আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

শপথ নিয়েই একশোর বেশি নির্বাহী আদেশ সই ডোনাল্ড ট্রাম্পের, মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন

শপথ নিয়ে প্রথম দিনেই একশোর বেশি নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের পদক্ষেপ ট্রাম্পের। তুরস্কের স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে অন্তত ৬৬ জন নিহত। সাইবার আইনের সব মামলা ও গায়েবি সব মামলা প্রত্যাহার করছে সরকার।

সরাসরি কভারেজ

  1. আমেরিকার শত্রুদের পরাজিত করাই মূল লক্ষ্য: ট্রাম্প

    কমান্ডার-ইন-চিফ বল, যেটি অভিষেক অনুষ্ঠানের একটি অংশ, তাতে দেওয়া বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, নির্বাচনে জয় লাভের একটি বড় কারণ ছিল সামরিক বাহিনীর সঙ্গে তার সম্পর্ক।

    “আমাকে বলতেই হবে, আমরা সত্যিই সামরিক বাহিনীর সহায়তায় জিতেছি,” তিনি বলেন।

    ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, পিট হেগসেথের নেতৃত্বে দেশ আবার “বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী” পাবে যুক্তরাষ্ট্র।

    মি. হেগসেথ পরবর্তীতে দেশটির প্রতিরক্ষা সচিব হতে যাচ্ছেন।

    “আমরা একটি মজবুত আয়রন ডোম গড়ে তুলবো,” তিনি বলেন।

    “আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা। আমরা পরাজিত হবো না, অপমানিত হবো না। আমরা শুধু জিতবো, জিতবো এবং জিতবো।”

    ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবেই বলেছেন যে, তার প্রশাসন সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে, তবে "তা ব্যবহার করার প্রয়োজন পড়বে না আমাদের"।

  2. যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ হয়েছে।

    ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীরা মি. ট্রাম্পের অভিষেকের সাথে সাথে নিউ ইয়র্ক , ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেসে সমবেত হন।

    বিক্ষোভের কিছু ছবি দেখে নেয়া যাক, চলুন...

  3. বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার নির্বাহী আদেশে সই ট্রাম্পের

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করার প্রক্রিয়া শুরু করা সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    হোয়াইট হাউজে ফিরে এসে ওই আদেশে সই করার সময় তিনি বলনে, "ওহ! এটি বড় একটি সিদ্ধান্ত।"

    দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর তিনি অনেকগুলো নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

    কোভিড-১৯ মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে সমালোচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং তখনই তিনি এ প্রতিষ্ঠান থেকে বের হওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন।

    পরে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর সে সিদ্ধান্ত বাতিল করেন।

    এই নির্বাহী আদেশটি যেহেতু ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই স্বাক্ষরিত হয়েছে, তাই এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে দেশটির আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলেছে।

  4. অন্য দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে 'চুরি' করছে: ডোনাল্ড ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পৃথিবীর অন্য দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে 'চুরি' করছে।

    “আমাদের দেশের একটি সমৃদ্ধ অর্থনৈতিক ভবিষ্যৎ রয়েছে,” ওভাল অফিসে বসে ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন।

    সাংবাদিকরা তাকে শুল্ক বিষয়ক প্রশ্ন করলে তিনি জবাবে বলেন, অন্যান্য দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে (সম্পদ) নিয়ে যাচ্ছে।

    “তারা আমাদের দেশে আসে এবং এসে আমাদের সম্পদ চুরি করছে,” মি. ট্রাম্প বলেন।

  5. ইউক্রেনের যুদ্ধ অবসানে চুক্তি করতে চান জেলেনস্কি: ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে যুদ্ধের সমাপ্তি টানতে একটি চুক্তির ব্যাপারে আগ্রহী দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

    শপথ গ্রহণের পর ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প।

    তিনি এর আগে বলেছিলেন যে তিনি ইউক্রেন যুদ্ধের অবসান চান এবং প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই তিনি সেটি করতে চেয়েছিলেন।

    সেই ধারাবাহিকতায়ই তাকে তার প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞেস করা হয়।

    জবাবে তিনি বলেন, "আচ্ছা, এটি দিনের অর্ধেক। দিনের বাকি অর্ধেক এখনও বাকি রয়েছে। দেখা যাক কী হয়।"

    তিনি সাংবাদিকদের বলেন, তিনি মনে করেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করতে চান।

    প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধ সম্পর্কে মি. ট্রাম্প বলেন, “বেশিরভাগ মানুষ মনে করেছিলো যে এই যুদ্ধ এক সপ্তাহে শেষ হয়ে যাবে।।”

    “আমি মনে করি, তিনি (জেলেনস্কি) এই যুদ্ধ শেষ করার ব্যাপারে খুব ভালোভাবেই রাজি।”

  6. বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

    বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দিতে চার দিনের সফরে সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট সোমবার দিবাগত রাত একটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে শীর্ষ ব্যবসায়িক নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন।

    চার দিনের সফর শেষে আগামী ২৫শে জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

  7. ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িতদের ক্ষমা করায় ন্যান্সি পেলোসির নিন্দা

    ২০২১ সালের ছয়ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে আটক প্রায় ১৫০০ মানুষকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমা করে নির্বাহী আদেশে সই করায় তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি।

    ন্যান্সি পেলোসি ক্যাপিটল হিলে দাঙ্গার সময় ডেমোক্রেটিক হাউজ স্পিকার ছিলেন।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে মিজ পেলোসি বলেন, এই পদক্ষেপ দেশের "বিচার ব্যবস্থা এবং শারীরিক ক্ষত ও মানসিক ট্রমার সম্মুখীন হওয়া মানুষদের প্রতি অত্যন্ত অবমাননাকর।"

    তিনি বলেন যে, ডোনাল্ড ট্রাম্পের ওই সিদ্ধান্ত 'লজ্জাজনক' এবং যেসব পুলিশ কর্মকর্তা সেদিন জীবনবাজি রেখে কাজ করেছেন, তিনি (মি. ট্রাম্প) সেইসব পুলিশ কর্মকর্তাদের সাথে 'বিশ্বাসঘাতকতা' করেছেন।

    চার বছর আগে ২০২১ সালের ছয়ই জানুয়ারি ক্যাপিটলে কী ঘটেছিলো, জানতে আরও পড়তে পারেন...

  8. ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করেছেন ট্রাম্প

    ২০২১ সালের ছয়ই জানুয়ারির ক্যাপিটল হিলে দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে আটক হওয়া প্রায় ১৫০০ মানুষকে ক্ষমা করেছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের দিনের প্রায় পুরোটা সময় তার সমর্থকরা ডিসি জেলের বাইরে অপেক্ষা করছিলেন।

    আজ ডোনাল্ড ট্রাম্প যখন ক্যাপিটল ওয়ান অ্যারেনায় ভাষণ দিয়েছিলেন, তখন তিনি ঘোষণা করেন যে ওভাল হাউজে পৌঁছেই তিনি ছয়ই জানুয়ারির ঘটনার জন্য অভিযুক্তদের ক্ষমা করবেন।

    সেসময় উপস্থিত জনতার মধ্য থেকে আনন্দধ্বনি শোনা যায়। একজন নারী চিৎকার করে বলছিলেন, 'ফ্রিডম!' বা (স্বাধীনতা)।

    ক্যাপিটল হিল আক্রমণের জন্য জেলবন্দি ব্যক্তিদেরকে ডোনাল্ড ট্রাম্প 'রাজনৈতিক বন্দি' হিসাবে চিহ্নিত করেছেন এবং তিনি তাদেরকে ক্ষমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

    যদিও এটি পরিষ্কার নয় যে এই ক্ষমা কতদূর পর্যন্ত যাবে এবং দোষী সাব্যস্ত ব্যক্তিদেরকেও এই ক্ষমার অন্তর্ভুক্ত করা হবে কীনা।

    ২০২১ সালের ছয়ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্পের সমর্থক একদল মানুষ।

    ডোনাল্ড ট্রাম্পপন্থী বিক্ষোভকারীদের কংগ্রেস ভবনে ওই হামলার ঘটনায় অন্তত পাঁচ জন নিহত হয়েছিলেন।

    ডেমক্র্যাটরা ওই হামলায় উস্কানি দেয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নিয়েছিলো।

    পরে সেনেটে দুই তৃতীয়াংশ ভোট না থাকায় মিস্টার ট্রাম্প শাস্তি থেকে রেহাই পেয়ে যান।

  9. দক্ষিণ সীমান্তে 'জাতীয় জরুরি অবস্থা' ঘোষণা করেছেন ট্রাম্প

    ওভাল অফিসে ফিরে আরও কিছু নির্বাহী আদেশে সই করছেন ডোনাল্ড ট্রাম্প।

    এসব আদেশের মাঝে একটি হল যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে "জাতীয় জরুরি অবস্থা" ঘোষণা করেছেন তিনি।

    এছাড়া, আরেকটি আদেশ জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্বের সংজ্ঞা সম্পর্কিত।

    নির্বাহী আদেশ সই করার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, "এটি একটি বিশাল সিদ্ধান্ত"।

  10. হোয়াইট হাউজে ফিরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প

    ক্যাপিটল ওয়ান অ্যারেনায় অভিষেক প্যারেডে অংশগ্রহণ এবং বেশ কয়েকটি নির্বাহী আদেশে সই করার পর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ফিরে এসেছেন।

    তিনি বলেছেন, তিনি খুব শীঘ্রই কিছু নির্বাহী আদেশে সই করবেন।

    সেগুলোর মাঝে একটি আদেশ হল ২০২১ সালের ছয়ই জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় যুক্ত ১৫০০ মানুষকে সাধারণ ক্ষমা করা।

    এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ আদেশে সই করবেন তিনি।

    আর এসব নির্বাহী আদেশে সই করার কাজটি ওভাল অফিসে বসে সাংবাদিকদের উপস্থিতিতে করবেন মি. ট্রাম্প।

  11. মার্কো রুবিও হচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী

    যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্র মন্ত্রী হিসাবে সেনেট ভোটে নির্বাচিত হয়েছেন মার্কো রুবিও।

    তিনি সর্বসম্মতভাবে ৯৯-০ ভোট পেয়ে এ পদের জন্য নিশ্চিত হয়েছেন।

    কিছুক্ষণ আগে সেনেট ফ্লোর থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের বলেছেন, এ পদের জন্য নির্বাচিত হওয়ার নিশ্চিত খবরটি পেয়ে তিনি "ভালো" অনুভব করছেন।

    তিনি বলেছেন, এটি তার জন্য 'বিশাল সম্মানের' বিষয়।

    তিনিই এবারের এই ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হলেন।

    মার্কো রুবিও ফ্লোরিডা অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় সেনেটর।

    তিনি ইসরায়েলের সমর্থক হিসেবে পরিচিত।

  12. প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার আদেশে সই করেছেন ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগেই একাধিক নির্বাহী আদেশে সই করেছেন, যার মধ্যে রয়েছে:

    • যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসবে।
    • বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল।
    • যা ফেডারেল সরকারকে মত প্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার নির্দেশ দেয়া।

    অনুষ্ঠানে উপস্থিত জনতাকে ট্রাম্প প্রতিশ্রুতি দেন যে, হোয়াইট হাউজে ফিরে আরও অনেক আদেশে সই করবেন তিনি।

  13. ‘কট্টর’ বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করেছেন ট্রাম্প

    ‘কট্টর’ বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ট্রাম্প।

    ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান অ্যারেনার মঞ্চে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিসেবে প্রথম ভাষণে তিনি বলেন, শীঘ্রই বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করবেন তিনি।

    তার কিছুক্ষণ পরই তিনি যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে শুরুতেই তিনি বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন।

    স্থগিতাদেশে সই করার পর ট্রাম্প জনতার উদ্দেশ্যে সেটি তুলে ধরে দেখান।

    এছাড়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার আদেশেও সই করেন ট্রাম্প।

    এর আগে ক্ষমতা ছাড়ার আগে শেষমুহূর্তে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ফৌজদারি মামলার হুমকিতে রয়েছেন এমন বেশ কয়েকজনকে ক্ষমা করে দেন।

    নিজের প্রথম ভাষণে ট্রাম্প বলেছেন, ওই আদেশও বাতিল হবে।

    মুল্যস্ফীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আদেশেও সই করেছেন ট্রাম্প।