আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত এবং মূল সমন্বয়কারী ফজলে নূর তাপস দাবি করে প্রতিবেদন জমা দিয়েছে ওই ঘটনা তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে দেশে ফিরতে চাইলে তার ছেলে তারেক রহমানকে 'ওয়ান টাইম পাস' দেবে সরকার। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা ঘটেছে

    • বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং নতুন করে অবনতি হয়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
    • গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখার জন্য তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে তাকে 'ওয়ান টাইম পাস' দেবে সরকার।
    • বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত এবং মূল সমন্বয়কারী ফজলে নূর তাপস বলে প্রতিবেদন জমা দিয়েছে ওই ঘটনা তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।
    • ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে ৩০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার রায় দেওয়া হবে সোমবার।
    • সুপ্রীম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশ জারি করা হয়েছে। এর ফলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পুরোপুরি পৃথক হয়েছে।
    • দক্ষিণাঞ্চলীয় জেলা খুলনায় মামলায় হাজিরা দিতে গিয়ে মহানগর দায়রা জজ আদালতের গেইটের বাইরে দুর্বৃত্তের গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
    • বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগের কারণ দর্শাতে তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে 'পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরবসহ সাত দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।
    • বিপিএল নিলামে ক্রিকেটার নাঈম শেখকে সর্বোচ্চ এক কোটি ১০ লাখ টাকায় কিনেছে চট্টগ্রাম রয়্যালস।
    • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে এ বছর নভেম্বর মাসে সর্বোচ্চ ৯৯ জন মারা গেছেন। একইসাথে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বেশি এই মাসে। সর্বোচ্চ ২৪ হাজার ৫৩০ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হচ্ছে। সোমবার নতুন খবর নিয়ে আবারও লাইভ পাতা চালু হবে।

    ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক

    শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে প্রতিষ্ঠিত হতে যাওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    রোববার গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় ব্যাংকটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

    সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবারের মধ্যে নতুন ব্যাংকের প্রজ্ঞাপন জারি করতে পারে বাংলাদেশ ব্যাংক।

    এরপর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ যে কোনো সময় ব্যাংকটির বোর্ড গঠন করে দেবে।

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক একীভূত করে গড়ে তোলা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি।

    নতুন ব্যাংকটির মোট পেইড-আপ ক্যাপিটাল হবে ৩৫ হাজার কোটি টাকা।

    এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দেবে এবং অন্য ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার থেকে আসবে।

  3. মেট্রোরেলের ছাদের ওপর দুইজন ব্যক্তি উঠে পড়ায় রেল চলাচল সাময়িকভাবে বন্ধ

    মেট্রোরেলের সচিবালয় স্টেশনে ট্রেনের ছাদের ওপর দুইজন ব্যক্তি উঠে পড়ায় রেল চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

    এক ঘোষণায় যাত্রী সাধারণের জ্ঞাতার্থে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, “ বাংলাদেশ সচিবালয় স্টেশন এ মেট্রোরেলের ছাদের উপর দুই জন ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।”

    এদিকে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন, নাশকতার চেষ্টা হয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হবে। এখনো উত্তরা থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা উভয় দিকের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মেট্রোরেলের সব বগি ও ট্রেন চেক করা হচ্ছে।

    সবকিছু ঠিক থাকলে ট্রেন চলাচল শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।

  4. শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় রায় কাল

    ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে ৩০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার রায় দেওয়া হবে সোমবার।

    পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলায় ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম সোমবার সকালে রায় ঘোষণা করবেন।

    দুদকের আইনজীবী মীর আহম্মেদ সালাম শেখ হাসিনাসহ ১৭ আসামির সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেছেন।

    মামলার অভিযোগ থেকে জানা যায়, গণঅভ্যুত্থানের মুখে গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর গত ডিসেম্বরে তাদের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। মোট ৬০ কাঠার প্লট।

    এরপর এ বছরের ১২ই জানুয়ারি প্লট বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে পুতুলের বিরুদ্ধে প্রথম মামলা করে দুদক।

    পরদিন শেখ রেহানা ও তার ছেলেমেয়ের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি।

    শেখ রেহানার পরিবারের বিরুদ্ধে করা তিন মামলায় শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিউক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং আরেক মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীকে আসামি করেছে দুদক।

    পরে ১৪ই জানুয়ারি শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা করে দুদক।

    এসব মামলায় শেখ হাসিনার পরিবারের সদস্য ছাড়াও আরো ১৬ জনকে এসব মামলায় আসামি করা হয়েছে। এরই মধ্যে এই মামলায় শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড, সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

    প্লট দুর্নীতির ছয় মামলাতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। প্রতিটি মামলারই বিবরণই প্রায় একরকম।

  5. সুপ্রীম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশ জারি

    বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রীম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে।

    এর ফলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পুরোপুরি পৃথক হয়েছে।

    রোববার রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ অধ্যাদেশ জারী করা হয়।

    এর আগে, গত ২০শে নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

  6. বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

    বিডিআর বিদ্রোহের ঘটনায় আওয়ামী লীগ জড়িত এবং মূল সমন্বয়কারী ফজলে নূর তাপস বলে প্রতিবেদন জমা দিয়েছে ওই ঘটনা তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।

    রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

    কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন।

    এ সময় প্রধান উপদেষ্টা বলেন, “বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিলো। আপনারা সত্য উদ্‌ঘাটনে যে ভূমিকা রেখেছেন জাতি তা স্মরণে রাখবে। জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি।”

    তিনি বলেন, ''ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিলো, এই কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটবে। এই প্রতিবেদনে শিক্ষণীয় বহু বিষয় এসেছে। জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে এটি।''

    যখন কমিশন কাজ শুরু করে তখন ১৬ বছর আগের এই ঘটনার বহু আলামত ধ্বংস হয়ে গেছে এবং এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছেন বলে উল্লেখ করেন কমিশন প্রধান ফজলুর রহমান।

    তিনি বলেন, ''তদন্ত কাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে''।

    “আমরা দুটো প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি। সাক্ষীদের ডাকলাম, কারো কারো ৮ ঘণ্টা পর্যন্ত বক্তব্য শুনেছি আমরা। যতক্ষণ তিনি বলতে চেয়েছেন। যারা তদন্তে জড়িত ছিল তাদের সঙ্গে কথা করেছি। তাদের তদন্তের রিপোর্ট কালেক্ট করেছি, অন্যান্য এলিমেন্ট কালেক্ট করেছি ” বলেন তিনি।

    তিনি বলেন, এই তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে, উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে কার কী ভূমিকা ছিল। কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকল অ্যাকশন নিল না।

    তিনি বলেন, তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে।

    এ সময় ফাইন্ডিংস সম্পর্কে কমিশনের সদস্য জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, এই ঘটনা কিছু বাহ্যিক ও প্রকৃত কারণ বের করেছে কমিশন।

    মি. তালুকদার বলেন, এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিল তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।

    তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে। তারা ২০-২৫ জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছে এবং বের হবার সময় সেই মিছিলে দুই শতাধিক মানুষ ছিলো।

    তিনি বলেন, পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিলো।

    এই ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে মি. তালুকদার বলেন, দায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনাপ্রধানেরও।

    এই ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ ও র‍্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোরও রয়েছে চরম ব্যর্থতা বলেন তিনি।

    ওই ঘটনার সময় কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং কয়েকজন সাংবাদিকের ভূমিকা অপেশাদার ছিলো বলেও উল্লেখ করেন তিনি।

    ওই হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় (তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন) যেসব বিডিআর সদস্যদের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছে, তাদের সঠিক নাম পরিচয় ও তথ্য সংরক্ষণ করা হয়নি বলে জানান মি. তালুকদার। ভবিষ্যতে বাহিনীগুলোতে যাতে এই ধরনের ঘটনা এড়ানো যায় এবং এই ঘটনার ভিকটিমরা ন‍্যায় বিচার পায় সেজন্য এই কমিশন প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করেছে।

  7. সহকারী শিক্ষক পদ বিসিএস ক্যাডারভুক্ত করাসহ চার দফা দাবিতে কাল থেকে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকরা

    সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সহকারী শিক্ষক পদটি বিসিএস ক্যাডারভুক্ত করাসহ চার দফা দাবিতে সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকরা।

    এই পদটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরিতে যোগদানের প্রবেশ পদ।

    সোমবার থেকে এই কর্মবিরতির অংশ হিসেবে চলমান বার্ষিক পরীক্ষাও বন্ধ রাখবেন তারা। গত ২৪শে নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।

    বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    মাধ্যমিক শিক্ষকদের চারটি দাবিগুলোর মধ্যে রয়েছে, সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক‍্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ এর গেজেট প্রকাশ, বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা।

    এছাড়াও সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া এবং ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন–সুবিধা বহাল করে গেজেট প্রকাশ করা।

  8. সৌদি আরবসহ সাত দেশে পুনরায় চালু হয়েছে প্রবাসী ভোটার নিবন্ধন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে 'পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরবসহ সাত দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।

    রোববার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানিয়েছেন।

    তিনি জানান, “পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়ায় প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম পুনরায় আজ বিকাল সোয়া তিনটা হতে চালু করা হয়েছে।”

    তিনি বলেন, “ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে হলে প্রবাসীদের স্ব স্ব দেশের সঠিক ঠিকানা প্রদান করতে হবে, প্রয়োজনে বন্ধু/আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোন প্রতিষ্ঠান/ভবনের ঠিকানা ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।”

    ইসির তথ্যানুযায়ী, রোববার বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৯৫ হাজার ৪৫০ জন প্রবাসী নিবন্ধন করেছেন।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

    নিবন্ধন ও ঠিকানা নিশ্চিত হলে প্রত্যেক প্রবাসীর ব্যালট বাংলাদেশে পৌঁছে যাবে, যা দেশের নির্বাচনী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

  9. ডেঙ্গু আক্রান্ত হয়ে নভেম্বর মাসে সর্বোচ্চ ৯৯ জন মারা গেছেন

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে এ বছর নভেম্বর মাসে সর্বোচ্চ ৯৯ জন মারা গেছেন।

    একইসাথে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বেশি এই মাসে। সর্বোচ্চ ২৪ হাজার ৫৩০ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এই পরিসংখ্যান গত ২৪ ঘণ্টার।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন।

    এদের মধ্যে একজন শিশু, তিনজন পুরুষ এবং একজন নারী রয়েছেন।

    এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছরের ৩০শে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৮২ জন। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ২৫ জন।

    আরো পড়তে পারেন:

  10. বিপিএল নিলামে সর্বোচ্চ এক কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে কিনেছে চট্টগ্রাম রয়্যালস

    বিপিএল নিলামে ক্রিকেটার নাঈম শেখকে সর্বোচ্চ এক কোটি ১০ লাখ টাকায় কিনেছে চট্টগ্রাম রয়্যালস।

    এই নিলাম শুরু হয় ৫০ লাখ টাকা ভিত্তিমূল্য থেকে। ‘এ’ ক্যাটাগরির এই ক্রিকেটারকে নিজের ক্লাবে নিতে হুড়োহুড়ি পড়ে যায় ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে।

    দর হাঁকাহাঁকি শেষে এক কোটি ১০ লাখ টাকায় বিক্রি হন মি. শেখ।

    ‘এ’ ক্যাটাগরিতে থাকা আরেকজন ক্রিকেটার লিটন দাসকে ৭৫ লাখ টাকায় কিনেছে রংপুর রাইডার্স।

    এর মধ্যে অবিক্রিত রয়ে গেছেন ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এ বছরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি।

    এছাড়া মুশফিকুর রহিমও অবিক্রিত রয়ে গেছেন। মি. রহিম ওয়ানডে এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এরই মধ্যে বিদায় নিয়েছেন।

    ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার তানজিম সাকিবের ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা।

    শেষ পর্যন্ত ৬৫ লাখ টাকায় তাকে কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স।

    এই ক্যাটাগরিতে থাকা ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে ৪৪ লাখ টাকায় কিনেছে রাজশাহী।

  11. তারেক রহমান দেশে ফিরতে চাইলে 'ওয়ান টাইম পাস' দেওয়া হবে: পররাষ্ট্র উপদেষ্টা

    গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখার জন্য তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে তাকে 'ওয়ান টাইম পাস' দেবে সরকার।

    পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা জানিয়েছেন।

    মি. রহমান যদি দেশে ফিরতে চান তাহলে কূটনৈতিক প্রক্রিয়াটি কী হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

    মি. হোসেন বলেন, “এটার নিয়ম হচ্ছে যে, কারো যদি পাসপোর্ট না থাকে বা মেয়াদোত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি (দেশে) আসতে চান, তাহলে তাকে আমরা 'ওয়ান টাইম পাস' একটা দিয়ে দেই, একবার দেশে আসার জন্য।"

    "এটা দিতে একদিন লাগে। কাজেই উনি যদি আজকে বলেন যে, উনি আসবেন, তাহলে কালকে এটা দিয়ে, পরশু দিন উনি প্লেনে উঠতে পারবেন, এটাতে অসুবিধা নেই।”

    এছাড়া মি. রহমানের ফেসবুকে দেওয়া স্ট্যাটাস বা সম্পর্শকাতর বিষয় সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটা উনি বলেছেন, যেটা আমরা পত্রিকাতে দেখেছি। আমি এটুকু বলতে পারি যে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই।”

    তিনি আরো জানান, খালেদা জিয়াকে এই মুহূর্তে বিদেশে নিয়ে যাওয়ার অবস্থা নেই এবং অবস্থার উন্নতি হলে পরিবার বা দল চাইলে সহযোগিতা করবে সরকার।

    আরো পড়তে পারেন:

  12. বিএনপি নেতা ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তলব

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগের কারণ দর্শাতে তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    রোববার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দিয়েছে।

    আগামী আটই ডিসেম্বর মি. রহমানের একা‌ডে‌মিক সা‌র্টিফি‌কেট ও বার কাউন্সি‌লের সা‌র্টিফি‌কেটসহ স্বশ‌রীরে উপ‌স্থিত হ‌য়ে ব‌্যাখ‌্যা দেয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

    গত ২৬শে নভেম্বর মি. রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।

    গত ২৩শে নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে শেখ হাসিনার রায় নিয়ে আলোচনার কিছু অংশ প্রসিকিউশন ট্রাইব্যুনালে শোনায়।

    এই বিষয়ে ব্যাখ্যা দিতে আটই ডিসেম্বর স্বশরীরে হাজির হতে হবে মি. রহমানকে।

    এর আগে, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মন্তব্য করার কারণে গত ২৬শে অগাস্ট বিএনপি তার প্রাথমিক সদস্য পদসহ সব পদ তিন মাসের জন্য স্থগিত করে।

  13. আদালতে হাজিরা দিতে এসে খুলনায় দুইজন নিহত

    দক্ষিণাঞ্চলীয় জেলা খুলনায় মামলায় হাজিরা দিতে গিয়ে মহানগর দায়রা জজ আদালতের গেইটের বাইরে দুর্বৃত্তের গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

    খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, রোববার বেলা সাড়ে ১২টা নাগাদ এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি উল্লেখ করে তিনি জানান, মরদেহ সংক্রান্ত আইনি প্রক্রিয়া শেষে মামলা হবে।

    কারা জড়িত থাকতে পারে - এমন প্রশ্নে মি. ইসলাম বলেন, “সিসিটিভির ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি আমরা। তদন্তের প্রাথমিক পর্যায়ে এখনো আমরা।”

    মি. ইসলাম জানিয়েছেন, “নিহত দুইজনের নামেই ছয়টি করে মামলা আছে। হত্যা, অস্ত্র, বিশেষ ক্ষমতা আইনের মামলায় মোট ছয়টি মামলা রয়েছে একজনের বিরুদ্ধে। একই আইনের ছয়টি মামলা রয়েছে আরেকজনের বিরুদ্ধেও।”

    এই পুলিশ কর্মকর্তা জানান, দুইজনই রোববার অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন।

    মি. ইসলাম দাবি করেছেন, নিহত দুইজনই 'সন্ত্রাসী পলাশ গ্রুপে'র সহযোগী। তারা দুজনই আড়াই মাস আগে জামিনে কারাগার থেকে বের হয়েছিলেন।

  14. খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে: রুহুল কবির রিজভী

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং নতুন করে অবনতি হয়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মি. রিজভী।

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে মি. রিজভী বলেন, “আজকে সর্বশেষ যতটুকু শুনেছি, তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি।

    সেখানে চিকিৎসকরা কতর্বরত আছেন, তার চিকিৎসকদের কাছ থেকে শুনেছি (শারীরিক পরিস্থিতি) অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।”

    খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা করেন মি. রিজভী। তার সুস্থতার জন্য দলের নেতাকর্মীসহ জনগণকে দোয়া করার আহ্বান জানান তিনি।

    একইসাথে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে এ বছর বিজয় দিবস উপলক্ষ্যে মশাল প্রজ্জ্বলন কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

    ডিসেম্বরের ১৬ তারিখে বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে দলটির ১৫ দিনের কর্মসূচি স্থগিত রাখার কথা জানিয়েছেন তিনি।

    ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে 'সংকটাপন্ন' অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

    নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত রোববার থেকে হাসপাতালেই আছেন তিনি।

    আরো পড়তে পারেন:

  15. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাকে স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন: