আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

বিজ্ঞাপন বা প্রচারণায় প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষেধ

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম দিন ছিল শুক্রবার। কিন্তু দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রতি শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

সার সংক্ষেপ

  • অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়েছে; মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগসহ ২৭টি মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার দায়িত্বে।
  • গঠিত হওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম দিন আজ।
  • বঙ্গভবনে শপথ নেয়ার পরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে যান তিনি।
  • অন্তর্বর্তী সরকারের প্রতি শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

সরাসরি কভারেজ

  1. জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা অন্তর্বর্তী সরকারের

    ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    শুক্রবার সকাল ১০টার কিছু আগে ড. ইউনূস প্রথমে শ্রদ্ধা জানান এরপর অন্য উপদেষ্টারা স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

    এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করেন। শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধে রাখা শোক বইয়ে সই করেন ড. ইউনূস।

    সকালে স্মৃতিসৌধে যাওয়ার জন্য ঢাকার তেজগাঁও থেকে হেলিকপ্টারে করে তিনি সাভারের স্মৃতিসৌধে পৌঁছান। স্মৃতিসৌধ থেকে তার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে।

    এর আগে, বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শপথ পাঠ করান। পরে অন্য উপদেষ্টারাও শপথ নেন। এরপর জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।

  2. লুট হওয়া অস্ত্র ফেরত দেয়ার আহ্বান

    পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়িসহ পুলিশ লাইন থেকে লুট করা অস্ত্র র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

    বৃহস্পতিবার র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এক বার্তায় এ অনুরোধ জানানো হয়।

    র‍্যাব জানায়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি বা পুলিশ লাইন থেকে লুট করা, হারানো অস্ত্র ও গোলাবারুদ স্বেচ্ছায় নিকটস্থ র‍্যাব কার্যালয় ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

    এছাড়া ঢাকার বাড্ডা, ভাটারা, মিরপুরসহ কয়েকটি এলাকায় মাইকিং করে পুলিশ স্টেশন থেকে লুট হওয়া অস্ত্র ফেরত দেয়ার আহ্বান জানানো হয়েছে।

  3. থানাগুলো এখনো চালু হয়নি

    পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানানো হলেও এখনো চালু করা যায়নি দেশের থানাগুলো।

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মো. মাইনুল হাসান যত দ্রুত সম্ভব থানায় বসে কাজ শুরু করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন।

    একযোগে সব থানা ফেলে পুলিশ সদস্যদের পালিয়ে যাবার ঘটনা অতীতে বাংলাদেশে কখনো দেখা যায়নি। বিশ্বের অন্যান্য দেশেও এ ধরনের ঘটনা বিরল বলে উল্লেখ করছেন বর্তমান ও সাবেক পুলিশ কর্মকর্তারা।

    তারা বলছেন, অনেক সময় যুদ্ধকালীন পরিস্থিতিতে এ ধরণের ঘটনা দেখা যায়। পুলিশের জন্য এমন পরিস্থিতি তৈরি হলো কেন সেটি এক বড় প্রশ্ন।

    এদিকে, দেশের থানার ওসি ও এসআইদের নিয়ে গঠিত পুলিশ এসোসিয়েশন বলছে, পুলিশের ওপর মানুষের আস্থা ফেরাতে কিছু সংস্কার কাজ অবশ্যই করতে হবে।