নভেম্বর-ডিসেম্বরে দেশে ফিরতে পারেন তারেক রহমান, জানিয়েছেন তার উপদেষ্টা
আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, একথা জানিয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। এদিকে, চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
সরাসরি কভারেজ
বৃহস্পতিবার যা যা হলো:
আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, একথা জানিয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।
চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ঢাকার বাইরে, অর্থাৎ কক্সবাজার যাওয়ার উদ্দেশ্য ছিল 'অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি আমার নীরব প্রতিবাদ', কারণ দর্শানোর নোটিশের জবাবে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
কক্সবাজার যাওয়া ইস্যুতে কারণ দর্শানোর নোটিশের জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “ঘুরতে যাওয়া অপরাধ নয়। কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয়, অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয়।"
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন কেন্দ্রীয় নেতার কক্সবাজার ভ্রমণ নিয়ে মানুষের মনে সন্দেহ-সংশয় জেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আজ সন্ধ্যায় বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের বৈঠক শেষে বলেছেন, "বাংলাদেশে ইসলাম...কোরআন-সুন্নাহ'র বিপরীতে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না।"
দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ থানায় করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার জামিন নামঞ্জুর করেছে আদালত।
আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা বাতিল করেছে হাইকোর্ট।
ঢাকার বসুন্ধরা এলাকায় একটি কনভেনশন হলে গত আটই জুলাই আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে 'গোপন বৈঠক' করার মামলায় সেনাবাহিনীর মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে সন্ত্রাসবিরোধী আইনে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
আলোচিত ঠিকাদার ও বহিষ্কৃত যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে ১০ বছরের সাজা থেকে খালাস দিয়ে রায় দিয়েছে হাইকোর্ট।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সাতই অগাস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের জন্য বাংলাদেশি পণ্যের ওপর নতুন শুল্কহার কার্যকর হবে।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য ধন্যবাদ। আরও খবর জানতে ভিজিট করুন বিবিসি বাংলার মূল পাতা।
গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা
ছবির ক্যাপশান, নিহত আসাদুজ্জামান তুহিন
গাজীপুরে আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যার পরে নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ নামে একটি সংবাদপত্রের গাজীপুর ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনবে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় সাংবাদিক পলাশ প্রধান বিবিসি বাংলাকে জানিয়েছেন, "মসজিদ মার্কেটের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন এক নারী। ঘটনাটির ভিডিও ধারণ করেন তুহিন। এতেই ক্ষিপ্ত হয়ে তার পিছু নেয় ছিনতাইকারীরা। পাশের একটি মার্কেটের সামনে সুযোগ পেয়েই ধাওয়া দেয়। পরে, ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা।"
নভেম্বর-ডিসেম্বরে দেশে ফিরতে পারেন তারেক রহমান, জানিয়েছেন হুমায়ূন কবির
ছবির উৎস, Bangladesh Nationalist Party-BNP
ছবির ক্যাপশান, তারেক রহমান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভোটে জিতলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে জানিয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।
আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলায় আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বছরের শেষ দিকে ঘোষিত হবে। সে অনুযায়ী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।
রংধনু গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে ৮৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে সিআইডি'র মামলা
ছবির উৎস, bss
ছবির ক্যাপশান, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম
৮৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ বৃহস্পতিবার সিআইডি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, "প্রতারণা, জালজালিয়াতি এবং অর্থ পাচার" করার অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে গুলশান থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
একইসাথে, ১৩টি ব্যাংক হিসাবের প্রায় ১৭ কোটি টাকা এবং যমুনা ফিউচার পার্কের লেভেল টু-তে থাকা এক লাখ বর্গফুট কমার্শিয়াল স্পেস (বাণিজ্যিক স্থান) আজ আদালতের নির্দেশে ক্রোক করেছে সিআইডি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বিরুদ্ধে থাকা অভিযোগের অনুসন্ধান করার সময় সিআইডি জানতে পারে, রংধনু বিল্ডার্স প্রাইভেট লিমিটেড বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জমি কেনা বা পাওয়ার অব এটর্নি নিয়ে বিক্রি করে। বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির কাছে রফিকুল ইসলামের ছেলে কাউসার আহমেদ অপু ও মেহেদী হাসান দিপু ২০২২ সালের আটই মার্চ বিভিন্ন দলিলে সাড়ে সাত একরের বেশি জমি বিক্রি করেন।
ওই জমির সোয়া ছয় একর আবার ওই বছরেরই পহেলা জুন তারা বিভিন্ন দলিলে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রোপার্টি লিমিটেডের কাছে পুনরায় বিক্রি করে পাঁচ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে উপার্জন করেন।
এছাড়াও, পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতিতে বালু ভরাট করার ভুয়া কার্যাদেশ দেখিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ২৭০ কোটি টাকা এবং ইউনিয়ন ব্যাংক থেকে ২০০ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করেন রফিকুল ইসলামের ছেলেরা, এমনটাই বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
তারা ইসলামী ব্যাংক বারিধারা শাখা থেকে ভুয়া মূল্যায়ন কপি তৈরি করে অজ্ঞাতনামা আসামিদের সহযোগিতায় সম্পত্তির মূল্য দেখিয়ে ৪০০ কোটি টাকা ঋণ নেন। এছাড়া বিভিন্ন ব্যাংক নেওয়া ঋণের টাকা পরিশোধ না করে অর্থ পাচারের মাধ্যমে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ অ্যান্টিগা অ্যান্ড বারবুডায় নাগরিকত্ব গ্রহণে ২৪০ কোটি টাকার বেশি (২০ লাখ মার্কিন ডলার) বিনিয়োগ করেন বলেও জানিয়েছে সিআইডি।
ডিসেম্বরে প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল
ছবির ক্যাপশান, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ
চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
আজ বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তার ভাষ্য, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের দুই মাস, অর্থাৎ ৬০ দিন আগে আগে ঘোষণা আসবে। সেক্ষেত্রে ঘোষণাটি ডিসেম্বর মাসের প্রথমার্ধে আসবে বলে ধরে নেওয়া যেতে পারে। "রোজা যদি হয় (ফেব্রুয়ারির) ১৮ তারিখ, তাহলে তার আগে নতুন সরকারকে ক্ষমতা গ্রহণের জন্য দুই চারদিন সময় দিতে হবে।"
আগামী মাস থেকেই নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটার এডুকেশনের কাজ করবে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা চূড়ান্ত করা হয়েছে।
তিনি আরও জানান যে নির্বাচনি প্রচারণায় এআই-এর ব্যবহার ও ভুয়া তথ্য প্রচার প্রতিহত করার জন্য কমিটি গঠন করা হয়েছে। "প্রাথমিক উদ্দেশ্য হল, ব্যান্ডউইথ না কমিয়ে নির্বাচনটা করা।"
ভোটের দিন গণমাধ্যমসহ কেউই ড্রোন ব্যবহার করতে পারবে না বলেও জানিয়েছেন মি. সানাউল্লাহ। "কারণ কোনটা গণমাধ্যমের ও কোনটা গণমাধ্যমের না, তা চিহ্নিত করা অনেক কঠিন।"
কক্সবাজার যাওয়ার উদ্দেশ্য ছিল জুলাই ঘোষণাপত্রের প্রতি নীরব প্রতিবাদ – হাসনাত
ছবির ক্যাপশান, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ঢাকার বাইরে, অর্থাৎ কক্সবাজার যাওয়ার উদ্দেশ্য ছিল "পূর্বে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা, সাম্প্রতিক ঘটনাগুলো বোঝার চেষ্টা করা এবং পরবর্তী করণীয় নিয়ে চিন্তা করা। একইসাথে, এটি ছিল একটা অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি আমার নীরব প্রতিবাদ।"
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নিজের ফেসবুক পেজে কারণ দর্শানোর নোটিশের জবাব পোস্ট করেন। সেখানে তিনি এই ব্যাখ্যা দেন।
মূলত, ওইসময় হঠাৎ করে কক্সবাজার যাওয়ার কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দলের দুই শীর্ষ নেতার কাছে হাসনাত আব্দুল্লাহসহ দলের পাঁচজনকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলে এনসিপি।
দলের নির্দেশনা মোতাবেকসেই নোটিশের লিখিত ব্যাখ্যা ফেসবুকেও পোস্ট করেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে লেখেন, গত চৌঠা অগাস্ট সন্ধ্যায় তিনি জানতে পারেন যে জুলাই আন্দোলনে আহত এবং নেতৃত্বদানকারী অনেককে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের অনুষ্ঠান থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে।
এই বিষয়টিকে তার কাছে একাধারে রাজনৈতিক ও নৈতিক ব্যর্থতা বলে মনে হয়েছে বলে তিনি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান মি. আব্দুল্লাহ।
"যেখানে ঐক্যের পরিবর্তে বিভাজনকে, শহীদ এবং আহতদের পরিবর্তে কিছু মুষ্টিমেয় গোষ্ঠীর কথা এবং মতামতকেই প্রাধান্য দেওয়া হয়েছে, সেখানে উপস্থিত থাকার কোনও ইচ্ছা বা প্রয়োজন আমি বোধ করিনি। কাজেই, এর পরদিন ঢাকার বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিই," তিনি বলেন।
এরপর তিনি গত চৌঠা অগাস্ট রাতে প্রথমে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাকে না পেয়ে পরবর্তীতে দলের মুখ্য সমন্বয়ক জনাব নাসীরুদ্দীন পাটওয়ারীকে হাসনাত আব্দুল্লাহ জানান যে তিনি তার স্কুল বন্ধুদের সাথে দুই দিনের জন্য ভ্রমণে যাচ্ছেন, এমনটাই বলা হয়েছে ওই ব্যাখ্যায়।
"যেহেতু তিনি (নাসীরুদ্দীন পাটওয়ারী) সে সময় অফিসে আহ্বায়ক মহোদয়ের সাথে ছিলেন, আমি তাকে অনুরোধ করি যাতে তিনি আহ্বায়ক মহোদয়কে বিষয়টি জানান। তিনি (নাসীরুদ্দীন পাটওয়ারী) আমাকে জানান যে তিনি তা করবেন। প্রায় ত্রিশ মিনিট পর জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী আমাকে নিশ্চিত করেন যে তিনি আহ্বায়ক মহোদয়কে বিষয়টি জানিয়েছেন এবং আহ্বায়ক মহোদয় এতে সম্মতি প্রদান করেছেন। পরবর্তীতে আমার সঙ্গে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, সস্ত্রীক সারজিস আলম ও তাসনিম জারা-খালেদ সাইফুল্লাহ দম্পতি যুক্ত হন।"
কিন্তু এর পরের ঘটনাকে দুঃখজনক হিসেবে সঙ্গায়িত করেছেন এই এনসিপি নেতা।
তিনি বলেন, "বিমানবন্দর থেকে আমাদের প্রতিটি পদক্ষেপের ছবি ও ভিডিও করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মিডিয়ার হাতে তুলে দিয়েছে। কিছু মিডিয়া সেখানে ক্রাইম মুভির মিউজিক জুড়ে দিয়ে ইচ্ছেমতো মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগসহ সেইসব উপস্থাপন করেছে। কিছু মিডিয়া ও গোয়েন্দা সংস্থার যোগসাজশে আমাদের প্রতিটি পদক্ষেপকে অপরাধপ্রবণ এবং সন্দেহজনক হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা চালানো হয়েছে।"
"এমনকি গুজব ছড়ানো হয়েছে যে আমরা পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকে যাচ্ছি গণতন্ত্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করতে। অথচ তিনি তখন বাংলাদেশেই ছিলেন না," যোগ করেন তিনি।
এরপর তিনি বলেন, "রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার এই প্রবণতা, যেখানে কাউকে টার্গেট করে রাষ্ট্রদ্রোহী বানিয়ে ফেলা যায়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে চলতে পারে না। গোয়েন্দা সংস্থা ও মিডিয়ার এই সম্মিলিত ‘ডিমোনাইজেশন’ টেকনিক আজকে আমাদের টার্গেট করেছে। ভবিষ্যতে অন্য যে কাউকে করতে পারে।"
"সবচেয়ে আশঙ্কাজনক ব্যাপার হলো, গোয়েন্দা সংস্থা এবং কিছু মিডিয়া এই একই প্যাটার্নে হাসিনার আমলেও বিরোধী দলের রাজনৈতিক নেতৃবৃন্দের নামে প্রোপাগান্ডা ক্যাম্পেইন পরিচালনা করতো। নতুন বাংলাদেশেও গোয়েন্দা সংস্থা এবং কিছু মিডিয়ার এই পুরনো অপরাধপ্রবণতা আমাকে একইসাথে অবাক এবং ক্ষুব্ধ করে।"
সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতা তাসনিম জারার বিরুদ্ধে "নগ্ন ও কুরুচিপূর্ণ স্লাটশেইমিং" পরিচালিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, এটি এই পুরো ঘটনার সবচেয়ে দুঃখজনক ও নিন্দনীয় দিক।
"শুধুমাত্র একজন নারী হওয়ার কারণে তাসনিম জারাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চালানো হয়। কিছু মিডিয়া চক্রান্তমূলকভাবে তাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর ও আপত্তিকর শিরোনাম প্রকাশ করতে থাকে। গোয়েন্দা সংস্থা ও কিছু গণমাধ্যমের সমন্বিত এই আক্রমণ একটি নারীকে হেয়প্রতিপন্ন করার সুস্পষ্ট চেষ্টা। আমার দৃঢ় বিশ্বাস, এই ন্যক্কারজনক আক্রমণের উদ্দেশ্য ছিল ভবিষ্যতে রাজনীতিতে অংশ নিতে আগ্রহী নারীদের নিরুৎসাহিত করা," বলেন তিনি।
গোয়েন্দা সংস্থা ও কিছু গণমাধ্যমের যোগসাজশে একজন নারীর বিরুদ্ধে এমন হীন আক্রমণ কোনও অবস্থাতেই গ্রহণযোগ্য নয় জানিয়ে তিনি আরও বলেন, "আমাদের পার্টির উচিত ছিলো এই গোয়েন্দা সংস্থা ও অসৎ মিডিয়ার বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়া। তার পরিবর্তে পার্টি এমন ভাষায় আমাদের বিরুদ্ধে শোকজ প্রকাশ করেছে, যা মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রতত্ত্বকে উসকে দিয়েছে। যে কোনও রাজনৈতিক প্রতিষ্ঠানে শোকজ করতে হয় গঠনতন্ত্র বা বাই-লজের কোনও নির্দিষ্ট ধারা লঙ্ঘনের কারণে। আমাকে দেওয়া শোকজে এমন কিছুর উল্লেখ নেই।"
"কারণ আমি পার্টির কোনও আইন লঙ্ঘন করিনি। এমন বিধিবহির্ভূত শোকজ দেওয়া এবং অতি উৎসাহী হয়ে তা মিডিয়ায় প্রকাশ করা কতটুকু রাজনৈতিক প্রজ্ঞার পরিচায়ক হয়েছে, সে বিষয়ে গভীরভাবে ভাববার অনুরোধ করবো।আমি এনসিপির প্রতি অঙ্গীকারবদ্ধ এবং মনে করি যে পারস্পরিক শ্রদ্ধা ও গণতান্ত্রিক সহনশীলতার মাধ্যমেই আমাদের দল রাজনৈতিকভাবে আরও পরিণত হবে," কারণ দর্শানোর নোটিশের ব্যাখ্যায় এই কথাও জানান তিনি।
বাংলাদেশে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না: সালাহউদ্দিন আহমদ
ছবির ক্যাপশান, সালাহউদ্দিন আহমদ
"বাংলাদেশে ইসলাম...কোরআন-সুন্নাহ'র বিপরীতে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না" বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
তিনি এও জানান, "বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ হোক, আমরা (বিএনপি) সেটা চাই। কিন্তু মাদ্রাসা শিক্ষাঙ্গণকে একটি নির্ধারিত দলীয় রাজনীতির অঙ্গণে পরিণত করতে চাই না।"
বিএনপি ইতোমধ্যে "রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থি, সবার সাথে" কথা বলেছে উল্লেখ করে তিনি আরও জানান, "হেফাজতে ইসলামের নায়েবের সাথে দেখা করেছি, হাটহাজারী মাদ্রাসায় গিয়েছি, শর্ষিনা পীরের সাথে দেখা করেছি, আলিয়া লাইনের সমস্ত মুরুব্বি-নেতৃত্বের সাথে কথা বলেছি।"
"উদ্দেশ্য একটা– বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে, সমন্বিত করে, ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করতে চাই, যেখানে বিভক্তি থাকবে না," তিনি যোগ করেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবির উৎস, brur.ac.bd
ছবির ক্যাপশান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বেগম
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ ও এ কে এম নূর-উন-নবীসহ পাঁচ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমক কমিশন – দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের পক্ষে সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম নিষেধাজ্ঞার আবেদন করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বাকিরা হলেন– বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু এবং এম এম. হাবিবুর রহমান।
আবেদনে বলা হয়েছে– আসামিরা পরস্পর যোগসাজশ, অপরাধজনক বিশ্বাসভঙ্গ, ক্ষমতার অপব্যবহার করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন করেন। তারা মন্ত্রণালয় বা বিভাগের অনুমোদন ছাড়া ৩০ কোটি টাকা মূল্যের বেশি চুক্তি করেন।
এছড়াও অনিয়ম ও দুর্নীতির আরও কিছু অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সেজন্য তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আবেদনে জানিয়েছে দুদক।
রিমান্ড শেষে কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
ছবির উৎস, bss
ছবির ক্যাপশান, আদালতে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক
দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ থানায় করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
খায়রুল হকের সাত দিনের রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করেন এবং মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
সেই আবেদনের শুনানি শেষে খায়রুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
ছবির ক্যাপশান, গ্রেফতারের পর সাবেক সিইসি কেএম নুরুল হুদা
অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার জামিন নামঞ্জুর করেছেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত।
আজ ঢাকার ১২তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারক আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে। এর আগে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। খবর বাসস-এর।
গত ২২শে জুন ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরের দিন ২৩শে জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৭শে জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ দ্বিতীয় দফায় তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত পহেলা জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে তিনি দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা বাতিল করেছে হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার এ আদেশ দেয় হাইকোর্ট।
আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার আবদুল্লাহ আল নোমান। সঙ্গে ছিলেন ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী।
২০১৮ সালের ছয়ই অগাস্ট নিরাপদ সড়কের দাবিতে ছাত্র বিক্ষোভের প্রেক্ষাপটে রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করা হয় এবং ১২ই অগাস্ট তাকে আটক করা হয়।
ওই বিক্ষোভের সময় নিরাপদ সড়ক নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ ও হতাশার চিত্র ক্যামেরা বন্দি করার পাশাপাশি তিনি আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল ও ফেসবুকে সরকারের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন।
ছবির ক্যাপশান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
কক্সবাজার যাওয়ার কারণে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপি যে শোকজ নোটিশ পাঠিয়েছে এবার তার জবাব দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকাল চারটা নাগাদ নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় দলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পাঠানো শোকজের ব্যাখ্যা পোস্ট করেন তিনি।
সেখানে তিনি লিখেছেন, “ঘুরতে যাওয়া অপরাধ নয়। কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয়, অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয়।"
এর আগে তিনি আরও লেখেন, গত পাঁচই অগাস্ট তার কোনও পূর্বনির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না এবং দল থেকেও তাকে এ সংক্রান্ত কোনও দায়িত্ব বা কর্মপরিকল্পনা জানানো হয়নি।
এরপর তিনি বলেন যে গত চৌঠা অগাস্ট রাতে "দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ তার কোচিং অফিসের সহকর্মীর ফোন ব্যবহার করে আমাকে জানায় যে সে তার স্কুল বন্ধুদের সঙ্গে দুই দিনের জন্য ঘুরতে যাবে। আমি তাকে আহ্বায়ক (নাহিদ ইসলাম) মহোদয়কে অবহিত করতে বলি এবং সে জানায় যে বিষয়টি জানাবে এবং আমাকেও জানাতে বলে, যেহেতু তার নিজস্ব ফোন পদযাত্রায় চুরি হয়ে গিয়েছিলো।"
নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, ওই রাতেই তিনি নাহিদ ইসলামের সাথে দেখা করে বিষয়টি জানান।
"একই রাতে আমি সদস্য সচিব (আখতার হোসেন) মহোদয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করি এবং জানতে পারি যে, রাষ্ট্রীয় প্রোগ্রামে দল থেকে তিনজন প্রতিনিধি যাচ্ছেন এবং সেখানে আমার কোনও কাজ নাই। কোনও দায়িত্বে না থাকায় এবং ব্যক্তিগত প্রয়োজন ও মানসিক প্রস্তুতির অংশ হিসেবে আমি ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি।"
তার সফরসঙ্গী হিসেবে সস্ত্রীক এনসিপি'র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহও যুক্ত হন।
মি. পাটওয়ারী তার ঘুরতে যাওয়ার কারণ হিসেবে জানান, "এই ঘোরার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে একান্তে চিন্তা-ভাবনা করা। সাগরের পাড়ে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি গণঅভ্যুত্থান, নাগরিক কমিটি, নাগরিক পার্টির কাঠামো, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে।"
এই পদক্ষেপকে তিনি কোনও অপরাধ মনে করেন না, বরং ঘুরতে যাওয়াটা একজন রাজনৈতিক কর্মীর জন্য একটি "দায়িত্বশীল মানসিক চর্চা" উল্লেখ করে ওই ব্যাখ্যায় তিনি বলেন, "কক্সবাজার পৌঁছানোর পর হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে যে আমরা নাকি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে এসেছি। আমি তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে জানাই যে এটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।"
"হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করে জানায়, সেখানে পিটার হাস নামে কেউ নেই। পরবর্তীতে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, তিনি তখন ওয়াশিংটনে অবস্থান করছিলেন। এই গুজব একটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং আমাদের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা। অতীতেও আমি এই হোটেলে থেকেছি এবং কখনও কোনও বিতর্ক সৃষ্টি হয়নি।"
"অতীতেও আমি বেশ কয়েকবার ঘুরতে গিয়েছি। কিন্তু ঘুরতে আসলে দলের বিধিমালা লঙ্ঘন হয়, এমন কোন বার্তা আমাকে কখনও দল থেকে দেয়া হয়নি," যোগ করেন তিনি।
সামগ্রিক পরিস্থিতির আলোকে তিনি মনে করেন, "শোকজ নোটিশটি বাস্তবভিত্তিক নয়।"
"আমার সফর ছিল স্বচ্ছ, সাংগঠনিক নীতিমালাবিরোধী নয় এবং একান্ত ব্যক্তিগত চিন্তা-ভাবনার সুযোগ মাত্র। তবুও দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে এবং রাজনৈতিক শালীনতা বজায় রেখে আমি এই লিখিত জবাব প্রদান করছি। অসভ্য জগতে সভ্যতার এক নিদের্শন হিসেবে," শোকজের ব্যাখ্যায় লেখেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
উল্লেখ্য, গতকাল সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ– প্রত্যেককে শোকজ করেছে এনসিপি। এনসিপি'র ভেরিফায়েড ফেসবুক পাতায় তাদেরকে কয়রা আলাদা শোকজ নোটিশের কপিও প্রকাশ করা হয়েছে।
ছবির ক্যাপশান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন কেন্দ্রীয় নেতার কক্সবাজার ভ্রমণ নিয়ে মানুষের মনে সন্দেহ-সংশয় জেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত এক পরিবারের সাথে দেখা করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।
তার ভাষ্য, "এনসিপি'র কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গেছেন, তারা যেতেই পারেন। অসুবিধার কিছু নেই। সেখানে যদি কোনো কূটনীতিকের সঙ্গে আপনাদের আলাপ-আলোচনা হয়, প্রোগ্রাম হওয়ার থাকে, সেটা হতেই পারে।"
"কিন্তু মানুষের সংশয় হচ্ছে, এই লুকোচুরি কেন? এটা করবেন না," অনুরোধ এই বিএনপি নেতার।
এনসিপি'র ওই নেতাদের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী আরও বলেন, "এই গণঅভ্যুত্থানে আপনারা নেতৃত্ব দিয়েছেন। আপনারা সেখানে অংশগ্রহণ করেছেন। জনগণ চায়, গণতন্ত্র ফেরানোর আন্দোলনে যারা কাজ করেছে, তাদের প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে। আজকে কেন আপনারা সুযোগ তৈরি করে দিচ্ছেন? কেন আপনাদের নিয়ে বিভিন্ন কথা উঠছে? আপনারা যেকোনো কাজেই যেতে পারেন, যে কারও সাথেই সাক্ষাৎ করতে পারেন।"
"ওটা প্রকাশ্যে জানিয়ে দিন। তাহলে তো আর কোনো প্রশ্ন আসে না। লুকোচুরি করলে তো মানুষ নানা ষড়যন্ত্র খুঁজবে। এখান থেকে নানা কাহিনী রচিত হবে," যোগ করেন মি. রিজভী।
আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, বলেছেন প্রধান উপদেষ্টা
ছবির উৎস, Chief Adviser’s Press Wing
ছবির ক্যাপশান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক
"আজ থেকে অন্তর্বর্তী সরকারের “দ্বিতীয় অধ্যায় শুরু”, উপদেষ্টা পরিষদের বৈঠকে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচনের আয়োজন করতে বলা হয়েছে। আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার বরাত দিয়ে শফিকুল আলম বলেন, এই দ্বিতীয় অধ্যায়ে সরকারের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নির্বাচন সুন্দরভাবে করা।
এছাড়া আরও দুটো কাজ আছে। একটা হলো রিফর্ম বা সংস্কার। আরেকটা হলো ট্রায়াল বা বিচার।
তিনি জানান,
৮ই অগাস্ট ২০২৪ থেকে ৩১শে জুলাই ২০২৫ পর্যন্ত উপদেষ্টা পরিষদ মোট ৪১টি বৈঠক করেছে।
এই সময়ের মধ্যে উপদেষ্টা পরিষদ ৩১৫টি সিদ্ধান্ত নেয়, তার মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪৭টি।
বাস্তবায়নাধীন আছে ৬৮টি সিদ্ধান্ত।
সরকার অধ্যাদেশ
প্রণয়ন করেছে ৫৬টি, আর প্রক্রিয়াধীন অধ্যাদেশ আছে ১০টি, জানান প্রেস সচিব।
আওয়ামী লীগকর্মীদের সঙ্গে বৈঠকের অভিযোগে আটক সেনা কর্মকর্তার স্ত্রী রিমান্ডে
ছবির ক্যাপশান, ঢাকায় সম্প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা 'গোপন বৈঠক' করেছে বলে অভিযোগ উঠেছে (ফাইল ছবি)
ঢাকার বসুন্ধরা এলাকায় একটি কনভেনশন হলে গত আটই জুলাই আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে 'গোপন বৈঠক' করার মামলায় সেনাবাহিনীর মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে সন্ত্রাসবিরোধী আইনে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
এদিন দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি'র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।
তিনি বলেন, গত ১৩ই জুলাই ঢাকার ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে পুলিশের করা ওই মামলায় সুমাইয়া জাফরিনকে গ্রেফতার দেখানো হয়েছে। 'রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত' থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ আদালতের কাছে তার সাত দিনের রিমান্ড চেয়েছিলো। কিন্তু আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অভিযোগ রয়েছে, ওই দিনের বৈঠকটিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩০০ থেকে ৪০০ নেতাকর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন এবং গোপন ওই বৈঠকে সেনাবাহিনীর এক মেজর অংশ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দিয়েছেন।
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ
জুলাই আন্দোলনের সময় আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায়
মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার
পরবর্তী শুনানির দিন ১৩ই অগাস্ট ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন
সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ প্রসিকিউশনের শুনানি শেষে আসামিপক্ষের
শুনানির জন্য এই তারিখ নির্ধারণ করেন।
প্রসিকিউসন পক্ষে শুনানি করছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও
গাজী এমএইচ তামিম।
গত ২রা জুলাই এই মামলায় ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক
অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল-২। এরমধ্যে আটজন গ্রেফতার হলেও
বাকি আট জন এখনো পলাতক।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘গত ৫ই অগাস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে
হত্যার পর, লাশগুলোকে পুলিশ ভ্যানে
রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। যখন এসব লাশে আগুন দেওয়া হচ্ছিল, তখন একজন জীবিত থাকা অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন
দেওয়া হয়।’
এ ঘটনায় গত ১১ই সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।
১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জি কে শামীম
ছবির উৎস, BSS
ছবির ক্যাপশান, গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম
আলোচিত ঠিকাদার ও বহিষ্কৃত যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে ১০ বছরের সাজা থেকে খালাস
দিয়ে রায় দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো.
যাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ জি কে শামীমের আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন।
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ১৯৫ কোটি টাকা পাচারের মামলায় ২০২৩
সালের ১৭ই জুলাই জি কে শামীমকে ১০ বছরের সাজা দিয়েছিল ঢাকার একটি আদালত। পাশাপাশি
তাকে তিন কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা জরিমানা করা হয়।
পরে এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন জি কে শামীম। পরে
বৃহস্পতিবার আপিলের ওপর রায় দেয় হাইকোর্ট।
২০১৯ সালের সেপ্টেম্বরে জি কে শামীমের ঢাকায় নিকেতনের
বাড়িতে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সেখান থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর, এক কোটি ৮১ লাখ
টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা
এবং মদ জব্দ করার দাবি করে র্যাব।
পরে র্যাব জি কে শামীমের বিরুদ্ধে গুলশান থানায় অর্থ পাচার
প্রতিরোধ আইনে মামলা দায়ের করে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর
গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ
থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে গত ১৮ই জুন তিনিসহ পাঁচ
জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলো দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অধ্যাপক কলিমউল্লাহ ২০১৭ সালের ১লা জুন থেকে ২০২১ সালের ৯ই
জুন পর্যন্ত বেরোবির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তবে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে না আসা এবং দায়িত্বে
অবহেলাসহ একাধিক অভিযোগে ২০২১ সালে ক্যাম্পাসে আন্দোলন করেন শিক্ষক ও
কর্মকর্তা-কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের একটি
প্ল্যাটফর্ম 'অধিকার সুরক্ষা পরিষদ' তার বিরুদ্ধে শতাধিক অভিযোগ তুলে ধরে ‘শ্বেতপত্র’ প্রকাশ
করে, যা নিয়ে
তদন্ত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
চট্টগ্রামে পানির তোড়ে কালভার্ট ভেঙে দুই ভাগ
ছবির উৎস, Mintu Chowdhury
ছবির ক্যাপশান, ভাঙা কালভার্ট
চট্টগ্রামে গত রাত থেকে টানা বর্ষণে পানির তোড়ে ৪৫ বছর আগে
নির্মিত একটি কালভার্ট ভেঙে পড়েছে।
বৃহস্পতিবার ভোরে নগরীর স্টারশিপ এলাকার বায়েজিদ বোস্তামি
সড়কে শীতলঝর্ণা খালের ওপর নির্মিত এ কালভার্টটি ভেঙে পড়ে।
নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেন মোড় এলাকায়
যাতায়াতে এই কালভার্টটি ব্যবহার হতো।
এতে চার লেন সড়কের একপাশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে
জানান স্থানীয় সাংবাদিক। ওই এলাকায় পোশাক কারখানাসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থাকায়
ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের
জানান, তারা দ্রুত কালভার্টটি
মেরামতের কাজ শুরু করবেন।
এদিকে চট্টগ্রামে গত কয়েকদিন ভারী বৃষ্টিপাতের কারণে চকবাজার
ও আগ্রাবাদসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।
ছবির উৎস, Shyamol Nandi
ছবির উৎস, Shyamol Nandi
ছবির উৎস, Mintu Chowdhury
যুক্তরাষ্ট্রের বাজারে আজ থেকে নতুন হারে শুল্ক দিতে হবে বাংলাদেশকে
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, বাংলাদেশ যত পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে তার ৮৬ শতাংশের বেশি হলো তৈরি পোশাক
আজ ৭ই অগাস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের জন্য বাংলাদেশি পণ্যের ওপর নতুন শুল্কহার কার্যকর হবে।
গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর চূড়ান্ত শুল্কহার ঘোষণা করেন। তাতে বাংলাদেশের পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমে হয় ২০ শতাংশ।
মার্কিন প্রশাসনের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনার পর বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক কামানোর ঘোষণা আসে।
গত এপ্রিলে বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক ঘোষণা করেছিলেন ট্রাম্প, পরে জুলাইতে তা ৩৫ শতাংশে নামিয়ে আনেন।
তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ সম্প্রতি তাদের বিবৃতিতে জানিয়েছে, এর আগে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে ১৬ দশমিক ৫ শতাংশ হারে শুল্ক দিতে হতো। এখন যে ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারিত হয়েছে তার ফলে বাংলাদেশের মোট শুল্কের হার দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫ শতাংশে, যা সুনির্দিষ্টভাবে বিভিন্ন পণ্যের জন্য বিভিন্ন হারে প্রযোজ্য হবে।
বাংলাদেশের রপ্তানি উন্নয়ন
ব্যুরোর হিসাবে, যুক্তরাষ্ট্রই বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম বাজার। আবার যত
পণ্য দেশটিতে বাংলাদেশ রপ্তানি করে তার ৮৬ শতাংশের বেশি হলো তৈরি পোশাক।
২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রের
বাজারে বাংলাদেশ রপ্তানি করেছে ৭ দশমিক ৫৪ বিলিয়ন বা ৭৫৪ কোটি ডলারের গার্মেন্ট পণ্য।