ইরান যুদ্ধ কবে শেষ হবে, 'যখন আমি অনুভব করব, তখন' বললেন ট্রাম্প

"ইরানে আজ আবারও সর্বোচ্চ সংখ্যক হামলা চালাবে যুক্তরাষ্ট্র," এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এদিকে, বাংলাদেশের খবরের মধ্যে রয়েছে, ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে বিদেশে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

সরাসরি কভারেজ

  1. শুক্রবার সারাদিন যা যা হলো

    • ইরানের সাথে যুদ্ধ কখন শেষ হতে পারে? এই প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, "যখন আমি এটি অনুভব করব, ঠিক আছে, তখন?" ইরানের নতুন সর্বোচ্চ নেতা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, "আমার মনে হয় তিনি ক্ষতিগ্রস্ত, সম্ভবত কোনো রকমে বেঁচে আছেন।"
    • ইরানের এক সংসদ সদস্য দাবি করেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখন পর্যন্ত দুই দফায় হামলা থেকে বেঁচে গেছেন।
    • "ইরানে আজ আবারও সর্বোচ্চ সংখ্যক হামলা চালাবে যুক্তরাষ্ট্র," এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
    • হেজবুল্লাহর সাথে যৌথভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসমিন।
    • ইরানের ড্রোন হামলায় একজন ফরাসি সৈন্য নিহত হওয়ার পরও মধ্যপ্রাচ্য যুদ্ধে ফ্রান্সের অবস্থান "সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক" থাকবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ।
    • রাশিয়ান তেল ব্যবহারের উপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তটি "ভুল" বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ।
    • ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রভাব কমাতেই রাশিয়ান তেল এবং পেট্রোলিয়াম কেনার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল করেছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
    • হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলে বাঁধা সৃষ্টির মাধ্যমে রাশিয়া এবং ইরান "বিশ্ব অর্থনীতি ছিনতাই" করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।
    • গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে । দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
    • জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাব গ্রহণ করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন সংগঠন।
    • ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘পক্ষপাতদুষ্ট ও বৈষম্যমূলক’ আচরণের অভিযোগ তুলে ‘ইমপিচমেন্ট’ বা অভিসংশনের নোটিশ জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী দলগুলো।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসিবাংলার মূল পাতায়।

  2. হেজবুল্লাহর সাথে যৌথভাবে ইসরায়েলে হামলার দাবি ইরানের

    তেল আবিবে হামলার পর একটি স্থানে আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, তেল আবিবে হামলার পর একটি স্থানে আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

    হেজবুল্লাহর সাথে যৌথভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসমিন।

    ইরানের সামরিক শাখা বলছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সাথে মিলে এই হামলা চালিয়েছে আইআরজিসি নৌবাহিনী এবং ড্রোন ইউনিট।

    এই হামলার ফলে ইসরায়েলের তেল আবিব, মধ্য ইসরায়েল এবং অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে বিমান সতর্কতা জারি করা হয়েছে বলেও জানানো হয়েছে।

    যদিও সবশেষ চলানো এই হামলায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

  3. 'একাধিক ড্রোন' ভূপাতিত করার দাবি যুক্তরাজ্যের

    রয়েল এয়ার ফোর্সের ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, রয়েল এয়ার ফোর্সের ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান

    ইরাকে একটি সামরিক ঘাঁটিতে হামলার পর ব্রিটিশ কাউন্টার-ড্রোন ইউনিট "একাধিক ড্রোন" ভূপাতিত করেছে বলে দাবি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।

    বৃহস্পতিবার রাতে ইরাকের এরবিল অঞ্চলে ড্রোন হামলায় একজন ফরাসি সেনা নিহত হন এবং বুধবার ওই অঞ্চলে যুক্তরাজ্য ও মার্কিন বাহিনীর একটি ঘাঁটিতেও হামলার ঘটনা ঘটে। যার প্রেক্ষিতেই এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য।

    মন্ত্রণালয় আরও জানিয়েছে, যুক্তরাজ্যের টাইফুন জেটগুলো প্রথমবারের মতো বাহরাইনের আকাশে বিমান প্রতিরক্ষা অভিযান চালিয়েছে।

    "কাতার, সাইপ্রাস, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং বাহরাইনে ব্রিটিশ স্বার্থ এবং মিত্রদের প্রতিরক্ষায় ব্রিটিশ টাইফুন এবং এফ-৩৫ জেটগুলো এখন উড়ছে," বলেও জানানো হয়।

  4. ইরান যুদ্ধ কবে শেষ হবে, যা বললেন ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান যুদ্ধ নিয়ে নানা প্রশ্নের জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    শুক্রবার প্রচারিত ওই সাক্ষাৎকারে, ইরানের সাথে যুদ্ধ কখন শেষ হতে পারে? এই প্রশ্নের জবাবে ট্রাম্প জানিয়েছেন যে, "যখন আমি এটি অনুভব করব, ঠিক আছে, তখন।"

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "আমার মনে হয় তিনি ক্ষতিগ্রস্ত, সম্ভবত কোনো রকমে বেঁচে আছেন।"

    হরমুজ প্রণালী নিয়েও কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, "প্রয়োজন হলে" প্রণালী দিয়ে তেল ট্যাংকারগুলোকে পাহারা দেবে যুক্তরাষ্ট্র।

    তবে "আশা করি সবকিছু খুব ভালোভাবে এগোবে। দেখা যাক কী হয়", ট্রাম্প বলেন।

    ইরান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, আগামী সপ্তাহে "আমরা তাদের খুব কঠোরভাবে আঘাত করব"।

    "আমরা ইতিমধ্যে তাদের এতটাই ক্ষতিগ্রস্ত করেছি যে তাদের পুনর্নির্মাণ করতে বছরের পর বছর সময় লাগবে," বলেন তিনি।

    উপসাগরীয় মিত্রদের সঙ্গে “অসাধারণ ঐক্য” উল্লেখ করে ট্রাম্প বলেন, "নিজেদের রক্ষা করার ক্ষেত্রে খুব ভালো কাজ করছে তারা।"

  5. জাতীয় সংসদে শোকপ্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম, নিন্দা-প্রতিবাদ

    বাংলাদেশের জাতীয় সংসদ ভবন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশের জাতীয় সংসদ ভবন

    জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাব গ্রহণ করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন সংগঠন।

    এক বিবৃতিতে এই ঘটনাকে ‘চরম বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা সিপিবি।

    সংগঠনটি বলছে, একাত্তরে গণহত্যা, গণধর্ষণ ও যুদ্ধাপরাধের সাথে জড়িত দণ্ডিত যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব গ্রহণ করে ধৃষ্টতা দেখানো হয়েছে।

    এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বা বাসদ। এই পদক্ষেপের মধ্য দিয়ে কলঙ্কময় নজির স্থাপন করা হয়েছে বলেই মনে করে সংগঠনটি।

    যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি বলছে, এই পদক্ষেপের মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সাথে প্রতারণা করা হয়েছে।

  6. মার্কিন বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ দুই ক্রু সদস্যও মারা গেছেন

    বৃহস্পতিবার বিধ্বস্ত হয় জ্বালানিবাহী মার্কিন বিমান কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, বৃহস্পতিবার বিধ্বস্ত হয় জ্বালানিবাহী মার্কিন বিমান কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার (ফাইল ছবি)

    পশ্চিম ইরাকে একটি জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিখোঁজ দুই ক্রু সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী।

    অর্থাৎ জ্বালানিবাহী মার্কিন বিমান ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার’ এ থাকা ছয় ক্রু সদস্যের সবাই এই ঘটনায় প্রাণ হারিয়েছেন।

    বিমানটি কিভাবে বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত করেনি মার্কিন কেন্দ্রীয় কমান্ড।

    যদিও তারা দাবি করেছে যে, এই ঘটনার সময় দুটি মার্কিন বিমান আকাশে ছিল, যার মধ্যে দ্বিতীয়টি নিরাপদে অবতরণ করেছে এবং কোনও প্রতিকূল পরিবেশ বা গুলিবর্ষণের ঘটনাও ঘটেনি।

  7. মধ্যপ্রাচ্যে ফ্রান্সের অবস্থান ‘সম্পূর্ণ আত্মরক্ষামূলক’: ফরাসি প্রেসিডেন্ট

    ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ

    ইরানের ড্রোন হামলায় একজন ফরাসি সৈন্য নিহত হওয়ার পরও মধ্যপ্রাচ্য যুদ্ধে ফ্রান্সের অবস্থান "সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক" থাকবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি।

    মি. ম্যাক্রঁ বলেন, "মিত্রদের সমর্থনে ফ্রান্সের অবস্থান সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক এবং এই অবস্থানের কারণে আমাদের ওপর আক্রমণ করার কোনো কারণ থাকতে পারে না।"

    এর আগে, মি. ম্যাক্রঁ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে জানিয়েছিলেন যে, ইরাকের এরবিলে একজন "ফরাসি সেনা নিহত হয়েছেন"। এছাড়া বেশ কয়েকজন সেনা আহত হওয়ার বিষয়েও জানান তিনি।

    ইরানের সাথে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে এটিই প্রথম ফরাসি সৈন্য নিহত হওয়ার ঘটনা।

  8. হরমুজ প্রণালী কী, কেন গুরুত্বপূর্ণ?

    অপরিশোধিত তেল নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করেছে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ শেনলং সুয়েজম্যাক্স

    ছবির উৎস, Hindustan Times via Getty Images

    ছবির ক্যাপশান, অপরিশোধিত তেল নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করেছে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ শেনলং সুয়েজম্যাক্স

    বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌ-পথ হরমুজ প্রণালী, যার মধ্য দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল পরিবহন করা হয়।

    প্রতি মাসে প্রায় তিন হাজার জাহাজ এই করিডোর দিয়ে যাতায়াত করে। কেবল ২০২৫ সালেই, প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল এই প্রণালী দিয়ে যাতায়াত করেছে।

    বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল ট্যাঙ্কারগুলোর জন্য যথেষ্ট গভীর হওয়ায় মধ্যপ্রাচ্যের প্রধান তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলো বিভিন্ন দেশে জ্বালানি রপ্তানির জন্য এই পথটি ব্যবহার করে।

    ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে অসংখ্য জাহাজ আক্রমণের শিকার হয়েছে বলে জানা গেছে।

    ইরানের সর্বোচ্চ নেতা বৃহস্পতিবারও বলেছেন, এই প্রণালী "অবরোধ" কার্যক্রম চালিয়ে যাবে তারা।

    যদিও "নিছক হতাশা থেকে" ইরান হরমুজ প্রণালী অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

    এই প্রাণালী ঘিরে চলমান অচলবস্থা মোকাবিলায় যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

  9. বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহতদের দাফন সম্পন্ন

    দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি

    বাগেরহাটের রামপালে বর-কনসহ বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে নৌবাহিনীর স্টাফবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

    মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত ১৪ জনের ১৩ জনই একে অন্যের স্বজন বলে জানা গেছে।

    শুক্রবার দুপুরে মংলা উপজেলা পরিষদ মাঠে জানাজার পর পৌর কবরস্থানে দাফন করা হয় এই দুর্ঘটনায় নিহত বরপক্ষের নয়জনকে।

    এছাড়া নিহত কনে মিতু ও তার পরিবারের চার সদস্যের জানাজা ও দাফন সম্পন্ন হয় কয়রা উপজেলার নকশা গ্রামে। মাইক্রোবাস চালক নাঈমের জানাজা ও দাফন হয় রামপালে।

    বৃহস্পতিবার বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর স্টাফ বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের আরোহী ছিলেন।

    এই ঘটনায় মাইক্রোবাসে থাকা একমাত্র বেঁচে যাওয়া ব্যক্তি খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

  10. ভারতে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে 'ইমপিচমেন্ট নোটিশ'

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘পক্ষপাতদুষ্ট ও বৈষম্যমূলক’ আচরণের অভিযোগ তুলে ‘ইমপিচমেন্ট’ বা অভিসংশনের নোটিশ জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী দলগুলো।

    তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে মোট ১৯৩ জন সংসদ সদস্য এই নোটিশে স্বাক্ষর করেছেন।

    নোটিশে স্বাক্ষরকারীরা অভিযোগ করেছেন, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মি. কুমার তাঁর পদের মর্যাদা রাখতে পারেননি। বিশেষ করে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) বা বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় একাধিক অনিয়ম এবং ভোটপ্রয়োগের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করার অভিযোগ তুলেছেন তারা।

    রাজ্যে বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ও আইনি দ্বন্দ্ব চলছে। এমন প্রেক্ষাপটে বিরোধী দলগুলোর এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এই সংশোধন প্রক্রিয়ার জেরে ভোটার তালিকা থেকে প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এছাড়া আরও ৬০ লক্ষ ভোটারের নাম বর্তমানে বিবেচনাধীন রয়েছে। আসন্ন ‘সাপ্লিমেন্টারি’ তালিকায় তাঁদের নাম আদৌ উঠবে কি না, তা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    সংবিধান অনুযায়ী, একজন প্রধান নির্বাচন কমিশনারকে পদ থেকে সরানোর নোটিশ জমা দিতে হলে লোকসভার অন্তত ১০০ জন অথবা রাজ্যসভার ৫০ জন সংসদের স্বাক্ষর দরকার হয়। যদি এই প্রস্তাব গ্রহণ করা হয়, তাহলে লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান অভিযোগের তদন্তের জন্য একটি কমিটি গঠন করেন।

  11. ইরানে আবারও 'সর্বোচ্চ সংখ্যক' হামলা চালানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

    "ইরানে আজ আবারও সর্বোচ্চ সংখ্যক হামলা চালাবে যুক্তরাষ্ট্র," এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

    শুক্রবার ইরান যুদ্ধের সবশেষ তথ্য জানাতে পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইরানের নেতৃত্ব লুকিয়ে আছে এবং আমাদের সক্ষমতা এখনও বৃদ্ধি পাচ্ছে।"

    প্রেসিডেন্ট ট্রাম্পের হাতেই সবকিছু উল্লেখ করে মি. হেগসেথ বলেন, "এই সংঘাতের গতি এবং সময় তিনিই নির্ধারণ করবেন।"

    সংবাদ সম্মেলনে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, “আজ আমাদের জন্য সবচেয়ে ব্যস্ততম দিন হবে।”

    মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন
  12. ইরানের সামরিক বাহিনীকে 'ধ্বংস' করছে আমেরিকা, দাবি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর

    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

    ছবির উৎস, Pentagon

    ছবির ক্যাপশান, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

    যুদ্ধে অকার্যকর করে ইরানের সামরিক বাহিনীকে 'ধ্বংস' করা হচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

    শুক্রবার পেন্টাগনে ইরান যুদ্ধের সবশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

    মি. হেগসেথ বলেন, আমেরিকা "ইরানের উগ্রপন্থী শাসকগোষ্ঠীর সামরিক বাহিনীকে এমনভাবে ধ্বংস করছে, যা বিশ্ব আগে কখনও দেখেনি।"

    তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বিমান বাহিনীর সমন্বয় "অপরাজেয়" এবং তাদের গোয়েন্দা তথ্য "আরও উন্নত এবং পরিশীলিত" হচ্ছে।

    এসময় যুদ্ধের সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

    তিনি জানান, এখন পর্যন্ত ইরানে ছয় হাজার এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এছাড়া দেশটির নৌবাহিনীকে যুদ্ধে অকার্যকর করে দেওয়ার দাবিও করেন মি. কেইন।

  13. রাশিয়ার তেল নিয়ে মার্কিন সিদ্ধান্ত 'ভুল': জার্মান চ্যান্সেলর

    জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ

    রাশিয়ান তেল ব্যবহারের উপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তটি "ভুল" বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ।

    শুক্রবার নরওয়ে সফরের সময় দেওয়া বক্তব্যে মি. মের্জ বলেন, "আমরা বিশ্বাস করি যে এই মুহূর্তে নিষেধাজ্ঞা শিথিল করা ভুল হচ্ছে।"

    তিনি বলেন, "বর্তমানে দাম নিয়ে সমস্যা আছে, কিন্তু সরবরাহ নিয়ে নয়।"

    "আমি জানতে চাই যে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্য কোন বিষয়গুলো মার্কিন সরকারকে ভাবিয়েছে," মি. মের্জ বলেন।

    ইরান সংঘাতের কারণে ইউক্রেনের প্রতি সমর্থন থেকে জার্মানি "বিরত বা বিভ্রান্ত" হবে না বলেও উল্লেখ করেন তিনি।

  14. রাশিয়ান তেলের উপর কেন নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র?

    হরমুজ প্রণালীতে সম্প্রতি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর দাবি করেছে ইরান

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, হরমুজ প্রণালীতে সম্প্রতি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর দাবি করেছে ইরান

    ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রভাব কমাতেই রাশিয়ান তেল এবং পেট্রোলিয়াম কেনার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল করেছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

    মি. বেসেন্ট বলেছেন, অস্থায়ীভাবে ৩০ দিনের এই ছাড় "রাশিয়ার সরকারকে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা প্রদান করবে না।"

    যদিও এর আগে যুক্তরাজ্যের জ্বালানিমন্ত্রী মাইকেল শ্যাঙ্কস বিবিসিকে বলেছিলেন যে, রাশিয়ান তেলের উপর থেকে নিষেধাজ্ঞা 'কোনোভাবেই' শিথিল করবে না যুক্তরাজ্য।

    তিনি সতর্ক করে দিয়ে বলেন যে, এই সিদ্ধান্ত ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধে আরও বিনিয়োগের সুযোগ করে দেবে।

    এদিকে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে "জ্বালানি বাজার স্থিতিশীল করার চেষ্টা" হিসেবেই দেখছে ক্রেমলিন। দেশটি মনে করে, এই সিদ্ধান্তের মধ্যে উভয় দেশের স্বার্থই জড়িত।

    বিশ্বের ব্যস্ততম তেল পরিবহন চ্যানেল হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধের হুমকিসহ চলমান সংঘাতের ফলে বৃহস্পতিবার তেলের দাম আবারও ব্যারেল প্রতি ১০০ ডলারের উপরে উঠে গেছে।

  15. 'বিশ্ব অর্থনীতি ছিনতাই' করতে চায় রাশিয়া-ইরান: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

    সৌদিআরবে ব্রিটিশ সেনাবাহিনীর একটি বিমান প্রতিরক্ষা ইউনিট পরিদর্শন করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
    ছবির ক্যাপশান, সৌদিআরবে ব্রিটিশ সেনাবাহিনীর একটি বিমান প্রতিরক্ষা ইউনিট পরিদর্শন করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

    হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলে বাঁধা সৃষ্টির মাধ্যমে রাশিয়া এবং ইরান "বিশ্ব অর্থনীতি ছিনতাই" করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।

    "দীর্ঘ সময় ধরে" রাশিয়া এবং ইরানের মধ্যে সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশই নিজেদের মধ্যে "পদ্ধতি" এবং "কৌশলগত" ভাবেও যুক্ত।

    "একে অপরকে সমর্থন করার মাধ্যমে এই দুটি রাষ্ট্র বিশ্ব অর্থনীতিকে হাইজ্যাক করে লাভবান হওয়ার চেষ্টা করছে," বলেন তিনি।

    রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন ঘোষণার সমালোচনা এড়িয়ে, এই সিদ্ধান্তকে "নির্দিষ্ট, লক্ষ্যযুক্ত বিষয়" বলে অভিহিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

    এদিকে, দায়িত্ব গ্রহণ করেই মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধের প্রতিশ্রুতি আবারও পূণর্ব্যাক্ত করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আয়াতুল্লাহ।

  16. মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস

    ছবির উৎস, BNP Media Cell

    ছবির ক্যাপশান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস

    গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    শুক্রবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী।

    এসময় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং সিঙ্গাপুরে মি. আব্বাসের চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তারেক রহমান।

    বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যা ছয়টায় মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য প্রস্তুতি রাখা হচ্ছে।

    গত বুধবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

  17. বিধ্বস্ত মার্কিন জ্বালানিবাহী বিমানের চার ক্রু সদস্য নিহত

    তেল আবিবের কাছে বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনীর বোয়িং কেসি-১৩৫ বিমান

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, তেল আবিবের কাছে বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনীর বোয়িং কেসি-১৩৫ বিমান

    পশ্চিম ইরাকে একটি মার্কিন জ্বালানিবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় চারজন ক্রু সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। বিমানটিতে ছয়জন ক্রু সদস্য ছিল বলেও জানানো হয়েছে।

    মার্কিন সেনাবাহিনী বলছে, 'প্রতিকূল পরিবেশ বা শত্রুর গোলাগুলির কারণে নয়', এটি একটি মারাত্মক দুর্ঘটনা।

    শুক্রবার সকালে এক্স-এ প্রকাশিত এক পোস্টে, মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম জানিয়েছে যে, "বিমানে থাকা ছয়জন ক্রু সদস্যের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।"

    সেন্টকম বলছে, পরিস্থিতি তদন্ত করা হচ্ছে এবং "বিমানের ক্ষতি শত্রুপক্ষের গুলির কারণে হয়নি।"

    বৃহস্পতিবার সন্ধ্যায় কেসি-১৩৫ জ্বালানিবাহী বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর জানায় সেন্টকম। এছাড়া এই ঘটনার সময় কাছেই থাকা অন্য বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলেও জানানো হয়।

  18. হামলায় ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করলে সাজা দেবে সংযুক্ত আরব আমিরাত

    গত ১২ই মার্চ ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত দুবাইয়ের একটি ভবন

    ছবির উৎস, Shutterstock

    ছবির ক্যাপশান, গত ১২ই মার্চ ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত দুবাইয়ের একটি ভবন

    ইরানের হামলায় ক্ষয়ক্ষতি বা অন্যান্য ঘটনার ছবি প্রকাশ করলে "জরিমানা, কারাদণ্ড এবং নির্বাসন" দেওয়া হতে পারে বলে সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাত।

    সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে নিজ দেশের নাগরিকদের এ বিষয়ে সতর্ক করেছে ইরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস।

    ব্রিটিশ দূতাবাস জানিয়েছে, "সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ঘটনাস্থল বা প্রজেক্টাইলের ক্ষতির পাশাপাশি সরকারি ভবন এবং কূটনৈতিক মিশনের ছবি তোলা, পোস্ট করা বা শেয়ার করার বিরুদ্ধে সতর্ক করেছে"।

    দূতাবাস সতর্ক করে দিয়েছে যে, ব্রিটিশ নাগরিকরা সংযুক্ত আরব আমিরাতের আইনের আওতাধীন, এবং "লঙ্ঘনের ফলে জরিমানা, কারাদণ্ড বা নির্বাসন হতে পারে।"

    সম্প্রতি শহরের উপর দিয়ে যাওয়া ইরানি ক্ষেপণাস্ত্রের ছবি তোলার অভিযোগে দুবাইতে ৬০ বছর বয়সী এক ব্রিটিশ ব্যক্তির বিরুদ্ধে সাইবার-অপরাধ আইনে অভিযোগ আনা হয়েছে বলেও জানা গেছে।

  19. দুই দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি, দাবি ইরানের এমপি'র

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ছবির উৎস, Tasnim News Agency

    ছবির ক্যাপশান, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের এক সংসদ সদস্য দাবি করেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখন পর্যন্ত দুই দফায় হামলা থেকে বেঁচে গেছেন।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে উদ্ধৃত করে জানানো হয়, ইরানের জাহরমের সংসদ সদস্য মোহাম্মদ রেজা রেজাই কোচি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে হামলার সময় নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার সাথেই ছিলেন। তবে তিনি হত্যাচেষ্টা থেকে বেঁচে যান।

    মি. কোচি আরও বলেন, নতুন নেতা যে হাসপাতালে ছিলেন, সেখানেও হামলা চালানো হয়েছিলো। কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এতে সফল হতে পারেনি।

    তবে ইরানি এমপি সেই হাসপাতালের নাম বলেননি, এমনকি হাসপাতালের স্থান নিয়েও কোনো আভাস দেননি।

  20. ইসরায়েলের নাজারেথে ইরানি হামলার পর ক্ষতির চিত্র

    আজ শুক্রবার ভোরের দিকে ইসরায়েলের নাজারেথের কাছে জারজির শহরে হামলার খবর পাওয়া গেছে।

    সে সময় জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছিল, কয়েক ডজন মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে।

    প্রকাশিত ছবিগুলোতে দেখা যাচ্ছে, ওই এলাকার একটি প্রায় ধ্বংস হয়ে যাওয়া বাড়ি পরিদর্শন করছেন জরুরি সেবাকর্মীরা।

    ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের জারজিরে নিজের বাড়ি থেকে জিনিসপত্র সংগ্রহ করছেন এক ব্যক্তি।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরান ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের জারজিরে নিজের বাড়ি থেকে জিনিসপত্র সংগ্রহ করছেন এক ব্যক্তি
    নাজারেথের কাছে জারজিরে ধ্বংস হয়ে যাওয়া একটি বাড়ি পরিদর্শন করছেন এক জরুরি সেবাকর্মী।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, নাজারেথের কাছে জারজিরে ধ্বংস হয়ে যাওয়া একটি বাড়ি পরিদর্শন করছেন এক জরুরি সেবাকর্মী
    হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ির ভাঙ্গা দেয়াল ঘেঁষে হাসিমুখে দাঁড়িয়ে আছেন একজন ব্যক্তি।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িটির পুরো দেয়াল ধসে পড়েছে