ইরানে হামলায় যোগ দেওয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প, 'করতেও পারি, নাও পারি'

ইরানের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের যোগ দেওয়ার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমি করতেও পারি, নাও করতে পারি। কেউ জানে না আমি কী করতে চাই”। এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত তাদের যেকোনো সামরিক হস্তক্ষেপ সন্দেহাতীতভাবে তাদের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. আজ বুধবার যা যা হলো:

    • ইরানের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের যোগ দেওয়ার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমি করতেও পারি, নাও করতে পারি। কেউ জানে না আমি কী করতে চাই”। ইরানের আলোচকরা হোয়াইট হাউজে আসার ইঙ্গিত দিয়েছেন বলেও তিনি জানান। তবে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের কূটনৈতিক মিশন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছে, “কোনো ইরানি কর্মকর্তাকে পা চাটার জন্য হোয়াইট হাউজের দরজায় বসে থাকতে বলা হয়নি"।
    • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র তেহরানে বিবিসিকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে সরাসরি আলোচনায় অংশ নেয়ার বিষয়টি বিবেচনা করছে ইরান।
    • ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক্স-নেটে লিখেছেন যে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ভবন ধ্বংস করা হয়েছে। তার দাবি এটি ইরানের সরকারের দমনমূলক কর্মকাণ্ডের মূল কেন্দ্র।
    • বিবিসি ভেরিফাই বলছে, স্যাটেলাইট ইমেজিং বা উপগ্রহের মাধ্যমে ছবি তোলা বিশেষজ্ঞ কোম্পানি ম্যাক্সারের সবশেষ তোলা কিছু ছবি বিবিসির হাতে এসেছে। এতে দেখা যাচ্ছে তাবরিজ ক্ষেপণাস্ত্র ঘাঁটির অন্তত নয়টি ভবন ও ঘাঁটিতে পৌঁছানোর দুটি টানেল ইসরায়েলের হামলায় ধ্বংস হয়েছে।
    • ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, “ইরান, এর জনগণ এবং এর ইতিহাস সম্পর্কে জানা ব্যক্তিরা কখনোই এই জাতির সাথে হুমকির ভাষায় কথা বলেন না। কারণ ইরানিরা আত্মসমর্পণ করে না।" ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এই বক্তব্য পাঠ করা হয়। উপস্থাপক নিজেইএটি পড়ে শোনান, খামেনি নিজে নন।
    • আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ইসরায়েলি হামলায় আক্রান্ত হয়েছে। এর আগে ইসরায়েলও তাদের রাতভর হামলায় ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছিলো। সেন্ট্রিফিউজ সিস্টেম ইরানের পারমাণবিক কর্মসূচির একটা গুরুত্বপূর্ণ অংশ।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বুধবার টেলিফোনে এক আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক বিবৃতি দিয়ে জানান, দুই নেতার মধ্যে প্রায় ৩৫ মিনিট আলোচনা হয় মূলত ভারতের ‘অপারেশন সিন্দুর’ নিয়ে। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত আর পাকিস্তানের মধ্যে গত মাসের ‘যুদ্ধ’ তিনিই থামিয়েছিলেন।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বৃহস্পতিবার লাইভ পেইজটি পুনরায় চালু হবে।

  2. ইরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে ‘অপারেশন সিন্ধু’ শুরু করল দিল্লি

    ভারত সরকার জানিয়েছে যে ইরান থেকে ভারতীয়দের উদ্ধার করে আনতে তারা ‘অপারেশন সিন্ধু’ নামে এক কর্মসূচি শুরু করেছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, “ইরান আর ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে ক্রমাগত পরিস্থিতির অবনতি হওয়াতে ভারত সরকার গত কয়েকদিন ধরেই নানা পদক্ষেপ নিচ্ছে। ইরানে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    “প্রথম পদক্ষেপ হিসাবে ভারতীয় দূতাবাস ১১০ জন ভারতীয় ছাত্রছাত্রীকে ইরানের উত্তরাঞ্চল থেকে সরিয়ে এনে নিরাপদে আর্মেনিয়ার সীমান্ত পার করিয়ে দিয়েছে ১৭ই জুন। ওই শিক্ষার্থীরা সড়কপথে আর্মেনিয়ার রাজধানী ইয়েরাভানে পৌঁছেছেন। ইরান আর আর্মেনিয়ায় আমাদের দূতাবাস পুরো প্রক্রিয়াটি তদারকি করেছে,” জানানো হয়েছে ওই বিবৃতিতে।

    দিল্লি থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ওই ছাত্রছাত্রীরা ইয়েরাভান থেকে একটি বিশেষ বিমানে দিল্লির দিকে রওনা হয়েছেন এবং বৃহস্পতিবার ভোরের দিকে তারা দিল্লিতে পৌঁছাবেন।

    এর আগে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরে একইভাবে বহু ভারতীয় ছাত্রছাত্রীকে ইউক্রেন থেকে ফিরিয়ে এনেছিল ভারত সরকার।

  3. ভারত-পাকিস্তান ‘যুদ্ধ’ তিনিই থামিয়েছিলেন, আবারও দাবি ট্রাম্পের

    ভারতের দাবি উড়িয়ে ট্রাম্প বললেন তিনিই যুদ্ধ থামিয়েছেন - ফাইল ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারতের দাবি উড়িয়ে ট্রাম্প বললেন তিনিই যুদ্ধ থামিয়েছেন - ফাইল ছবি

    বুধবার সকালে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপ নিয়ে মুখ খুলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ভারত আর পাকিস্তানের মধ্যে গত মাসের ‘যুদ্ধ’ তিনিই থামিয়েছিলেন।

    যদিও দুই শীর্ষ নেতার ওই ফোনালাপের বিস্তারিত প্রকাশ করে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বুধবার সকালে দাবি করেছিলেন যে মি. মোদী ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কোনো তৃতীয় দেশের মধ্যস্থতায় নয়, পাকিস্তান আগ্রহ দেখিয়েছিল বলেই ভারত আর পাকিস্তান দুই দেশের প্রচলিত সামরিক যোগাযোগ প্রথার মাধ্যমেই যুদ্ধবিরতি হয়েছিল।

    ভারতের তরফে এও জানানো হয়েছিল যে নরেন্দ্র মোদীর কথা মন দিয়ে শুনেছেন মি. ট্রাম্প।

    তবে বেশ কয়েক ঘণ্টা পরে এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজে আবারও দাবি করেছেন যে তিনিই দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বন্ধ করিয়ে দিয়েছিলেন।

    সংবাদ সংস্থা রয়টার্স হোয়াইট হাউসে দেওয়া মি. ট্রাম্পের এক বক্তব্য উদ্ধূত করে জানিয়েছে, “পাকিস্তান আর ভারতের মধ্যে যুদ্ধ আমিই থামিয়েছিলাম।"

    উল্লেখ্য, বুধবারই ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের দেখা করার কথা রয়েছে।

    পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের কথা উল্লেখ করে মি. ট্রাম্প বলেন, “পাকিস্তানের দিক থেকে (যুদ্ধ) বন্ধ করার ব্যাপারে এই ভদ্রলোক অত্যন্ত প্রভাব খাটিয়েছিলেন। ভারতের দিক থেকে মোদী এবং অন্যান্যরা। তারা তো সেদিকেই (যুদ্ধের) এগিয়েই যাচ্ছিল – এবং এই দুটিই পারমাণবিক শক্তিধর দেশ। আমি থামালাম।“

    তাকে উদ্ধৃত করে রয়টার্স সংবাদ সংস্থা আরও জানিয়েছে, “আমি একটা যুদ্ধ থামিয়ে দিলাম… আমি পাকিস্তানকে ভালোবাসি। আমার মনে হয় মোদী একজন অসাধারণ মানুষ। আমি গত রাতে তার সঙ্গে কথা বলেছি। আমরা ভারতের মোদীর সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করতে চলেছি।“

    ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই এই দাবি করে আসছেন যে তিনিই দুই দেশের যুদ্ধ থামিয়েছেন। অন্যদিকে ভারত সবসময়েই এই অবস্থান নিয়ে থাকে যে পাকিস্তানের সঙ্গে তাদের যাবতীয় বিরোধ দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই মেটাতে চায় তারা। এর মধ্যে অন্য কোনো পক্ষ প্রবেশ করুক তা যে তারা চায় না, এটাই বহু বছর ধরে ভারতের অবস্থান।

    কিন্তু সাম্প্রতিকতম সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করে ‘যুদ্ধ’ থামিয়েছে, ডোনাল্ড ট্রাম্প এই দাবি করার পর থেকেই ভারতের অভ্যন্তরে অত্যন্ত অস্বস্তিতে পড়েছে নরেন্দ্র মোদীর সরকার।

    এমনকি যুদ্ধবিরতি যে হতে চলেছে সেই ঘোষণাও ডোনাল্ড ট্রাম্পের সামাজিক মাধ্যমের পোস্ট থেকেই প্রথম আসে।

    তবে ভারত বার বার দাবি করে এসেছে যে পাকিস্তানের আগ্রহেই তারা দুদেশ আলোচনা করে যুদ্ধ বিরতি ঘোষণা করেছে।

  4. জেডি ভ্যান্সের সাথে সরাসরি আলোচনার কথা ভাবছে ইরান

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

    ছবির উৎস, Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে সরাসরি আলোচনায় অংশ নেয়ার বিষয়টি বিবেচনা করছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র তেহরানে বিবিসিকে এ তথ্য জানিয়েছে।

    “আমরা কখনোই কূটনীতি থেকে সরে যাইনি,” সূত্রটি বলছিলো।

    ধারণা করা হচ্ছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আগামী কয়েক দিনের মধ্যেই জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাত করতে পারেন, অবশ্য যদি ইরান প্রস্তাব গ্রহণ করে।

    ডোনাল্ড ট্রাম্প নিজেও সাংবাদিকদের সাথে আলাপকালে এর সম্ভাবনার বিষয়ে কথা বলেছেন।

    তিনি বলেছেন, ইরানিরা হোয়াইট হাউজে এসে আলোচনা করতে চায়। তিনি একই সাথে এটিকে কঠিন বলেছেন।

    মি. ট্রাম্প একমাত্র বিকল্প হিসেবে ইরানকে "নিঃশর্ত আত্মসমপর্ণ" করার কথা বলেছেন।

    তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানিরা কখনো আত্মসমর্পণ করে না।

  5. ইরান বলেছে তারা হোয়াইট হাউজের ‘পা চাটবে না’

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের কূটনৈতিক মিশন। ইরানি আলোচকরা হোয়াইট হাউজে যেতে চান–– ট্রাম্পের এ বক্তব্য প্রত্যাখ্যান করেছে তারা।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মিশনের এক পোস্টে বলা হয়, “কোনো ইরানি কর্মকর্তাকে পা চাটার জন্য হোয়াইট হাউজের দরজায় বসে থাকতে বলা হয়নি"।

    "তার (ট্রাম্পের) মিথ্যার চেয়েও ঘৃণ্য জিনিস হলো ইরানের সর্বোচ্চ নেতাকে 'উৎখাতের' বিষয়ে তার কাপুরুষোচিত হুমকি," পোস্টটিতে যোগ করা হয়।

    এটি ট্রাম্পের সাম্প্রতিক দাবির প্রতি ইঙ্গিত করে যে আমেরিকা জানে ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আছেন, কিন্তু "আপাতত" তার ক্ষতি করতে চায় না।

    পোস্টটিতে আরও বলা হয়েছে যে ইরান "জোর করে চাপিয়ে দেওয়া" আলোচনায় অংশ নেবে না এবং যে কোনো হুমকির জবাব পাল্টা হুমকি দেবে, যে কোনো পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থাও নেবে।

  6. ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ভবন ধ্বংসের দাবি ইসরায়েলের

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক্স-নেটে লিখেছেন যে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ভবন ধ্বংস করা হয়েছে। তার দাবি এটি ইরানের সরকারের দমনমূলক কর্মকাণ্ডের মূল কেন্দ্র।

    মি. কাৎয ভানাক স্কয়ারে ফারাজ কমান্ড ভবনের কথা বলেছেন বলে মনে করা হচ্ছে।

    সেখানকার ধোঁয়ার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    রেড ক্রিসেন্ট ভবনও সেই একই এলাকায় অবস্থিত। যদিও অফিসিয়াল রেড ক্রিসেন্ট চ্যানেল জানিয়েছে তাদের ভবনে হামলা হয়নি।

  7. 'আমি করতেও পারি, নাও পারি', ইরানে হামলায় যোগ দেওয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প

    হোয়াইট হাউজে কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, হোয়াইট হাউজে কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের আলোচকরা হোয়াইট হাউজে আসার ইঙ্গিত দিয়েছেন। যদিও তার মতে, এটা কঠিন।

    তিনি বলেন, তিনি নিশ্চিত নন যে সংঘাত কতটা দীর্ঘ হবে, কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে গেছে।

    “দুটি খুব সাধারণ শব্দ: নিঃশর্ত আত্মসমর্পণ,” বলছিলেন মি. ট্রাম্প।

    তিনি বলেন তিনি বিশ্বাস করেন ইরানের পরমাণু কর্মসূচির "উদ্দেশ্য খারাপ"।

    হোয়াইট হাউজের নর্থ লনে হোয়াইট হাউজ সংবাদদাতাদের সাথে কথা বলছিলেন তিনি।

    তবে তিনি ইরানের ঘটনায় যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার প্রশ্ন দ্রুত বাতিল করে দেন।

    “আমি তা বলতে পারি না,” একবার বলেন মি. ট্রাম্প।

    আবার বলেন, "আমি করতেও পারি, নাও করতে পারি। ।"

  8. ইরানে আবার হামলা শুরু করেছে ইসরায়েল

    ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে, তাদের বিমান বাহিনী তেহরানের বিভিন্ন এলাকায় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে।

    অন্যদিকে ইরানের ইসলামিক রিভ্যলিউশনারি গার্ড বলেছে, তেহরানের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় শহরতলীতে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

    এদিকে বিবিসি পার্সিয়ান সার্ভিস জানিয়েছে, ইরানের সংবাদমাধ্যম বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে।

    বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে উত্তর পূর্ব তেহরানে বিস্ফোরণের পর ধোঁয়া উড়ছে।

    এছাড়া কিছু সূত্র বলছে তেহরানের লাভিজান এলাকাতেও বিমান হামলা হয়েছে।

    নিউজ সাইট তাবনাক বলছে, তেহরানের পূর্ব ও পশ্চিম অংশ ছাড়াও কারাজের বিভিন্ন এলাকায় হামলা করছে ইসরায়েল।

  9. স্যাটেলাইট ইমেজ বলছে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে

    ম্যাক্সারের কাছ থেকে পাওয়া ছবি
    ছবির ক্যাপশান, ম্যাক্সারের কাছ থেকে পাওয়া ছবি

    বিবিসি ও অন্য আন্তর্জাতিক গণমাধ্যম ইরানের ভেতর থেকে সংবাদ প্রকাশ করতে পারে না। সে কারণে স্যাটেলাইট বা উপগ্রহের মাধ্যমে পাওয়া ছবি একটি গুরুত্বপূর্ণ উপকরণ।

    এগুলো যাচাই করে দেখতে হচ্ছে––ইসরায়েলের অব্যাহত হামলায় দেশটিতে কী হচ্ছে।

    বিবিসি ভেরিফাই বলছে, স্যাটেলাইট ইমেজিং বা উপগ্রহের মাধ্যমে ছবি তোলা বিশেষজ্ঞ কোম্পানি ম্যাক্সারের সবশেষ তোলা কিছু ছবি বিবিসির হাতে এসেছে।

    এতে দেখা যাচ্ছে তাবরিজ ক্ষেপণাস্ত্র ঘাঁটির অন্তত নয়টি ভবন ও ঘাঁটিতে পৌঁছানোর দুটি টানেল ইসরায়েলের হামলায় ধ্বংস হয়েছে।

    এছাড়া আরও কয়েকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

  10. যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে, বললেন খামেনি

    আয়াতোল্লাহ আলী খামেনি

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, আয়াতোল্লাহ আলী খামেনি

    আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত তাদের যেকোনো সামরিক হস্তক্ষেপ সন্দেহাতীতভাবে তাদের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।

    “ইরানি জাতি চাপিয়ে দেয়া যুদ্ধ ও চাপিয়ে দেয়া শান্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে এবং এই জাতি চাপের মুখে কারও কাছে আত্মসমপর্ণ করবে না,” জাতির উদ্দেশ্যে দেয়া বার্তায় বলেছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এই বক্তব্য পাঠ করা হয়।

    মি. খামেনি তিনি এই বক্তব্য দেননি। তার পক্ষ থেকে টেলিভিশনটির উপস্থাপক নিজে এটি পড়ে শোনান।

    ওই বক্তব্যে তিনি বলেছেন, “ইরান, এর জনগণ এবং এর ইতিহাস সম্পর্কে জানা ব্যক্তিরা কখনোই এই জাতির সাথে হুমকির ভাষায় কথা বলেন না। কারণ ইরানিরা আত্মসমর্পণ করে না।"

    তিনি বলেন, ঘটনাগুলো এমন সময় ঘটেছে যখন ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনায় ছিল এবং ইরানের দিক থেকে কোনো সামরিক বা কঠিন পদক্ষেপ নেয়ার ইঙ্গিত ছিল না।

    “অবশ্যই, শুরু থেকেই এটা সন্দেহ করা হতো যে জায়নবাদী (ইহুদিবাদী) সরকারের যে কোনো পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা ছিল এবং আমেরিকার কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যগুলোতে এই সন্দেহই দিন দিন জোরালো হচ্ছিলো,” বলেছেন তিনি।

    মি. খামেনি বলেন, ইহুদীবাদী শত্রুকে অবশ্যই শাস্তি পেতে হবে এবং ইরান জাতি ও সশস্ত্র বাহিনীর কাছ থেকে তারা তা পাচ্ছে।

    এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আয়াতোল্লাহ আলী খামেনির অবস্থান তাদের জানা, তবে তাকে হত্যার কোনো পরিকল্পনা অন্তত এখন তাদের নেই।

    ট্রাম্পের এই পোস্টের পরপরই ইরানের রেভ্যলুউশনারি গার্ড টেলিগ্রামে দেয়া পোস্টে লিখেছে, “আমেরিকান মিথ্যাবাদী প্রেসিডেন্টের জানা উচিত যে ইরান সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করেছে এবং সবচেয়ে খারাপ অবস্থা হবে সবচেয়ে কঠিন পরিস্থিতি। এটা শুধু আমেরিকার স্বার্থকে নয়, বরং পশ্চিমা সব স্বার্থকে পুড়িয়ে দেবে”।

    আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, আমেরিকানরা এবং যারা এই অঞ্চলের রাজনীতির সাথে পরিচিত তারা জানে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ সম্পূর্ণভাবে তাদের ক্ষতির কারণ হবে এবং তাদের বড় ধরনের আঘাত সইতে হবে।

    তিনি বলেন, “এই আঘাত ইরানের দিকে আসতে এমন কোনো ক্ষতির চেয়ে অনেক বেশি ক্ষতিকর হবে”।

  11. ইরানিরা আত্মসমর্পণ করে না: খামেনি

    আয়াতোল্লাহ আলী খামেনি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, আয়াতোল্লাহ আলী খামেনি

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, “ইরান, এর জনগণ এবং এর ইতিহাস সম্পর্কে জানা ব্যক্তিরা কখনোই এই জাতির সাথে হুমকির ভাষায় কথা বলেন না। কারণ ইরানিরা আত্মসমর্পণ করে না।"

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এই বক্তব্য পাঠ করা হয়। উপস্থাপক নিজেইএটি পড়ে শোনান, খামেনি নিজে নন।

    "মার্কিন সামরিক হস্তক্ষেপের যেকোনো রূপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে," বিবৃতিতে বলা হয়।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলেছিলেন। এমন প্রেক্ষাপটে আয়াতোল্লাহ আলী খামেনি বললেন, ইরানিরা আত্মসমর্পণকারী নয়।

  12. ইরানের আকাশে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত হয়েছে : আইডিএফ

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে, তাদের একটি ড্রোন ইরানে ভূপাতিত হয়েছে।

    আইডিএফ-এর একজন মুখপাত্র বলেন, "একটি অভিযানের সময় বিমান বাহিনীর দূরনিয়ন্ত্রিত একটি ড্রোনকে লক্ষ্য করে সারফেস-টু-এয়ার মিসাইল (ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র) ছোড়া হয়।"

    "ড্রোনটি ইরানের আকাশসীমায় ভূপাতিত হয়েছে। এতে কোনও প্রাণহানি ঘটেনি এবং এতে থাকা কোনো তথ্য ফাঁস হওয়ারও আশঙ্কা নেই," তিনি আরও জানানা।

    এর আগে, ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানায়, আজ সকালে ইরানের কেন্দ্রীয় ইসফাহান প্রদেশে সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিট একটি অত্যাধুনিক হেরমেস ড্রোন ভূপাতিত করেছে।

    তবে বিবিসি এখানে নিশ্চিত হতে পারেনি যে, আইডিএফ যে ড্রোনের কথা বলেছে এবং ইরানের গণমাধ্যমে যে ড্রোনটির কথা বলা হয়েছে, তা একই কি না। তবে উভয় পক্ষের বর্ণনায় মিল রয়েছে।

  13. ইরানের দুটি সেন্ট্রিফিউজ স্থাপনা আক্রান্ত, বলছে জাতিসংঘ পরমাণু সংস্থা

    ইরানের একটি পারমানবিক স্থাপনা।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের একটি পারমানবিক স্থাপনা।

    আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে যে, ইরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ইসরায়েলি হামলায় আক্রান্ত হয়েছে।

    এর আগে ইসরায়েলও তাদের রাতভর হামলায় ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছিলো।

    সেন্ট্রিফিউজ সিস্টেম ইরানের পারমাণবিক কর্মসূচির একটা গুরুত্বপূর্ণ অংশ।

    আইএইএ বলছে, তেহরান রিসার্চ সেন্টারের একটি ভবনে হামলা হয়েছে। এখানে অ্যাডভান্সড লেভেলের সেন্ট্রিফিউজ রটরস উৎপাদন ও পরীক্ষা করা হয়।

    এছাড়া কারাজে ইরান সেন্ট্রিফিউজ টেকনোলজি কোম্পানি (টিইএসএ) – এর দুটি ভবন ধ্বংস হয়েছে।

    সেখানে সেন্ট্রিফিউজের বিভিন্ন উপকরণ উৎপাদন করা হয়।

    দুটি স্থাপনাই এর আগে ইরানের পরমাণু চুক্তির আওতায় আইএইএ পর্যবেক্ষণ করেছিলো বলে জানিয়েছে।

    সেন্ট্রিফিউজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হয়, যা বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি তৈরিতে ব্যবহৃত হয়। এটি পরমাণু অস্ত্র তৈরিতেও দরকার।

    প্রসঙ্গত, ইসরায়েল এবং বেশ কয়েকটা পশ্চিমা দেশ সন্দেহ করে ইরান গোপনে "ব্রেকআউট সক্ষমতা" গড়ে তুলছে।

    'ব্রেকআউট সক্ষমতা'র অর্থ হলো কোনো দেশের পারমাণবিক অস্ত্র তৈরি ও তা দ্রুত মোতায়েন করার ক্ষমতা।

  14. খামেনি সম্পর্কে যা জানা যাচ্ছে

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি

    ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে সতর্ক করে বলেছেন, ‘কথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়েছেন’ সেটি তার জানা।

    কিন্তু খামেনি কে এবং কেন ইসরায়েল তাকে টার্গেট করেছে?

    আয়াতোল্লাহ আলী খামেনি তিন দশকেরও বেশী সময় ধরে ইরানের রাষ্ট্রপ্রধান।

    তার পদবী তাকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপরে রেখেছে। মি. পেজেশকিয়ান দেশটির সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় ও রাজনৈতিক নেতা।

    খামেনি নিজেও কট্টরপন্থী ধর্মীয় নেতাদের নেতৃত্ব দিচ্ছেন। তারাই মূলত ১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন।

    সেটি ছিলো একটি জনপ্রিয় গণঅভ্যুত্থান, যা ইরানে শাহ রাজতন্ত্রকে উৎখাত করেছে। যার নেতৃত্বে ছিলেন রেজা শাহ পাহলভী।

    তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

    এরপর দেশটি দুজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে। তাদের পদবী হিসেবে আয়াতোল্লাহ ব্যবহার করা হয়, শিয়া ধর্মাবলম্বীদের কাছে যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা।

    সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি এখন দেশটির সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চীফ। এ থেকেই হয়তো কিছুটা বোঝা যায় যে ইসরায়েল তাকে কেনো টার্গেট করেছে।

    ইরানের কর্তৃত্ববাদী শাসনব্যবস্থায় দেশটির জনগনের নেতা নির্বাচনে কার্যত কোন এখতিয়ার থাকে না।

    এমনকি সামাজিক মাধ্যমে কেউ মি. খামেনির সমালোচনা করলে সেজন্যও তাকে জেলে যেতে হতে পারে।

  15. ইরানের ফরদো পারমাণবিক স্থাপনা ধ্বংস কঠিন- সাবেক পরমাণু পরিদর্শক

    ইরানের পারমাণবিক স্থাপনা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের একটি পারমাণবিক স্থাপনা

    জাতিসংঘের পরমাণু বিষয়ক সাবেক পরিদর্শক ডেভিড অলব্রাইট বলেছেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফরদো মাটির অন্তত ৮০ মিটার বা ২৬২ ফুট গভীরে, যা “ধ্বংস করা কঠিন”।

    বিবিসি রেডিও ফাইভের সাথে আলাপকালে তিনি জানান, ইরাকে তাদের কাজের অভিজ্ঞতা আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রমের জন্য সহায়ক হয়েছে। বিশেষ করে গোপন কর্মসূচিগুলো পরিদর্শনের উপায় বের করার ক্ষেত্রে এটি সহায়তা করেছে।

    অলব্রাইট ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রতিষ্ঠাতা।

    তার মতে, "এখন যেখানে ইসরায়েল হামলা করছে, আমি বিশ্বাস করি ইসরায়েল ওই স্থাপনা দীর্ঘসময়ের জন্য বন্ধ করাতে পারে। আর যুক্তরাষ্ট্র এটি পুরোপুরি ধ্বংস করতে পারে।"

    ইরান ফরদো পারমাণবিক স্থাপনা তৈরি করেছে দেশটি পরমাণু কর্মসূচির অংশ হিসেবে।

    ইরানের প্রধান পারমাণবিক স্থাপনার মানচিত্র
    ছবির ক্যাপশান, ইরানের প্রধান পারমাণবিক স্থাপনার মানচিত্র
  16. নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন ট্রাম্প

    নেতানিয়াহু ও ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন ট্রাম্প

    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

    বিস্তারিত জানতে বিবিসি হোয়াইট হাউজের সাথে যোগাযোগ করে বিস্তারিত জানার চেষ্টা করছে।

  17. তেহরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলার দাবি ইসরায়েলের

    তেহরানের সেন্ট্রিফিউজ সাইটের

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির সাথে ২০২৩ সালে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার পারমাণবিক বিজ্ঞানীদের এক বৈঠকে প্রদর্শিত ইরানি সেন্ট্রিফিউজ।

    ইরান ও ইসরায়েলের হামলার ষষ্ঠ দিনে রাতে ইরানে ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র তৈরির কারখানাগুলোয় হামলা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

    ‘৫০টিরও বেশি বিমান’ দিয়ে পরিচালিত এই হামলার টার্গেট ছিল “ তেহরানের একটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং “বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা।

    এসব কেন্দ্রের মধ্যে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির জন্য ব্যবহৃত কাঁচামাল ও উপকরণের কয়েকটি কেন্দ্রও রয়েছে।

    এক বিবৃতিতে ইসরায়েলি মিলিটারি বাহিনী এ তথ্য জানিয়েছে।

    সেন্ট্রিফিউজ হলো সেই যন্ত্র, যা ইউরেনিয়াম সমৃদ্ধ করে। এই সমৃদ্ধ ইউরেনিয়ামই বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। নির্দিষ্ট মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্রও বানানো যায়।

    ইসরায়েলি সামরিক বাহিনীর পোস্ট থেকে মনে হচ্ছে, তারা এমন একটি স্থানে আঘাত করেছে যেখানে সেন্ট্রিফিউজ তৈরি করা হয়।

    বিবৃতিতে বলা হয়েছে, " ইরানি সরকারের পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি ব্যাহত করার ব্যাপক প্রচেষ্টার অংশ হিসেবে, তেহরানের একটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা করা হয়েছে।"

  18. পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের আগে মোদী-ট্রাম্প ফোনালাপ

    ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী - ফাইল ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী - ফাইল ছবি

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বুধবার টেলিফোনে এক আলোচনা হয়েছে।

    ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক বিবৃতি দিয়ে জানিয়েছেন যে, মি. ট্রাম্প ও মি. মোদী তাদের আলোচনার সময়ে ইরান-ইসরায়েল চলমান সংঘর্ষ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন।

    তবে দুই নেতার মধ্যে প্রায় ৩৫ মিনিট আলোচনা হয় মূলত ভারতের ‘অপারেশন সিন্দুর’ নিয়ে।

    বুধবারই ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করবেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির। তার আগেই ভারত আর যুক্তরাষ্ট্রের দুই নেতার মধ্যে কথা হলো।

    “পহেলগামে ২২শে এপ্রিল সন্ত্রাসী হামলার পরে সমবেদনা জানাতে প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেদিন তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সমর্থনের কথাও জানিয়েছিলেন। তারপরে দুই নেতার মধ্যে এই প্রথম কথা হল,” বিবৃতিতে বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব।

    “এ কারণেই প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট ট্রাম্পকে অপারেশন সিন্দুর নিয়ে বিস্তারিত জানিয়েছেন,” বলেছেন মি. মিশ্রি।

    তার কথায়, “প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্ট ভাষায় বলেন যে, ২২শে এপ্রিলের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে দৃঢ় সংকল্পের কথা গোটা বিশ্বের কাছে জানিয়ে দিয়েছিল ভারত। প্রধানমন্ত্রী মোদী বলেন যে ছয়-সাতই মে রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ও গোপন আস্তানাগুলিকেই নিশানা করেছিল ভারত । পরিমিত, সুনির্দিষ্ট এবং উত্তেজনা যাতে প্রশমিত না হয়, সেরকমই পদক্ষেপ নিয়েছিল ভারত। ভারত এটাও স্পষ্ট করে দিয়েছিল যে পাকিস্তানের পক্ষ থেকে যে কোনও আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।“

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিক্রম মিশ্রির যে ভিডিও বার্তাটি শেয়ার করেছেন, তাতে সচিব বলছেন, “গত নয়ই মে রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন উপরাষ্ট্রপতি ভান্স। ভাইস প্রেসিডেন্ট ভান্স জানিয়েছিলেন যে পাকিস্তান ভারতে বড়সড় হামলা চালাতে পারে। প্রধানমন্ত্রী মোদী তাঁকে স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন যে যদি এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়, তাহলে ভারত আরও কড়া প্রত্যুত্তর দেবে।

    “ভারত নয়-দশই মে রাতে পাকিস্তানের হামলার কঠিন জবাব দেয় এবং পাকিস্তানি সামরিক বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে। তাদের সামরিক বিমানঘাঁটিগুলো অকেজো করে দেওয়া হয়। ভারতের দৃঢ় পদক্ষেপের কারণে পাকিস্তান সামরিক অভিযান বন্ধের অনুরোধ করতে বাধ্য হয়,” মি. মোদী ও মার্কিন প্রেসিডেন্টের ফোনালাপের বিষয়ে জানিয়েছেন বিক্রম মিশ্রি।

    বিবৃতিতে তিনি এও বলেছেন যে, “প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দেন যে, এই গোটা ঘটনাক্রমে কোনো সময়েই ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা বা যুক্তরাষ্ট্রের তরফ থেকে ভারত আর পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব নিয়ে আলোচনা হয় নি।“

    বিক্রম মিশ্রির কথায়, “প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের প্রতি তাঁর সমর্থন ব্যক্ত করেন।“

    মি. মিশ্রি জানিয়েছেন যে জি-সেভেন শীর্ষ সম্মেলন চলাকালীন মি. ট্রাম্প আর মি. মোদীর মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাড়াতাড়ি ফিরে যাওয়ায় ওই আলোচনা হতে পারে নি।

    পররাষ্ট্র সচিবের কথায়, এরপরে মি. ট্রাম্পের আগ্রহেই দুই নেতা টেলিফোনে কথা বলেন ভারতীয় সময় বুধবার সকালে।

  19. তেহরানের কাছে ইরানি ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা টার্গেট ইসরায়েলের

    এয়ার এন্টিক্রাফট মিসাইল

    ছবির উৎস, Getty Images/ZOOZ/

    ছবির ক্যাপশান, তেহরানের কাছে ইরানি ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা টার্গেট ইসরায়েলের

    ইরানের রাজধানীর কাছে খোজির ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল তাদের সবশেষ হামলা চালিয়েছে।

    ইরানিয়ান গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

    ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত অবকাঠামোর জন্য এই স্থাপনাটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। গত অক্টোবরেই ইরানে হামলার সময় এটি টার্গেট করেছিল ইসরায়েল।

  20. বিদেশে আটকে থাকা ইসরায়লিদের ফেরত আনছে দেশটি

    দেশের আকাশসীমা বন্ধ থাকার কারণে বিদেশে আটকে থাকা ইসরায়েলিদের বহনকারী প্রথম বিমানটি বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

    “কিছুক্ষণ আগে ‘সেফ রিটার্ন’ অপারেশনের অংশ হিসেবে প্রথম ফ্লাইটটি বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেছে” টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়।

    সাইপ্রাসের লার্নাকায় থাকা ইসরায়েলিদের দেশে ফিরিয়ে আনে এল আল পরিচালিত বিমানটি যেটি আজ বুধবার সকালে অবতরণ করে।

    পরিবহনমন্ত্রী মিরিভ রেগেভ বলেন, তাদের লক্ষ্য “সব ইসরায়েলিকে প্রত্যাবাসন করা।”

    এছাড়া ইসরায়েল থেকে সরিয়ে নেওয়া পোলিশ নাগরিকরা দেশে ফিরে আসছেন। বিবিসির অ্যাডাম ইস্টন জানিয়েছেন পোল্যান্ড ইসরায়েল থেকে তাদের ১৬০ জন নাগরিককে প্রথমবারের মতো সরিয়ে নিয়েছে।