গোপালগঞ্জে সংঘর্ষে অন্তত চার জন নিহত, রাত ৮টা থেকে চলছে কারফিউ

বুধবার 'মার্চ টু গোপালগঞ্জ' কর্মসূচি শেষে ফেরার সময় হামলার মুখে অবরুদ্ধ হয়ে পড়েন এনসিপি'র শীর্ষ নেতারা। পরে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় তারা গোপালগঞ্জ ছাড়েন। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষের পর প্রথমে শহরে ১৪৪ ধারা এবং পরে রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. পুলিশ সুপারের কার্যালয়ে আটকে রয়েছেন এনসিপির নেতারা

    সমাবেশস্থলে ভাঙচুর চালানো হয়
    ছবির ক্যাপশান, সমাবেশস্থলে ভাঙচুর চালানো হয়

    গোপালগঞ্জের সমাবেশ শেষে ফিরে যাওয়ার পথে হামলার মুখে পড়ার পর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এনসিপির নেতা-কর্মীদের।

    এই মুহূর্তে সেখানেই আটকে রয়েছেন এনসিপির নেতারা।

    আটকে পড়া নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ শীর্ষ প্রায় সব নেতা রয়েছেন।

    এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী সেখানে সাংবাদিকদের বলেন, ''আমরা যখন রওনা দিয়েছি, তখন গ্রাম থেকে যত আওয়ামী লীগ-যুবলীগ, সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকজন এসে আমাদের ওপর হামলা করেছে। আমরা এখন একটি জায়গায় অবরুদ্ধ অবস্থায় রয়েছি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, পরিস্থিতি শান্ত। কিন্তু পুলিশ প্রশাসন, আর্মি পুরোপুরি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে।''

  2. সমাবেশস্থলের মঞ্চে আগুন

    সমাবেশস্থলে ভাঙচুরের পর মঞ্চে আগুন
    ছবির ক্যাপশান, সমাবেশস্থলে ভাঙচুরের পর মঞ্চে আগুন

    গোপালগঞ্জের যে স্থানে সমাবেশ করেছে এনসিপি, সেই পৌর পার্কের সমাবেশস্থলে ভাঙচুরের পর মঞ্চে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

    সকালের দিকে সমাবেশ মঞ্চে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

    প্রায় আধাঘণ্টার সেই সমাবেশ শেষে বেরিয়ে যাওয়া পথে হামলার মুখে পড়ে এনসিপির গাড়িবহর।

    সেই সময় মঞ্চে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই সাথে সমাবেশ স্থলের চেয়ার ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়।

  3. গোপালগঞ্জে সমাবেশ শেষে হামলার মুখে এনসিপির গাড়িবহর

    শহরের সমাবেশস্থল থেকে বের হওয়ার পথেই কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহরের ওপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
    ছবির ক্যাপশান, শহরের সমাবেশস্থল থেকে বের হওয়ার পথেই কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহরের ওপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

    গোপালগঞ্জে সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় হামলার মুখে পড়েছে এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহর।

    শহরের সমাবেশস্থল থেকে বের হওয়ার পথেই কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহরের ওপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

    সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ।

    পুলিশ ও র‍্যাবের পাহারায় এনসিপির নেতাদের শহর থেকে বাইরে বের করার চেষ্টা করা হলেও ব্যাপক হামলার মুখে তাদের আবার শহরে ফিরিয়ে আনা হয়।

    শহরের লঞ্চ ঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে।

    কিছুক্ষণ পরে সেনাবাহিনীর একটি টহল টিম সেখানে এলে তারাও হামলার মুখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোঁড়ে বলে ঘটনাস্থল থেকে সাংবাদিকরা জানিয়েছেন।

    একপর্যায়ে এনসিপি নেতাদের গাড়ি বহর ঘুরিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। গাড়ি থেকে নামিয়ে এনসিপি নেতাদের পুলিশ সুপারের দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

    গোপালগঞ্জে সহিংসতার ছবি
    ছবির ক্যাপশান, গোপালগঞ্জে সহিংসতার ছবি
  4. গোপালগঞ্জে সমাবেশে যোগ দিয়েছেন এনসিপি'র কেন্দ্রীয় নেতারা

    মঞ্চে এনসিপি'র কেন্দ্রীয় নেতারা

    ছবির উৎস, Sardar Ronie

    ছবির ক্যাপশান, মঞ্চে এনসিপি'র কেন্দ্রীয় নেতারা

    পহেলা জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ধারাবাহিকতায় এবার পূর্বঘোষিত 'মার্চ টু গোপালগঞ্জ' কর্মসূচিতে যোগ দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপি।

    আজ দুপুর দুইটার দিকে দলের কেন্দ্রীয় নেতারা জেলার পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে পৌঁছেছেন। এখন তারা একে একে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন।

    তবে কেন্দ্রীয় নেতাদের সমাবেশ স্থলে পৌঁছানোর আগে এনসিপি'র মঞ্চে হামলার ঘটনা ঘটেছে।

    এর আগে সকালে এই কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়ি ও ইউএনওর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

  5. গোপালগঞ্জে এনসিপি'র মঞ্চে হামলা, ভাঙচুর

    গোপালগঞ্জে এনসিপি'র সমাবেশে হামলা

    ছবির উৎস, Sardar Ronie

    ছবির ক্যাপশান, গোপালগঞ্জে এনসিপি'র সমাবেশে হামলা

    গোপালগঞ্জে এনসিপি'র 'মার্চ টু গোপালগঞ্জ' কর্মসূচির জন্য তৈরি করা মঞ্চে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

    এনসিপি'র নেতা কর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের লোকজন এনসিপি'র ওপর হামলা করেছে এবং পুলিশের সামনে বসেই এই হামলা চালানো হয়েছে। কিন্তু পুলিশ কোনও বাধা দেয়নি।

    আজ দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জের পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে এই হামলা চালানো হয়।

    সমাবেশ স্থলে উপস্থিত সাংবাদিকরা জানিয়েছেন, মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপি'র নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। সেসময় সেখানে ককটেলও বিস্ফোরণ হয়েছে।

    হামলার সময় পুলিশের ভূমিকা ছিল অনেকটা নিষ্ক্রিয়, জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

    তবে এনসিপির নেতাকর্মীরা পরে ওই হামলাকে প্রতিহত করে এবং মঞ্চ দখলে নেয়। এখন সমেবেশ স্থল "আবু সাঈদ, মুগ্ধ; শেষ হয়নি যুদ্ধ", "রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়", "ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন", "আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন" – এর মতো স্লোগানে মুখরিত হচ্ছে।

    এছাড়া, এনসিপি'র কেন্দ্রীয় নেতারাও সেখানে ইতোমধ্যে পৌঁছে গেছেন।

    মঞ্চের সামনে েনসিপির নেতা-কর্মীরা

    ছবির উৎস, Sardar Ronie

    ছবির ক্যাপশান, মঞ্চের সামনে এনসিপির নেতা-কর্মীরা
  6. গোপালগঞ্জে ইউএনও'র গাড়ি বহরে হামলা

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে এবার গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলা হয়েছে।

    গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেন।

    কারা হামলা চালিয়েছে জানতে চাইলে তিনি বলেন, "আওয়ামী লীগের (লোকজন)।"

    তিনি জানান, গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কংসুর বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

    "আমরা নিরাপত্তার বিষয়টি দেখার জন্য ওখানে গিয়েছিলাম। এর আগে পুলিশের গাড়ি পুড়িয়েছে। মূলত, ওইটা দেখতে গিয়েছিলাম আমরা এবং ককটেল বিস্ফোরণ হয়েছিলো। সেখানে পুলিশের সাথে কথা বলতে গিয়েছিলাম।"

    ওখান থেকে ফেরার পথে তার গাড়ি বহরের ওপর হামলা করা হয় বলে জানান মি. হাসান।

    ঘটনার সময় রকিবুল হাসানের সাথে একজন ম্যাজিস্ট্রেটও ছিলেন। কিন্তু তিনি ও ম্যাজিস্ট্রেটের কোনও শারীরিক ক্ষতি না হলেও গাড়ির চালক "সামান্য আহত" হয়েছেন ।

  7. গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

    কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকা বাজার মূল্যের চার হাজার ৮৮০ শতাংশ সম্পত্তি ক্রোক করা হয়েছে।

    আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

    সিআইডি'র ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে আবেদনের পরিপ্রেক্ষিতে গত আটই জুলাই ঢাকা মহানগর দায়রা জজ আদালত সম্পত্তি ক্রোকের আদেশ দেন।

    সংস্থাটি জানিয়েছে, তার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল, কমিশন গ্রহণ, জাল-জালিয়াতি, প্রতারণা, হুন্ডি এবং আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েসের এবং সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে।

  8. বনানীতে নয় বছর বয়সী পথশিশু ধর্ষণ, মূল অভিযুক্ত গ্রেফতার

    শিশু নির্যাতন

    ঢাকার বনানী থানা এলাকায় পথশিশু ধর্ষণের ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। গতকাল রাতে এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

    ডিএমপি জানায়, গতকাল মঙ্গলবার রাত ৮টা নাগাদ মহাখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গত রোববার ১৪ই জুলাই সন্ধ্যা ৭টা থেকে ৮টা নাগাদ বনানী থানাধীন মহাখালী কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত কক্ষে নয় বছর বয়সী এক পথশিশু ধর্ষণের শিকার হয়।

    খবরটি পাওয়ার পরপরই পুলিশের একটি টিম মেয়েটকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।

    এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটির মা বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে মহাখালী টিভি গেইট এলাকা থেকে গ্রেফতার করে।

    প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতার হওয়া আল আমিন মহাখালী বাস টার্মিনালে ভাসমান অবস্থায় থেকে বিভিন্ন পাবলিক পরিবহনের হেলপার হিসেবে কাজ করছিলো।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

  9. ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে ‘নৌকা’ প্রতীক

    বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট

    বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক 'নৌকা' সরিয়ে ফেলা হয়েছে।

    গতকাল মঙ্গলবার পর্যন্ত ওয়েবসাইটে দলটির নামের পাশে নৌকা প্রতীক দেখা গেলেও আজ আর দেখা যায়নি।

    এদিকে, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ গতকাল একটি ফেসবুক পোস্টে ইসির সমালোচনা করেন।

    "অভিশপ্ত 'নৌকা' মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউল ভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?" প্রশ্ন করে ওই পোস্টে তিনি জানতে চান, "সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণঅভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদেরকে দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা?"

    "বাংলাদেশের একজন নাগরিক হিসেবে" ইসি'র প্রতি তিনি আরও প্রশ্ন রাখেন, "পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামিলীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান?"

  10. নৌকা মার্কা কাদের জন্য রাখছেন? – ইসিকে প্রশ্ন আসিফ মাহমুদের

    আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট
    ছবির ক্যাপশান, আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট

    দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রতীক নৌকাকে কাদের জন্য রাখা হয়েছে, নির্বাচন কমিশনের উদ্দেশ্যে প্রশ্ন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের।

    গতকাল মঙ্গলবার রাতে ইসির সমালোচনা করে নিজের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবু্ক পেজে পোস্ট দেন তিনি।

    "অভিশপ্ত 'নৌকা' মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউল ভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?" প্রশ্ন করে ওই পোস্টে তিনি আরও জানতে চান, "সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণঅভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদেরকে দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা?"

    "বাংলাদেশের একজন নাগরিক হিসেবে" ইসি'র প্রতি তিনি আরও প্রশ্ন রাখেন, "পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামিলীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান?"

    তার ওই পোস্টে অনেকেই জানতে চান, তিনি নিজে সরকারে থেকে কাকে এই প্রশ্ন করলেন।

    মানুষের এই জিজ্ঞাসার জবাব তিনি ওই পোস্টের কমেন্ট সেকশনেই দিয়েছেন।

    তার ভাষ্য, "আমি সরকারে বসে সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্ন করছি। নির্বাচন কমিশন সরকারি প্রতিষ্ঠান না। নির্বাচন কমিশনকে প্রশ্ন করার এখতিয়ার সরকারের একজন উপদেষ্টার নাই। রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে প্রশ্ন করছি।"

    উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিধিমালার খসড়া পাঠানো ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।

    এই প্রতীকগুলোর মাঝে নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকাও রয়েছে।

  11. গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন

    গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা

    ছবির উৎস, Sardar Ronie

    ছবির ক্যাপশান, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা

    গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামে পুলিশের গাড়িতে আগুন, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

    বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।

    আজ বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

    কারা ঘটিয়েছে? জানতে চাইলে তিনি বলেন, "ছাত্রলীগের পোলাপান।"

    এনসিপি ঘোষিত 'মার্চ টু গোপালগঞ্জ' কর্মসূচিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ৪০-৫০ জন মানুষ একত্রিত হয়ে পুলিশের এই গাড়ির ওপর আক্রমণ করে।

    আজ বুধবার বেলা ১১টায় গোপালগঞ্জে পদযাত্রা করার কথা রয়েছে এনসিপি নেতা-কর্মীদের।

  12. বেলা ১১টায় ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি এনসিপি’র

    এনসিপির কর্মসূচি

    ছবির উৎস, NCP/Facebook

    পহেলা জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেই কর্মসূচির অংশ হিসেবে এবার গোপালগঞ্জে যাওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি।

    এ বিষয়ে গতকাল মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলের তিনি লিখেছেন, “১৬ জুলাই…মার্চ টু গোপালগঞ্জ।”

    পাশাপাশি, এ দিন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ফেসবুকে এই পদযাত্রা নিয়ে পরপর তিনটি পোস্ট দেন। প্রথমটিতে তিনিও নাহিদ ইসলামের মতো একই কথা লেখেন।

    এরপর নিজের ওই পোস্টের কমেন্ট সেকশনে তিনি আরও লেখেন, “আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১ টায়।”

    এর কয়েক ঘণ্টা বাদে জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষদের উদ্দেশ্য করে তিনি ফের একটি পোস্ট দেন। তিনি লেখেন, “বিপ্লবের সহযোদ্ধারা, ধুমকেতুর মতো ছুটে আসুন।”

    ফেসবুকে দেওয়া সর্বশেষ পোস্টের শেষাংশে তিনি লেখেন, “আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে, জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না‌।”

    “একইসাথে, গোপালগঞ্জের গণমানুষের ন্যায্য অধিকার পাওয়ার লড়াই আমরাই করবো। গোপালগঞ্জ কোনও ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের,” তিনি যোগ করেন।

  13. আজ ‘জুলাই শহীদ দিবস’, বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

    ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন রংপুরের আবু সাঈদ

    ছবির উৎস, SHARIER MIM

    ছবির ক্যাপশান, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন রংপুরের আবু সাঈদ

    ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে বাংলাদেশে।

    এ দিন দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

    গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এভাবে শোক পালনের কথা জানানো হয়েছে।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, “শহীদগণের মাগফেরাতের জন্য আগামী বুধবার বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।”

    উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ই জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ নিহত হন।

    ইতোমধ্যেই এই দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

  14. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরও পড়তে পারেন:

    গতকালের গুরুত্বপূর্ণ সব খবর পড়তে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে