জামায়াত-শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি

দুপুরে মিন্টো রোডে ডিবি পুলিশের কার্যালয় থেকে ছয়জন সমন্বয়ককে ছেড়ে দেয়া হয়। বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত এবং আহতদের স্মরণে স্মৃতিচারণসহ নানা কর্মসূচি পালনের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছেন। এদিকে, সরকার বিভিন্ন দাতা সংস্থার সাথে একটি বৈঠক করবে। দ্বিতীয় দিনের মতো বিচারপতি অসুস্থ থাকায় এদিনও হয়নি কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি।

সার সংক্ষেপ

  • গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং নয় দফা দাবি আদায়ে ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ নামে শুক্রবারের নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
  • জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি।
  • নিহত এবং আহতদের স্মরণে 'রিমেমবারিং দ্য হিরোজ কর্মসূচি' পালন করেছে আন্দোলনকারীরা।
  • কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের নয় দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিল্পীসমাজ।
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করেছে ডিবি পুলিশ।
  • আবু সাঈদের মৃত্যুর পুলিশি তদন্তের কোনো 'ভ্যালু' নেই, বললেন তথ্য প্রতিমন্ত্রী।

সরাসরি কভারেজ

আন্দোলন ঘিরে শিক্ষক-শিক্ষার্থীদের নতুন কর্মসূচি

বাংলাদেশে কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় সারাদেশে নিহত এবং আহতদের স্মরণে বৃহস্পতিবার 'রিমেমবারিং আওয়ার হিরোস' কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচার, এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচির ডাক দেয় তারা।

এতে আন্দোলন ঘিরে নির্যাতন, শহীদ ও আহতদের নিয়ে স্মৃতিচারণ, গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি এবং ডিজিটাল পোট্রের্ট তৈরির আহ্বান জানানো হয়েছে।

এছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাস ও এলাকা ভিত্তিক প্রতিবাদ জানানো এবং সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনেরও ডাক দিয়েছে এই প্ল্যাটফর্ম।

শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি নতুন কর্মসূচী পালণে সর্বাত্মক অংশ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এসময় অনলাইনে ও অফলাইনে #JulyMassacre এবং #RememberingOurHeroes হ্যাশট্যাগে শহীদদের স্মরণ এ কর্মসূচিতে যুক্ত করা হয়েছে।

এদিকে, সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা-মামলা ও নির্বিচারে গণগ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় 'নিপীড়নবিরোধী শিক্ষক সমাবেশ’র ব্যানারে কর্মসূচি ডাকা হয়েছে।