আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

জনমনে প্রশ্ন বাড়ছে-যথাসময় কি নির্বাচন হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেষ পর্যন্ত নির্বাচন হবে কিনা, তা নিয়ে জনমনে সন্দেহ বাড়ছে। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা কলি নিতে সম্মতির কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। আগামী বছর বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পরে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা হলো-

    • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোনো কোনো সময় জনমনে প্রশ্ন বাড়ছে—যথাসময় কি নির্বাচন হবে? নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়-সন্দেহ গণতন্ত্র উত্তরণের পথকে হয়তোবা সংকটপূর্ণ করে তুলতে পারে”।
    • জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটসহ, সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গত কয়েকদিন নানা আলোচনার মধ্যে কাল উপদেষ্টা পরিষদের বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকের পরই প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
    • আগামী জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৮ই নভেম্বর। এই ভোটার তালিকায় অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন।
    • জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “বিএনপির ভেতরে ভেতরে আরেকটা ফ্যাসিস্ট হওয়ার খায়েশ আছে বলে মনে হচ্ছে।
    • একটি দল সংস্কারপ্রক্রিয়া ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচন পেছাতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
    • শেষ পর্যন্ত নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা কলি নিতে সম্মতির কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলটি বলছে আগামীতে এককভাবে ৩০০ আসনে নির্বাচন করবে তারা।
    • আগামী তিন বছরের জন্য আবারো জামায়াতে ইসলামীর আমির হিসেবে নির্বাচিত হয়েছেন বর্তমান আমির শফিকুর রহমান।
    • আগামী সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
    • এবার তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর। সচিবালয়ে তাবলীগ জামাতের দুই পক্ষের সাথে বৈঠকের পর এই তথ্য জানান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
    • সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজন জন মারা গেছে। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়।
    • যুক্তরাজ্যের পুলিশ জানিয়েছে, শনিবার ডনকাস্টার-লন্ডন রুটে ট্রেনে যে হামলার ঘটনা ঘটেছে, সেটি সম্ভবত সন্ত্রাসী হামলা ছিল না। ওই হামলায় অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে, তাদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. জনমনে প্রশ্ন বাড়ছে-যথাসময় কি নির্বাচন হবে?: তারেক রহমান, বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান রয়েছে বলেও মনে করেন তারেক রহমান

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোনো কোনো সময় জনমনে প্রশ্ন বাড়ছে—যথাসময়ে কি নির্বাচন হবে?”

    তিনি বলেন, “এমন তো হওয়ার কথা ছিল না। নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়-সন্দেহ গণতন্ত্র উত্তরণের পথকে হয়তো বা সংকটপূর্ণ করে তুলতে পারে।”

    রোববার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    বিএনপি নেতা অভিযোগ করেন, “বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান রয়েছে”।

    তবে তিনি বলেন, “আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদীতে বিশ্বাসী প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে বিএনপিকে কোনোভাবেই জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।”

    তারেক রহমান বলেন, “প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে বিএনপি দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়েছে। তবে বিএনপি জনগণের সমর্থনের কারণে অধিকাংশ সময় ষড়যন্ত্রকারী অধিকাংশ সময় প্রত্যাখ্যাত হয়েছে। এরকম বাস্তবতা হচ্ছে গণতান্ত্রিক জনগণের কাছে বিএনপি পরীক্ষিত রাজনৈতিক দল”।

    সংস্কার প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “একটি দায়িত্বশীল গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে একদিকে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে। অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারকেও যথাসাধ্য সম্ভব আমাদের অবস্থান থেকে আমরা সহযোগিতা করে আসছি। অথচ আমরা দেখছি, একের পর এক নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটাপন্ন করে তোলা হচ্ছে। এর পরিণতি সম্পর্কেও আমাদের সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন।”

    কৌশল এবং অপকৌশলের মধ্যে পার্থক্য বুঝতে ব্যর্থ হলে কোনো অগণতান্ত্রিক এবং অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কি না সন্দেহ প্রকাশ করেন তারেক রহমান।

    আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচনের লক্ষ্যে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সকল প্রস্তুতি সম্পন্ন করছে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “দেশের ৩০০ সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থী অথবা বিএনপি সমর্থিত প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে।

  3. শনিবার লন্ডনের ট্রেনে হামলার ঘটনায় দুইজন গ্রেফতার

    যুক্তরাজ্যের পুলিশ জানিয়েছে, শনিবার ডনকাস্টার-লন্ডন রুটে ট্রেনে যে হামলার ঘটনা ঘটেছে, সেটি সম্ভবত সন্ত্রাসী হামলা ছিল না।।

    ওই হামলায় অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে, তাদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক।

    পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

    শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। পরে ট্রেনটিতে কেমব্রিজশায়ারের হানটিংডনে থামানো হয়।

  4. সোমবার সরকারের সংবাদ সম্মেলন, জানানো হতে পারে জুলাই সনদের বাস্তবায়নের সিদ্ধান্ত

    জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটসহ, সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গত কয়েকদিন নানা আলোচনার মধ্যে কাল উপদেষ্টা পরিষদের বৈঠক ডাকা হয়েছে।

    ওই বৈঠকের পরই প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

    প্রধান উপদেষ্টার দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠক শেষে সংসদের উচ্চ কিংবা নিম্নকক্ষে পিআর কিংবা গণভোট কবে তা নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে অন্তর্বর্তীকালীন সরকার।

    রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে সোমবার দুপুর ১২টায় সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করার কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    তবে, উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে কে এই ব্রিফিং করবে সেটি এখনো জানায় নি প্রধান উপদেষ্টার দপ্তর।

    উল্লেখ্য গত অক্টোবরে জুলাই সনদে স্বাক্ষরের পর এটি বাস্তবায়নের যে সুপারিশ ঐকমত্য কমিশন দিয়েছে সেটি নিয়ে বিএনপি জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধপূর্ণ অবস্থানও দেখা যাচ্ছে।

  5. গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচজন

    সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজন জন মারা গেছে। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। এ সময়ে ১ হাজার ১৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

    রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

    তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৬ জন, ঢাকা উত্তর সিটিতে ২৬১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৫ জন, খুলনা বিভাগে ১৫৪ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৮৭ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৯৮ জন (সিটি কর্পোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে ৮ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

    এদিকে গত একদিনে সারা দেশে ৯৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬৮ হাজার ৪১০ জন।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭১ হাজার ৬৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৮৩ জনের।

  6. চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৮ই নভেম্বর, এ সপ্তাহেই নতুন দলের নিবন্ধন চূড়ান্ত

    আগামী জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৮ই নভেম্বর। এই ভোটার তালিকায় অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন।

    রোববার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

    ইসি জানিয়েছে, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। গত দুই মাসে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। এই মোট ভোটারের মধ্যে ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ পুরুষ, ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ নারী এবং ১ হাজার ২৩০ জন তৃতীয় লিঙ্গ।

    জোটবদ্ধ নির্বাচনের ক্ষেত্রে নিজ নিজ দলের প্রতীকে ভোট করতে হবে রাজনৈতিক দলগুলোর, সম্প্রতি আরপিওতে এই ধরনের সংশোধনে নাখোশ বিএনপি। এমন অবস্থায় নির্বাচন কমিশন কি আরপিও সংশোধন করবে?

    সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব জানিয়েছে, আরপিওতে আবার সংশোধন আনা হবে কী-না সেটি নির্ভর করছে আইন মন্ত্রণালয় ও সরকারের ওপর।

    ইসি সচিব জানান, এই সপ্তাহের মধ্যে এনসিপিসহ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন সম্পন্ন করবে ইসি। এর পরেই রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কেন্দ্রীক সংলাপে বসবে ইসি।

  7. বিএনপির ভেতরে ভেতরে আরেকটা ফ্যাসিস্ট হওয়ার খায়েশ আছে বলে মনে হচ্ছে: তাহের

    জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “বিএনপির ভেতরে ভেতরে আরেকটা ফ্যাসিস্ট হওয়ার খায়েশ আছে বলে মনে হচ্ছে। যে কারণে ফ্যাসিজমের যে রাস্তা আমরা সংস্কারের মাধ্যমে বন্ধ করতে চাইছিলাম, সেটা তারা বন্ধ করতে দিচ্ছে না”।

    রোববার ঢাকায় একটি সেমিনারে এ কথা বলেন তিনি।

    মি. তাহের বলেন, “সংস্কার বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য অপরিহার্য। এখানে আমরা কোন আপোষ মানি না”।

    প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, “প্রধান উপদেষ্টার কাছে আমি একটা খোলা ভিডিও দিয়েছি। তাকে বলছি-ডক্টর ইউনূস মাইনাস সংস্কার জিরো, সংস্কার প্লাস ডক্টর ইউনূস হিরো। আমরা আপনাকে হিরো হিসেবে দেখতে চাই। আপনি কোন চাপে নতি স্বীকার করেন না”।

    সরকারের উদ্দেশ্য তিনি বলেন, “দুই দিন ধরে শুনতেছি আপনারা বিএনপিকেও খুশি করতে চান, জামায়াতে ইসলামীকেও খুশি করতে চান। অন্য দলগুলোকেও খুশি করতে চান। কোন রাজনৈতিক দলকে খুশি করার দায়িত্ব আপনাদের নয়। কোন রাজনৈতিক দলকে খুশি করার দায়িত্ব আপনাদের কাজের মধ্যে পড়ে না। আপনাদের দায়িত্ব জাতিকে খুশি করার জন্য যা করার দরকার সেইটা করা”।

    নির্বাচনের আগে বিচার ও সংস্কার কাজ শেষ করার আহবান জানান এই জামায়াত নেতা।

  8. একটি দল সংস্কারপ্রক্রিয়া ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচন পেছাতে চাচ্ছে: নাহিদ ইসলাম

    একটি দল সংস্কারপ্রক্রিয়া ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচন পেছাতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    রোববার দুপুরে ঢাকার বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

    নাহিদ ইসলাম বলেন, “গণভোট নির্বাচনের দিন, না আগে হবে, সেটা প্রধান সংকট নয়। তবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অবশ্যই ড. ইউনূসকে জারি করতে হবে। প্রেসিডেন্ট চুপ্পু এতে স্বাক্ষর করলে সংস্কারের কফিনে পেরেক মারা হবে”।

    অনেকে জুলাই সনদ সই করে অনৈক্য সৃষ্টি করেছেন মন্তব্য করে মি. ইসলাম বলেন, “জুলাই সনদ নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা রাষ্ট্রের সংস্কার চাই। আমরা গণপরিষদ নির্বাচনের রূপরেখা দিয়েছে। কিন্তু অনেক দল এটি বুঝতে পারেনি। অনেকে জুলাই সনদ সই করে অনৈক্য সৃষ্টি করেছে। সই করলো। যারা সনদ বাস্তবায়ন নিয়ে আন্দোলন করলো, তাদের বাদ দিয়ে এভাবে সই করা জাতির সঙ্গে প্রতারণা।’

    এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, “বিএনপি গণভোটের বিপক্ষে জনমত তৈরি করতে চেষ্টা করছে। এর মাধ্যমে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এ নিয়ে কোনও ষড়যন্ত্র হচ্ছে কিনা দেখতে হবে। দেশের সামগ্রিক পরিবর্তন নিয়ে রাজনৈতিক দলগুলো শুধু ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করছে”।

  9. নির্বাচনী প্রতীক হিসাবে শাপলা কলি নিতে রাজী এনসিপি

    শেষ পর্যন্ত নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা কলি নিতে সম্মতির কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

    রোববার দুপুরে এনসিপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে দলীয় প্রতীক হিসেবে দলের তিনটি পছন্দের কথা আবারো ইসিকে জানায়। সেখানে শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলিও রয়েছে।

    বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী বলেন, “ইসি তাদের তালিকা সংশোধন করে অন্য কিছু প্রতীকের সাথে শাপলা কলিও যুক্ত করেছে। কিন্তু এখানে আমাদের পছন্দের তালিকায় প্রথমে রেখেছি শাপলা, দ্বিতীয়ত রেখেছি সাদা শাপলা, তৃতীয় রেখেছি শাপলা কলি”।

    তিনি বলেন, “আমাদের চাহিত প্রতীকের মধ্যে অন্য কোনো দল যদি এটার জন্য (শাপলা কলির) জন্য আবেদন করে, তখন শাপলা প্রতীক নিয়ে একটা সংকট তৈরি হতে পারে। সে জন্য এটা আমরা আবেদনের মধ্যে দিয়ে রেখেছি”।

    বৈঠকে শাপলা কিংবা কলি যাই দিক দ্রুত এনসিপির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইসির কাছে আহ্বান জানিয়েছে দলটি।

    মি. পাটওয়ারী বলেন, “নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে। আমরা অংশ নিতে চাই। শাপলা কলি নিয়েও আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। আমরা চেয়েছিলাম শাপলা, ইসি একধাপ এগিয়ে কলি যুক্ত করেছে। এটাকে আমরা পজেটিভভাবে দেখছি”।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা জানান, আগামী নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি। তিনশো আসনেই প্রার্থী দেবে দলটি।

    মি. পাটওয়ারী বলছিলেন, “আগামী নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে’।

  10. আবারো জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান

    আগামী তিন বছরের জন্য আবারো জামায়াতে ইসলামীর আমির হিসেবে নির্বাচিত হয়েছেন বর্তমান আমির শফিকুর রহমান।

    শনিবার রাতে সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

    রোববার দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৯ই অক্টোবর থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্য (রুকন)-দের ভোটের মাধ্যমে আমির নির্বাচন অনুষ্ঠিত হয়।

    গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা সম্পন্ন করে। এরপর শনিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

    ভোটের ফলাফলে সর্বোচ্চ ভোট পেয়ে শফিকুর রহমান জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন।

    এর আগে ২০১৯ সাল থেকে জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সংগঠনের সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

  11. বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দশ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

    আগামী সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দুপুরে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের দলটির যৌথ সভা শেষে সংবাদ সম্মলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    এ সময় মি. আলমগীর বলেন, ''৭ই নভেম্বরের ৫০ বছর পূরণ হতে যাচ্ছে। এই দিনে সিপাহি-জনতার বিপ্লবের মধ্যে দিয়ে গৃহবন্দী জিয়াউর রহমানকে মুক্ত হন। সিপাহী-জনতা জিয়াউর রহমানকে মুক্ত করে নিয়ে আসেন এই দিনটি আমাদের কাছে, জাতির কাছে খুবই গুরুত্বপূর্ণ দিবস।''

    পরে এই বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দশ দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মি. আলমগীর।

    তিনি জানান- আগামী ৭ই নভেম্বর সকালে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়গুলোতে দলীয় প্রতাকা উত্তোলন করা হবে। সকাল ১০ টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুস্তস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ অনুষ্ঠিত হবে।

    এছাড়াও বিএনপি, ছাত্রদল, যুবদল ও জেলা ও মহানগর পর্যায়ে দশদিন ব্যাপী নানা কর্মসূচি পালনের ঘোষণা করেছে দলটি।

  12. এবারের টঙ্গীর বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

    ঢাকার অদূরে টঙ্গীতে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা এবার অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর। রোববার সচিবালয়ে তাবলীগ জামাতের দুই পক্ষের সাথে বৈঠকের পর এই তথ্য জানান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

    তাবলীগ জামাতের জুবায়ের ও সা’দপন্থিদের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    পরে ধর্ম উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘বিশেষ পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশে নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে। নির্বাচন উপলক্ষে ব্যস্ত থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। তাই নির্বাচন ও রমজানের পর ইজতেমা অনুষ্ঠিত হবে।

    তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় এ বিষয়ে সম্মতি জানিয়েছে তাবলীগ জামায়াতের নেতৃবৃন্দ। তবে কারা আগে ইজতেমা করবে, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

    উপদেষ্টা মি. হোসেন এটিও বলেছেন যে, ইজতেমা দুই পর্বে হলেও কোন পক্ষ আগে করবে সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি সরকার।

    নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা জানান, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। নির্বাচন পেছানোর কোন সম্ভাবনা ও পরিকল্পনা নেই সরকারের।

  13. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরও পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে