কুড়িগ্রামে বিএনপির দুগ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আমদানি-রফতানিকারক সমিতির কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপ পাল্টাপাল্টি সভা-সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফেরদৌস স্বাক্ষরিত এই চিঠিতে এই আদেশ জারি করা হয়।
ওই চিঠি জানা যায়, সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক সমিতির কমিটি গঠন নিয়ে স্থলবন্দরের একই স্থানে সভা আহ্বান করে দুটি গ্রুপ। এতে উত্তেজনা বিরাজ করে। যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ভূরুঙ্গামারী উপজেলা জুড়ে ১৪৪ ধারা বলবৎ থাকবে।
এসময় ভূরুঙ্গামারী উপজেলায় সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনো অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা তার অধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।
এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।