আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

দুঃখপ্রকাশ করে ফেসবুকে সাকিবের স্ট্যাটাস, চুরি করে ১১ কোটি নাগরিকের তথ্য বিক্রি করা হয়েছিল: পুলিশ

হাইকোর্ট বিভাগে ২৩ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ১৯ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সার্বক্ষণিক সব খবর জানতে যুক্ত থাকুন বিবিসি বাংলার লাইভ পাতায়:

সরাসরি কভারেজ

  1. বুধবার যা যা হলো

    • চিনির বাজার দর সহনীয় ও স্থিতিশীল রাখতে চিনির ওপর বিদ্যমান রেগুলেটরি ডিউটি ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
    • বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় সাময়িক বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা।
    • বিগত আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচন কমিশনের এনআইডি সার্ভার থেকে ১১ কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে বলে জানাচ্ছে পুলিশ। এ ঘটনায় ২০ হাজার কোটি টাকার লেনদেনের প্রাথমিক তথ্যও পেয়েছে তারা।
    • গ্রেফতারের প্রায় তিন সপ্তাহ পর জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
    • নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা, শিক্ষা এবং বিনোদনসহ সার্বিক বিষয়ে রাষ্ট্র সংস্কারের বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
    • আওয়ামী লীগ সরকারের গত দেড় দশকে সড়ক উন্নয়ন প্রকল্পে বরাদ্দের ২৩ থেকে ৪০ শতাংশ অর্থ লোপাট হয়েছে বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবি।
    • বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসি'র নতুন চেয়ারম্যান হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক ড. মোবাশ্বের মোনেম।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. দুর্গাপূজার মধ্যেই কলকাতার চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে আন্দোলনে নতুন মোড়

    কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে পাঁচ দিন ধরে আমরণ অনশন চলার পরে বুধবার সন্ধ্যায় রাজ্য সরকার প্রতিবাদী চিকিৎসকদের বৈঠকে ডেকেছে।

    জুনিয়র ডাক্তারদের ২৫ জন প্রতিনিধি ওই বৈঠকে যোগ দিতে গেছেন।

    গত শনিবার, পাঁচই অক্টোবর থেকে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় অনশন শুরু করেন ছয়জন জুনিয়র ডাক্তার। পরের দিন, রবিবার তাদের সঙ্গে যোগ দেন আরও এক ডাক্তার। ধর্ষণ ও খুনের শিকার হওয়া চিকিৎসক-পড়ুয়ার ন্যায় বিচারের দাবি সহ মোট দশ দফা দাবি রয়েছে অনশনকারীদের।

    এদিকে দুর্গাপূজার মধ্যেই বুধবার কলকাতার কয়েকটি বড় ও নামী পূজা মণ্ডপে ঘুরে ঘুরে প্রতিবাদ জানানোর পরিকল্পনা নিয়েছিলেন আন্দোলনরত চিকিৎসকরা। দক্ষিণ কলকাতার একটি নামী পূজামণ্ডপ থেকে নয় জন প্রতিবাদীকে আটক করে পুলিশের সদর দফতর লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে বলে আন্দোলনকারীদের তরফে দাবি করা হচ্ছে। সেখানে বহু প্রতিবাদী মানুষ জড়ো হয়েছেন বলে জানা যাচ্ছে।

    সদর দফতরের অনেকটা আগেই পুলিশ ব্যারিকেড করে দিয়েছে।

    তবে বুধবার ওই কর্মসূচির শুরু থেকেই তাতে পুলিশ বাধা দিতে থাকে বলে অভিযোগ ওঠে। বেশ কয়েকটি বাস ও পেট্রল ট্যাঙ্কার রাস্তায় আড়াআড়ি দাঁড় করিয়ে দেওয়া হয় বলে জানাচ্ছেন আন্দোলনকারীরা। পুলিশের তরফে এই অভিযোগের ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।

    একদিকে যখন আজ বিকেল থেকে পুলিশের সঙ্গে এই টানাপোড়েন চলছে আন্দোলনকারীদের, তার মধ্যে অনশন-স্থলে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে যান অপর্ণা সেন সহ বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী।

    অনেক সিনিয়র চিকিৎসক ও সুশীল সমাজের প্রতিনিধি গত কয়েকদিন ধরেই সরকারের কাছে আবেদন জানাচ্ছেন যে আন্দোলনকারী ও অনশনে বসা জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসুক প্রশাসন। তবে সরকারের দিক থেকে বুধবার সন্ধ্যা আগে কোনও সাড়া পাওয়া যায়নি। অনশনকারীদের প্রতি সমর্থন জানিয়ে আরজি কর, এসএসকেএম এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের বহু সিনিয়র চিকিৎসক-অধ্যাপক ‘গণ ইস্তফা’ দিয়েছেন।

    দুর্গাপুজোর আবহাওয়ার মধ্যেই কলকাতায় অনশনের সমর্থনে প্রতিদিনই ব্যাপক ভিড় হচ্ছে ধর্মতলার জমায়েত মঞ্চে, আয়োজিত হয়েছে মহামিছিলও।

    ঘটনাচক্রে, ওই চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের প্রতিবাদে, ঘটনার ন্যায়বিচার সহ হাসপাতালগুলিতে নিরাপত্তা নিশ্চিত করতে যে আন্দোলন চালাচ্ছেন পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তাররা, তা ঠিক দুমাসে পড়ল বুধবারই। ওই চিকিৎসক পড়ুয়া গত নয়ই অগাস্ট ভোররাতে নিজের হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ ও খুনের শিকার হন। তারপরের দিন, ১০ই অগাস্ট থেকেই আন্দোলন চলছে।

    এই দুই মাসে অনেকবার রাত-দখলের ডাকে লাখ লাখ মানুষ পথে নেমেছেন, স্কুল-কলেজের ছাত্রছাত্রী সহ সমাজের নানা অংশ লাগাতার আন্দোলনে অংশ নিচ্ছেন।

    এর আগে, একমাসেরও বেশি সময় ধরে রাজ্যের সব জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে প্রায় মাঝরাত পর্যন্ত বৈঠক করে তারা আংশিকভাবে কাজে যোগ দিয়েছিলেন। অন্যদিকে ওই ধর্ষণ ও খুনের প্রতিবাদে আন্দোলনও চলছিল নানাভাবে।

  3. দুঃখপ্রকাশ করে সাকিব আল হাসান আরও যা বললেন

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ করার পাশাপাশি রাজনীতিতে আসা ও সংসদ সদস্য হওয়ার ব্যাখ্যা দিয়েছেন তিনি।

    তিনি লিখেছেন, "সংকটকালীন সময়ে আমার সরব উপস্থিতি না থাকায় যারা ব্যথিত হয়েছেন বা কষ্ট পেয়েছেন তাদের অনুভূতির জায়গাটার প্রতি আমার শ্রদ্ধা এবং এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের জায়গায় আমি থাকলে হয়তো এভাবে মনঃক্ষুণ্ন হতাম।"

    আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মি. হাসান লেখেন, "স্বজন হারা একটি পরিবারের ত্যাগকে কোনো কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব না। সন্তান হারানো কিংবা ভাই হারানোর বেদনা কোনো কিছুতেই পূরণযোগ্য নয়।"

    রাজনীতিতে আসার প্রসঙ্গে সাকিব আল হাসান লিখেছেন, "আমার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়াটা ছিল মূলত আমার জন্মস্থান অর্থাৎ আমার মাগুরার মানুষের উন্নয়নের জন্য সুযোগ পাওয়া। আপনারা জানেন যে, বাংলাদেশের প্রেক্ষাপটে নির্দিষ্ট কোনো দায়িত্ব ছাড়া নিজের এলাকার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখাটা একটু কঠিন। আর আমার এই এলাকার উন্নয়ন করতে চাওয়া আমাকে সংসদ সদস্য হতে আগ্রহী করে।"

    "আমি জিতলে, আপনারা সবাই জিতেছেন। আমি হেরে গেলে, হেরে গেছেন আপনারা সবাই! আপনারা জানেন, খুব শিগগিরই আমি আমার শেষ ম্যাচটি খেলতে যাচ্ছি। আমার ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে আজকের সাকিব আল হাসান হয়ে ওঠা পর্যন্ত এই পুরো জার্নিটাকে ড্রাইভ করেছেন আপনারা," যোগ করেন মি. হাসান

    ক্যারিয়ার শেষটা দর্শকদের সাথে নিয়ে করতে চান জানিয়ে এই অলরাউন্ডার লিখেছেন, "এই ক্রিকেটের এই গোটা গল্পটা আপনাদের হাতেই লেখা! তাই আমার শেষ ম্যাচে, এই গল্পের শেষ অধ্যায়ে, আমি আপনাদেরকে পাশে চাই। আমি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে বিদায় নিতে চাই। বিদায়বেলায়, সেই মানুষগুলোর হাতে হাত রাখতে চাই, যাদের হাতের তালি আমার ভালো খেলতে বাধ্য করেছে। বিদায়বেলায়, সেই মানুষগুলোর চোখে চোখ রাখতে চাই, আমার ভালো খেলায় যাদের চোখ আনন্দে উচ্ছ্বসিত হয়েছে। আবার আমার খারাপ খেলায় যাদের চোখ ছলছল করেছে।"

  4. চিনি আমদানিতে শুল্ক কমিয়েছে এনবিআর

    চিনির বাজার দর সহনীয় ও স্থিতিশীল রাখতে অপরিশোধিত ও পরিশোধিত চিনির ওপর বিদ্যমান রেগুলেটরি ডিউটি ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

    আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় এনবিআর।

    বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের খবরে বলা হয়েছে, বৈশ্বিক যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার ফলে বাংলাদেশি মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন, সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থান এবং বন্যা পরিস্থিতির কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

    যে কারণে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এনবিআর কর ছাড়ের মাধ্যমে চিনির বাজার দর সহনীয় ও স্থিতিশীল রাখার উদ্যোগ গ্রহণ করেছে।

    এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরিশোধিত ও পরিশোধিত চিনির উপর বিদ্যমান রেগুলেটরি ডিউটি ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে। রেগুলেটরি ডিউটি ১৫ শতাংশ হ্রাসের মাধ্যমে আমদানি পর্যায়ে প্রতি কেজি অপরিশোধিত চিনির উপর শুল্ক কর ১১.১৮ টাকা এবং পরিশোধিত চিনির উপর শুল্ক কর ১৪.২৬ টাকা কমানো হয়েছে।

    এতে চিনির কেজি প্রতি মূল্য কমপক্ষে শুল্ক হ্রাসের সমপরিমাণ কমে আসবে বলে জাতীয় রাজস্ব বোর্ড মনে করছে।

  5. গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত তিন জনের মৃত্যু

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় এক হাজার ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১৯৬ জন।

    বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৪২৭ জন এবং বাকিরা ঢাকার বাইরের।

    এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৩৯ জন।

    চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৮২২ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ১৫১ জন।

  6. তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

    বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় সাময়িক বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে।

    বুধবার দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর আদালতে মামলাটি করেন শওকাত হোসেন নামের এক ব্যক্তি।

    বাদীর আইনজীবী এস এম মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, আদালত মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্তের আদেশ দিয়েছেন। আগামী ১৫ই ডিসেম্বরের মধ্যে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

    বাদী এজাহারে উল্লেখ করেন, তাপসী তাবাসসুম একজন সরকারি কর্মচারী হয়ে ফেসবুকে পোস্ট করা মানে তিনি সরকার উৎখাত ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তার মন্তব্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ।

  7. চুরি করে ১১ কোটি নাগরিকের তথ্য বিক্রি করা হয়েছিল: পুলিশ

    বিগত আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র সার্ভার থেকে ১১ কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

    এই ঘটনায় ২০ হাজার কোটি টাকার লেনদেনের প্রাথমিক তথ্যও পেয়েছে পুলিশ।

    বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন ডিসি মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

    তিনি জানান, ইসির এনআইডি সার্ভারে সংরক্ষিত ১১ কোটিরও বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্যের মিরর ইমেজ বা কপি তৈরি করে, বেআইনিভাবে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস নামক প্রতিষ্ঠানের কাছে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য হস্তান্তর করা হয় বা তাদেরকে বিক্রির একসেস দেয়া হয়।

    পুলিশ বলছে, ১৮২টি দেশি বিদেশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ২০১৯ সালের সেপ্টেম্বর মাস থেকে অর্থের বিনিময়ে বিক্রি করা হয়েছিল এসব তথ্য।

    সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা মি. রহমান জানান, ২০২২ সালের চৌঠা অক্টোবর নির্বাচন কমিশনের এনআইডি বিভাগ ও আইসিটি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ইসির এনআইডি তথ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিতে পারবে না।”

    পুলিশের দাবি, এই চুক্তি লঙ্ঘন করে অবৈধভাবে এনআইডির তথ্য অর্থের বিনিময়ে বিভিন্ন দেশি-বিদেশি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়েছে।

    এ ঘটনা নিয়ে সম্প্রতি এক মামলার পর ডাটা সেন্টারের সাবেক পরিচালক তারেক এম বরকতউল্লাহ গ্রেপ্তার করা হয়েছে।

    পুলিশ বলছে, এ মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে। এর বাইরে আরও ১৫ থেকে ২০ জন আসামি আছে। তারা পরস্পরের যোগসাজশে এ কাজের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

  8. র‍্যাবের সাবেক ডিজি হারুনসহ তিন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

    পুলিশের অতিরিক্ত আইজি পদমর্যাদার তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

    তারা হলেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান বা র‍্যাবের সদ্য সাবেক মহাপরিচালক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান এবং ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী ‘জনস্বার্থে’ তাদের চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।

    এই ধারা বলে চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে সরকার চাইলে কারণ দর্শানো ছাড়াই প্রজাতন্ত্রের কোনো কর্মচারীকে চাকরি থেকে অবসর দিতে পারে। চাকরি হারানো কেউ কোনো আপিলও করতে পারেন না। তবে পেনশনসহ অন্যান্য সুবিধা দেওয়া হয় তাদের।

  9. রসায়নে নোবেল জিতেছেন এক মার্কিন ও দুই ব্রিটিশ বিজ্ঞানী

    এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন এক মার্কিন ও দুইজন ব্রিটিশ বিজ্ঞানী।

    বুধবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে সুইডেনের স্টকহোমের দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস থেকে এ পুরস্কার ঘোষণা করা হয়।

    নোবেল বিজয়ীরা হলেন মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকার এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম জাম্পাস।

    কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন ও প্রোটিনের গঠন অনুমানে ভূমিকা রাখায় তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়।

    গত দোসরা অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে অবদান রাখা বিজ্ঞানীদের নাম ঘোষণার মাধ্যমে শুরু হয় এ বছরের নোবেল পুরস্কার প্রদান।

  10. জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

    গ্রেফতারের প্রায় তিন সপ্তাহ পর জামিন পেলেন আওয়ামী লীগের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

    বুধবার দুপুরে শুনানি শেষে সুনামগঞ্জের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন তার জামিন আবেদন মঞ্জুর করেন।

    এর আগে বেলা ১১টার দিকে মি. মান্নানের জামিন শুনানি চলাকালে আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হট্টগোল বাঁধে। এমন পরিস্থিতিতে একপর্যায়ে বিচারক মি. উদ্দিন এজলাস থেকে নেমে যান।

    পরে দুপুর পুনরায় শুনানি শুরু হয়। শুনানি শেষে বেলা আড়াইটার দিকে মি. মান্নানের জামিন আবেদন মঞ্জুর করে আদালত।

    উল্লেখ্য যে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৯শে সেপ্টেম্বর সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেফতার হন সাবেকমন্ত্রী এম এ মান্নান। পরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

  11. রিমান্ড শেষে কারাগারে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল

    রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে হত্যা মামলায় গ্রেফতার এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে। ।

    বুধবার শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইমন হোসেন গাজী নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে গত পহেলা অক্টোবর ঢাকার গুলশান এলাকা থেকে মি. মজুমদারকে গ্রেফতার করে পুলিশ।

    পরের দিন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

  12. দেড় দশকে সড়ক নির্মাণে ২৯ থেকে ৫১ হাজার কোটি টাকা লোপাট: টিআইবি

    আওয়ামী লীগ সরকারের গত দেড় দশকে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পে বরাদ্দের ২৩ থেকে ৪০ শতাংশ অর্থ লোপাট হয়েছে বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থা 'ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ' (টিআইবি)।

    টাকার অঙ্কে যার পরিমাণ দাঁড়ায় ২৯ হাজার কোটি টাকা থেকে ৫১ হাজার কোটি টাকা।

    বুধবার ঢাকার ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেছে টিআইবি।

    প্রতিষ্ঠানটি বলছে, ত্রিপক্ষীয় আঁতাতের মাধ্যমে সড়ক নির্মাণ প্রকল্পে এই দুর্নীতি হয়েছে।

    পক্ষগুলো হলো: মন্ত্রী-সংসদ সদস্য ও আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী রাজনৈতিক নেতা, আমলা ও সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঠিকাদার।

    ত্রিপক্ষীয় এই ‘সিন্ডিকেট’ ভাঙতে না পারলে দুর্নীতিবিরোধী কোনো কার্যক্রম সফল হবে না বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

  13. পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম

    বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক ড. মোবাশ্বের মোনেম।

    বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রসাশন মন্ত্রণালয়।

    সেখানে দায়িত্বভার গ্রহণের পর থেকে মি. মোনেমকে পাঁচ বছরের জন্য অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত পিএসসি'র চেয়ারম্যান পদে বহাল রাখার কথা জানানো হয়েছে।

    এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মি. মোনেম আগের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের স্থলাভিষিক্ত হলেন।

    এর আগে, মঙ্গলবার মি হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য একসঙ্গে পদত্যাগ করেন।।

  14. রাষ্ট্র সংস্কারে যেসব প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী

    নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা, শিক্ষা এবং বিনোদনসহ সার্বিক বিষয়ে রাষ্ট্র সংস্কারের বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    রাজধানীর হোটেল ওয়েস্টিনে বুধবার বেলা বারটায় আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ‘রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা’ উপস্থাপন করা হয়।

    অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান অভিযোগ করেন আওয়ামী লীগের আমলে বহু মানুষ নির্যাতন, গুম,খুনের শিকার হয়েছে।

    মি. রহমান বলেন, “ সবচেয়ে বেশি নির্যাতিত দলের নাম হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যার এক থেকে শুরু করে এগারজন শীর্ষ নেতাকে মিথ্যা অভিযোগে তাদেরকে সাজানো আদালতের মাধ্যমে সাজা দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। শুধু তারাই বিদায় হয় নি। অপশাসনের প্রতিবাদ করেছে এমন হাজার হাজার মানুষকে দুনিয়া থেকে তুলে নেয়া হয়েছে”।

    সংস্কার প্রস্তাবনায় দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, নির্বাচনকে অবাধ,সুষ্ঠু ও অর্থবহ করার জন্য নির্বাচন সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানে ব্যাপক সংস্কার করতে হবে। সংস্কার ব্যতীত নির্বাচন সুষ্ঠু হতে পারে না। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রভাব মুক্ত রাখতে হবে।

    বিচার বিভাগের সংস্কার প্রস্তাবনায় বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার সুপারিশ করেন মি. তাহের।

    মি. তাহের বলেন, উচ্চ আদালতের বিচারপতি নিয়োগের জন্য সুস্পষ্ট ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। আইন মন্ত্রনালয় থেকে আলাদা করে সুপ্রিম কোর্টের পৃথক অফিস স্থাপন করতে হবে। দেওয়ানী মামলা সর্বোচ্চ পাঁচ বছর এবং ফৌজদারি মামলা সর্বোচ্চ তিন বছরের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

    আইনশৃঙ্খলা সংস্কারের মধ্যে পুলিশের ব্রিটিশ আইন বাতিল, নিয়োগে দলীয় হস্তক্ষেপ বন্ধ এবং পুলিশের ট্রেনিংয়ে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রাখার প্রস্তাবনা দেয় দলটি। নিয়োগ, বদলি, পদোন্নতির জন্য স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাবনা দেয় জামায়াতে ইসলামী।

    রিমান্ড চলাকালে আসামিপক্ষের আইনজীবীর উপস্থিতি নিশ্চিত করা, পুলিশের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রস্তাব করে দলটি।

    র‍্যাব ও অন্যান্য বিশেষায়িত বাহিনীর প্রতি আস্থা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সংস্কার করা, গত সাড়ে ১৫ বছরে যারা র‍্যাবে কাজ করেছেন তাদের স্ব স্ব বাহিনীতে ফিরিয়ে আনা এবং আবার র‍্যাবে ফেরানো যাবে না বলে প্রস্তাব দিয়েছে দলটি।

    সংসদের বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার মনোনয়নের ব্যবস্থা করার প্রস্তাব দেয় জামায়াতে ইসলামী।

    সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে স্থায়ীভাবে সন্নিবেশিত করার পরামর্শও দেয় দলটি।

    কোন সরকারি চাকরিজীবী চাকরি ছাড়ার পর কমপক্ষে তিন বছরের মধ্যে কোন ধরনের নির্বাচনে অংশ নিতে পারবে না বলে প্রস্তাব রাখে দলটি।

    তিনি আরও বলেন, সরকারি চাকরিতে আবেদন বিনামূল্যে করতে হবে, আবেদনের জন্য কোনো ফি রাখা যাবে না। আবেদনের ক্ষেত্রে আগামী দুই বছরের জন্য বয়সসীমা ৩৫ বছর, পরবর্তীতে ৩৩ বছর আর অবসরের বয়সসীমা ৬২ বছর রাখতে হবে।

    আন্ত:ক্যাডার বৈষম্য দূর করতে হবে, যারা বিগত সরকারের কথায় নিয়োগ পেয়েছে তাদের বাতিল করতে হবে।

    সংবিধান সংস্কারের বিষয়ে বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের মধ্যে ভারসাম্য থাকতে হবে। একই ব্যক্তি পর পর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এমন প্রস্তাবনা দেন মি. তাহের।

    মন্ত্রণালয়ভিত্তিক দুর্নীতি দমন কমিশন করতে হবে। বিগত সরকারের আমলে পাচার করা টাকা ফেরানোর ব্যাপারে যথাযথ উদ্যোগ নেয়ার প্রস্তাব করেন মি. তাহের।

    শিক্ষার সংস্কারের বিষয়ে তিনি বলেন, প্রতিটি শ্রেণিতে মহানবী (সা.) - এর পাঠ থাকতে হবে এবং কারিগরি শিক্ষাকে মূল ধারায় আনার ব্যবস্থা করতে হবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের বস্তুনিষ্ঠ ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে। প্রতি জেলায় একটি করে কামিল মাদ্রাসাকে সরকারি করতে হবে।

  15. দুর্গা পূজার ধর্মীয় আচার শুরু হল, আজ ষষ্ঠী

    বাঙালী হিন্দুদের সবথেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হল বুধবার থেকে।

    এদিন সকাল থেকেই হিন্দুদের দেবী দুর্গার পূজার ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি শুরু হয়েছে।

    হিন্দু পুরাণ অনুযায়ী রাবণকে বধ করে রামচন্দ্র যখন সীতাকে উদ্ধার করতে যাচ্ছিলেন, তার আগে তিনি দেবীর পূজা করেছিলেন। তাই শরৎকালে যে দুর্গাপূজা হয়, তাকে দেবীর অকাল বোধন বলা হয়।

    আগামীকাল সপ্তমী। তবে হিন্দু পঞ্জিকার তিথি অনুযায়ী এবছর অষ্টমী ও নবমীর পূজা একই দিনে – শুক্রবার। পূজার ধর্মীয় আচার অনুষ্ঠান শেষ হবে শনিবার বিজয়া দশমীর মধ্যে দিয়ে।

    কলকাতায় নিজের বাড়িতে দুর্গাপূজার আয়োজন করেন, এমন একজন, সুনেত্রা দাশগুপ্ত জানাচ্ছিলেন, মঙ্গলবার বিকেলে দেবীর বোধন করা হয়েছে বেল গাছের পূজা দিয়ে।

    “বেলগাছের পূজা আসলে প্রকৃতি আরাধনা। ষষ্ঠীর পূজা আজ হয়েছে আজ সকালে আর বিকেল হবে দেবীর আমন্ত্রণ-অধিবাস। এই অনুষ্ঠানে দেবীকে গয়না পড়ানো হয়, হাতে তুলে দেওয়া হয় অস্ত্র। সপ্তমীর সকালে বৃহস্পতিবার আরও একবার প্রকৃতি আরাধনা হবে নবপত্রিকা পূজার মাধ্যমে, যেটাকে আমরা চলতি কথায় কলাবোৗ স্নান ইত্যাদি বলি। সেটাই চারদিনের দুর্গাপূজার শুরু,” জানাচ্ছিলেন মিসেস দাশগুপ্ত।

    দুর্গাপূজায় মূর্তি-তত্ত্ব আসার আগে নবপত্রিকা পূজাই ছিল ধর্মীয় রীতি, জানাচ্ছিলেন পশ্চিমবঙ্গ বৈদিক অ্যাকাডেমির প্রধান নবকুমার ভট্টাচার্য। তার কথায়, “নবপত্রিকা পূজা প্রকৃতির পূজা। এই রীতি আদিবাসীদের প্রকৃতি পূজার থেকে হিন্দু ধর্মে এসেছে।“

    ধর্মীয় আচার অনুষ্ঠানের বাইরে বাঙালী হিন্দুদের যে সামাজিক উৎসব হয়ে উঠেছে এই পূজা, তা অবশ্য কলকাতা সহ পশ্চিমবঙ্গের নানা জায়গায় কদিন আগেই শুরু হয়ে গেছে।

    সর্বজনীন পূজা মণ্ডপগুলি সাজিয়ে তোলা হয়েছে, রাস্তায় লাগানো হয়েছে আলো। কলকাতাও পশ্চিমবঙ্গের যেগুলি বড় এবং জনপ্রিয় পূজা মণ্ডপ, সেগুলিতে ভিড় শুরু হয়ে গেছে গত শুক্রবার থেকেই। বহু মানুষ ‘ঠাকুর দেখতে’ রাস্তায় নেমে পড়েছেন।

  16. পাঁচ বছর আগের মামলায় খালাস মির্জা ফখরুল, আমির খসরু ও রিজভী

    উসকানিমূলক মন্তব্যের অভিযোগে করা মামলায় খালাস পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

    পাঁচ বছর আগে করা এ মামলায় খালাস পেলেন তারা।

    ঢাকার বিচারিক আদালত এ আদেশ দেন।

    ২০১৮ সালের ১৬ই অগাস্ট ইলেক্ট্রিক ডিভাইসের মাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানি দেওয়ার অভিযোগে তেজগাঁও থানার আমলী আদালতে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক।

    দীর্ঘদিন ধরে মামলার বাদী আদালতে উপস্থিত না হওয়ায় আদালত আসামিদের খালাস দিয়েছেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন।

  17. গণপিটুনিতে নিহত রেনু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

    রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে গণপিটুতে হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

    ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুরশিদ আহম্মেদ এ রায় ঘোষণা করেন।

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইব্রাহিম ওরফে হৃদয় মোল্লা। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রিয়া বেগম ময়না, আবুল কালাম আজাদ, কামাল হোসেন এবং আসাদুল ইসলাম।

    সাজাপ্রাপ্ত আসামিদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

    অভিযোগ প্রমাণিত না হওয়ায় আট আসামিকে খালাস করে দিয়েছে আদালত।

    ২০১৯ সালের ২০শে জুলাই সকালে নিজের চার বছর বয়সী সন্তানকে স্কুলে ভর্তি করানোর খবর জানতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে প্রাণ হারান তাসলিমা বেগম রেনু।

  18. আন্দোলনে হতাহতদের ক্ষতিপূরণ ও তালিকা প্রণয়নে হাইকোর্টে রিট

    বৈষম্যবিরোধী ছাত্র -জনতার আন্দোলনে হতাহতদের ক্ষতিপূরণ, সঠিক তালিকা প্রণয়ন এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন আহত এক ব্যক্তি।

    আন্দোলনের সময় আহত ব্যক্তিদের এবং নিহতদের পরিবারকে এখনও কোন ক্ষতিপূরণ দেয়া হয় নি। এই ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

    আহত ও নিহতদের সম্পূর্ণ ও আনুষ্ঠানিক তালিকা যত দ্রুত সম্ভব প্রণয়ন করা, আহত ব্যক্তিদের দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং পুনর্বাসন সহায়তা নিশ্চিত করা এবং গুরুতর আহতদের জন্য বিশেষায়িত যত্নের ব্যবস্থা করার নির্দেশনাও রিটে চাওয়া হয়েছে।

    ক্ষতিপূরণ নীতি প্রণয়নে কমিটি গঠন এবং ক্ষতিপূরণ দিতে একটি স্বাধীন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার নির্দেশনা চাওয়া হয়েছে।

  19. সুনামগঞ্জ – ৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক গ্রেপ্তার

    সুনামগঞ্জ – ৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করা হয়েছে।

    সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, মঙ্গলবার ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা থেকে সুনামগঞ্জ নেয়ার পর তাকে আদালতে উপস্থাপন করা হবে।

    বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলির অভিযোগে তার বিরুদ্ধে সুনামগঞ্জ থানায় মামলা রয়েছে বলে জানান মি. খান।

    ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

  20. জয়, পলকসহ ১৯ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা

    জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ১৯ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

    কাফরুল থানার ওসি গোলাম মোস্তফা বিবিসি বাংলাকে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ কালকে রাতে কাফরুল থানায় মামলাটা হয়েছে”।

    এনামুল হক নামের একজন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

    মামলার এজাহারে বলা হয়েছে, সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ক্ষমতার অপব্যবহার করে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে জনগণের জাতীয় পরিচয়পত্রের তথ্য বিক্রি করেন।

    অভিযুক্তরা জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করে, ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানকে জনগণের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানকে তথ্য সরবরাহের মাধ্যমে ব্যবসার অনুমতি দেয়া হয়। যে তথ্য দেশি-বিদেশি প্রায় ১৮২টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে এই তথ্য বিক্রি করার তথ্য পাওয়া গেছে বলে এজাহারে বলা হয়েছে।

    এতে আরো বলা হয়, তৃতীয়পক্ষের কাছে তথ্য পাচার হওয়ায় বাংলাদেশের জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা ও অস্থিরতা সৃষ্টি করে অপরাধ করেছে আসামীরা।