বাংলাদেশে ঈদ শনিবার

বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, দেশের কোথাও আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে, দেশটিতে শনিবার ঈদ উদযাপিত হবে। এদিকে, ইরান যুদ্ধের খবরের মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, "আমাদের সক্ষমতা বাড়ছে, ইরানের কমছে”। আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, কাতারে হামলায় ইরানের সামর্থ্যের 'এক ক্ষুদ্র অংশ' মাত্র ব্যবহার করা হয়েছে।

সরাসরি কভারেজ

  1. সৌদি, কাতারসহ উপসাগরীয় দেশগুলোতে রাতভর ‘ক্ষেপনাস্ত্র ও ড্রোন’ হামলা

    সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলার পর প্রতিশোধমূলক হামলার হুমকি দিয়েছিল ইরান

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলার পর প্রতিশোধমূলক হামলার হুমকি দিয়েছিল ইরান

    সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে রাতভর হামলার খবর পাওয়া গেছে।

    বুধবার রাত থেকে এখন পর্যন্ত সৌদি আরবে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে।

    সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদ এবং দেশের "পূর্বাঞ্চলীয় এলাকা" জুড়ে ১৭টি ড্রোন এবং দুটি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করা হয়েছে।

    কাতারের 'রাস লাফান' জ্বালানি কমপ্লেক্সে বৃহস্পতিবার ভোরেও হামলা চালানো হয়েছে। এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে যে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক মিসাইলগুলো প্রতিহত করছে এবং আকাশে থাকা যুদ্ধবিমানগুলো ড্রোন ধ্বংসের কাজ চালিয়ে যাচ্ছে।

    রাতভর তিনটি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বাহরাইন।

    আর "মিসাইল এবং ড্রোন হামলা" প্রতিহত করার তথ্য জানিয়ে বিবৃতি জারি করেছে কুয়েতের সামরিক বাহিনী।

    বুধবার ইরানের 'সাউথ পার্স' গ্যাস ফিল্ডে হামলার পর উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট "তেল ও গ্যাস শোধনাগারগুলোতে" আঘাত হানার হুমকি দিয়েছিল ইরানের সেনাবাহিনী।

  2. সরকার বিরোধী তিন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

    সরকার বিরোধী বিক্ষোভে ইরানে অনেক মানুষ নিহত হন

    ছবির উৎস, LightRocket via Getty Images

    ছবির ক্যাপশান, সরকার বিরোধী বিক্ষোভে ইরানে অনেক মানুষ নিহত হন (ফাইল ছবি)

    গত জানুয়ারিতে দেশব্যাপী সরকারবিরোধী আন্দোলনের সময় দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে দণ্ডিত তিন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

    ইরানের বিচার বিভাগীয় সংবাদ সংস্থা মিজানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    বিচার বিভাগ জানিয়েছে, তাদের বিরুদ্ধে হত্যা এবং "খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা" করার অভিযোগ প্রমাণিত হয়েছে, যার মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করার অভিযোগও অন্তর্ভুক্ত ছিল।

    এই সরকারবিরোধী আন্দোলনটি মূলত অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদ হিসেবে শুরু হলেও পরবর্তীতে তা বর্তমান ইরানি সরকারের বিরুদ্ধে দেশব্যাপী গণআন্দোলনে রূপ নেয়।

    যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি এর তথ্য অনুযায়ী, এই বিক্ষোভ চলাকালীন প্রায় ছয় হাজার ৪৮৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

    এইচআরএএনএ জানিয়েছে, ইরানি নিরাপত্তা বাহিনীর কঠোর দমন-পীড়নের পর তারা এখনও প্রায় ১১ হাজার ৭৪৪টি মামলা পর্যালোচনা করছে।

  3. সান্তাহারে দুর্ঘটনা কবলিত বগিগুলো উদ্ধার, ২১ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

    বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়

    ছবির উৎস, BABU

    ছবির ক্যাপশান, বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়

    বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল আবারও শুরু হয়েছে।

    দুর্ঘটনা কবলিত বগিগুলো উদ্ধার ও রেল লাইন সংস্কারের পর বেলা ১২টা থেকে ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুম।

    বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

    মি. মাসুম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে দুর্ঘটনা কবলিত ট্রেনের নয়টি বগি উদ্ধারের কাজ সম্পন্ন হয়।

    তবে “এখনই এখান দিয়ে ফুল স্পিডে ট্রেন চলবে না, ট্রেন আসবে, স্টেশনে থামবে এবং ধীর গতিতে এই অংশ পার হবে। পর্যায়ক্রমে লাইনে ট্রেনের গতি স্বাভাবিক হবে,” জানান তিনি।

    এই দুর্ঘটনার কারণে ঈদ যাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় যাত্রীদের কতটা ভোগাবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মি. মাসুম বলেন, “এবার আমরা ভেবেছিলাম শিডিউল বিপর্যয় তেমন হবে না। তবে, বাড়তি যাত্রীর চাপ এবং এ দুর্ঘটনা সব মিলিয়ে শিডিউল বিপর্যয় কিছুটা হয়েছে।”

    বুধবার দুপুর দুইটার দিকে বগুড়ার সান্তাহারে ঢাকা থেকে নীলফামারী জেলার চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়।

    দুর্ঘটনাস্থল থেকে ৪৭ জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর তথ্য জানিয়েছিল ফায়ার সার্ভিস।

    এই দুর্ঘটনার কারণে বুধবার দুপুর থেকেই উত্তরের জেলা নীলফামারি, ঠাঁকুরগাও, দিনাজপুর, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

    পরে ওই রুটের যাত্রীদের জন্য বিকল্প হিসেবে ‘ট্রান্সশিপমেন্ট পরিকল্পনা’ নেয় বাংলাদেশ রেলওয়ে।

  4. কাতারে আবার হামলা হলে ইরানের প্রধান গ্যাসক্ষেত্র উড়িয়ে দেয়া হবে: ট্রাম্প

    ট্রম্প

    ছবির উৎস, Getty Images

    কাতারে ইরান যদি ফের কোনো হামলা চালায়, তবে দেশটির প্রধান প্রধান গ্যাসক্ষেত্রগুলোতে ‘বিশাল বিস্ফোরণ’ চালানো হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ এ এক পোস্টে এ হুমকি দেন তিনি।

    ইরান কাতারের রাস লাফ্ফান এনার্জি কমপ্লেক্সে হামলা চালানোর পর ট্রাম্প ওই হুশিয়ারি পোষ্ট দেন।

    বুধবার রাতে ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে, যা বিশ্বের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাসক্ষেত্র বলে বিবেচিত' হামলা চালায়।

    জবাবে ইরান কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি গালফ দেশে হামলা চালিয়েছে।

    এদিকে, মি. ট্রাম্প বলেছেন, ইরানের সাউথ পার্সে ইসরায়েলের হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র কিছু জানতো না।

  5. বুধবার সারাদিন যা যা হলো

    • হামলায় নিহত ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং আধাসামরিক বাহিনী বাসিজ-এর প্রধান গোলামরেজা সোলাইমানির জানাজায় অংশ নিতে বিপুল সংখ্যক মানুষ সমবেত হন।
    • সৌদি আরবে আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার দেশটিতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
    • জ্বালানি অবকাঠামোতে হামলার জবাবে "চূড়ান্ত পদক্ষেপ" নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী।
    • ইরানের গ্যাস স্থাপনাগুলোতে হামলার পর দেশটি থেকে ইরাকে গ্যাস আমদানি বন্ধ হয়ে গেছে। দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরাকের স্থানীয় সংবাদমাধ্যম।
    • বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের একটি স্থাপনায় হামলার খবর ইরানি গণমাধ্যমে আসার পর অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০৮ ডলার ছাড়িয়ে গেছে।
    • ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে "ক্ষেপণাস্ত্র হামলার" ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া।
    • ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
    • উপসাগরীয় অঞ্চলের পাঁচটি জ্বালানি স্থাপনা খালি করার নির্দেশ জারি করেছে ইরানের সামরিক বাহিনী।
    • "ইসরায়েলি গুপ্তচর" হিসেবে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
    • রাতভর মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। লেবাননের রাজধানী বৈরুতে টানা হামলা চালিয়েছে ইসরায়েল। আর উপসাগরীয় দেশগুলোতে নতুন করে আক্রমণ করেছে ইরান।
    • বগুড়ার সান্তাহারে নয়টি বগি লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি উদ্ধারে ১২ ঘণ্টা সময় লাগতে পারে। এই সময়ে ওই রুটের পাঁচ জেলার যাত্রীদের জন্য বিকল্প হিসেবে ‘ট্রান্সশিপমেন্ট পরিকল্পনা’ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসিবাংলার মূল পাতায়।

  6. বিবিসি বাংলা'র লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের সব খবর জানতে ক্লিক করতে পারেন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে