস টিভি রিপোর্টে জানিয়েছে, “আইআরজিসি অভিযানের সর্বশেষ পর্যায়কে ‘একটি টার্নিং পয়েন্ট’ হিসাবে বর্ণনা করে বলেছে প্রথম প্রজন্মের ফাত্তাহ ক্ষেপণাস্ত্র মোতায়েন ইসরায়েলের ‘কাল্পনিক’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সমাপ্তির সূচনা।”

    ২০২৪ সালের পহেলা অক্টোবর ইসরায়েলে হামলার সময় ইরান কয়েক ডজন ফাত্তাহ - ১ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

    তবে, বর্তমান যুদ্ধে ফাত্তাহ ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে বলে মনে হচ্ছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

    প্রথম ২০২৩ সালে ফাত্তাহ ক্ষেপণাস্ত্রটি উন্মোচিত হয়েছিল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি এর নামকরণ করেছিলেন।

  3. সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প বনাম খামেনি

    আয়াতোল্লাহ আলী খামেনি, ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images/Reuters

    ছবির ক্যাপশান, সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প বনাম খামেনি

    সাম্প্রতিক দিনগুলোতে যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে গোলাগুলি চলছে, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের বার্তা দিচ্ছেন।

    আসুন গত ২৪ ঘন্টা ধরে তাদের সর্বশেষ বার্তাগুলোর দিকে ফিরে তাকাই।

    এর আগে মঙ্গলবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন, “ইরানের আকাশের ওপরে পুরো এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।”

    তিনি খামেনিকে সতর্ক করে দিয়েছিলেন: “আমরা একেবারেই সঠিকভাবে জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি একজন সহজ টার্গেট কিন্তু সেখানে নিরাপদ – আমরা সেখান থেকে তাকে বের করে আনব না (হত্যা!), অন্তত আপাতত নয়।”

    “আমাদের ধৈর্য কমে আসছে ” সতর্ক করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “নিঃশর্ত আত্মসমর্পণ!”

    কিন্তু এক্ষেত্রে তেহরানের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ বিভিন্ন ভাষার অ্যাকাউন্টে ধারাবাহিক পোস্টে খামেনি বলেছেন, ইরান “কখনও জায়নিস্টদের(ইহুদিবাদীদের) সাথে আপস করবে না।”

    “আমরা জায়নিস্টদের (ইহুদিবাদীদের) কোন দয়া দেখাব না ” পোস্টটিতে লেখা হয়েছে। অন্য আরেকটি পোস্টে তিনি বলেছেন “যুদ্ধ শুরু”।

  4. ইরান এবং ইসরায়েলের কোথায় কোথায় বিমান হামলা হয়েছে

    স্থানীয় সময় বুধবার ভোরে ইরান থেকে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

    প্রায় এক কোটি মানুষের শহর তেহরানে এখন পর্যন্ত একশটিরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

    ইতোমধ্যে, ইরান ইসরায়েলের ঘনবসতিপূর্ণ এলাকা তেল আভিভ এবং হাইফায় হামলা চালিয়েছে।

    নীচের মানচিত্রে নতুন হামলার ঘটনাগুলো উল্লেখ করা হয়নি। তবে ১৩ই জুন পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ার পর থেকে ইরান এবং ইসরায়েল উভয় দেশেই এখন পর্যন্ত কোথায় বিমান হামলা হয়েছে তা এখানে তুলে ধরা হয়েছে।

    মানচিত্র
    ছবির ক্যাপশান, ইরান এবং ইসরায়েলের কোথায় বিমান হামলা হয়েছে?
  5. পাকিস্তানের সেনা প্রধানের সাথে আজ বৈঠক করবেন ট্রাম্প

    পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের সাথে বৈঠক করবেন।

    ওয়াশিংটন সময় দুপুরে হোয়াইট হাউসে দুই জনের একসাথে মধ্যাহ্ন ভোজ যোগ দেওয়ার কথা রয়েছে।

    তবে, গণমাধ্যমের সদস্যদের জন্য ওই বৈঠকে প্রবেশ নিষিদ্ধ থাকবে।

    ১৪ ই জুন থেকে জেনারেল মুনির যুক্তরাষ্ট্র সফর করছেন। দু’জনের মধ্যে এই বৈঠকটি পূর্ব নির্ধারিত ছিল।

    কিন্তু ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সংঘাত এই অঞ্চলের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই বৈঠকটি হতে যাচ্ছে এবং এই সময়ের কারণেই সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

    ইরান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত রয়েছে।

    ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জেনারেল মুনির সম্প্রতি মে মাসের শেষের দিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাঘেরির সাথে দেখা করেছিলেন।

    গত ১৩ই জুন চলমান যুদ্ধের প্রথম দিনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন বাঘেরি।

    পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে দেখা হয় জেনারেল মুনিরকে।

    ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আরো পড়তে পারেন:

  6. ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্যের মুখে খামেনি বললেন, ইরান আপস করবে না

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি এই মাসের শুরুতে তেহরানে ভাষণ দিচ্ছেন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরান ‘কখনোই আপস করবে না’ বলেছেন সর্বোচ্চ নেতা

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান “ কখনোই জায়নিস্টদের (ইহুদিবাদীদের) সাথে আপস করবে না”। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একাধিক পোস্টে এ কথা লিখেছেন তিনি।

    “ আমরা জায়নিস্টদের (ইহুদিবাদীদের) কোনো দয়া দেখাব না ” একটি পোস্টে এ কথা লেখা হয়েছে। অন্য আরেকটি পোস্টে তিনি বলেছেন, “যুদ্ধ শুরু।”

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, আমেরিকা জানে খামেনি কোথায় আছেন। কিন্তু “তাকে বের করে আনবে না, অন্তত আপাতত” এমন মন্তব্যের পরই খামেনি ওই কথা বলেছেন।

    এছাড়া ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলেছেন। সেই প্রেক্ষাপটে আয়াতোল্লাহ খামেনির বক্তব্য এলো।

    তার বিভিন্ন ভাষার অ্যাকাউন্টের পোস্টগুলোর মধ্যে প্রথম প্রকাশ্য মন্তব্য এটি।

    যদিও এই সপ্তাহের শুরুতে, বিবিসি জানিয়েছিল, ট্রাম্প খামেনিকে হত্যার একটি ইসরায়েলি পরিকল্পনায় ভেটো দিয়েছেন।

  7. 'ইসরায়েলি আকাশে ছোঁড়া ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে'

    ইসরায়েলের কয়েকটি শহরের ওপরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

    সর্বশেষ ছোঁড়া এমন কিছু ক্ষেপণাস্ত্র ও তা ধ্বংসের কিছু ছবি দেওয়া হলো।

    ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আরও পড়তে পারেন....

    ক্ষেপণাস্ত্র ধ্বংসের ছবি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইসরায়েলের আশকেলন থেকে ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে।
    ইরানি ক্ষেপণাস্ত্র

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের শহর তুবাসের ওপরে ইরানি ক্ষেপণাস্ত্র দেখা যাচ্ছে
    ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েলি এয়ার ডিফেন্স।

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, তেল আভিভের ওপরে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েলি এয়ার ডিফেন্স।
  8. তেল আভিভ থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইরান

    ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েলি এয়ার ডিফেন্স

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, তেল আভিভের উপরে ছোঁড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েলি এয়ার ডিফেন্স

    ইসরায়েলের তেল আভিভের আশেপাশের এলাকাগুলো খালি করার নির্দেশ দিয়েছে ইরানের রেভুলিউশনারি গার্ড। ইরানের গণমাধ্যমের খবরে এ তথ্য তুলে ধরা হয়েছে।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা পূর্ব দিক থেকে উড়ন্ত দুটি ড্রোনকে 'নিষ্ক্রিয়' করেছে। যেগুলো ইসরায়েলের ডেড সি এলাকায় সাইরেন বাজিয়েছিল।

  9. পূর্ব ইংল্যান্ড থেকে বুধবার ভোরে মার্কিন ঘাঁটি ছেড়েছে অন্তত চারটি যুদ্ধবিমান

    এফ- ৩৫ যুদ্ধবিমান

    ছবির উৎস, Instagram/g.lockaviation

    ছবির ক্যাপশান, একজন অপেশাদার আলোকচিত্রীর তোলা ছবিতে দেখা যাচ্ছে, রয়্যাল এয়ার ফোর্স ল্যাকেনহিথ থেকে এফ- ৩৫ যুদ্ধবিমান যাত্রা করছে। তাদের সাথে ছিল একটি এয়ার রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান।

    ইরান আর ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যেই বুধবার ভোররাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে অন্তত চারটি এফ ৩৫ বিমান ঘাঁটি ছেড়ে গেছে বলে জানা গেছে।

    এই বিমানগুলোর সাথে একটি জ্বালানির ট্যাংকার বিমানও ছিল।

    এছাড়া ইরানের মাটির গভীরে তৈরি স্থাপনায় হামলা করতে পারে যে বি টু স্পিরিট বোম্বার বিমান, সেগুলোও ভারত মহাসাগরে ইরান থেকে চার হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে একটি ঘাঁটিতে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।

    গত তিনদিনে যুক্তরাষ্ট্রের অন্তত ৩০টি মিলিটারি বিমান যুক্তরাষ্ট্র থেকে স্পেইন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।

    এসব বিমান ইরান ইসরায়েল সংঘাতের কারণে ইউরোপে নেয়া হয়েছে কিনা, তা এখনো নিশ্চিতভাবে জানা যাচ্ছে না।

    অন্যদিকে, বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজের সূত্র বলছে ইরানের পরমাণু কার্যক্রমের কেন্দ্রগুলোতে হামলায় ইসরায়েলের সাথে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র।

    এরকম পরিস্থিতিতে বুধবার ভোরে ইরানের শীর্ষ নেতা আলী খামেনি বলেছেন, ইরান জায়নিস্টদের সাথে সমঝোতা করবে না।

    সামাজিক মাধ্যম এক্সে খামেনির প্রোফাইল থেকে দেয়া পোস্টে উল্লেখ করা হয়, জায়নিস্টদের কোনো দয়া দেখানো হবে না।

    মঙ্গলবার আলী খামেনির অবস্থান সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের করার পর এই প্রথম কোনো মন্তব্য করলেন তিনি।

    এর মধ্যে ইসরায়েল আর ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার ভোর রাতেও তেল আভিভে কয়েকদফা মিসাইল হামলা চালিয়েছে ইরান।

    ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে তেল আভিভে বুধবারের হামলায় তারা হাইপারসনিক ফাতাহ ওয়ান মিসাইল ব্যবহার করেছে। হামলার আগে তেল আভিভের বাসিন্দাদের সরে যেতে বলেছিল তারা।

    ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফও মঙ্গলবার রাতে দাবি করেছে যে তারা ইরানের বেশ কয়েকটি মিসাইল ঘাঁটিতে হামলা চালিয়েছে।

    যুদ্ধবিমান

    ছবির উৎস, Instagram/g.lockaviation

    ছবির ক্যাপশান, গত তিনদিনে যুক্তরাষ্ট্রের অন্তত ৩০টি মিলিটারি বিমান যুক্তরাষ্ট্র থেকে স্পেইন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।
    বিমান

    ছবির উৎস, Instagram/g.lockaviation

    ছবির ক্যাপশান, এসব বিমান ইরান ইসরায়েল সংঘাতের কারণে ইউরোপে নেয়া হয়েছে কিনা, তা এখনো নিশ্চিতভাবে জানা যাচ্ছে না।
  10. বুধবার সকাল পর্যন্ত যা যা হলো

    • ইরান-ইসরায়েল সংঘাতে যোগ দেয়ার সম্ভাবনা 'বিবেচনা' করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভোররাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে অন্তত চারটি এফ- ৩৫ বিমান ঘাঁটি ছেড়ে গেছে বলে জানা গেছে।
    • ইরানের 'নিঃশর্ত আত্মসমর্পণ' চান ট্রাম্প, যদিও তিনি বলেছেন, ইরানের সবোর্চ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ্ আলী খামেনি 'এখনকার মত নিরাপদ' অর্থাৎ তাকে এখুনি হত্যা করার পরিকল্পনায় সায় নেই যুক্তরাষ্ট্রের।
    • ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, "আমরা ঠিক জানি তথাকথিত 'সর্বোচ্চ নেতা' কোথায় লুকিয়ে আছেন।" তবে এখনই তাকে ‘হত্যা’ করা হবে না বলেও তিনি যোগ করেন।
    • ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম বেশ কিছু ছবি প্রকাশ করেছে, যেগুলোয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর সদরদপ্তরে আগুন দেখা যাচ্ছে। ইরানের রেভ্যলুউশনারি গার্ডকে উদ্ধৃত করে সংবাদ সংস্থাটি বলছে, ইরানের ক্ষেপণাস্ত্রে আক্রান্ত মোসাদ।
    • গত রাতে ইরানের আরও একজন সিনিয়র সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ। আইডিএফ বলছে, ইরানের সামরিক বাহিনীর ওই কমান্ডারের নাম আলী শাদমানি। ওদিকে ইরান সর্বশেষ হামলায় ইসরায়েলে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের কর্মকর্তারা।
    • ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদোন সা'র বলেছেন ইরানের সরকার পরিবর্তন করা ইসরায়েলের সামরিক অভিযানের উদ্দেশ্য নয়। তিনি বলেন, অভিযানের ফলে এটি ঘটতে পারে, কিন্তু এটি তাদের লক্ষ্য নয়। তাদের লক্ষ্য হলো ইরানের পরমাণু কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ব্যাপক ক্ষতিসাধন করা।
    • জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদের কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন – আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে দলের বিপক্ষেও ভোট দিতে পারবেন।
    • মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান বা এইচআরএএনএ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে ইরানে। নিহতদের মধ্যে ২২৪ জন বেসামরিক নাগরিক বলেও সংস্থাটি জানিয়েছে।
    • জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা বলছে, তারা ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ভূগর্ভস্থ অংশে 'সরাসরি প্রভাব' পড়ার লক্ষণ দেখতে পাচ্ছে। তবে ইসফাহান পরমাণু কেন্দ্র বা ভূগর্ভস্থ ফর্দো সমৃদ্ধকরণ প্ল্যান্টে কোনো পরিবর্তন তাদের নজরে আসেনি।
    • গাজায় ত্রাণ কেন্দ্রের কাছে আবারো ইসরায়েলি সেনাদের গুলিতে ৫১ জন নিহত হওয়ার খবর দিয়েছে উদ্ধারকারী ও প্রত্যক্ষদর্শীরা। গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ পরিচালিত ত্রাণ কেন্দ্রের কাছে এই ভয়াবহ রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে বলে তারা জানিয়েছেন।
  11. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়। রিপোর্ট করছেন জান্নাতুল তানভী।

    বিবিসি বাংলায় আরো খবর পেতে ক্লিক করুন এখানে