লাইভ, আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে ইরানের মাশহাদে লাখো মানুষ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানের চূড়ান্ত পর্ব আজ তার নিজ শহর মাশহাদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্র গত দুই দিনে ইরানের ১৭০টি লক্ষ্যবস্তুতে হামলার তথ্য জানিয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলা, দাবি ইরানের

    ২০২৪ সালের ২৮শে এপ্রিল ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ২০২৪ সালের ২৮শে এপ্রিল ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

    আজ বৃহস্পতিবার বিকেলে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্র-সংশ্লিষ্ট গণমাধ্যম

    প্রদেশটির এক উপ-গভর্নরের বরাতে গণমাধ্যমে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ছোড়া ক্ষেপণাস্ত্র বিদ্যুৎকেন্দ্রটির সীমানায় আঘাত হেনেছে।

    তবে এ হামলার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করেনি।

    এর আগে, গত কয়েক ঘণ্টায় জর্ডানের আকাশে ইরানের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

  2. রাঙ্গামাটিতে অন্তত ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় চার হাজার মানুষ

    রাঙ্গামাটিতে পাহাড়ধস

    টানা বৃষ্টিতে রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় অন্তত ৩৭টি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে।

    বৃহস্পতিবার সকাল ১১টা ৪৫ মিনিট পর্যন্ত জেলা প্রশাসন থেকে এ সব তথ্য পাওয়া গেছে।

    জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    এর আগে নিখোঁজ থাকা একজন প্রাপ্তবয়স্ক পুরুষ দোকানদার ও বহিরাগত ব্যবসায়ীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সর্বশেষ তথ্যে জানা যায়, রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নে গত সাতই জুলাই নদী পার হওয়ার সময় ভেসে যাওয়া দলমনি চাকমা নামে এক ব্যক্তির মরদেহ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে।

    এদিকে, জেলার বিভিন্ন নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করায় বন্যা এবং আরও বেশি স্থানে পাহাড়ধসের আশঙ্কা দেখা দেওয়ায় আশ্রয়কেন্দ্রগুলোতে ইতোমধ্যে চার হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।

    অন্যদিকে, বাঘাইছড়ি-মারিশ্যা-দিঘীনালা সড়কের তিন কিলোমিটার এলাকায় রাস্তা ধসে যাওয়ায় ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে এবং কাচালং নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কাচালং বাজার ডুবে গেছে, সেখানে কোনোরকম যান চলাচল সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।

    সাজেকে আটকে থাকা প্রায় ৫০০ পর্যটকদের বিষয়ে তিনি বলেন, "সেনাবাহিনীর সাথে যোগাযোগ করা হয়েছে। তারা বলেছে, পরিস্থিতি এরকম থাকলে এখানে মুভমেন্ট করা যাবে না, গাড়ি ডুবে যাবে। কালকে যদি পরিস্থিতি একটু স্বাভাবিক হয়, তাহলে নৌকা দিয়ে পর্যটকদের ক্রমে ক্রমে দিঘীনালার দিকে বের করার সুযোগ তৈরি হতে পারে।"

  3. তুরস্কের সহায়তায় বগুড়ায় ড্রোন কারখানা হবে, জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম (মাঝে)

    ছবির উৎস, bss

    ছবির ক্যাপশান, সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম (মাঝে)

    তুরস্কের সহায়তায় বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা বগুড়ায় ড্রোন তৈরির কারখানা স্থাপন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

    আজ আজ বৃহস্পতিবার সচিবালয়ে একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    "প্রধানমন্ত্রী সংসদে তার প্রশ্ন-উত্তরে বলেছেন, বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন নির্মাণ কারখানা হবে" জানিয়ে তিনি বলেন, ড্রোনের কারখানা স্থাপন করা হবে বগুড়ায় নির্মাণাধীন বিমানঘাঁটির পাশেই।

    তিনি জানান, বগুড়া বিমানবন্দরটি বেশ পুরনো এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিগত সময়ে বিএনপি'র শাসনামলে বিমানবন্দরটির উন্নয়নে উদ্যোগ নেওয়া হলেও রাজনৈতিক কারণে তা আর এগোয়নি।

    তাই, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তরিত করা হচ্ছে এবং ওই বিমানবন্দরের মধ্যে উত্তর অঞ্চলের জন্য বিমান বাহিনীর প্রথম বিমান ঘাঁটি অনুমোদিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে নতুন যে যুদ্ধবিমানগুলো আসবে তা বগুড়ার এয়ারপোর্টের সাথেই বিমান ঘাঁটির বহরে সংযুক্ত হবে, বলেন প্রতিমন্ত্রী।

  4. খামেনির শেষ বিদায়ে ইরানের মাশহাদে লাখো মানুষ

    ইরানের উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনকে কেন্দ্র করে হাজারো মানুষ সড়কে নেমে এসেছেন।

    অনেককে ইরানের জাতীয় পতাকা হাতে দেখা গেছে। আবার কিছু মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বানসংবলিত প্ল্যাকার্ডও বহন করছিলেন।

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই গত ফেব্রুয়ারিতে আলী খামেনি নিহত হন।

    আজ দাফনের মধ্য দিয়ে টানা ছয় দিন ধরে চলা শোক অনুষ্ঠান শেষ হচ্ছে।

    খামেনির শেষ বিদায়ে মাশহাদে হাজারো মানুষের ঢল

    ছবির উৎস, Reuters

    খামেনির শেষ বিদায়ে মাশহাদে হাজারো মানুষের ঢল

    ছবির উৎস, Reuters

    খামেনির শেষ বিদায়ে মাশহাদে হাজারো মানুষের ঢল

    ছবির উৎস, Reuters

    খামেনির শেষ বিদায়ে মাশহাদে হাজারো মানুষের ঢল

    ছবির উৎস, Reuters

  5. ফ্রান্সের বিরুদ্ধে সাইবারিকে ছাড়াই নামবে মরক্কো

    ইসমাইল সাইবারি

    ছবির উৎস, LightRocket via Getty Images

    ছবির ক্যাপশান, ইসমাইল সাইবারি

    বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইসমাইল সাইবারিকে ছাড়াই খেলতে নামবে মরক্কো।

    ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে গিয়েছিল আফ্রিকার এই দলটি।

    সাইবারি তার দলের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই গোল করেছিলেন। তিনি ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে, স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে এবং হাইতির বিপক্ষে ৪-২ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করেন।

    ২৫ বছর বয়সী এই ফুটবলার, যিনি এ গ্রীষ্মে পিএসভি আইন্দহোভেন ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন, শেষ ৩২-এর ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়সূচক পেনাল্টিটিও সফলভাবে নিয়েছিলেন।

    তবে শেষ ১৬-এর লড়াইয়ে যৌথ স্বাগতিক কানাডার বিপক্ষে মরক্কোর ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে হ্যামস্ট্রিং বা পায়ের পেছনের অংশের সমস্যার কারণে ২২ মিনিটের মাথায় মাঠ ছাড়তে বাধ্য হন সাইবারি।

    মরক্কোর কোচ মোহাম্মদ ওহবি বলেন, “সে এখনো প্রস্তুত নয়, তবে আমি আশা করি এটি তার জন্য টুর্নামেন্টের শেষ নয়।”

  6. বারুইপুরে ধর্ষণ-হত্যার অন্যতম অভিযুক্তকে ‘এনকাউন্টারের’ তদন্তে সিআইডি

    বারুইপুরে কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদের বার্তা লেখা একটি ব্যানার টানাচ্ছেন একজন নারী এবং একজন পুরুষ

    ছবির উৎস, Hindustan Times via Getty Images

    ছবির ক্যাপশান, বারুইপুরে কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতায়ও প্রতিবাদ হচ্ছে

    পশ্চিমবঙ্গে বারুইপুরে কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের মধ্যে অন্যতম প্রভাস মণ্ডলের কথিত এনকাউন্টারের তদন্ত করবে সিআইডি।

    পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে ওই অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন পুলিশের কর্মকর্তারা; সেই সময়ে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন প্রভাস মণ্ডল। অভিযুক্ত ব্যক্তি গুলিও চালান বলে দাবি পুলিশের।

    দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার অন্তর্গত সূর্যপুরে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। শনিবার বিকেল থেকে নিখোঁজ ওই স্কুলশিক্ষার্থীর দেহ রোববার উদ্ধার করা হয় এলাকারই এক পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায়। এই ঘটনায় ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরই একজন পুলিশের গুলিতে নিহত প্রভাস মণ্ডল।

    আগেই খুন ও ধর্ষণের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারা হয়।

    বিষয়টি খতিয়ে দেখতে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে চলবে সিআইডি তদন্তও।

    পুলিশি 'এনকাউন্টারকে' ঘিরে সমালোচনা করছেন মানবাধিকারকর্মীরা, রাজনৈতিক বিকর্তও চলছে। মানবাধিকারকর্মীরা প্রশ্ন তুলেছেন, নিহত মি. মন্ডল গোটা মামলায় এক গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন, তিনিই দেখিয়ে দিয়েছিলেন যে কোথায় ওই কিশোরীর বস্তাবন্দি দেহ ফেলে রাখা হয়েছে এবং অন্য কারা যুক্ত ছিল ঘটনায়।

    আবার জল-কাদা ভরা যে এলাকায় কথিত এনকাউন্টার হয়েছে বলে পুলিশ দাবি করছে, সেখানকার স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানিয়েছেন যে ওই 'এনকাউন্টারের' রাতে তারা কোনো গুলির শব্দই শুনতে পাননি। আবার তাদের বাড়ির সামনে দিয়ে যে পুলিশ বাহিনী যাতায়াত করেছে সেই রাতে, সেটাও টের পাননি তারা।

    ওই কিশোরীর দেহ উদ্ধারের পর বিক্ষোভ হয় সূর্যপুর এলাকায়। সড়ক ও রেলপথ অবরোধ করা হয়, রেল লাইন উপড়ে ফেলা হয়। এর পাশাপাশি পুলিশের উপরও হামলার অভিযোগ উঠেছে।

    পুলিশি গাফিলতিরও অভিযোগ করেন স্থানীয়দের একাংশ।

    খুন ও ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলা এবং সড়ক ও রেল অবরোধ করে যারা বিক্ষোভ দেখিয়েছিলেন, তাদেরও চিহ্নিত করে গ্রেফতার করতে শুরু করেছে পুলিশ।

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন ওই কিশোরীকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্তদের যেমন ছাড় দেওয়া হবে না, তেমনই স্থানীয় যুবককে পিটিয়ে মারার ঘটনারও তদন্ত হবে। তিনি জানিয়েছিলেন বিক্ষোভের সময় সরকারি সম্পত্তি নষ্ট করার ঘটনার সঙ্গে যুক্ত ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে।

  7. আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী

    সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

    এর ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন।

    রায়ের পরে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, “আজকের এই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ই বহাল রইলো।”

    দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, রায়ের সাথে যাতে সাংঘর্ষিক না হয়, সেটা বিবেচনা করে পাবলিক কনসালটেশনের মাধ্যমে পদক্ষেপ নেওয়া হবে।

    “রায় পাওয়ার পরে সংবিধান সংশোধনী একটা কমিটি হবে। সেই কমিটি আইনি প্রক্রিয়ায় সেটা করবে,” বলেন আইনমন্ত্রী।

    আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে কিনা- এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, “ইনশাল্লাহ। এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। তত্ত্বাবধায়ক সরকার এটা বিএনপির আন্দোলনের ফসল। কিভাবে? ৯১ সালের যে নির্বাচন হলো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামের ফসল হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। বিএনপি এটার জন্য গত ১৬-১৭ বছর সংগ্রাম করেছে। আমরা রাজনৈতিকভাবে এটার (তত্ত্বাবধায়ক) জন্য অঙ্গীকারাবদ্ধ।”

    পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি একটি এবং নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন আরেকটি আপিল করেছিলেন।

    এছাড়া জামায়াতে ইসলামীর পক্ষ দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অপর আপিল আবেদনটি করেছিলেন।

  8. আলী খামেনির দাফন যেখানে, সেই মাশহাদের রেলপথ যুক্তরাষ্ট্রের ‘হামলায় ক্ষতিগ্রস্ত’

    ইরানের মাশহাদ শহরের রাস্তায় জাতীয় পতাকা হাতে মানুষের ভিড়, একটি ভবনেও বড় একটি পতাকা টানানো

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, মাশহাদে জানাজা ও দাফন ঘিরে এরইমধ্যে লোকজন জড়ো হতে শুরু করেছে

    আজ যেখানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেই মাশহাদের সঙ্গে তেহরানের ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন হামলায় রেলপথটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। অন্যদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুটি সেতু ধ্বংস হয়েছে।

    ইরানের ইসলামিক রিপাবলিক রেলওয়ের একজন মুখপাত্র আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাসনিমকে বলেন, “যত দ্রুত সম্ভব এই রুটটি মেরামতের চেষ্টা চলছে।”

    রাজধানী শহর তেহরান এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের মধ্যকার রেলপথটি ইরানের সবচেয়ে ব্যস্ত রুট বলে জানা যায়।

  9. আর্জেন্টিনা-মিসরের ম্যাচে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ

    বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-মিসরের ম্যাচে রেফারিংয়ে পক্ষপাতের অভিযোগ তুলে ফিফার সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে গিয়েছিলেন এক তরুণ।

    তবে এ ধরনের অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আইনগত এখতিয়ার না থাকার কথা বলে থানা পুলিশ তা গ্রহণ করেনি।

    অভিযোগকারী তরুণ ম্যাচটিতে পূর্বপরিকল্পিত জালিয়াতি ও কোটি কোটি মানুষের আবেগ নিয়ে খেলার অভিযোগ তুলে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছিলেন।

    অভিযোগকারী মো. রাকিব নোয়াখালী সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা।

    বুধবার রাতে তিনি সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে উপস্থিত হন। তবে পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তাদের আইনগত এখতিয়ার নেই। তাই অভিযোগ জমা না দিয়েই তাকে ফিরে যেতে হয়েছে।

    অভিযোগে রাকিব দাবি করেন, গত মঙ্গলবার রাতে তিনি স্থানীয় করমুল্যা বাজারে আরও অনেকের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের ম্যাচটি দেখছিলেন। ম্যাচে রেফারি ইচ্ছাকৃতভাবে একটি দলকে সুবিধা দিয়েছেন এবং এতে তার প্রিয় দল মিসর পরাজিত হয়েছে।

    তিনি ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে ম্যাচে অনিয়মের অভিযোগ আনেন।

    রাকিবের অভিযোগ, ম্যাচে অন্যায্য পেনাল্টি দেওয়া, বৈধ গোল বাতিল করা এবং মিসরের খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে।

    সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ওই তরুণের অভিযোগ নিয়ে আসার বিষয়টি সত্য। তবে এ ধরনের বিষয়ে স্থানীয় থানার আইনগত এখতিয়ার নেই। অভিযোগকারীকে বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে এবং অভিযোগ না নিয়েই ফেরত পাঠানো হয়েছে। এছাড়া প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    মো. রাকিব বিবিসি বাংলাকে জানিয়েছেন, পুলিশ অভিযোগটি মামলা হিসেবে না নেওয়ায় তিনি এখন একই অভিযোগ নিয়ে আদালতে যাবেন এবং ইতোমধ্যে তিনি এ নিয়ে উকিলের সঙ্গে কথাও বলেছেন।

  10. দুই দিনে ইরানে ১৭০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের, ১৪ জন নিহত

    মার্কিন সামরিক বাহিনী গত রাতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে চালানো হামলার ড্রোন ফুটেজ প্রকাশ করেছে

    ছবির উৎস, CENTCOM

    ছবির ক্যাপশান, মার্কিন সামরিক বাহিনী গত রাতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে চালানো হামলার ড্রোন ফুটেজ প্রকাশ করেছে

    ইরানে গত দুই দিনে প্রায় ১৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত করার তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার রাতে ৮০টি এবং বুধবার রাতে আরো ৯০টি টার্গেটে হামলার তথ্য জানিয়েছে তারা।

    এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ এই সংঘাতে ১৪ জন নিহত হয়েছেন।

    মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেইন কেরমানপুর বলেছেন, ৮ ও ৯ই জুলাই ইরানের পাঁচটি প্রদেশে চালানো মার্কিন হামলায় আরও ৭৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪৭ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    এদিকে, ইরানের দক্ষিণাঞ্চলের একটি জেলা ইরানশাহরের গভর্নর রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বিমানবন্দরের একটি ভবনে মার্কিন হামলায় একজন নিহত হয়েছেন।

  11. ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন আজ

    ইরাক থেকে বিমানে করে মাশহাদে পৌঁছেছে আলী খামেনির মরদেহ

    ছবির উৎস, IRIB

    ছবির ক্যাপশান, ইরাক থেকে বিমানে করে মাশহাদে পৌঁছেছে আলী খামেনির মরদেহ

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানের চূড়ান্ত পর্ব আজ তার নিজ শহর মাশহাদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    জানাজার দায়িত্ব তদারক করা দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় নিহত খামেনি ও তার পরিবারের অন্য সদস্যদের মরদেহ বহনকারী বিমানটি ইরাক থেকে মাশহাদের হাশেমিনেজাদ বিমানবন্দরে পৌঁছেছে।

    গত শুক্রবার আলী খামেনির শেষ বিদায় কার্যক্রম শুরু হয়। ইরান ও ইরাকের একাধিক শহরে এসব আনুষ্ঠানিকতা হয়।

    গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েরে হামলার প্রথম দিনেই আলী খামেনি তার নিজ বাসভবনে নিহত হন। চার মাসের বেশি সময় পর তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে।

    গত দুই দিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্র আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে।

  12. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • ইরানের সঙ্গে সংঘাত একটি “অত্যন্ত বড় সামরিক সাফল্য” ছিল এবং এর ফলে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে তিনি ইরানের “এক নম্বর টার্গেট” বলেও মন্তব্য করেছেন।
    • ইরানের কোনো লক্ষ্যবস্তুতে হামলা হলে এর জবাবে দেশটি অন্তত দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছে।
    • আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার প্রধান বুধবার জানিয়েছেন, পারস্য উপসাগরে এখনো প্রায় ৬,০০০ নাবিক আটকা পড়ে আছেন।
    • কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একটি মাদ্রাসার অন্তত আটজন শিক্ষার্থীর মৃত্যুর খবর যাওয়া গেছে।
    • প্রতিমন্ত্রীর পদমর্যাদায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে আইরিন খানকে নিয়োগ দিয়েছে সরকার।
    • শিশুসহ চারজনকে বাংলাদেশে 'পুশইনের' এক বছর পর তাদের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে হস্তান্তর করা হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে। তাদের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন করা হয়েছিল।
    • তুরস্কে নেটো শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শাসনব্যবস্থাকে “অশুভ মানুষদের” শাসন বলে বর্ণনা করেন এবং প্রশাসনকে “উন্মাদ” বলে অভিহিত করেন।
    • ইরানের সঙ্গে যুদ্ধবিতরতি শেষ হয়ে গেছে এবং তাদের ওপর আজ রাতেই "কঠোর” হামলা হতে পারে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।
    • ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলার পর তেলের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। বিশেষ করে যুদ্ধবিরতি “শেষ” বলে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর তেল ব্যবসায়ীরা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছেন।
    • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কয়েক ঘণ্টা পর ইরানের আলোচনা দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ একটি পোস্টে লিখেছেন, "আমরা পিছু হটা বা আত্মসমর্পণ করার পাত্র নই।"
    • সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকাসহ বাংলাদেশের আট বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
    • আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় বান্দরবান ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
    • চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের একাংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় এবং আবহাওয়া পরিস্থিতির উন্নতি ও পানি না সরা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
    • ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার সকালে দক্ষিণ ইরানে সেন্টকম পরিচালিত ৮০টি লক্ষ্যবস্তুর ওপর হামলার জবাবে তারা যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
  13. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে