ইরান যুদ্ধ কবে শেষ হবে, 'যখন আমি অনুভব করব, তখন' বললেন ট্রাম্প
"ইরানে আজ আবারও সর্বোচ্চ সংখ্যক হামলা চালাবে যুক্তরাষ্ট্র," এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এদিকে, বাংলাদেশের খবরের মধ্যে রয়েছে, ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে বিদেশে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
জানা গেছে, গত ১১ই মার্চ তিনি ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে হাসপাতালে নেওয়া হয়।
বিএনপি’র প্রেস উইং বিবিসি বাংলাকে জানিয়েছে, তাকে দেখতে আজ তারেক রহমান হাসপাতালে যাবেন।
এছাড়া, মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হবে কি না, তা নিয়েও পরিবার ও দলের মাঝে আলাপ-আলোচনা চলছে।
ইরানের নতুন নেতা বেঁচে আছেন, তবে ‘গুরুতর আহত’: ট্রাম্প
ছবির উৎস, AFP via Getty Images
ছবির ক্যাপশান, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হামলার প্রথমদিনই আহত হয়েছিলেন।
“আমার মনে হয়, সেটাই হয়েছে। আমার ধারণা তিনি আহত, কিন্তু কোনোভাবে তিনি এখনো বেঁচে আছেন,” বলেন তিনি।
ইরানের নতুন নেতার লিখিত বার্তা প্রকাশের পর এটিই এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের প্রথম প্রতিক্রিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালেও ট্রাম্প একটি পোস্টে লিখেছেন। সেখানে তিনি বলেছেন, “আমরা সামরিক, অর্থনৈতিকসহ সব দিক দিয়ে ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেব।”
তিনি নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের সমালোচনা করে বলেন, "ইরানের নৌবাহিনী শেষ। বিমানবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে। তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন, সবকিছু ধ্বংস করা হচ্ছে। এমনকি তাদের নেতাদেরও আর দেখা যাচ্ছে না।”
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, “আমাদের কাছে অতুলনীয় সামরিক শক্তি, সীমাহীন গোলাবারুদ এবং পর্যাপ্ত সময় রয়েছে।”
“তারা গত ৪৭ বছর ধরে সারা বিশ্বে নিরীহ মানুষ হত্যা করে আসছে। আর এখন আমি, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে, তাদের হত্যা করছি। এটি করতে পারা আমার জন্য বড় সম্মানের,” লিখেছেন ট্রাম্প।
উল্লেখ্য, গত সোমবার মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করা হয়।
তবে এই ঘোষণা এমন সময়ে আসে, যখন তার সুস্থতা নিয়ে নানা খবর গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে।
এর আগে সাইপ্রাসে ইরানের রাষ্ট্রদূত আলিরেজা সালারিয়ান ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে বলেছেন, তিনি শুনেছেন যে মোজতবা খামেনির হাত, পা ও বাহুতে আঘাত লেগেছে এবং আহত অবস্থায় তিনি হাসপাতালে থাকতে পারেন। এমন অবস্থায় কোনো বক্তব্য দেওয়া তার জন্য স্বাচ্ছন্দ্যের নয়।
গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, "স্কুলের শিশুসহ শহীদ সকল শিশুদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য ইরানের এখনো হরমুজ প্রণালী বন্ধ রাখার কৌশল অবলম্বন করা উচিত”। বার্তাটি ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের একজন উপস্থাপক পাঠ করেছেন।
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বক্তব্য যখন প্রচার হচ্ছিল, ঠিক সেই একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বক্তব্য দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে তিনি লিখেছেন, "যুক্তরাষ্ট্র এখন বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ, তাই তেলের দাম যখন বাড়ে, আমরা তখন অনেক টাকা আয় করি"।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে সংসদে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াক আউট করেন।
ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের ১৩তম দিনেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র হামলা-বিস্ফোরণের খবর পাওয়া যায়। সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত হামলা প্রতিহত করার তথ্যও জানিয়েছে।
থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ হরমুজ প্রণালীতে হামলার শিকার হওয়ার পর দেশটির সরকার ইরানের কাছে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা দাবি করেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ বলছে, তারা “গত কয়েক দিনে” তেহরান অভিযানের মধ্যে একটি “পারমাণবিক অস্ত্র উন্নয়ন কম্পাউন্ডে” হামলা করেছে।
ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আবার প্রতি ব্যারেলে ১০০ ডলারে পৌঁছায়।
মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে ওই অঞ্চলজুড়ে এক হাজার ১০০-এরও বেশি শিশু নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
বিবিসি বাংলার লাইভ
বিবিসি
বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর
পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।