আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

অক্টোবরে তিন পার্বত্য জেলায় ভ্রমণ না করার পরামর্শ, কঠিন চীবরদান অনুষ্ঠান করবে না ভিক্ষুরা

সাবেকমন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও সাবেক জননিরাপত্তা সচিব আমিনুল ইসলাম গ্রেফতার, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ সাতদিনের রিমান্ডে। কঠিন চীবরদান অনুষ্ঠান না করার ঘোষণা বৌদ্ধ ভিক্ষু সংঘের। শেরপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি। ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৭৩৫ জনের খসড়া তালিকা প্রকাশ।

সরাসরি কভারেজ

  1. ট্রাফিক আইন লঙ্ঘন করায় ২৭ লাখ টাকার মামলা ডিএমপি ট্রাফিকের

    ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৬২৭ টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

    এ সময়ে ২৬ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ডিএমপি।

    এছাড়াও অভিযানের সময় ১৬৭ টি গাড়ি ডাম্পিং এবং ৫৫ টি গাড়ি রেকার করা হয়েছে।

    শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে।

    ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  2. আগামী ২৪ ঘন্টা শেরপুর ও ময়মনসিংহে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে

    আগামী ২৪ ঘন্টা পর্যন্ত শেরপুর ও ময়মনসিংহ জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

    নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বন্যার পূর্বাভাস দেয়া হয়েছে।

    এতে বলা হয়েছে, ময়মনসিংহ বিভাগের কংস, জিঞ্জিরাম, সোমেশ্বরী ও পুরাতন ব্রক্ষপুত্র নদ-নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে।

    শেরপুর জেলার ভুগাই নদী, নাকুয়াগাঁও এবং জামালপুর জেলার জিঞ্জিরাম নদী গোয়ালকান্দা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    আগামী ২৪ ঘন্টা পর্যন্ত ভুগাই নদীর পানি সমতল ধীর গতিতে হ্রাস পেতে পারে এবং শেরপুর ও ময়মনসিংহ জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। তবে জামালপুর জেলার জিঞ্জিরাম নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।

    এছাড়া আগামী ২৪ ঘন্টায় নেত্রকোণা জেলার কংস নদ ও সোমেশ্বরী নদীর পানি সমতল বিপদসীমা অতিক্রম করে সংশ্লিষ্ট কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

    এই পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী দুই দিনে কংস, জিঞ্জিরাম, সোমেশ্বরী ও পুরাতন ব্রক্ষপুত্র নদীর পানি সমতল হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে এবং জেলাসমূহের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

  3. সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীর জানাজা শেষ, মুন্সীগঞ্জে দাফন

    সাবেক রাষ্ট্রপতি এবং বিকল্পধারা বাংলাদেশের প্রধান একিউএম বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় জানাজা মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

    দুপুরে সেখানকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

    শুক্রবার মাঝ রাতে মারা গেছেন মি. চৌধুরী। তিনি ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন।

    এর আগে শনিবার সকালে উত্তরা মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হাসপাতালের সামনে তার প্রথম জানাজা হয়।

    ওইদিন দুপুরে বারিধারা ডিপ্লোমেটিক জোনের বাইতুল আতিক সেন্ট্রাল মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

    ২০০১ সালে সরকার গঠনের পর তাকে রাষ্ট্রপতি হিসাবে মনোনয়ন দিয়েছিল বিএনপি।

    কিন্তু সাত মাসের মধ্যেই তাকে বিদায় নিতে হয়েছিল। বিএনপির সংসদ সদস্যরাই তাঁর বিরুদ্ধে অনাস্থা দেখিয়েছিলেন।

    রাষ্ট্রপতির পদ থেকে বিদায়ের পর বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন বদরুদ্দোজা চৌধুরী।

  4. হত্যা মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরো দুই নেতা গ্রেফতার

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইমন হত্যা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের আরও দুইজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

    শনিবার রাতে পল্লবী থেকে ইমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ দ্বীন ইসলাম এবং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গত চৌঠা অগাস্ট বিকেলে মিরপুর ১০ নম্বর বাস স্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সড়কে আন্দোলনকারীদের লক্ষ্য করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন মোঃ ইমন হোসেন আকাশ।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহত ইমনকে স্থানীয় ডাঃ আজমল হাসপাতাল লিমিটেডে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় ইমনের মা বাদী হয়ে গত ২৭শে অগাস্ট পল্লবী থানায় একটি মামলা করেন।

    ডিএমপি জানিয়েছে, আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

    এর আগে এ মামলার আরেক আসামি পল্লবী থানা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ ওয়াসিমকে গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে পুলিশ।

  5. উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই

    উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

    আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

    আরেক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর আগামী ৭২ ঘন্টা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে।

    রোববার ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    একইসাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

    সোমবার রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

    মঙ্গলবার একই অবস্থা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।

    এছাড়া পরবর্তী পাঁচদিন বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  6. সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদকে দুপুরে আদালতে তোলা হবে

    শনিবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

    তাকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

    মি. রহমান জানান, আবুল কালাম আজাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে, ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি পরে জানা যাবে।

    দুপুরেই তাকে আদালতে হাজির করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

    মি. আজাদ আওয়ামী লীগ সরকারের একজন সংসদ সদস্যও ছিলেন।

    দ্বাদশ সংসদ নির্বাচনে জামালপুর -৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

    ২০১৪ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পান। পরের বছর মুখ্য সচিব হন।

    এই দায়িত্ব দায়িত্ব পালন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন।