রোববার সারাদিন যা যা হলো-
- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোনো কোনো সময় জনমনে প্রশ্ন বাড়ছে—যথাসময় কি নির্বাচন হবে? নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়-সন্দেহ গণতন্ত্র উত্তরণের পথকে হয়তোবা সংকটপূর্ণ করে তুলতে পারে”।
- জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটসহ, সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গত কয়েকদিন নানা আলোচনার মধ্যে কাল উপদেষ্টা পরিষদের বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকের পরই প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
- আগামী জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৮ই নভেম্বর। এই ভোটার তালিকায় অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন।
- জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “বিএনপির ভেতরে ভেতরে আরেকটা ফ্যাসিস্ট হওয়ার খায়েশ আছে বলে মনে হচ্ছে।
- একটি দল সংস্কারপ্রক্রিয়া ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচন পেছাতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
- শেষ পর্যন্ত নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা কলি নিতে সম্মতির কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলটি বলছে আগামীতে এককভাবে ৩০০ আসনে নির্বাচন করবে তারা।
- আগামী তিন বছরের জন্য আবারো জামায়াতে ইসলামীর আমির হিসেবে নির্বাচিত হয়েছেন বর্তমান আমির শফিকুর রহমান।
- আগামী সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
- এবার তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর। সচিবালয়ে তাবলীগ জামাতের দুই পক্ষের সাথে বৈঠকের পর এই তথ্য জানান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
- সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজন জন মারা গেছে। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়।
- যুক্তরাজ্যের পুলিশ জানিয়েছে, শনিবার ডনকাস্টার-লন্ডন রুটে ট্রেনে যে হামলার ঘটনা ঘটেছে, সেটি সম্ভবত সন্ত্রাসী হামলা ছিল না। ওই হামলায় অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে, তাদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...









